Category: প্রচ্ছদ

  • ইরান ইস্যুতে  পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা

    ইরান ইস্যুতে পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র  সমালোচনা করেছেন। ইরান নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জানানোর পরই এই প্রতিক্রিয়া দেন তিনি।  খবর বিবিসির।

    লিও রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, পোপ ‘পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ’

    তিনি বলেন, ‘আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক।’

    পোপের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে ট্রাম্প বলেন, পোপ লিও ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পারমাণবিক ইস্যুতেও দুর্বল’।

    এর আগে গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যুদ্ধ থামাতে রাজি না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

    পোপ ট্রাম্পের ওই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘এখানে শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন নয়, এর চেয়েও বড় বিষয় হলো নৈতিকতার প্রশ্ন।

  • দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

    দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও।  সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান।  খবর মিডল ইস্ট আইয়ের।

    ইসরাইলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

    সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়—যেমন বিনত জবেইলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

    এদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

    অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

  • তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

    দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

    বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিন (১৪ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় বর্তমানে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।

  • হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

    হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

    ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

    যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।

    আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।

    এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।

    এমএসটি মার্কির জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিক বলেন, বাজার এখন মূলত যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে গেছে। তবে এবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেলের প্রবাহও আটকে দিতে পারে।

    এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী শিগগিরই হরমুজ প্রণালি অবরোধ শুরু করবে। ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও যুদ্ধ শেষ করার কোনো সমাধান না আসা এবং দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

    ট্রাম্প আরও বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও পেট্রোলের দাম বেশি থাকতে পারে। ইরানের ওপর হামলার সিদ্ধান্তের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও তিনি ইঙ্গিত দেন।

    এদিকে, ইরান সংঘাতের কারণে জ্বালানি খাতে ক্ষতির মূল্যায়নের কয়েকদিন পর সৌদি আরব জানিয়েছে, তারা পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।

  • পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের

    পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের

    বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখকে সামনে রেখে বর্ষবরণ আয়োজনকে ঘিরে সবচেয়ে বেশি ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। এরই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের পালপাড়ার মৃৎশিল্পীরা।

    বর্ষবরণ উপলক্ষে তারা তৈরি করছেন পান্তা খাওয়ার থালা-বাসন, মগ, মিষ্টির পাতিল, ফুলদানি, ডিনার সেট, কাপ-পিরিচসহ নানা ধরনের মাটির পণ্য।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় অর্ধশতাব্দী ধরে পালপাড়া এ অঞ্চলের মাটির পণ্যের জন্য পরিচিত। একসময় এখানকার মাটির খেলনা বৈশাখী মেলায় বিক্রি হতো পটুয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায়। সময়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহার, নকশার আধুনিকতা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ায় এই শিল্পের বাজার এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বর্তমানে শুধু খেলনা নয়, বরং নান্দনিক শোপিস, ফুলদানি, ডিনার সেট, মগ, কাপ-পিরিচ ও গৃহসজ্জার নানা উপকরণও তৈরি হচ্ছে এখানে।

    পালপাড়ার তৈরি মাটির পণ্য এখন ঢাকার আড়ংসহ বিভিন্ন বড় বিপণিবিতানে বিক্রি হচ্ছে। শুধু দেশেই নয়, গত কয়েক বছর ধরে এসব পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।

    সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতা ও আর্থিক সহায়তা পেলে দেশের চাহিদা পূরণ করে আরও উন্নতমানের মৃৎপণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।

    নববর্ষকে সামনে রেখে পালপাড়ার কারিগররা অর্ডারকৃত পণ্য তৈরির শেষ পর্যায়ে রয়েছেন। কেউ ব্যস্ত রঙের কাজে, কেউ পণ্য শুকানো ও পোড়ানোর কাজে, আবার কেউ বাজারজাতকরণ এবং সরবরাহের প্রস্তুতিতে সময় পার করছেন। তবে কাজের চাপ বাড়লেও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তাও কম নয় কারিগরদের।

    মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলোর অভিযোগ, এ বছর মাটি, জ্বালানি ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কমে গেছে। ফলে স্থানীয় বাজারে চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত ব্যবসা হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

    পালপাড়ার মৃৎশিল্পের অন্যতম রূপকার ছিলেন প্রয়াত রাজেশ্বর পাল। একসময় তিনি বৈশাখী মেলায় ঘুরে ঘুরে মাটির খেলনা ও বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন। তিনি আজ বেঁচে না থাকলেও তার প্রতিষ্ঠিত কারখানার পণ্য এখনও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আড়ংসহ বিভিন্ন বড় বাজারে সরবরাহ করা হচ্ছে। তার হাত ধরেই পালপাড়ার মৃৎশিল্প আজ নতুন পরিচিতি পেয়েছে বলে জানান স্থানীয়রা।

    বর্তমানে পালপাড়ার এই মৃৎশিল্পের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে অর্ধশত পরিবার। একসময় এখানে ১০০ থেকে ১৫০ জন শ্রমিক কাজ করলেও এখন তা কমে দাঁড়িয়েছে ৩০ থেকে ৫০ জনে। তবুও যারা এই শিল্পে টিকে আছেন, তারা আশা ছাড়েননি।

    বাউফল পালপাড়া মৃৎশিল্প সমিতির সভাপতি বিশ্বেশ্বর পাল বাসসকে বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতা ও পাইকারদের ভিড় বেড়েছে। আমাদের পণ্য ঢাকার আড়ংসহ বিভিন্ন বড় বড় শপিং কমপ্লেক্সে বিক্রি হয়। দেশের বাইরেও আমাদের তৈরি পণ্য রপ্তানি হচ্ছে। সরকারি আর্থিক সহায়তা ও কাঁচামাল সহজলভ্য হলে আমরা আরও বড় পরিসরে উৎপাদন করতে পারতাম। বর্তমানে ভালো মানের মাটির সংকট রয়েছে, যা আমাদের জন্য বড় সমস্যা।’

    এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বাসসকে বলেন, ‘পালপাড়ার মৃৎশিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। পহেলা বৈশাখকে ঘিরে এই শিল্পের যে প্রাণচাঞ্চল্য দেখা যায়, তা সত্যিই আশাব্যঞ্জক। তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে মৃৎশিল্পীদের আর্থিক সহায়তা, আধুনিক প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ বাড়ানো অত্যন্ত জরুরি। সঠিক উদ্যোগ নেওয়া গেলে এ শিল্প ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিকশিত হতে পারবে।’

    শুধু বর্ষবরণ নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান, এমনকি ঘরের শোভা বাড়াতেও দিন দিন পালপাড়ার মাটির পণ্যের চাহিদা বাড়ছে। ঐতিহ্য আর নান্দনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই শিল্পকে টিকিয়ে রাখতে এখন প্রয়োজন পরিকল্পিত সহায়তা। সংশ্লিষ্টদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্প দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

    এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বাসসকে বলেন, ‘পালপাড়ার মৃৎশিল্প আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় শিল্প। পহেলা বৈশাখকে কেন্দ্র করে এখানকার মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক। এ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের মাধ্যমে এ শিল্প আরও বিকশিত হয়ে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’

  • ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু

    ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার তিনি এ সমালোচনা করেন।

    একই সঙ্গে তিনি বলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরাইল।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, এমন ‘সম্ভাব্য উসকানি ও নাশকতা’ হতে পারে যা এই চুক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে তিনি নির্দিষ্টভাবে কারা চুক্তি ভঙ্গের চেষ্টা করতে পারে তা উল্লেখ করেননি।

    গতকাল শনিবার এরদোগানের এই মন্তব্যের জবাবে নেতানিয়াহু তুর্কি নেতার সমালোচনা করেন।

    তিনি এক্স-এ এক বার্তায় জানান, ‘আমার নেতৃত্বে ইসরাইল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন কুর্দি নাগরিকদের হত্যা করেছেন।’

    এরদোয়ান ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বলেন, যুদ্ধবিরতি ‘যে কোনো পরিস্থিতিতেই ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়’ এবং তুরস্ক এটি বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেবে।’

    তুরস্ক ইসরাইলের কড়া সমালোচক হলেও মিশর ও পাকিস্তানের সঙ্গে মিলে এই সংঘাতে যুদ্ধবিরতি আনার কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নেয়।

    পরে শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও এক্স-এ বার্তায় এরদোগানের সমালোচনা করেন এবং তাকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেন।

    তিনি বলেন, এরদোগান ‘ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তুর্কি ভূখণ্ডে কোনো প্রতিক্রিয়া দেখাননি এবং এখন নিজেকে কাগুজে বাঘ হিসেবে প্রমাণ করেছেন। তিনি এখন ইহুদি বিদ্বেষের দিকে ঝুঁকে পড়েছেন এবং তুরস্কে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তথাকথিত বিচার প্রক্রিয়ার আহ্বান জানাচ্ছেন।’

    তিনি আরও বলেন, ‘এটা হাস্যকর। মুসলিম ব্রাদারহুডের একজন ব্যক্তি, যিনি কুর্দিদের ওপর দমন-পীড়ন চালিয়েছেন, এখন ইসরাইলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করছেন, যখন ইসরাইল হামাসের বিরুদ্ধে আত্মরক্ষায় লড়ছে।’

    তিনি বলেন, ‘ইসরাইল শক্তি ও দৃঢ়তার সঙ্গে আত্মরক্ষা চালিয়ে যাবে এবং তার (এরদোগানের) উচিত চুপ থাকা।’