Category: বিনোদন

  • নতুন মাইলফলক স্পর্শ করলেন বিলি আইলিশ

    নতুন মাইলফলক স্পর্শ করলেন বিলি আইলিশ

    বিনোদন ডেস্ক: হলিউড থেকে শুরু করে বিশ্বের মিউজিক অঙ্গন সবখানেই শোনা যায় তার কণ্ঠস্বর। যার জাদুর কণ্ঠস্বরে বুঁদ হয়ে থাকে কোটি কোটি শ্রোতা। তিনি হলেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী বিলি আইলিশ। মাত্র ২৩ বছর বয়সী তরুণ গায়িকা বিলি আইলিশ এবার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন, তার গাওয়া হিট গান ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ তাকে এনে দিয়েছে দুটি গ্র্যামি মনোনয়ন।

    ২০২৪ সালে প্রকাশিত তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ থেকে এই গানটি এবার ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ‘সং অব দ্য ইয়ার’ ও ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে চলেছে। গত শুক্রবার মনোনয়ন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, বিলি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ওয়াইল্ড ফ্লাওয়ারের জন্য সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার মনোনীত হয়েছি, আমি কৃতজ্ঞ।

    প্রকাশিত সেই পোস্টে, একটি নীলাভ মঞ্চের ছবিতে তাকে দর্শককে স্বাগত জানাতে দেখা যায়। আর তার অনুরাগীরা মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা এবং আসন্ন ফেব্রুয়ারি ২০২৬-এর অনুষ্ঠানেও এই মর্যাদাবান পুরস্কার জয়ের জন্য শুভকামনা জানিয়েছেন। ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ গানটি ২৩ বছর বয়সী বিলি আইলিশ নিজেই লিখেছেন তার বড় ভাই ফিনিয়াস ও’কনেল-এর সঙ্গে।

    ফোক-পপ শৈলীর এই গানটি দোষবোধ, উদ্বেগ, অনিশ্চয়তা এবং অস্বীকারের অনুভূতিকে কেন্দ্র করে তৈরি, এবং স্পটিফাইতে এই গানটি ১.৬৪ বিলিয়ন স্ট্রিম পেয়েছে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে এই গানের স্ট্রিমের সংখ্যা ছাড়িয়েছে ২.৩ বিলিয়ন। বিলির এই সাফল্য প্রমাণ করছে, কেবল প্রতিভা নয়, বরং তার অনুভূতি ও আবেগই বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করছে।

  • নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে ফ্যানদের মাঝে উত্তেজনা

    নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে ফ্যানদের মাঝে উত্তেজনা

    বিনোদন ডেস্ক: ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবির পরিচালক জো ও অ্যান্থনি রুশো আবারও ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়েছেন। সম্প্রতি তারা সামাজিক মাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে দুজনকে আয়রন ম্যান ও ডক্টর ডুমের মুখোশ পরে একটি জনপ্রিয় ট্রেন্ডে অংশ নিতে।

    ভিডিওটি শেয়ার করেছে রুশো ভাইদের প্রযোজনা সংস্থা এজিবিও স্টুডিও। দর্শকরা ধারণা করছেন, এটি আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমারই কোনো গোপন ইঙ্গিত। অনেকেই মনে করছেন, হয়তো সিনেমাটিতে আয়রন ম্যান ও ডক্টর ডুমের মধ্যে গভীর কোনো সম্পর্ক দেখানো হবে। রুশো ভাইদের আগেও এমন রহস্যময় টিজার প্রকাশের ইতিহাস রয়েছে। এবারও তারা সরাসরি কিছু না জানিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন। এ নিয়ে মার্ভেলপ্রেমীদের মধ্যে জোর জল্পনা চলছে। সবচেয়ে আলোচিত ধারণাটি হলো, ডক্টর ডুম আসলে আয়রন ম্যানেরই এক বিকল্প রূপ বা ভ্যারিয়েন্ট হতে পারেন। এই কারণেই নাকি আবারও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার তিনি থাকবেন খলনায়কের চরিত্রে।

    ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর। ছবিটিতে রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে আরও থাকছেন ক্রিস হেমসওর্থ, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ ও পেদ্রো পাসকালসহ মার্ভেল বিশ্বের একঝাঁক তারকা। এজিবিও স্টুডিওর প্রকাশিত ভিডিওটি মার্ভেল ভক্তদের মনে নতুন উত্তেজনা ছড়িয়েছে। এখন দেখার বিষয়, সত্যিই কি ডক্টর ডুমের মুখোশের আড়ালে লুকিয়ে আছেন আয়রন ম্যান নিজেই!

  • শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

    শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

    বিনোদন ডেস্ক:    সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ সম্প্রতি মারা গেছেন। আসামের অকাল প্রয়াত এ গায়কের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ শুক্রবার (৩১ অক্টোবর) আসমে মুক্তি পেয়েছে। এখানে জুবিন গার্গ অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ও করেছেন।

    জুবিনের একটি স্কেচ ও তার লেখা হস্তলিখিত বার্তা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গরিমা শইকিয়া গার্গ। বার্তায় লেখা ছিল, ‘Roi Roi Binale. Mur notun cinema. Sabole aahibo. ‘Morom’. Zubeen da। এর বাংলা অর্থ দাঁড়ায়— আমার নতুন সিনেমা। সবাই আসবেন। ‘ভালোবাসাসহ’। জুবিন দা।’

    পোস্টে গরিমা শইকিয়া গার্গ লিখেছেন, ১৫ সেপ্টেম্বর তুমি যেসব চিঠি লিখেছিলে…। তোমার প্রতিটি শব্দ হৃদয়কে আঘাত করে, গোল্ডি! কিন্তু সবকিছুর মাঝে ফাঁকা বুকে এক ধরনের জ্বলন আছে। আরেকটি প্রশ্ন— ১৯ সেপ্টেম্বর কি ঘটেছিল? কীভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে। কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছে করছে না।

    পিটিআই অনুসারে, মুক্তি পাওয়া ‘রই রই বিনালে’ সিনেমাটি আগামী সপ্তাহের প্রতিটি শোর টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রচুর চাহিদার কারণে আরও প্রদর্শনী যোগ করা হয়েছে। কিছু থিয়েটারে দিনে সাতটি শো পর্যন্ত আয়োজন করা হচ্ছে। প্রথম শো ভোর ৪টা ৪৫ মিনিটে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলছে।

    উল্লেখ্য, জুবিন গার্গ একজন সংগীতশিল্পী হলেও মাঝে মধ্যে অভিনয়ও করে থাকেন।  মুক্তি পাওয়া ‘রই রই বিনালে’ সিনেমায় তিনি একজন অন্ধ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। এ সিনেমায় ১১টি গান রয়েছে। সব গানই জুবিন নিজেই রচনা করেছেন।

  • ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি : হ্যারিসন ফোর্ড

    ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি : হ্যারিসন ফোর্ড

    বিনোদন ডেস্ক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবহেলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছেন মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড। বলেছেন, ‘আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি; তার আচরণ আমার হৃদয় ভেঙে দিয়েছে।’ শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন ফোর্ড বলেন, ট্রাম্প অজ্ঞতা ও নির্বুদ্ধিতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে উপেক্ষা করছেন এবং আগের সরকারের পরিবেশনীতি ধ্বংস করে দিয়েছেন।

    ‘এয়ারফোর্স ওয়ান’ খ্যাত বর্ষিয়ান এই মার্কিন অভিনেতা বলেন, ‘ট্রাম্পের কোনো নীতি নেই; তিনি নিজের খেয়ালখুশি মতো চলেন, আর সেটাই আমাকে ভয় পাইয়ে দেয়। অজ্ঞতা, অহংকার, মিথ্যা, বিশ্বাসঘাতকতা-সব মিলিয়ে তিনি জানেন যে, তিনি কেবল বর্তমান ব্যবস্থার এক হাতিয়ার, যে শুধু টাকাই কামাচ্ছে, অথচ পৃথিবীকে ধীরে ধীরে নরকের দিকে ঠেলে দিচ্ছে। আমি ইতিহাসে তার চেয়ে বড় অপরাধী দেখিনি।’ ‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’-খ্যাত এই অভিনেতা ট্রাম্পের সমালোচনা করে আরও বলেন, ‘তিনি নিজের অবস্থান হারাচ্ছেন, কারণ যা বলেন সবই মিথ্যা। আমি নিশ্চিত, আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পারব-যদি আমাদের আচরণ বদলাই, নতুন প্রযুক্তি উন্নয়ন করি এবং বাস্তব পদক্ষেপ নিই। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা ও নতুন সমাধান খোঁজার মানসিকতা দরকার।’

    ৮৩ বছর বয়সি এই অভিনেতা আরও বলেন, ‘আমি এখন অনেক কিছুতেই আমেরিকা নিয়ে হতাশ। ট্রাম্প আমাদের চার বছরের জন্য একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন, অথচ বিশ্বের একনায়ক আর স্বৈরশাসকদের বুকে টেনে নিয়েছেন। আমাদের ‘আমেরিকাকে আবার মহান’ করার দরকার নেই; আমাদের দরকার আবার একসঙ্গে কাজ করা। আমাদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যে আমাদের সকলের জন্য আবার কাজ করবে।’ গত মাসে জাতিসংঘে ট্রাম্প দাবি করেছিলেন, ‘জলবায়ু পরিবর্তন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। এই সবুজ প্রতারণা থেকে যদি বের না হন, তাহলে আপনার দেশ ধ্বংস হবে। আবার শক্তিশালী হতে চাইলে, শক্ত সীমান্ত ও ঐতিহ্যবাহী জ্বালানি উৎসে ফিরতে হবে।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প ইতোমধ্যে স্বচ্ছ জলবায়ু সুরক্ষা নীতিমালা বাতিল করেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প স্থগিত করেছেন এবং তেল-গ্যাস কোম্পানিগুলোকে আরও বেশি জীবাশ্ম জ্বালানি উত্তোলনের অনুমতি দিয়েছেন- যা পৃথিবীকে আরও দ্রুত উষ্ণ করছে।

  • সত্তর বছরে বাবা হলেন কেলসি গ্রামার

    সত্তর বছরে বাবা হলেন কেলসি গ্রামার

    বিনোদন ডেস্ক: নারীদের মেনোপজ ৪৫-৫৫ বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। তারপর ডিম্বাশয় নারী হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন উৎপাদনের ক্ষমতা হারায়। ফলে নারীরা প্রজনন ক্ষমতা হারান। পুরুষেরও কি তেমনটা হতে পারে? কত বছর বয়স পর্যন্ত পুরুষ বাবা হতে পারেন? যদিও এর নির্ধারিত বয়স সীমা নেই। তবে কোনো কোনো পুরুষের টেস্টোস্টেরন হরমোন ৪৫-৫০ বছর বয়সেই কমতে শুরু করে। এসব সংকটকে বুড়ো আঙুল দেখিয়ে সত্তর বছর বয়সে বাবা হয়ে চমক দেখালেন ‘গোল্ডেন গ্লোব’ বিজয়ী মার্কিন অভিনেতা কেলসি গ্রামার।

    কয়েক দিন আগে তার চতুর্থ স্ত্রী কেট ওয়াশ পুত্রসন্তান জন্ম দিয়েছেন। কেট ওয়াশের বয়সও নেহায়েত কম নয়, এখন তার বয়স ৪৬ বছর। এ দম্পতি ছেলের নাম রেখেছেন ক্রিস্টোফার। কেলসির এটি অষ্টম সন্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছেন কেলসি গ্রামার-কেট দম্পতি। তাদের পরিবারের সদস্যরাও এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেলসি-কেট দম্পতির আরো তিনটি সন্তান রয়েছে। কয়েক দিন আগে ‘পড মিটস ওয়ার্ল্ড’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন কেলসি গ্রামার। এ আলাপচারিতায় ‘ফ্রেইজা’ তারকা বলেন, “আমরা (কেলসি-কেট) আমাদের চতুর্থ সন্তানকে পেয়েছি। ক্রিস্টোফার আমাদের পরিবারে সদ্য যোগ দিয়েছে। এখন আমাদের মোট আট সন্তান।”

  • বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি

    বিনোদন ডেস্ক:     বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুক্রবার রাতে খবর পাওয়া যায়। কিন্তু শনিবার (১ নভেম্বর) জানা গেছে, তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

    কিন্তু পরে হাসপাতালের এক কর্মী সাংবাদিক ভিকি লালওয়ানি-কে জানিয়েছেন যে, ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা জানানোর পর তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

    সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ইনস্টাগ্রামে এ বিষয়ে পোস্টও শেয়ার করেছেন।

    এখনো পর্যন্ত ধর্মেন্দ্রর ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।