Category: সারাদেশ

  • দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

    দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে।

    আজ দুপুর আড়াইটায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধীন সদর উপজেলার দাইনুর, সুন্দরা বিওপি এবং জেলার বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প ও তপসী বিজিবি পোস্টের পৃথক ৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যদের অভিযানে সীমান্ত এলাকায় বাংলাদেশের মধ্যে ভারত থেকে আগত মাদক কারবারিদের ধাওয়া করলে, তারা বেশ কয়েকটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ হাজার ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

    অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান বলেন, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা। চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের পাশে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

    কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের পাশে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

    কুমিল্লায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। হাঁটুসমান পানিতে আটকে পড়া পরীক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

    এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করেন।
    প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়। তবে জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে না হয়।

  • মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি

    মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি

    রাজধানীর ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি । পালন করেন স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার ১০ জুলাই বিকেলে ৬৪ নং ওয়ার্ড ধার্মিক পাড়া এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    উপস্থিত ছিলেন পনঞ্চায়েত কমিটির সভাপতি সো: সোহরাব হোসেন বাবু,সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, জাতীয়বাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার সভাপতি রিনা ইয়াসমিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম।

    আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বজলুর রহমান,সহ নূরল ইসলাম, আসুতোষ, মোস্তফা, সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে,কোনাপাড়া ধার্মিক পাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনি হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে যায়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

    এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে ডেমরা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোনও ছাড় নাই। যে কোনও প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

    দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

    দেশের চারটি নদীর পানি এখনো ছয় জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    শনিবার (১১ জুলাই) নিয়মিত বন্যা পূর্বাভাসে কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।

    পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এতে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও এ সময় প্লাবিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিতে পানি অপরিবর্তিত রয়েছে।

    এ ছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রের পানি বর্তমানে সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

  • কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

    কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

    জেলার উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    মৃতরা হলেনÑবলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধারে করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদ এবং এর কিছুক্ষণ পর রাবেয়া বেগমের মৃত্যু হয়।
    খবর পেয়ে উলিপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত দম্পতির মরদেহ উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বাসস’কে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায় ১৫ কোটি ৭০ লাখ

    ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায় ১৫ কোটি ৭০ লাখ

    অর্থবছরে (২০২৫-২৬) ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা বিগত অর্থবছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এর মাধ্যমে স্বচ্ছ ও ডিজিটাল ভূমি সেবার মানোন্নয়নে প্রশাসনের উর্ধ্বতন মহলের পাশাপাশি সাধারণ মহলেও প্রশংসিত সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।

    আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় সরেজমিনে ভূমি সেবার মান পর্যবেক্ষণে এসব তথ্য জানা যায়।

    ভূমি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর থেকে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

    এই পরিসংখানে গত ৩ বছরের মধ্যে এবার রাজস্ব আদায় রেকর্ড পরিমাণ। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি মূল ভূমিকা হিসাবে কাজ করেছে।

    প্রশাসনের এধরনের কার্যক্রম প্রশংসার দাবি রাখে বলেও জানান সেবাপ্রার্থী ও নগরীর কাচিঝুলি এলাকার বাসিন্দা মো. আইনল হকসহ আরো অনেকেই।

    তবে প্রশংসনীয় এ কাজটি জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার জন্যই সম্ভব হয়েছে বলে জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।

    তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলক্ষ্যে ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজও হয়রানিমুক্ত ভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসারেও কাজ চলছে।

    এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন বলেন, বিপুল পরিমাণ রাজস্ব আদায় প্রশংসনীয়। একজন কর্মকর্তা তার আত্মরিকতা এবং পরিশ্রম দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করলে দেশ ও মানুষ উপকৃত হয়।