Blog

  • যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছাল আরও ইরানি উড়োজাহাজ

    যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছাল আরও ইরানি উড়োজাহাজ

    যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে।

    হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে এবং এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় এখন হরমুজ প্রণালি।

     

    সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রণালিটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে ইরানি প্রতিনিধিদল কিছুটা নমনীয়তা দেখালেও এখন পর্যন্ত মার্কিন দাবিগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি।

    এদিকে, একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে বলে জানা গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, সেখানে বিশেষজ্ঞ দল আনা হয়েছে।

    দুই পক্ষের আলোচনা এখনো চলছে এবং উভয়ই একটি সমাধানে পৌঁছাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • ইরাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি

    ইরাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি

    ইরাকের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি। শনিবার (১১ এপ্রিল) পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দ্বিতীয় দফার ভোটে তিনি বিজয়ী হন। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি দেশটির ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

    পার্লামেন্ট স্পিকার হাইবত আল-হালবুসি আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। দ্বিতীয় দফার ভোটে কুর্দি দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের (পিইউকে) মনোনীত প্রার্থী আমেদি ২২৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পান, যেখানে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুসান্না আমিন পান মাত্র ১৫ ভোট। ফলাফল ঘোষণার পর তিনি শপথ গ্রহণ করেন।

     

    ৫৮ বছর বয়সী নিজার আমেদি পিইউকে দলের একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি পেশাগতভাবে একজন প্রকৌশলী এবং এর আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইরাকের পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময় দেশের তিনজন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

    ইরাকের রাজনৈতিক কাঠামো অনুযায়ী প্রেসিডেন্ট পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য নির্ধারিত। গত বছরের নভেম্বরে নির্বাচন হলেও কুর্দি দলগুলোর মতবিরোধের কারণে প্রেসিডেন্ট নির্বাচন ঝুলে ছিল। এই নির্বাচনকে দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটানোর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    শপথের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি দেশকে সামনে নিয়ে যাওয়ার এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার করেন। তিনি সরকার, বিচার বিভাগ ও সংসদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পাশাপাশি ‘ইরাক ফার্স্ট’ নীতি অনুসরণের কথা জানান।

    তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘর্ষ চলাকালীন ইরাকে হওয়া হামলারও নিন্দা জানান। গত সপ্তাহ পর্যন্ত চলা উত্তেজনায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাল্টা আক্রমণে ইরাকের সামরিক বাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।

    যদিও প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে, এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইরাকের ক্ষমতা ভাগাভাগির নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট কুর্দি, পার্লামেন্ট স্পিকার সুন্নি এবং প্রধানমন্ত্রী সাধারণত শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি হন।

    শিয়া রাজনৈতিক জোট ‘কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ আগেই সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিল। তবে এ নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

    সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টকে এখন ১৫ দিনের মধ্যে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। এরপর ওই প্রধানমন্ত্রীকে ৩০ দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করে সংসদের আস্থা অর্জন করতে হবে।

  • দাপুটে জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

    দাপুটে জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

    লা লিগা শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছে কাতালান ক্লাবটি।

    দীর্ঘদিন গোলশূন্য থাকার পর এই ম্যাচে জোড়া গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ান ফেরান তোরেস। ম্যাচের ৯ মিনিটে লামিনে ইয়ামালের কর্নার থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। এরপর ২৫ মিনিটে ইয়ামালের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান তোরেস। ভাগ্য সহায় হলে হ্যাটট্রিকও পেতে পারতেন, কিন্তু একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

    ১৮ বছর বয়সী ইয়ামাল এই ম্যাচে নিজের ১০০তম লা লিগা ম্যাচ খেলেন এবং দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। দুটি গোলে সহায়তার পাশাপাশি তিনি নিজেও একটি গোল করেন।

    ২-০ গোলে পিছিয়ে পড়ার পর পল লোজানোর গোল এস্পানিওলকে কিছুটা আশার আলো দেখায়। কিছু সময়ের জন্য বার্সার রক্ষণভাগে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তারা।

    চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে নামেন ফ্রেঙ্কি ডি ইয়ং, আর নেমেই দলের খেলায় প্রভাব ফেলেন। তার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে মার্কাস রাশফোর্ড দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

    এর আগে জিরোনার সঙ্গে ড্র করায় বার্সার জন্য এই ম্যাচে জয় পাওয়া ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে টানা ৩০টি ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল তারা। ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৯, আর রিয়াল মাদ্রিদের ৭০।

    লিগ শিরোপার দিকে বড় অগ্রগতি হলেও সামনে বার্সার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী মঙ্গলবার মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে আছে তারা।

  • ইরানকে অস্ত্র দিলে সমস্যায় পড়বে চীন: ট্রাম্প

    ইরানকে অস্ত্র দিলে সমস্যায় পড়বে চীন: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন।

    শনিবার সিএনএন তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

    এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

    এদিকে, আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে।

  • কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব কোনো ঘাপলা আছে: শিক্ষামন্ত্রী

    কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব কোনো ঘাপলা আছে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ শনিবার রাজশাহীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জানিয়েছেন, “পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে কোনো অজুহাত সহ্য করা হবে না। আবার বইলেন না পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে সিসি ক্যামেরা বন্ধ ছিল। তেমনটা হলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’ (নিশ্চয়ই কোনো ঘাপলা আছে)। পরীক্ষার কোনো দলিল যেন তামাদি না হয়, সব সংরক্ষণ করতে হবে।”

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান ‘পোষ্য কোটা’র কড়া সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে পাস করেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। আমরা চাই না কেউ বিনা পরীক্ষায় বা বিশেষ সুবিধায় পার পেয়ে যাক। এছাড়া তিনি প্রস্তাব করেন, জেলা পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে জেলা স্কুলেই পড়ানো উচিত, যাতে সরকারি স্কুলগুলোর মানোন্নয়নে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি হয়।

    প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, আইন এমনভাবে স্টিপোলড (নির্ধারিত) করবো যা কেবল ছাত্র-ছাত্রীদের জন্য নয়, আমাদের নিজেদের দায়বদ্ধতাও নিশ্চিত করবে। ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন কীভাবে ফাঁস হচ্ছে, তা আমাদের নখদর্পণে। এখন থেকে সব নজরদারি করা হবে।

    শিক্ষামন্ত্রী বলেন, মানবসম্পদ তখনই অভিশাপ হয়ে দাঁড়াবে যখন তাকে কর্মক্ষম করে গড়ে তোলা সম্ভব হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের (রিফর্ম) ডাক দেন।

    সঙ্ঘবদ্ধ কোনো নকল চক্র থাকলে তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, আমরা চাই না পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়াক বা ফলাফলে ধস নামুক। তবে কোনোভাবেই বিনা পরীক্ষায় পাস বা অনৈতিক সুযোগ দেয়া হবে না।

    এসময় শূন্য শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বন্ধের পূর্বঘোষণা থাকলেও মানবিক বিবেচনায় এবার তা কার্যকর করা হচ্ছে না। তবে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

    মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিন বোর্ডের বিভিন্ন কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।

  • নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব: নাহিদ ইসলাম

    নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব: নাহিদ ইসলাম

    সংসদে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে যোগ দিয়ে নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

    এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি। জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমিকদের প্রতি আমাদের ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। আমরা রাজনীতি অর্থনীতি সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব। নতুন বন্দোবস্তে শ্রমিকের হিস্যা নিশ্চিত করব।”

    নাহিদ ইসলাম বলেন, “মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশকে আইনে পরিণত করার ওয়াদা থাকলেও ভঙ্গ করেছে এই সরকার। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকেও ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে।”

    ‘রাজপথে গণ-আন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই বর্তমান সরকারকে বাধ্য করবো, জুলাই সনদসহ শ্রমিকের অধিকারের প্রতিটি দাবি আদায় যাতে নিশ্চিত হয়’-উল্লেখ করেন তিনি।

    ‘আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে। বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল। কিন্তু সেই জাতীয় ঐক্য ভঙ্গ করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীকে জবাবদিহিতে আনার জন্য শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে’-যোগ করেন নাহিদ ইসলাম।