Category: বিনোদন

  • এক সিনেমায় যদি ১২৭টি দৃশ্য বাদ !

    এক সিনেমায় যদি ১২৭টি দৃশ্য বাদ !

    বিনোদন ডেস্ক:      এক সিনেমায় যদি ১২৭টি দৃশ্য বাদ দিতে হয়, তাহলে আর ওই সিনেমায় থাকে কী! দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘পাঞ্জাব ৯৫’ সিনেমার ক্ষেত্রে এমনই নির্দেশ দিয়েছে ভারতের সেন্সর বোর্ড। সিনেমার নাম বদলেরও নির্দেশ তাদের। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন নির্মাতা হানি ত্রেহান। তার মতে, ভারতের সেন্সর বোর্ডকে যারা উদার মনে করেন, তাদের ভুল ভাঙানোর জন্য এই একটি উদাহরণই যথেষ্ট।

    পাঞ্জাব ৯৫ তৈরি হয়েছে মানবাধিকার কর্মী জসবন্ত সিং খালরাকে নিয়ে। পাঞ্জাবের হাজার হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার সত্যতা সবার সামনে তুলে ধরেছিলেন তিনি। শুরু থেকেই বারবার রাজনৈতিক বিরোধিতার শিকার হয়েছে সিনেমাটি। এ বছর মুক্তি পাওয়ার কথা ছিল পাঞ্জাব ৯৫। তবে বারবার সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে সিনেমাটির ভবিষ্যত।

    সিনেমাটির নাম প্রথমে হওয়ার কথা ছিল ‘ঘালুঘারা’। তবে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদলে রাখা হয় পাঞ্জাব ৯৫। এবার এ নামেও আপত্তি তাদের। নাম পরিবর্তনসহ ১২৭টি সংশোধনী দেওয়া হয়েছে। এটা না করলে পাবে না মুক্তির অনুমতি।

    ক্ষোভ প্রকাশ করে নির্মাতা হানি ত্রেহান জানিয়েছে, এতগুলো দৃশ্য বাদ দিলে তো সিনেমার আসল বিষয়টাই বাদ পড়ে যায়! যদি জোর করে কাট বসানো হয়, তাহলে সিনেমাটি থেকে নিজের নাম সরিয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি। নির্মাতা জানান, সিনেমাটি তিনি সম্পূর্ণ সত্যতা ও সততার সঙ্গে তৈরি করেছেন।

    পরিচালকের অভিযোগ, সিবিএফসি জানিয়েছে, সিনেমার নাম থেকে পাঞ্জাব শব্দটি সরাতে হবে। এছাড়া, সিনেমায় ব্যবহৃত ‘পাঞ্জাব পুলিশ’ বলার ওপরেও আপত্তি জানিয়ে শুধু ‘পুলিশ’ লেখার কথা বলা হয়েছে। বাদ দিতে বলা হয়েছে ইন্দিরা গান্ধীর নাম।

    নির্মাতা হানি ত্রেহান প্রশ্ন তুলেছেন, সিনেমার গল্পই পাঞ্জাবের, তাহলে নাম থেকে পাঞ্জাব কীভাবে সরাব? এ সিনেমা মুক্তি দেয়ার জন্য আড়াই বছর ধরে অপেক্ষা করছি। যদি আমরা আমাদের কথা শিল্পের মাধ্যমে বলতে না পারি, তাহলে গণতন্ত্রের মানে কী?

    সেন্সর বোর্ডের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জসবন্ত সিং খালরার স্ত্রী পরমজিৎ কৌর খালরা। তিনি বলেছেন, সিনেমাটি পরিবারের অনুমতি নিয়ে তৈরি হয়েছে, এতে কোনো ভুল নেই। তাই সিনেমাটি কোনো কাটছাঁট ছাড়াই মুক্তি দেওয়া উচিত।

    পরিচালকের দাবি, পাঞ্জাব ৯৫ রাজনৈতিক সিনেমা নয়, বরং এতে দেখানো হয়েছে এক মানুষের লড়াইকে। জসবন্ত সিং খালরা অনেক নিখোঁজ হওয়া মানুষের কথা সামনে এনেছিলেন। সেই সময়ে তিনি ২৫ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার তথ্য সংগ্রহ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। পরে তাকে অপহরণ করা হয় এবং হত্যা করা হয়। তাঁর আত্মত্যাগের কথা মানুষকে জানানোই এ সিনেমার উদ্দেশ্য।

  • যে কারণে নারী-কেন্দ্রিক গল্পে ঝুঁকছেন ডাকোটা জনসন

    যে কারণে নারী-কেন্দ্রিক গল্পে ঝুঁকছেন ডাকোটা জনসন

    বিনোদন ডেস্ক : ডাকোটা জনসন, হলিউডের প্রখ্যাত অভিনেত্রী। ‘ফিফটি শেডস অব গ্রে’, ‘ব্ল্যাক মেস’, ‘সাসপিরিয়া’ সিনেমাগুলো অভিনয় জগতে তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এবার তিনি নামছেন পরিচালনায়। তার প্রথম সিনেমা তৈরি হবে একজন অটিস্টিক অভিনেত্রীর চিত্রনাট্যের উপর ভিত্তি করে, যার সঙ্গে তিনি একটি সিনেমায় অভিনয়ও করেছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ডাকোটা বলেছেন, পরিচালনার ক্ষেত্রে নিজের সেটকে কখনোই বিষাক্ত হতে দেবেন না। নারী-কেন্দ্রিক গল্প বলতে চান তিনি। পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞ এবং অ্যাকশন চরিত্রেও অভিনয় করতে পছন্দ করেন অভিনেত্রী। চেক প্রজাতন্ত্রে কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’র ৫৯তম সংস্করণে সাংবাদিকদের এক গোলটেবিল বৈঠকে জনসনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি অভিনয় এবং প্রযোজনার বাইরে গিয়ে পরিচালনায় আসবেন কিনা। তিনি উত্তর দিয়েছিলেন, ‘শিগগিরই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করব।

    কাজও অনেকটা এগিয়ে নিয়েছি। চিত্রনাট্য করছেন আমার খুব পছন্দের একজন মানুষ, ভেনেসা বার্গহার্ট। একটি সিনেমায় আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি একজন অবিশ্বাস্য অটিস্টিক অভিনেত্রী।’ তবে পরিচালনায় কিন্তু ডাকোটার এটাই প্রথম প্রজেক্ট নয়। পরিচালক হিসেবে জনসন ইতিমধ্যেই কোল্ডপ্লে মিউজিক ভিডিও ‘ক্রাই ক্রাই ক্রাই’ এবং শর্টফিল্ম ‘লুজার বেবি’ তৈরি করেছেন। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানো নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। কারণ একসময় তিনি মনে করতেন, এতো বড় কিছু তাকে দিয়ে হবে না। অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় অনুভব করেছি যে, আমি কোনও পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করতে প্রস্তুত নই। আমার আত্মবিশ্বাস নেই। এরপরপরই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কেন পারবো না? এই প্রশ্নটি নিজেকে বারবার করেছি। শেষ পর্যন্ত উত্তর এসেছে, আমিও পারবো। গল্প যখন পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি অন্য কাউকে এটি করতে দেব না।’ তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানালেও সেখানে কোনো যৌন উত্তেজক কিছু থাকবে না বলেও আগাম জানিয়ে দেন ডাকোটা। তিনি বলেন, ‘আবেগি বিষয়গুলো থাকবে, কিন্তু কোনো যৌন সুড়সুড়ি নয়। আমি উষ্ণতার মাধ্যমে কিছু বলতে বা দেখাতে চাই না। আমার সিনেমায় অনেকগুলো নারীচরিত্র আছে। বলা যেতে পারে এটি একটি নারীকেন্দ্রিক সিনেমা। যেখানে নারীদের দর্শক সাধারণত যেভাবে দেখেন তার থেকে আলাদা, জটিল এবং সূত্র হিসেবে দেখা যাবে।’ শুরুতে অভিনেত্রী বলেছিলেন, নিজের সিনেমার সেটকে বিষাক্ত হতে দেবেন না। কেন বলেছেন? ব্যাখ্যা দিয়েছেন জনসন। তার পরিবার বংশপরম্পরায় অভিনয়কেন্দ্রিক। তাই তিনিও সিনেমায় অভিনয়ে নাম লেখান ছোটবেলা থেকেই। সেই অল্পবয়সেই দেখেছেন, সেটে লোকেরা কীভাবে আচরণ করে। তখন থেকেই সেটে বা তার বাইরে সমস্যা দেখা দিলে তিনি বেশ প্রতিবাদ করতেন। যেটা এখনও চালু রয়েছে। তবে পুর্ণদৈর্ঘ্য সিনেমার পরিচালক হিসাবে আ্তপ্রকাশের অপেক্ষায় থাকলেও প্রযোজক হিসাবে কিন্তু অনেক আগেই নাম লিখিয়েছেন ডাকোটা। নিজের প্রযোজনা সংস্থা টি-টাইম পিকচার্স থেকেই নতুন সিনেমা বানাবেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ‘স্প্লিটসভিল’ তার প্রযোজনা সংস্থা থেকেই নির্মিত হয়েছিল।

    এদিকে পরিচালনায় নামলেও অভিনয়ের ক্ষুধা এখনও বিদ্যমান অভিনেত্রীর মধ্যে। কোন ধরণের চরিত্রের প্রতি এখনও দার দূবলতা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কিছু চরিত্র আছে যা আমি স্বপ্ন দেখি। যেমন, আমি একজন সাইকোপ্যাথের চরিত্রে অভিনয় করতে ভালোবাসি, অ্যাকশন সিনেমাতে কাজ করতে ভালোবাসি।’ উল্লেখ্য, জনসন মাত্র ১০ বছর বয়সে অ্যান্টোনিও ব্যান্ডেরাসের ১৯৯৯ সালের সিনেমা ‘ক্রেজি ইন আলাবামা’-তে অভিনয়ের মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০১০ সালে, তিনি ডেভিড ফিঞ্চারের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ হাজির হয়ে বেশ চমক দেখান। তার সম্প্রতিক আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে ম্যাগি গিলেনহালের ‘দ্য লস্ট ডটার’ (২০২১) এবং ক্যারি ক্র্যাকনেলের ‘পারসুয়েশন’ (২০২২)। শিগগিরই তিনি মাইকেল শোয়াল্টার পরিচালিত রোমান্স থ্রিলার ‘ভেরিটি’তে অ্যান হ্যাথওয়ে এবং জশ হার্টনেটের বিপরীতে অভিনয় করবেন।

  • গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে

    গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে

    বিনোদন ডেস্ক:     আগামী ৪ থেকে ৬ জুলাই ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। নির্মাতা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

    গোলাম রাব্বানী বলেন, উৎসব কর্তৃপক্ষ আমার ছবিটির খুব প্রশংসা করেছেন। একইসঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্রও পাঠিয়েছেন। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন এটাই আমার জন্য আনন্দের।

    উল্লেখ্য, বিশ্বের নানা দেশের ৮২টি চলচ্চিত্র ও ১৬টি মিউজিক্যাল ফিল্ম এই উৎসবে স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘আনটাং’। এর আগে, ভেনিস ইন্টার কালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘আনটাং’ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে।

    গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ। মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। এরই মধ্যে দেশবিদেশে প্রশংসিত হয়েছে ছবিটি। হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চলচ্চিত্র উৎসব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে।

    এর আগে, গোলাম রাব্বানী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুরত’। এটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

  • ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

    ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

    বিনোদন ডেস্ক:    সম্প্রতি ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

    বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

    তার মৃত্যুর পর বলিউড পাড়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন। শেফালি জরিওয়ালার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

    শেফালির আকস্মিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পুলিশের বিশেষ তদন্তে সহায়তা করছেন পাঁচ জন বিশিষ্ট চিকিৎসক। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া কিংবা হৃদযন্ত্রের জটিলতা মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও, দীর্ঘদিন ধরে অ্যান্টি-এজিং ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়াও একটি সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

    হায়দরাবাদের খ্যাতনামা যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শক ডা. ধীরেন্দ্র সিংহানিয়া এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘স্টেরয়েডের ব্যবহার, অনিদ্রা, অতিরিক্ত ওষুধ সেবন অথবা হরমোন থেরাপির মতো বিষয়গুলোও মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে সঠিক কারণ শুধুমাত্র পোস্টমর্টেম রিপোর্টেই নিশ্চিতভাবে জানা সম্ভব।’

    পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবারের (৩০ জুন) মধ্যে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেফালির মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

    এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকরা আরও জানান, শেফালির মৃত্যুর পেছনে কোনো প্রকার অবহেলা বা অন্য কোনো অপ্রাকৃতিক কারণ কাজ করেছে কিনা, তা নিয়েও বিস্তারিত তদন্ত চলছে।

  • সাধারণ মানুষের পক্ষে এখন আর সিনেমা হলে যাওয়া সহজ নয়: আমির খান

    সাধারণ মানুষের পক্ষে এখন আর সিনেমা হলে যাওয়া সহজ নয়: আমির খান

    বিনোদন ডেস্ক:   সাধারণ মানুষের পক্ষে এখন আর সিনেমা হলে যাওয়া সহজ নয়—বলে মন্তব্য করেছেন বলিউড তারকা আমির খান। তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে এমনটা বলেন অভিনেতা।

    পাশাপাশি, তিনি সিনেমার বর্তমান অবস্থা নিয়েও তার মতামত প্রকাশ করেন— বিশেষ করে, কিভাবে একটি সময়ের ‘গণমাধ্যম’ হিসেবে পরিচিত সিনেমা এখন আর সেই অবস্থানে নেই।

    সিনেমা দেখা ও প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এসেছে উল্লেখ করে নিজের ক্যারিয়ারের শুরুর সময়টা স্মরণ করে আমির বলেন, আমি যখন কাজ শুরু করি, তখন কেবল সিঙ্গেল স্ক্রিন হল ছিল, দিনে চারটা শো হতো।

    পরে মাল্টিপ্লেক্স আসতে শুরু করে। আজকে মাল্টিপ্লেক্সের সংখ্যা বেড়েছে, আর সিঙ্গেল স্ক্রিন কমে গেছে। এখন আমাদের অধিকাংশ সিনেমা দেখা হয় মাল্টিপ্লেক্সেই।

    এই মাল্টিপ্লেক্সগুলো সাধারণত শহরের ব্যয়বহুল মলগুলোতে অবস্থিত।

    তাদের ভাড়া ও কাঠামো রক্ষণাবেক্ষণ ব্যয় এত বেশি যে টিকিটের দাম অনেক বেড়ে যায়। এরপর তিনি বলেন, এই ধরনের মাল্টিপ্লেক্সে টিকিটের দাম এমনই যে অনেকের পক্ষেই তা বহনযোগ্য নয়।

    সিনেমা একসময় ছিল সাধারণ মানুষের জন্য, এখন আর নয়— এমনটা জানিয়ে আমির স্পষ্ট করে বলেন, এই মাধ্যমকে একসময় ‘মাস মিডিয়াম বলা হতো কারণ সাধারণ মানুষ তখন সিনেমা দেখতে পারত। আজকে সেই সুযোগ অনেক কমে গেছে।

    বিশেষ করে এখন যেহেতু সিঙ্গেল স্ক্রিন হল প্রায় নেই, সাধারণ দর্শকের পক্ষে সিনেমা হলে যাওয়া কঠিন হয়ে গেছে।

    যোগ করে তিনি আরো বলেন, আমি কোনো সমালোচনা করছি না বা নালিশ করছি না, কিন্তু পার্থক্যটা বড় রকমের হয়ে গেছে, এটা আমি বলছি।

    সমাধানের পথ হিসেবে লো-কস্ট সিনেমা হল’ তৈরির কথা উল্লেখ করেন মিস্টার পারফেকশনিস্ট। বললেন, চীনে ৯০ হাজার স্ক্রিন আছে, আমেরিকায় ৩৫ হাজার— এটা দেখে আমার খুব আফসোস হয়। ভারতের মতো জনবহুল দেশে কেন প্রত্যন্ত অঞ্চলে একটা সিনেমা হলও থাকবে না? যদি সস্তায় সিনেমা হল তৈরি করা যায়, সেটা পুরো ইন্ডাস্ট্রির জন্যই লাভজনক হবে।

  • নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল

    নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী নোবেল

    বিনোদন ডেস্ক:   নারী নির্যাতনের মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।  জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব।

    আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত।

    শুনানি শেষে দুই পক্ষের আইনজীবী বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী, তার স্ত্রীও সন্তুষ্টি জানান।

    এর আগে ২০ মে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।