Category: বিনোদন

  • মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’

    মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’

    অনলাইন ডেস্ক:   চমক দেওয়ার ক্ষেত্রে রণবীর সিং যেন আলাদা নাম। জন্মদিনের সকালেই নিজের নতুন সিনেমা ‘ধুরন্ধর’র প্রথম লুক প্রকাশ করে অনুরাগীদের তাক লাগিয়ে দেন তিনি। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ আর সিগারেট হাতে রণবীরকে দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছিল।

    চরিত্রের এমন রাফ অ্যান্ড টাফ উপস্থাপন বলিউডে নতুন কৌতূহল তৈরি করেছে। এমন সময় ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর-মুক্তির আগেই রেকর্ড গড়তে পারে ‘ধুরন্ধর’। শোনা যাচ্ছে, ছবিটি হতে পারে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যরে।

    আগামী দশ দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে টিম ‘ধুরন্ধর’। সব ঠিক থাকলে পরিচালক আদিত্য ধর ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে ফিল্মটি দাঁড়াতে পারে ৩ ঘণ্টা ৫ মিনিটে, যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের দীর্ঘতম ছবি।

    পরিচালক আদিত্য ধর জানান, ‘রণবীরের ক্যারিয়ারে ‘ধুরন্ধর’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এই চরিত্রে দর্শক তাকে একাধিক নতুন রূপে পাবেন। গল্পের গতি বা আবহ-কোনো কিছুতেই তাড়াহুড়ো করতে চাইনি আমরা। ছবির নানা বাঁক দর্শককে চমক দেবে।’

    বলিউডে দীর্ঘ ছবির ইতিহাস নতুন নয়। এর আগে ‘অ্যানিম্যাল’ (৩ ঘণ্টা ২১ মিনিট) ও ‘বাহুবলী’ (৩ ঘণ্টা ৪৫ মিনিট) সময়ের মানদণ্ডে রেকর্ড গড়েছিল। এ তালিকায় রমেশ সিপ্পির কালজয়ী ‘শোলে’র দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১৯ মিনিট। সম্প্রতি দিল্লি বিস্ফোরণের কারণে পিছিয়ে গিয়েছিল ‘ধুরন্ধর’র প্রচারণা।

    তবে এখন সবকিছুই এগোচ্ছে মুক্তির দিকে। চলতি বছরের ৫ ডিসেম্বর ছবিটি আসছে প্রেক্ষাগৃহে। প্রথম টিজারে রণবীরের পরিণত ও আক্রমণাত্মক উপস্থিতি দেখে মনে পড়ে গিয়েছিল তার জনপ্রিয় চরিত্র ‘আলাউদ্দিন খিলজি’র কথাও। শুধু রণবীর নয়-ফার্স্ট লুকে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর মাধবনও। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাদের। এখন দেখার অপেক্ষা-তিন ঘণ্টার এই ‘ধুরন্ধর’ সত্যিই নতুন রেকর্ড গড়তে পারে কি না।

  • অবশেষে পর্দায় আসছে ‘ব্ল্যাক প্যান্থার থ্রি’

    অবশেষে পর্দায় আসছে ‘ব্ল্যাক প্যান্থার থ্রি’

    বিনোদন ডেস্ক:     সিনেমাটিক ইউনিভার্স -এর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি আসছে, তা এক প্রকার নিশ্চিত করে দিলেন পরিচালক রায়ান কুগলার। সম্প্রতি ‘সিনার্স’ ছবির প্রচারের ফাঁকে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। যখন তৃতীয় কিস্তি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন, তখন তিনি বলেন, ‘হয়তো তোমার জায়গায় থাকলে আমি বলতাম, ‘আমি পুরোপুরি হ্যাঁ-ও বলছি না, আবার না-ও করছি না’। তবে এই বিষয়টি নিয়ে আমরা সবাই মিলে জোরদার চেষ্টা চালাচ্ছি।

    এটা আমাদের আগামী ছবি।’ এই ছবির মাধ্যমে কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন হয়তো মার্ভেল ইউনিভার্সে পা রাখতে চলেছেন। কিছুদিন আগেই ডেনজেল নিজে জানিয়েছিলেন, কুগলার নাকি তার জন্য ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এর একটি চরিত্র লিখছেন।

    পরে কুগলারও সেই গুঞ্জন নিশ্চিত করে বলেন, ‘ডেনজেলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যদি উনি এই ছবির জন্য আগ্রহী হন, তাহলে তো হবেই এই ছবি।’ ২০১৮ সালে চ্যাডউইক বোসম্যানের নেতৃত্বে প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিটি মুক্তি পাওয়ার পর এটি শুধু একটি সিনেমা থাকেনি, বরং আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, ওয়াকান্ডার রাজনীতি এবং টি’চালার আইকনিক চরিত্রের কারণে এটি পরিণত হয়েছিল একটি সাংস্কৃতিক বিপ্লবে।

    তবে ২০২০ সালে চ্যাডউইকের অকালপ্রয়াণ গোটা মার্ভেল টিমের জন্য বিশাল ধাক্কা ছিল। তার অনুপস্থিতিতে তৈরি হয় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, যেখানে শুরি (লেটিশিয়া রাইট) ভাইয়ের উত্তরাধিকার রক্ষা করে নতুন ‘ব্ল্যাক প্যান্থার’ হিসেবে আবির্ভূত হন এবং রামোন্ডার মৃত্যু গল্পে আবেগের বন্যা নিয়ে আসে।

  • বিমান থেকে ঝাঁপ দিয়ে খুলল না প্যারাশুট, ভয়ংকর অভিজ্ঞতা অজয়ের

    বিমান থেকে ঝাঁপ দিয়ে খুলল না প্যারাশুট, ভয়ংকর অভিজ্ঞতা অজয়ের

    বিনোদন ডেস্ক:      চোখের সামনে ভয়াবহ মৃত্যু দেখেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। স্কাই ডাইভিং করতে গিয়ে কী ভয়ংকর পরিণতি হতে পারে, তা জানালেন অভিনেতা। খবর আনন্দবাজার অনলাইনের।বর্তমানে ‘দে দে পেয়ার দে ২’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অজয়। একসময় নানা ছবিতে কঠিন লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। অজয়ের বাবা বীরু দেবগন ছিলেন লড়াইয়ের দৃশ্যের পরিচালক। তাই লড়াইয়ের দৃশ্য তার কাছে কখনওই বিশেষ কঠিন মনে হয়নি। কিন্তু বাস্তবে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা খুব খারাপ অজয়ের।

    উল্লিখিত ছবিতে অভিনয় করেছেন মাধবনও। তিনি ভূয়সী প্রশংসা করে জানান, অজয় একটি দৃশ্যে কোনো প্রস্তুতি ছাড়াই বিমান থেকে স্কাই ডাইভিং করেন। অজয়ের এমন নির্ভীক সত্তা দেখে তিনি মুগ্ধ। তখনই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অজয়। আমেরিকায় স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অভিনেতা বলেছেন, “আমি ওখানে যাওয়ার পরেই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই। কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরেই আমার পালা ছিল স্কাই ডাইভিংয়ে।

    স্কাই ডাইভিং করতে গিয়ে নাকি কোনওমতে রক্ষা পেয়েছিলেন হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পরেও তাঁর প্যারাশুট ঠিক ভাবে খুলছিল না। সঙ্গে সঙ্গে লিওনার্দোর প্রশিক্ষকও ঝাঁপ দেন এবং অভিনেতাকে বাঁচান।

    ‘দে দে পেয়ার দে’ ছবিতে অজয় ও মাধবন ছাড়াও অভিনয় করেছেন রকুল প্রীত। ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি মঞ্চে মুক্তি পাবে। এই ছবিটি ছাড়াও ‘দৃশ্যম ৩’ নিয়েও ব্যস্ততা চলছে অজয়ের।

  • মুখ খুললেন শাকিব, হানিয়া নিয়ে গুঞ্জন আরও তীব্র

    মুখ খুললেন শাকিব, হানিয়া নিয়ে গুঞ্জন আরও তীব্র

    বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ঢালিউডে নতুন জল্পনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে শাকিব খান। কয়েক মাস আগে ঢাকায় এসে হানিয়া এক আয়োজনে জানিয়েছিলেন, শাহরুখ খানের চাইতে তাঁর পছন্দ শাকিব খানকে বেশি। সেই মন্তব্যের পর থেকেই গুঞ্জন বাড়ছিল। আর সে গুঞ্জন এবার আরও জোরালো হলো শাকিব খানের সাম্প্রতিক এক মন্তব্যে।

    গত সেপ্টেম্বরে বহুজাতিক একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেখানে তিনি বলেন, তাঁর মনে হয়েছে এই দেশের মানুষ শাকিব খানকে খুব ভালোবাসেন, তাই তিনিও শাকিবকেই পছন্দ করেন। সেই বক্তব্য ছড়িয়ে পড়তেই দুই দেশের ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়। এরপরই গুঞ্জন ওঠে, দুজনে নাকি একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন।

    এই আলোচনা ঘিরে শাকিব খান মুখ খুলেছেন একটি ভ্লগে। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই শুক্রবার বিকেলে তাঁর ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে শাকিবের সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে রাফসানকে দেখেই শাকিব খান মজা করে বলেন, তাঁর নাকি অনেক ভ্লগ দেখেছেন হানিয়াকে নিয়ে। পাশে থাকা একজন তখন জানতে চান, হানিয়া কি সত্যিই শাকিবের সঙ্গে সিনেমা করছেন। উত্তরে শাকিব খান জানান, একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে।

    কোন সিনেমা নিয়ে আলোচনা চলছে, তা স্পষ্ট করেননি নায়ক। বর্তমানে তিনি সোলজার নামে একটি সিনেমার কাজ করছেন, যেখানে তাঁর সহশিল্পী তানজিন তিশা এবং জান্নাতুল ঐশী। একই সঙ্গে প্রিন্স, ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা সিনেমায়ও তাঁকে দেখা যাবে। শোনা যাচ্ছে, সেই ছবিতে তাসনিয়া ফারিণের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। ফলে হানিয়া আমির কোন প্রকল্পে যুক্ত হতে পারেন, তা এখনও পরিষ্কার নয়।

    হানিয়া বর্তমানে নতুন টিভি সিরিয়াল মেরি জিন্দাগি হ্যায় তু তে কাজ করছেন। এতে তিনি প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে অভিনয় করছেন। সিরিয়ালটি ৭ নভেম্বর থেকে প্রচার শুরু হয়েছে। এর আগে ২০২৪ সালে কাভি মে কাভি তুম সিরিয়ালে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। পাশাপাশি সরদারজি ৩ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

    শাকিব হানিয়ার সঙ্গে কাজের বিষয়ে জানিয়েছেন, আলোচনার শুরু হলেও চূড়ান্ত কিছু হয়নি। তবে তাঁর এই স্বীকারোক্তি দুই দেশের দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনার পথে সত্যিই কোনো নতুন সিনেমা আসে কি না।

  • এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

    এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ

    বিনোদন ডেস্ক:     বিনোদন জগতের টেলিভিশন নাটক ও সিনেমার একসময়কার পরিচিত মুখ হাসান মাসুদ একের পর এক অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে অনেক দিন ক্যামেরা থেকে দূরে থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে অভিনয়ে ফিরেছিলেন।  এর মধ্যেই হঠাৎ করে অসুস্থতার কারণে সেই নাটকের শুটিং তিনি করতে পারেননি। আপাতত স্থগিত রয়েছে।

    হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন বলে জানা গেছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। তারা দ্রুত হাসান মাসুদের আরোগ্য কামনা করছেন।

    বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন হাসান মাসুদ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে খানিকটা গোপনীয়তা বজায় রেখেছে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।  এদিকে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, হাসান মাসুদ এখনো হাসপাতালেই চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে তার আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, অভিনেতা হাসান মাসুদ বাংলাদেশ সামরিক একাডেমি (বিএমএ) থেকে কমিশন লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন এবং এরপর ক্যাপ্টেন পদে উন্নীত হন। পরে সামরিক চাকরি থেকে অবসরগ্রহণের পর সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৩ সাল থেকে তিনি অভিনয়জীবন শুরু হয়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এর মাধ্যমে হাসান মাসুদ সিনেমা জগতে প্রবেশ করেন এবং প্রথম অভিনয়েই দর্শকদের পছন্দের তালিকায় চলে আসেন। এরপর তিনি অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

  • স্ত্রীর মামলায় গ্রেফতার আতঙ্কে হিরো আলম

    স্ত্রীর মামলায় গ্রেফতার আতঙ্কে হিরো আলম

    বিনোদন ডেস্ক:     কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

    এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি এখন শুটিং করছি ৩০০ ফিট এলাকায়। যে মামলার আপস হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলুন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজকে আদালতে যেতে পারছি না, কালকে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।’

    বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।’

    মামলার অভিযোগে বলা হয় হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এমনকি বাদীর ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন রেখে দেওয়া হয়। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।