Blog

  • ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন

    শক্তিশালী দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের প্রাণহানির পর দেশটির জন্য ১০০ মিলিয়ন ইউয়ান (১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের দুর্যোগ ত্রাণ সহায়তা পাঠাবে চীন।

    সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সমর্থন দিতে ভেনেজুয়েলাকে ‘জরুরি ভিত্তিতে বিনামূল্যে ত্রাণসামগ্রী’ দেবে চীন সরকার।

    বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    জিয়াকুন বলেন, এসব ত্রাণসামগ্রী ‘যত দ্রুত সম্ভব’ পাঠানো হবে। পাশাপাশি উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার স্যাটেলাইট চিত্রও কারাকাসকে দিচ্ছে বেইজিং।

    গুও বলেন, ‘পরিস্থিতির অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজন অনুযায়ী ভেনেজুয়েলাকে আরও সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে।’

    চীনের প্রেসিডেন্ট সি চিনপিং শুক্রবার ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের কাছে পাঠানো এক শোকবার্তায় জানান, দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমে চীন সহায়তা দেবে।

    সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত চীনের আট জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া একজন এখনো নিখোঁজ রয়েছেন।

  • যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

    যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

    তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

    আজ দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

    তারেক রহমান বলেন, ‘বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। ‘

    সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।

    তিনি বলেন, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিসহ অন্যান্য খাতে তা ব্যবহার করা হবে।’

    তিনি আরো বলেন, ‘পদ্মা ব্যারাজের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে। যেন পুরো শুষ্ক মৌসুম এবং বছরের অন্যান্য সময় কৃষি ও প্রয়োজনীয় খাতে সেই পানি সরবরাহ করা যায়।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে সমন্বিত নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং আন্তঃনদী সংযোগের অভাবে বাংলাদেশ ভুগছে। এর ফলে অনেক নদীর নাব্যতা হারিয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় সেচ ও পানির সংকট তৈরি হয়েছে।’

    তিনি বলেন, ‘আমি এমন এলাকা পরিদর্শন করেছি, যেখানে বর্ষায় চারদিকে পানি থাকলেও অল্প দূরের কৃষকরা পানির অভাবে জমিতে সেচ দিতে পারেন না।তবে এই সমস্যা সমাধানে দেশব্যাপী নদী ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।’

    আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পানি প্রবাহ, সেচব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা যাতে উন্নত করা যায় এ লক্ষ্যে খাল খনন কর্মসূচি চলছে। গত তিন মাসে প্রায় ৯শ’ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।’

    কৃষকদের জন্য সরকারের সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সরকারের অন্যতম প্রথম সিদ্ধান্ত ছিল ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ এবং তার সুদ মওকুফ করা। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।’

    তিনি বলেন, ‘কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য সরকার বিশেষ কৃষক কার্ড চালু করেছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং অন্তত ১০টি অতিরিক্ত সেবা পাবেন। আমরা কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। ‘

    যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার পরিধি বাড়াতে সরকার কাজ করছে।’

    এর অংশ হিসেবে প্রবাসীদের বিভিন্ন সেবা সহজলভ্য করতে এবং বিদেশে তাঁদের ভোগান্তি কমাতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

    জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    তিনি অভিযোগ করেন, ‘দীর্ঘদিনের দুর্নীতি, দুর্বল পরিকল্পনা ও অবহেলার কারণে দেশের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধানকে অবহেলা করে বিদেশি কোম্পানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এখন জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে আমদানি নির্ভরতা কমানো যায়।’

    মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ।’

    তিনি বলেন, ‘সরকারের বৃহত্তর লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী ও সহনশীল অর্থনীতি গড়ে তোলা, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।’

    শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। তবে আগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন।

    এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট এ অধিবেশনে প্রথমে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

  • জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

    জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

    হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ।

    এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্যাটার তাওহিদ হৃদয় এবং উইকেটরক্ষক অমিত হাসানের।

    দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হৃদয়ের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে তিন সেঞ্চুরি ও চার অর্ধশতকে ৯৮৩ রান করেছেন ২৫ বছর বয়সী হৃদয়।

    ৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ সেঞ্চুরি ও ১৭ হাফ-সেঞ্চুরিতে ৩,৬৫০ রান করেছেন ২৫ বছর বয়সী অমিত।

    এক স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

    জিম্বাবুয়ে একাদশ : রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্রাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর ও টাফাডজাওয়া সিগা।

  • বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন

    বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন

    ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এ প্রতিপাদ্যে বরগুনায় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রোববার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ মেলার উদ্বোধন করা হয়।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক  তাছলিমা আক্তার।

    জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। উপকূলীয় এ জেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে ফল চাষে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারকে অন্তত কয়েকটি ফলজ গাছ রোপণ এবং ফলের অপচয় রোধে সচেতন হতে হবে। এখানে কৃষির অনেক সম্ভাবনা রয়েছে।

    অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

    বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, ইসলামী আন্দোলন এর জেলা সেক্রেটারি আবদুর শাকুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান।

    এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফলের স্টল পরিদর্শন করেন। এবং উপস্থিত দুই শতাধিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ফলের চারা, বীজ ও সার বিতরণ করেন।

  • বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

    বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান

    ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে রোববার ভোরে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

    একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘বেশ কয়েকজন রাজনীতিককে’ আটক করতেই এ অভিযান চালানো হয়।
    গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর রয়েছে। এছাড়া উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের অনেকেই এ এলাকায় বসবাস করেন।

    বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের স্থানীয় চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্যাংকসহ ভারী সামরিক যান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন। কয়েকটি ভিডিওতে তাদের একটি কম্পাউন্ডের ভেতরে ও একটি ক্ষেত্রে বাড়ির ভেতরেও দেখা যায়।

    নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিচার বিভাগের নির্দেশে আর্থিক দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন রাজনীতিককে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।’

    তিনি জানান, অভিযানে সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী অংশ নেয়।

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

    ওই কর্মকর্তা আটক হওয়া ব্যক্তিদের পরিচয় বা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্যেষ্ঠ কয়েকজন ইরাকি কর্মকর্তাকে গ্রেফতারের লক্ষ্যেই ব্যাপক পরিসরে এ অভিযান চালানো হয়।

    এ ঘটনায় কয়েকজনের নামও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কয়েক দশক ধরে দেশটিকে পীড়িত করে আসা দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

  • আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের

    আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)’র পরবর্তী পরিচালক হিসেবে ওকলাহোমার সাবেক পুলিশ কর্মকর্তা ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছেন।

    শনিবার তিনি এ ঘোষণা দেন।

    ট্রাম্প বলেন, ল্যান্স শ্রয়ার একজন সাবেক স্টেট ট্রুপার ও যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর সদস্য। তিনি ‘সবচেয়ে ভয়ংকর অপরাধীদের গ্রেফতারে’ কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন।

    ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন। ২০২৫ সালের মার্চে লায়ন্স এ দায়িত্ব পান। তবে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করার কয়েক সপ্তাহ পর গত মে মাসে তিনি পদ ছাড়েন।

    কয়েক মাস আগে ট্রাম্পের গণনির্বাসন অভিযান যখন সবচেয়ে দৃশ্যমান ও বিতর্কিত পর্যায়ে ছিল, তখন লায়ন্স, নোয়েম ও কাস্টমস অ্যান্ড বর্ডার কন্ট্রোলের সাবেক প্রধান গ্রেগরি বোভিনো ছিলেন এর প্রধান মুখ।

    নোয়েমের উত্তরসূরি মার্কওয়েন মুলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, আইসিই’র প্রস্তাবিত নতুন প্রধান ইতোমধ্যেই এ অভিযান পরিচালনায় ভূমিকা রেখে আসছেন।

    তিনি বলেন, ‘ল্যান্স সরাসরি মাঠপর্যায়ের দায়িত্ব থেকে আসছেন। সেখানে তিনি বৃহৎ পরিসরের অভিযান পরিচালনা করেছেন এবং ওকলাহোমা থেকে অবৈধ অভিবাসীদের সরিয়ে দিতে অঙ্গরাজ্য ও ফেডারেল অংশীদারদের সঙ্গে কাজ করেছেন।’

    ফেডারেল সংস্থার প্রধান হিসেবে মনোনীত ব্যক্তিদের সাধারণত সিনেটের অনুমোদন পাওয়ার কথা। তবে ২০১৭ সালের পর থেকে আইসিই’র কোনো পরিচালক সিনেটের অনুমোদন পাননি। এরপর থেকে সংস্থাটির প্রধানরা ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন।

    মুলিন এক্স-এ লিখেছেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে সিনেটের অনুমোদন পাওয়া আইসিই পরিচালক নেই ১১ বছর ধরে। সিনেটের উচিত দ্রুত ল্যান্স শ্রয়ারকে অনুমোদন দেওয়া।’

    অনেক মার্কিন নাগরিক ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানকে অতিরিক্ত কঠোর বলে মনে করেন। উত্তরাঞ্চলীয় শহর মিনিয়াপোলিসে অভিযানবিরোধী বিক্ষোভের সময় ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার পর এ বিতর্ক আরও তীব্র হয়।

    অভিবাসীদের বহিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।