Category: Uncategorized

  • ধারালো অস্ত্র, ককটেলসহ ৫ শিবির নেতাকর্মী গ্রেফতার

    ধারালো অস্ত্র, ককটেলসহ ৫ শিবির নেতাকর্মী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শিবতলা বেলতলা মহল্লার একটি মেসে গোপন বৈঠক করার সময় শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

    এ সময় ৭টি ধারালো হাসুয়া, ৮টি ককটেল ও বেশকিছু জিহাদী বই জব্দ করে পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি আজিজুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের শিবিরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ভোলাহাট থানা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শামীম এবং শিবির ক্যাডার ছত্রাজিতপুরের শফিউল আলম ও সিয়াম।

    বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা যুদ্ধপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আজাহারুল ইসলামের আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি পুলিশের।

    সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম জানান, জামায়াত নেতা আজাহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে বেশ কিছু শিবির নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শিবতলার বেলতলা মহল্লার একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন শিবির নেতাকর্মী পালিয়ে গেলেও ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, জিহাদী বই ও ৮টি ককটেল উদ্ধার করা হয়।

  • ব্রেক্সিট পেছাল ৩১ জানুয়ারি পর্যন্ত

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার নতুন সময়সীমা বেঁধে দেওয়া হলো ব্রিটেনকে। ২০২০ সালের ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে দেশটিকে।

    সোমবার এ তথ্য জানিয়েছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট টাস্ক।

    এএফপির খবরে বলা হয়েছে, এক টুইটে টাস্ক বলেন, ইইউর ২৭ দেশ ব্রিটেনকে জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য নতুন সময়সীমা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে তাদের। আগের সময়সীমা অনুযায়ী ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। তবে ইইউর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হওয়া ব্রেক্সিট চুক্তি দেশটির পার্লামেন্টে পাস না হওয়ায় নতুন সময়সীমার জন্য আবেদন করেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেল ব্রিটেন।

  • সাভারের ধামসোনা ইউনিয়ন পরিদর্শনে শেষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলে সন্তোষ প্রকাশ

     

    আলমাস হোসেনঃ ঢাকার সাভার উপজেলাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

    গতকাল শনিবার সকালে বিশ্বব্যাংকের আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং এর নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল প্রকল্পগুলো পরিদর্শনে আসেন।

    এসময় বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের শুভেচ্ছা জানান স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা।

    প্রতিনিধি দলটি আশুলিয়ার বিভিন্ন চলমান প্রকল্পসমূহ পরিদর্শন শেষে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় এলজিএসপি-৩ এর অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

    আলোচনা সভায় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রতিনিধি দলটির কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে গুরুত্ব বিবেচনায় উন্নয়ণ প্রকল্পের অর্থায়ন বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

    আলোচনা সভায় প্রতিনিধি দলের প্রধান আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট মিস সেনহুয়া ওয়াং আগামীতে জনবহুল এই এলাকার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এলজিএসপি-৩ এর অর্থায়ন বাড়ানোর আশ্বাস প্রদান করেন।

    এলজিএসপি-৩ এর আওতায় চলমান কাজগুলো পরিদর্শন শেষে অনুভুতির কথা জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান মিস সেনহুয়া ওয়াং সাংবাদিকদের বলেন, এলজিএসপি-৩ এর আওতায় এই ইউনিয়ন পরিষদে কাজগুলো খুব সুন্দর ভাবে চলছে। এই ইউনিয়ন তথা চলমান কাজ গুলো পরিদর্শন শেষে আমরা আসলেই সন্তুষ্ট বলেও জানান তিনি

  • কিশোরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ১০ম সম্মেলন উদ্বোধন

    কিশোরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ১০ম সম্মেলন উদ্বোধন

    উদীচী শিল্পী গোষ্ঠী কিশোরগঞ্জ জেলা সংসদের ১০ম সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী।

    উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ: সালাম রিপন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক কংকন নাগ ও কেন্দ্রিয় সংসদের সদস্য যীশুতোষ তালুকদার।

    উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। বিকালে কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা কার্যকরী কমিটি গঠন করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ।

  • এবার স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ নাথকেও সরানো হলো

    এবার স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ নাথকেও সরানো হলো

    স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথস্বেচ্ছাসেবক লীগের সভাপতির পর এবার সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে সাংগঠনিক কার্যক্রম এবং আগামী সম্মেলনের প্রস্তুতির কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত এসেছে বলে জানান তাঁরা।

    এর আগে গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় মোল্লা মো. আবু কাওছারকে। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর আলোচনায় ছিলেন তিনি। তাঁর ও পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হয়।  আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর তিন সপ্তাহ আগে মোল্লা মো. আবু কাওছার ও পঙ্কজ নাথকে সরিয়ে দেওয়ার পর স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতাকে সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ওই নেতার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

    সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে পঙ্কজ নাথ প্রথম আলোকে বলেন, ‘আমাকে মূল দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।’

    স্বেচ্ছাসেবক লীগের জন্ম ১৯৯৪ সালে। এরপর আহ্বায়ক কমিটি পার করে দেয় ৯ বছর। ২০০৩ সালে প্রথম কমিটি হয় সংগঠনটির। এর ৯ বছর পর ২০১২ সালে হয় দ্বিতীয় কমিটি। ৭ বছর পর এখন হতে যাচ্ছে তৃতীয় সম্মেলন। গঠনতন্ত্র অনুসারে তিন বছর পরপর সম্মেলন করার কথা থাকলেও গত ২৫ বছরে হয়েছে মাত্র দুটি।

    স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার আগে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সরকারের অনুমতি ছাড়া তাঁর বিদেশযাত্রার ক্ষেত্রে ৬ অক্টোবর নিষেধাজ্ঞা দেয় অভিবাসন পুলিশ।

    পঙ্কজ নাথ মেহেন্দীগঞ্জ-হিজলা (বরিশাল–৪) আসনের বর্তমান সাংসদ। গত বছর জাতীয় সংসদ নির্বাচনের আগেও তাঁর নির্বাচনী এলাকার আওয়ামী লীগের একাংশ সংবাদ সম্মেলন করে পঙ্কজ নাথের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস এবং ক্যাডার দিয়ে দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেছিল। তাঁর বিরুদ্ধে বরিশালের মেহেন্দীগঞ্জ-হিজলা এলাকায় স্থানীয় নির্বাচনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর রহমান সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, পঙ্কজ নাথ বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়।

    তবে এলাকায় বিদ্রোহী প্রার্থীদের তিনি সমর্থন দেননি বলে গত সপ্তাহে প্রথম আলোকে বলেছিলেন পঙ্কজ নাথ। স্থানীয় রাজনীতির ষড়যন্ত্রের শিকার বলেও তখন তিনি দাবি করেছিলেন।

    আওয়ামী লীগ সরকারে আসার পর ২০০৯ সালে ঢাকায় পরিবহন ব্যবসা শুরু করেন পঙ্কজ নাথ। ‘বিহঙ্গ’ নামে পরিচালিত তাঁর পরিবহন একটি রুট নিয়ে শুরু করে ব্যবসা। গত বছর পর্যন্ত পাঁচটি রুটে ২৪০টি বাস চলছে তাঁর কোম্পানির। নব্বইয়ের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

  • মেনন ১৪ দলকে সেই বক্তব্যের ব্যাখ্যা দেবেন: কাদের

    মেনন ১৪ দলকে সেই বক্তব্যের ব্যাখ্যা দেবেন: কাদের

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গত নির্বাচন নিয়ে বক্তব্যের বিষয়ে ১৪ দলকে ব্যাখ্যা দেবেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    গত ১৯ অক্টোবর বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

    এই বক্তব্যে বিতর্কের সৃষ্টি হলে পের মেনন জানান, বরিশালের অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে আসায় সবার কাছে ভুল বার্তা যাচ্ছে।

    রাশেদ খান মেনন গত নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে সেই স্থান থেকে সরে এসেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তার সঙ্গে আমার আজ সকালেও কথা হয়েছে। তিনি বলেছেন, তিনি ১৪ দলের সঙ্গে বসতে চান। তার বক্তব্যের আংশিক ছাপা হয়েছে। সম্পূর্ণ বক্তব্য ছাপা হলে বিভ্রান্তি তৈরি হতো না বলে তার বিশ্বাস। সেটাই তিনি বলছেন।’

    ‘তিনি (মেনন) বলেছেন, গত নির্বাচন ২০০৮ সালের মতো উৎসবমুখর হয়নি। এখন ১৪ দলের সঙ্গে তার বসার কথা। ১৪ দলকে তিনি কী ব্যাখ্যা দেবেন তার বক্তব্যের বিষয়ে সেটা শোনার অপেক্ষায় রইলাম।’

    মন্ত্রী বলেন, ‘তিনি আমাদের বলেছেন, যেভাবে খবর প্রকাশিত হয়েছে, সেভাবে তিনি বক্তব্য দেননি। তার বক্তব্যের আংশিক প্রকাশিত হয়েছে। যে কারণে বিভ্রান্তি হয়েছে।’

    গত ১৪ দলের সভায় মেননকে আওয়ামী লীগের অফিসে যেতে নিষেধ করা হয়েছে- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (মেনন) মিটিংয়ে যখন আসেননি নিশ্চয়ই অসুস্থ কি-না তা জানি না। হতেও পারে, আমি ঠিক এই বিষয়ে জানি না। তার বক্তব্য নিয়ে একটা বিভ্রান্তি আছে। সেই কারণে সমন্বয়ক হয়তো তাকে আপাতত সভায় আসা থেকে বিরত থাকার বিষয়ে বলতে পারেন। তবে তিনি তাদের সঙ্গে বসবেন, বসতে চেয়েছেন। আত্মপক্ষ সমর্থন করবেন।’