Category: বিনোদন

  • সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা

    সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা

     বিনোদন ডেস্ক:   ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

    প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি।

    এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন।

    এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ফলে কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ঠিক থাকার কথা জানান অভিনেতা বিজয়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, সব ঠিক আছে। গাড়িটি ধাক্কা খেয়েছে, তবে আমরা সবাই ভালো আছি। নিরাপদে ফিরেছি।

    এ তারকা আরও লিখেছেন, আমার মাথাব্যথা করছে। তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলে এমন কিছু নেই, যা ঠিক হবে না। আর তোমাদের সবার প্রতি আমার আলিঙ্গন ও ভালোবাসা। দুর্ঘটনার খবর নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।

    প্রসঙ্গত, কয়েকদিন আগেই গোপনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সেরেছেন বিজয়। এতে দুই পরিবারের সদস্য এবং তারকাদের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে বাগদান নিয়ে এখনো তাদের কারও কাছ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

  • ‘কেউ হারে, কেউ হার মেনে নেয়’ কেন বললেন আরিয়ান!

    ‘কেউ হারে, কেউ হার মেনে নেয়’ কেন বললেন আরিয়ান!

    বিনোদন ডেস্ক:   ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখপুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ সিরিজ।

    এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো— যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটি তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহ দেয় বলে জানান আরিয়ান।

    শাহরুখপুত্র জানিয়েছেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ মানুষকে আনন্দ দিচ্ছে দেখে তিনি সবচেয়ে খুশি। ভালো গল্প দেখতে পেলে মানুষ আনন্দ পায় বলেই পর্দায় গল্প তুলে ধরার কাজ করে যেতে চান তিনি। আরিয়ান বলেন, সারা বিশ্ব থেকে যে পরিমাণ ভালোবাসা এসেছে, তা অসাধারণ। যে গল্প শুধু আমার ছিল, আজ তা অসংখ্য মানুষের। এবার চিনতে পারছ আমি কে?

    উল্লেখ্য, কিছু দিন আগেই এ সিরিজের জন্য আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন এনসিবির সাবেক আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সিরিজের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। চরিত্রটির মাধ্যমে এনসিবির সাবেক আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! এই অভিযোগে আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেন সমীর। সমীরের দাবি, তার ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্য নিয়েই এ সিরিজটি তৈরি করা হয়েছে। যদিও দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

  • যদি পুরুষরা সন্তান জন্ম দিত, পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানী মুখার্জি

    যদি পুরুষরা সন্তান জন্ম দিত, পৃথিবীতে যুদ্ধ থাকত না: রানী মুখার্জি

    বিনোদন ডেস্ক:   জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানী মুখার্জি বলিউডে আট ঘণ্টা কাজের দাবি নিয়ে চলা বিতর্কের মধ্যে নিজের অভিজ্ঞতার কথা জানালেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘কল্কি’ সিক্যুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের মধ্যেই কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বললেন রানী মুখার্জি।

    অভিনেত্রী বলেন, মেয়ে আদিরার জন্মের পর তিনি যখন ‘হিচকি’র শুটিং করছিলেন, তখন আদিরা ১৪ মাসের। তাকে দুধপান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬-৭ ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করে বেরিয়ে পড়তেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন। তিনি বলেন, এ বিষয়গুলো এখন আলোচনায় এসেছে। কারণ হয়তো মানুষ বাইরে এগুলো নিয়ে কথা বলছে। এটা সব পেশাতেই একটা স্বাভাবিক ব্যাপার। আমিও করেছি, নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি।

    রানী মুখার্জি বলেন, যদি প্রযোজক রাজি থাকেন, তাহলে ছবিটা করা যায়। না থাকলে করা যায় না। এটা একেবারেই পছন্দের বিষয়। কেউ কাউকে জোর করছে না। তিনি বলেন,  একবার ভাবুন তো, যদি পুরুষকে সন্তান জন্ম দিতে হতো, তাহলে তারা সবাইকে পাগল করে দিত। এখন তাদের হাতে অনেক সময়, তাই যুদ্ধ করছে। যদি তাদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। কারণ ওরা তখন শুধু শিশুকে নিয়েই ব্যস্ত থাকত বলে জানান অভিনেত্রী।

    রানী মুখার্জি বলেন, কারণ আমি মনে করি, পুরুষরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত— একটি শিশুকে জন্ম দেওয়ার। এটা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি। কারণ আমরা একটি জীবন সৃষ্টি করি।

    অভিনেত্রী বলেন, পুরুষকে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় না। আমরা মা হওয়ার সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই। আমি মেয়ে হয়ে খুবই খুশি। আমি এটা কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন করব না বলে জানান রানী মুখার্জি।

  • পাকিস্তানের কিংবদন্তী কৌতুক অভিনেতা মারা গেছেন

    পাকিস্তানের কিংবদন্তী কৌতুক অভিনেতা মারা গেছেন

    বিনোদন ডেস্ক:     পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ, কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার ৬০ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর লাহোরের মায়ো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    তার মৃত্যুতে চার দশকের এক বর্ণাঢ্য কৌতুক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, যা প্রজন্ম থেকে প্রজন্মকে হাসিতে মাতিয়ে রেখেছিল। গত আট মাস ধরে ফুসফুসের জটিল রোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন এই শিল্পী। গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে মায়ো হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষ দিনগুলোতে তিনি কোমায় চলে যান এবং তার কিডনি, যকৃত ও পাকস্থলী অকার্যকর হয়ে পড়েছিল। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও এই জনপ্রিয় শিল্পীকে বাঁচানো সম্ভব হয়নি।

    তার মৃত্যুর খবরে ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আসর নামাজের পর লাহোরের বাঘবানপুরায় তার জানাজা অনুষ্ঠিত হয়। চার দশক ধরে লাকি ডিয়ার তার অনবদ্য কমিক টাইমিং এবং নিজস্ব স্টাইলে অভিনয়ের জন্য বিপুলভাবে প্রশংসিত হয়েছেন।অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও, লাহোরের প্রাণবন্ত মঞ্চ থিয়েটারেই তার কৌতুক প্রতিভা বিশেষভাবে বিকশিত হয়। একসময় তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের কৌতুক জগতের অন্যতম পরিচিত মুখ।

    কর্মজীবনের শুরু থেকেই তিনি ছিলেন একজন উদ্যমী ও নিবেদিতপ্রাণ শিল্পী। অসুস্থতা এবং ব্যক্তিগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি তার কাজের প্রতি কখনোই পিছপা হননি। বিনোদন জগতের সহকর্মীরা তাকে একজন বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করেছেন, যিনি নতুন প্রজন্মের বহু শিল্পীর অনুপ্রেরণা ও মেন্টর ছিলেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল, কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটানোর অসাধারণ ক্ষমতা।

  • আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো

    আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো

    বিনোদন ডেস্ক:     বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে বিবেক ওবেরয়ের বচসার কথা একটা সময়ে বলিউডের চর্চায় থাকত। সেই সময় সংবাদ সম্মেলন করে সালমানের নামে বেশ কিছু অভিযোগ করেছিলেন বিবেক। সংবাদ সম্মেলনের পর জীবন বদলে গিয়েছিল অভিনেতার। হাতছাড়া হয়েছিল বহু কাজ। আজও কি সেই ঘটনা মনে পড়ে বিবেকের? সম্প্রতি সেই কথা জানালেন অভিনেতা, এখন তিনি সেই অতীত হেসে উড়িয়ে দেন।

    এর আগে ২০০৩ সালে সংবাদ সম্মেলনে করে বিবেক ওবেরয় জানিয়েছিলেন, সালমান তাকে অনবরত হুমকি দিচ্ছেন। সেই সময়ে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই সালমান নাকি তাকে হুমকি দিয়ে আসছিলেন। বলিউড সেই ঘটনায় চমকে গিয়েছিল।

    বিবেক বলেন, এখন আর আমি এ বিষয়গুলো নিয়ে ভাবি না। আমার সঙ্গে কী ঘটেছিল, মনেও রাখিনি আর। কিন্তু একটা বিষয় ভুলতে পারা খুব কঠিন ছিল। পুরো ঘটনায় আমার বাবা-মায়ের ওপর দিয়ে যা গিয়েছিল এবং ওদের প্রতিক্রিয়া যেমন ছিল, তা হেসে উড়িয়ে দিতে পারিনি। ওদের চোখের পানি ভুলে যাওয়া সহজ ছিল না।

    শুধু বিবেক একাই নন; তার পরিবারও পেয়েছিলেন একাধিক হুমকি বার্তা। অভিনেতা বলেন, এমন একটা সময় এসেছিল, যখন সবাই আমাকে বয়কট করেছিল। আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না। বহু সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো।

    ব্যক্তিগত জীবনও বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিবেকের। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেতা বলেন, খুব ভেঙে পড়েছিলাম। আর পাঁচজনের মতো আমিও মায়ের কাছে গিয়ে খুব কেঁদেছিলাম। বেশ কিছু দিন পর অভিনয়ে ফিরেছিলেন বলে জানান বিবেক ওবেরয়।

    উল্লেখ্য, খুব শিগগির বিবেককে দেখা যাবে ‘মাস্তি ৪’ সিনেমায়। ইতোমধ্যে ১ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলার মুক্তি পেয়েছে। বিবেক ছাড়াও এ সিনেমায় আরও আছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জেনেলিয়া ডি’সোজা, নারগিস ফাখরি, তুষার কাপুর, শাহাদ রন্ধাভা, এলনাজ নুরুজি, রুহি সিং প্রমুখ।

  • হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান খান

    হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান খান

    বিনোদন ডেস্ক: দীর্ঘ দুই যুগের সংগীত জীবনের ক্যারিয়ারে ইতি টানলেন তাহসান খান। জনপ্রিয় এ সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছেন, এরপর আর কোনো কনসার্টে দেখা যাবে না তাকে।

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জনপ্রিয় এ তারকার অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই। এ নিয়ে তিনি ভক্তদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

    এর মাঝেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্ত–শ্রোতারা পেলেন সেই অপ্রত্যাশিত খবর। রোববার গান গাইতে গাইতেই হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা দিলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’

    এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। অনেকেই তখনই চোখের পানি মুছতে থাকেন। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান।