Blog

  • তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা।

    তিনি বলেন, ‘তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।’

    আজ (রোববার) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে।

    তিনি বলেন, ‘বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’

    শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই চলবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে।

    তিনি বলেন, ‘মোর ইনফরমেশন, মোর ট্রুথ- এজন্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা খুবই জরুরি। এক্ষেত্রে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র কীভাবে রক্ষা করা যায়, সেটিও আমাদের ঠিক করতে হবে।’

    জহির উদ্দিন স্বপন এ সময় তথ্য অধিকার আইন সংশোধনের লক্ষ্যে উপস্থিত অংশীজনদের কাছ থেকে গঠনমূলক সুপারিশ প্রত্যাশা করেন। পাশাপাশি তথ্যের ‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি আশ্বস্ত করে বলেন, আইন প্রণয়নের এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করা হবে।

    সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

    সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন।

  • পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    জেলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, এমপি।

    আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং তা আরও উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় পটুয়াখালী জেলা ও বাউফল উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা ও সহযোগীদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে  শেরপুর ও বগুড়ার দুই আসনের নব-নির্বাচিত দুই এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

    আজ রোববার বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।

    সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মোঃ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান।

    শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

    স্পিকারের কাছে শপথ নেওয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর এবং স্পিকারের সাথে করমর্দন করেন।

    গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন’শ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছিল। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

    ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। গত ৯ এপ্রিল স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে নির্বাচন  এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হয়।

    গতকাল বিজয়ী দুই সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

    এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনে বিজয়ী এমপিরা শপথ নেন। বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নতুন সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    সব মিলিয়ে এই পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিলেন। বাকী  চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সারা হলেও আদালতের নির্দেশনা থাকায় তা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা নিয়ে মামলার নিষ্পত্তি শেষে সেই ফল ঘোষণা করা হবে।

  • সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

    সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়।

    রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দরবারে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা গেছে।

    প্রধানমন্ত্রী দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। ভবিষ্যতের নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে বাহিনীর ভূমিকা আরও স্বচ্ছ ও পেশাদার হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

    সেনাবাহিনীর আধুনিকায়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় থেকে সেনাবাহিনীর মধ্যে যে দেশপ্রেম ও শক্তিশালী মনোভাব গড়ে উঠেছিল, তা অব্যাহত রাখা জরুরি। তার মতে, একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না।

    এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিএনপি সরকারের সময়েই এই অর্জন আন্তর্জাতিকভাবে আরও উচ্চ পর্যায়ে পৌঁছায়।

    তারেক রহমান আরও বলেন, শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি খাতের সংস্কার এবং মানুষের উন্নয়নকে সামনে রেখে একটি নতুন রূপান্তরের পরিকল্পনা তাদের রাজনৈতিক অঙ্গীকারে রয়েছে। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়েও তিনি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

  • নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

    নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

    নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে মোট ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

    শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড।

    আটককৃত ব্যক্তিরা হলেন—নলচিরা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিলন (২২), কবির উদ্দিনের ছেলে রিয়াজ (২০), কামরুল হাসানের ছেলে স্বপন (২২) এবং সমির উদ্দিনের ছেলে ফয়েল (১৯)।

    কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল সকাল থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে নলচিরা ঘাটের কাছে বিদেশি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪,৮০০ লিটার পেট্রোল ও ২,০১৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

    উদ্ধারকৃত তেল ও আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

  • মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

    মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

    ব্যস্ত জীবন, কাজের চাপ ও পারিবারিক দায়িত্বের কারণে অনেক মাঝবয়সী মানুষ মানসিক ‘ফগ’ বা ঝাপসা ভাব অনুভব করেন। এতে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মনোযোগ কমে যাওয়া এবং সহজেই স্ট্রেসে ভেঙে পড়ার মতো সমস্যা দেখা দেয়। তবে এর একটি সহজ সমাধান হতে পারে নিয়মিত হাঁটা।

    হার্ভার্ড, কলাম্বিয়া ও কর্নেল-প্রশিক্ষিত চিকিৎসক ডা. অ্যামি শাহ জানিয়েছেন, জিমে কঠোর ব্যায়াম না করেও শুধু সপ্তাহে তিন দিন ৪০ মিনিট করে হাঁটলেই মস্তিষ্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। বিশেষ করে হিপোক্যাম্পাস নামের অংশটি বড় হতে শুরু করে, যা স্মৃতি ও শেখার ক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। বয়স বাড়ার সঙ্গে এই অংশ স্বাভাবিকভাবেই ছোট হতে থাকে, ফলে ভুলে যাওয়া ও মনোযোগের সমস্যা বাড়ে। কিন্তু নিয়মিত হাঁটার মাধ্যমে এই প্রক্রিয়া ধীর করা বা উন্নত করা সম্ভব বলে তিনি মনে করেন।

    তিনি আরও বলেন, হাঁটা শরীরের স্ট্রেস হরমোন কর্টিসল নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাঝবয়সে হরমোন পরিবর্তনের কারণে স্ট্রেস সামলানো কঠিন হয়ে পড়ে। ফলে ছোট বিষয়ও বেশি চাপ সৃষ্টি করতে পারে। নিয়মিত হাঁটা এই চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

    খোলা বাতাসে, বিশেষ করে গাছপালার মাঝে হাঁটা মানসিক স্বাস্থ্যের জন্য আরও উপকারী, কারণ এটি স্ট্রেস কমায় এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে।

    সবশেষে বলা যায়, বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপ দরকার হয় না। ছোট একটি অভ্যাস যেমন নিয়মিত হাঁটা, শরীর ও মস্তিষ্ক—উভয়ের স্বাস্থ্যে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।