Category: বিনোদন

  • প্লাস্টিক সার্জারি নিয়ে যে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট

    প্লাস্টিক সার্জারি নিয়ে যে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট

    বিনোদন ডেস্ক: হলিউড তারকা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে  তরুণ অভিনয়শিল্পীরা ইনস্টাগ্রামে আরও বেশি লাইক পাওয়ার জন্য নিখুঁত হওয়ার পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন টাইটানিকখ্যাত হলিউড অভিনেত্রী।

    এ অস্কারজয়ী অভিনেত্রী বলেন, তারা কি জানেন— নিজেদের শরীরে ঠিক কী ঢুকিয়ে দিচ্ছেন? নিজের স্বাস্থ্যের প্রতি এই অবহেলা ভয় ধরিয়ে দেয়। এখন আগের যে কোনো সময়ের চেয়ে বিষয়টি আমাকে বেশি নাড়া দেয়। সত্যি বলতে—ওটা একদম চরম বিশৃঙ্খলা।’কেট উইন্সলেট বলেন, প্লাস্টিক সার্জারির এই প্রবণতা শুধু অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ নারীরাও বোটক্স কিংবা ঠোঁটে ফিলার নেওয়ার জন্য টাকা জমাচ্ছেন। এটা ভেবে  খুবই বিচলিত হয়ে পড়েন।

    তিনি বলেন, আমার সবচেয়ে ভালো লাগে, যখন আমার বয়স বোঝা যায়। আমার পরিচিত সবচেয়ে সুন্দরী অনেক নারীই ৭০ বছরের বেশি। আর যা সবচেয়ে কষ্ট দেয়—তরুণীরা জানেই না আসলে সৌন্দর্য বলতে কী বোঝায়।

    ‘টাইটানিক’-এর সাফল্যের পর কীভাবে তাকে নিষ্ঠুর বডি-শেমিংয়ের মুখে পড়তে হয়েছিল সে কথা জানিয়েছেন কেট উইন্সলেট। গত বছর একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পুরস্কার মৌসুমে এক জনপ্রিয় বিনোদন-চ্যানেলের উপস্থাপক রেড কার্পেটে তার পোশাক নিয়ে বলেছিলেন—তাকে নাকি গলে পড়ে যাওয়া কারও মতো দেখতে লাগছে।

    তিনি বলেন, এটা একজন তরুণী অভিনেত্রীকে এভাবে বলাটা ভীষণ জঘন্য। যে নিজের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছে, তাকে এভাবে যারা অপমান করে, তারা কেমন মানুষ বুঝতে হবে?

    অভিনেত্রী বলেন, তিনি একসময় সাংবাদিকদের মুখোমুখি গিয়ে প্রতিবাদ করেছিলেন। আমি তাদের বলেছিলাম—আমি চাই এটা তোমাদের মনে গেঁথে থাকুক। শুধু আমার জন্য নয়, বরং যেসব মানুষ এমন নির্যাতনের শিকার হয়, তাদের সবার পক্ষ থেকে এটি বলা দরকার ছিল। পরিস্থিতি ভয়ংকর ছিল, সত্যিই খুব খারাপ।

    এর আগে ২০২২ সালে আরেক সাক্ষাৎকারে কেট উইন্সলেট জানিয়েছিলেন, অভিনয় নিয়ে পড়ার সময়ও তাকে বলা হয়েছিল তিনি যেন ‘মোটা’ মেয়ের চরিত্রে অভিনয়ের জন্য রাজি থাকেন। কিন্তু ‘টাইটানিক’-এর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

    হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টে অভিনেত্রী বলেন, মানুষ সিনেমার শেষ দৃশ্য নিয়েও তাঁকে বিদ্রূপ করত। বলত— ‘রোজ নাকি এত মোটা ছিল যে জ্যাক দরজার ওপর উঠতে পারেনি। তিনি বলেন, আমি নাকি খুব মোটা ছিলাম। মানুষ এত নিষ্ঠুর ছিল কেন? আমি মোটেও মোটা ছিলাম না। আমি তখন তরুণী, শরীর বদলাচ্ছে, নিজের অস্তিত্ব নিয়ে অনিশ্চিত, ভীষণ ভীত—এ অবস্থায় তারা আরও কঠিন করে তুলেছিল সবকিছু। এটা নিছকই বুলিং এবং সত্যি বলতে সীমা ছাড়ানো নির্যাতন বলে জানিয়েছেন কেট উইন্সলেট।

    সূত্র: দ্য সানডে টাইমস

  • ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হলো ‘ওয়ার্নার ব্রাদার্স’

    ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি হলো ‘ওয়ার্নার ব্রাদার্স’

    অনলাইন ডেস্ক:    স্ট্রিমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি চুক্তি সম্পন্ন হলো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের প্রতিযোগী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগকে ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে।

    এই চুক্তির ফলে গেম অব থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিকস এবং এইচবিও ম্যাক্সের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কনটেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিক্সের হাতে। এই অধিগ্রহণ হলিউডে ক্ষমতার ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দেবে।

    এতদিন নিজস্ব কনটেন্টের মাধ্যমে আধিপত্য ধরে রাখা নেটফ্লিক্স এবার ওয়ার্নার ব্রাদার্সের এক শতাব্দীর পুরনো ক্লাসিক লাইব্রেরির সঙ্গে তাদের বিশ্বখ্যাত সিরিজ যেমন- স্কুইড গেম এবং স্ট্রেঞ্জার থিংস-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলোকে একত্রিত করবে। নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই বিশ্বকে বিনোদন দেওয়া। ওয়ার্নার ব্রাদার্সের অবিশ্বাস্য লাইব্রেরি-যা ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ থেকে শুরু করে ‘হ্যারি পটার’ এবং ‘ফ্রেন্ডস’ পর্যন্ত বিস্তৃত-তার সঙ্গে আমাদের সংস্কৃতি-নির্ধারণকারী টাইটেলগুলোকে একত্রিত করে আমরা দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব।’

    তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই বিশাল চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অ্যান্টিট্রাস্ট স্ক্রুটিনি বা বাজার নিয়ন্ত্রণের কঠোর পর্যালোচনার মুখোমুখি হতে পারে নেটফ্লিক্স। তাদের উদ্বেগ, দুই বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্মিলন বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেবে। তা সত্ত্বেও, নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিওর সিনেমাগুলো সিনেমা হলগুলোতেও মুক্তি দেওয়া অব্যাহত রাখবে। এদিকে, এই চুক্তির ফলে আগামী তিন বছরের মধ্যে নেটফ্লিক্স ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক খরচ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।

  • কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

    কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ

    বিনোদন ডেস্ক: বলিউডে হইচই ফেলে দিলেন শাহরুখ খান। কাজল-টুইঙ্কেলের জনপ্রিয় টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ এখনও দেখা যায়নি তাকে। আর তার এই অনুপস্থিতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠেছিল প্রশ্নের ঝড়। শেষমেশ নীরবতা ভেঙে স্বয়ং কিং খান জানালেন অনুপস্থিতির কারণ, সেই সঙ্গে রসিকতার ছলে কাজল-টুইঙ্কেলের কাছে চাইলেন ক্ষমা। যে দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে কাজল-টুইঙ্কেলের টকশোতে অনুস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয় শাহরুখের কাছে। উত্তরে বলিউড বাদশাহ বলেন, টকশোয়ে যেতে না পারায় আমার খারাপ লেগেছে। তবে আমি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় আমি আর সময় বের করতে পারিনি। এরপর মজা করে শাহরুখ আরও বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’

    সবশেষে কাজল-টুইঙ্কেলকে উদ্দেশ করে বলেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’ সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরানের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। আর সেই কারণেই বর্তমানে শাহরুখ-কাজল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

  • চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’

    চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’

    বিনোদন ডেস্ক:    ১৬ বছর পর ফের দর্শকদের মুগ্ধ করতে আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় ছবি। এই মাসেই এটি বড় পর্দায় মুক্তি পাচ্ছে । আশা করা হচ্ছে এটিও যথারীতি সিরিজের ব্যাপক জনপ্রিয়তা ধরে রাখবে। পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে ভিজ্যুয়াল চমক এবারও থাকছে।

    প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।আগামী ১৭ ডিসেম্বর থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে জেমস ক্যামেরনের পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি। প্রথম ‘অ্যাভাটার’ মুক্তির ১৬ বছর পর সিরিজের নতুন সিনেমাটি দর্শকদের মুগ্ধতা ছড়াতে আসছে। ২০০৯ সালে সিরিজের প্রথম সিনেমা ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী ২.৯ বিলিয়ন ডলার আয় করে। ২০২২ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় ছবি ‘দ্য ওয়ে অব ওয়াটার’। দ্য হলিউড রিপোর্টার-এর তথ্যমতে, এটি করোনা পরবর্তী সময়েও প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করে।চলতি সপ্তাহে নতুন ছবির প্রিমিয়ার শো হয়েছে হলিউড ও প্যারিসে।

    -পরিবার ও অভিবাসন-

    দর্শকরা দেখতে পাবেন নায়ক জ্যাক (স্যাম ওয়ার্থিংটন) এখন ‘টোরুক ম্যাকটো’, প্যান্ডোরার কিংবদন্তি যোদ্ধা। তার স্ত্রী নেটিরি (জো সালদানা)। তারা তাদের বড় ছেলে নেটেয়ামের মৃত্যুর শোক সামলে নেওয়ার চেষ্টা করছেন।

    তারা তাদের তিন সন্তান নিয়ে নতুন করে জীবন গড়ার চেষ্টা করছেন। যাদের মধ্যে রয়েছে কিরি, একজন দত্তক নেওয়া নাভি কিশোরী, যার চরিত্রে অভিনয় করেছেন সিগার্নি উইভার এবং আরেকজন মানব স্পাইডার (জ্যাক চ্যাম্পিয়ন), যাকে নেটিরি ছাড়া সবাই পরিবারের অংশ হিসেবে গণ্য করে।

    ক্যামেরন শুক্রবার প্যারিসে সংবাদ সম্মেলনে বলেন, দর্শকরা দেখবেন, সন্তানরা বড় হয়ে নিজেদের পরিচয় খুঁজছে। কারণ তাদের মা পুরোপুরি নাভি প্রজাতির। আর বাবা অন্য গ্রহ থেকে আসা। এই সংকর জীবন তাদের হাসি-আনন্দের সঙ্গে এক ঝাঁক চ্যালেঞ্জও নিয়ে আসে।৭১ বছর বয়সী কানাডিয়ান পরিচালক আরও বলেন, আমরা মূলত শরণার্থী বা বাস্তুচ্যুত অভিবাসীদের পারিবারিক অবস্থাকে দেখানোর চেষ্টা করেছি। মানুষ এটি দেখে সহজেই বাস্তবতার সংযোগ স্থাপন করতে পারবে।

    -নতুন প্রতিপক্ষ-

    ভ্রমণের পথে নায়করা মুখোমুখি হন মাংকওয়ান বা অ্যাশ পিপল-এর সঙ্গে। এটি একটি নাভি সম্প্রদায়, যার এলাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গেছে। এখন তারা জীবনধারণের জন্য লুটপাট করে।মাংকওয়ানদের নেতৃত্ব দেন ভ্যারাং। এই চরিত্রে অভিনয় করেছেন বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের নাতনি উনা চ্যাপলিন।তিনি নাভির অন্ধকার দিক দেখান, যা আগে শুধুই কল্যাণময় ও প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হিসেবে চিত্রিত হয়েছিল। এর বিপরীতে মানুষ লুটপাটে আসক্ত এবং প্রকৃতির সম্পদ শোষণ করতে চাইছে।তিনি নাভি সম্প্রদায়ের অন্ধকার দিক দেখান। আগে তারা শুধুই শান্তিপ্রিয় ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করত। এবার তাদের আরও জটিল ও ভিন্ন দিক দেখা যাবে।মানুষের লুটপাটের লোভ আবারও প্রকৃতির সঙ্গে সংঘর্ষের গল্পে নতুন মোড় নিয়ে আসবে।

    -পরিবেশ ও ভিজ্যুয়াল চমক-

    প্যান্ডোরার বাসিন্দাদের ফের লড়তে হবে ‘স্কাই পিপল’ বা রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের মানুষদের বিরুদ্ধে। তারা তুলকুন নামের সামুদ্রিক প্রাণী শিকার করতে চাইছে। লক্ষ্য তাদের মস্তিষ্ক থেকে ‘অ্যামরিটা’ সংগ্রহ।

    তুলকুন হল প্যান্ডোরা গ্রহের বিশাল ও বুদ্ধিমান সামুদ্রিক প্রাণী, যাদের মস্তিষ্ক থেকে ব্যবসায়িক দৃষ্টিকোণে মূল্যবান পদার্থ পাওয়া যায়।মূল ‘অ্যাভাটার’ গল্প ১৯৯৫ সালে ক্যামেরন নিজেই লিখেছিলেন। পরিচালকের মতে, সেটিতে পরিবেশ বিষয়ক বার্তা অনেক বেশি স্পষ্ট ছিল।ক্যামেরন আরও বলেন, প্রকৃতি সংরক্ষণ যে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা মূল গল্পটি থেকে বোঝা যায়।

    সিগারনি উইভার সংবাদ সম্মেলনে বলেন, ক্যামেরন কোনো রহস্য রাখেননি। তিনি দেখিয়েছেন, কীভাবে একটি কর্পোরেট কর্পোরেশন তুলকুন শিকার করছে। তিনি এই দৃশ্যপট পৃথিবীর সঙ্গে তুলনা করে তৈরি করেছেন। সমুদ্র ক্রমেই বিপর্যয়ের মুখে পড়ছে। অথচ এই সমুদ্র ছাড়া আমরা বাঁচতেও পারব না।

    -কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, অভিনয়ই মূল-

    দ্বিতীয় ও তৃতীয় ‘অ্যাভাটার’ ছবির শুটিং হয়েছে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ১৮ মাস ধরে। তখন জেনারেটিভ এআই-এর উত্থান হয়নি। এই দশকের শেষের দিকে আরও দুই ছবি মুক্তির জন্য তৈরি হচ্ছে।

    ক্যামেরন মার্কিন ওয়েবসাইট কমিকবুক ডটকমকে বলেন, আমি জেনারেটিভ এআই-এর বিরোধী নই। শুধু বলতে চাই, ‘অ্যাভাটার’ ছবিতে আমরা এই প্রযুক্তি ব্যবহার করি না। অভিনেতারা নিজেরাই অভিনয় করেছেন।এতে অভিনেতাদের নড়াচড়া ধরে নাভির চরিত্রের ওপর স্থানান্তর করা হয়।ক্যামেরন তার ‘পারফরম্যান্স ক্যাপচার’ কৌশল ব্যবহার করেছেন। এতে অভিনেতাদের নড়াচড়া রেকর্ড করে নাভির চরিত্রে প্রতিস্থাপন করা হয়েছে।

    -প্রতিক্রিয়া-

    মুক্তির আগে সমালোচকরা সীমিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে যেগুলো প্রকাশিত হয়েছে, তা মোটামুটি ইতিবাচক।কিছু মার্কিন সমালোচক সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত আকারে মতামত প্রকাশ করেন। বেশিরভাগের মত, ক্যামেরন আরও একবার ভিজ্যুয়াল চমক দেখিয়েছেন। তবে, মূল সমালোচনা হয়েছে চিত্রনাট্য ও আগের দুই ছবির থিমের পুনরাবৃত্তি ঘিরে।এর জবাবে ক্যামেরন হাসতে হাসতে বলেন, আমার জীবনে মাত্র পাঁচটা ভালো আইডিয়া আছে। সেগুলোই প্রতিবার নতুন মোড়কে উপস্থাপন করার চেষ্টা করি।

  • আজ পর্দা উঠছে সৌদিতে চলচ্চিত্র উৎসবের

    আজ পর্দা উঠছে সৌদিতে চলচ্চিত্র উৎসবের

    বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্প ক্রমেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করছে। বিশ্বের কাছে এই অঞ্চলের গল্প ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে দেশগুলো।

    সেই ধারায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি-রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে বিশ্ব সিনেমার এই মহাযজ্ঞ। আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর পঞ্চম আসর শুরু হচ্ছে। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে রোয়ান আথালের জায়ান্ট। ব্রিটিশ-ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)।

    এই দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা। ২০২১ সালে প্রথম আসর থেকে শুরু করে উৎসবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিজ্ঞ আয়োজক, যিনি এর আগে দুবাই ও গাল্ফ ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করেছেন। বিশেষত, এ বছর তার সিনেমা দিয়েই শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন।এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে।

    মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি-এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ, যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে। মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকছে তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত। আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ক্যুচার এবং জুড ল-পল ডানো অভিনীত আলোচিত চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন। আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬ এবং হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড। এ ছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি ছবি, যেম-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত এন্ট্রি লেট শিফট এবং কান উৎসবে অংশ নেওয়া দ্য সিক্রেট এজেন্ট। এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকছে।

  • এবার প্রভাসের বিপরীতে দেখা যাবে কাজলকে

    এবার প্রভাসের বিপরীতে দেখা যাবে কাজলকে

    বিনোদন ডেস্ক: এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত হাই-ভোল্টেজ সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। বড় বাজেটের কোনো তেলুগু চলচ্চিত্রে এটি হবে কাজলের প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করা । এর আগে গুঞ্জন উঠেছিল-কারিনা কাপুর খান সিনেমাটির অংশ হতে পারেন, তবে তিনি স্পষ্ট করেছেন, তিনি এই সিনেমায় নেই।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে বি-টাউনে জোরালো আলোচনা-ছবির নির্মাতা গল্পটি কাজলকে শুনিয়েছেন এবং তিনি প্রস্তাবিত চরিত্রে বেশ মুগ্ধ বলে জানা গেছে। যদি কাজল এই ছবিতে যুক্ত হন, তাহলে ‘স্পিরিট’-এর মর্যাদা আরও বেড়ে যাবে। শুধু তারকা-ক্ষমতার জন্য নয়, এই সিনেমাটি উত্তর ও দক্ষিণ ভারতীয় সিনেমার বড় ক্রসওভারের দৃষ্টান্ত হতে পারে। প্রভাসের জনপ্রিয়তা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনা আর কাজলের উপস্থিতি-তিনটি মিলে ছবিটিকে সত্যিকার অর্থে প্যান-ইন্ডিয়া স্পেকট্যাকল হিসেবে দাঁড় করাতে পারে।

    ইতোমধ্যেই বড় বাজেট ও বহু-ভাষায় মুক্তির কারণে সিনেমাটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমেল’-এর নির্মাতা ভাঙ্গা এবার ‘স্পিরিট’-এ বিশালাকারের অ্যাকশন-ড্রামা তৈরি করছেন। সিনেমায় প্রভাস একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন-যেখানে থাকবে অ্যাকশন ও আবেগঘন গল্প। বর্তমানে এই সিনেমায় নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে, কাজলকে একটি গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে-যা ছোটখাটো বা ক্যামিও নয়, বরং গল্পে উল্লেখযোগ্য অবদান রাখবে। যদি কাজল সিনেমাটিতে যোগ দেন, এটি হবে তার প্রথম পূর্ণমাত্রার তেলুগু চলচ্চিত্র অভিজ্ঞতা। তিনি আগে কয়েকটি তামিল ছবিতে কাজ করলেও, এটি হবে টলিউডে তার বড় আত্মপ্রকাশ।

    দক্ষিণ ভারতীয় ছবিগুলোর মধ্যে বড় বলিউড তারকাদের অন্তর্ভুক্ত করে সিনেমার পরিসর ও দর্শকসংখ্যা বাড়ানোর যে প্রবণতা চলছে, এই সিদ্ধান্ত সেটিরই প্রতিফলন। তবে নির্মাতার পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসেনি। তাই কাজলের চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করতে হবে নির্মাতার ঘোষণার।