Blog

  • জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

    জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

    ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে সরকার।

    অপরিবর্তিত মূল্যহার অনুযায়ী প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেল ১১৫ টাকা রাখা হয়েছে।

    আজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অপরিবর্তিত মূল্য আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

    এর আগে গত ৩১ মে জুন মাসের জন্য প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা ও ডিজেলের মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

  • বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

    প্রায় ১১ বছর আগে এক বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি আব্দুল মমিন (৪১)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

    একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদ- এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আলী মনসুর আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন। ২০১৫ সালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংঘটিত এক বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় এ রায় দেওয়া হয়। আসামি আব্দুল মমিনকে দোষী সাব্যস্ত করে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে, আসামিকে দুই লাখ টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

    আব্দুল মমিন রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকার মৃত জালাল বৈরাগী ওরফে প্রামাণিকের পুত্র।

    আদালতের নির্দেশে বলা হয়, ‘অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হলো।’

    মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর রাতে রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী এলাকায় নিজ বাড়িতে একা থাকা ১৪ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের সময় তার মা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে অভিযুক্ত পালিয়ে যায় এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। তবে একই মামলার অন্য আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ রায়ে সন্তুষ্ট ভিকটিমের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল ইসলাম বলেন, আজকের এ রায় সমাজে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

    যারা অপরাধী তাদের এ ধরনের অপরাধ সংঘটিত করা থেকে নিরুৎসাহিত করবে। আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এ জন্য যে, ভিকটিমের মা আদালতের কাছে একটি ন্যায় বিচার পেয়েছেন।

  • স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

    স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স

    যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিতে বর্ণাঢ্য আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স।

    সোমবার ফ্রান্সের কনস্যুলেট এ তথ্য জানিয়েছে।

    ‘স্মরণীয় শিল্পসৃষ্টির’ এ আয়োজন আগেই ধারণ করা হবে। পরে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবিসি নেটওয়ার্কের ২৫ ঘণ্টাব্যাপী বিশেষ সম্প্রচারের শুরুতেই এটি প্রচার করা হবে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    ফরাসি কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, ‘স্ট্যাচু অব লিবার্টিকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা আগে কখনও জনসাধারণ দেখেনি। এর প্রতীকী ও আবেগঘন তাৎপর্য আরও উজ্জ্বল করে তুলতেই এ বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।’

    নিউইয়র্কে ফ্রান্সের কনসাল সেডরিক ফুরসিকো এএফপিকে বলেন, ‘আমাদের বন্ধুত্বের ইতিহাস ২৫০ বছরের। সেই সম্পর্ক এখনও অত্যন্ত দৃঢ় ও গভীর। তাই আমরা বিশেষ কিছু করতে চেয়েছি।’

    ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে নিউইয়র্ক বন্দরের এই স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। এটি বর্তমানে দেশটির অন্যতম বিখ্যাত স্থাপনা।

    ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলতি মাসে ফ্রান্স তাদের বিমানবাহিনীর অ্যারোবেটিকস দলও যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

    গত ৯ জুন ‘পাত্রুই দ্য ফ্রান্স’-এর আটটি আলফা জেট ম্যানহাটনের আকাশে ফরাসি জাতীয় পতাকার তিন রঙে আকাশ রাঙিয়ে তোলে। একই সঙ্গে তারা স্ট্যাচু অব লিবার্টির উপর দিয়ে উড়ে যায়।

  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল

     স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

    আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের (নওগাঁ-৬) টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

    বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল করিম (গাইবান্ধা-২)-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

  • জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

    জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

    চুয়াডাঙ্গা, ২৯ জুন ২০২৬ (বাসস): জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে আজ চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে আজ বৃক্ষ রোপণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

    এ উপলক্ষে আজ সকালে এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ এবং বিদ্যালয়ের দাতা সদস্য মালিক আসাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল কবির। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    পরে বিদ্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা এতিমখানা সড়ক হয়ে সাতগাড়ী মোড় ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

  • চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

    চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

    জেলার হাটহাজারীতে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ (মিনি ট্রাক)।

    সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পৌরসভার ওয়ালটন শো-রুমের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।

    পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড়বাহী একটি পিকআপ চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে একটি সিঙ্গেল ক্যাবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হলে ১ হাজার ২৩৮টি ভারতীয় শাড়ি ও ২৪৬টি ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয় এবং মালামাল বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধার হওয়া শাড়িগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা এবং থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ৬ লাখ ৩৬ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা।

    হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।