Category: বিনোদন

  • মায়ের কবরেই আইয়ুব বাচ্চুর শেষ ঠিকানা

    কোটি মানুষের মন জয় করে এবার মায়ের কোলে ফিরছেন গিটারিস্ট আইয়ুব বাচ্চু। তার শেষ ঠিকানা হচ্ছে- চট্টগ্রামের এনায়েতবাজারের পারিবারিক কবরস্থানে। মায়ের কবরেই শায়িত হবেন তিনি।

    ১৯৬২ সালের ১৬ আগস্ট এই এনায়েতবাজারেই আইয়ুব বাচ্চুর জন্ম। এ গ্রামের মাটিতেই বেড়ে ওঠা তার।

    তার জানাজার বিষয়ে সাংস্কৃতিক জোটের নেতারা জানান, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

    সেখান থেকে জুমার নামাজের সময় নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। বাদ জুমা প্রথম জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমাগারে। একই দিন রাতে অস্ট্রেলিয়া থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে রাজকন্যা ঢাকায় পৌঁছলে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের এনায়েতবাজারে।

    ধারণা করা হচ্ছে, শনিবার সকাল নাগাদ আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরেই সমাহিত করা হবে আইয়ুব বাচ্চুকে, জানান ওই নেতারা।

    উল্লেখ্য, ব্যান্ড সংগীতের কিংবদন্তি এ শিল্পী বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

  • আইয়ুব বাচ্চু আর নেই

    আইয়ুব বাচ্চু আর নেই

    জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তাঁর মৃত্যুর কথা ঘোষণা করেন।

    বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু। ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম।

    সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুনব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন আইয়ুব বাচ্চু। তারপর থেকে এই গায়ক ও সংগীত পরিচালক গান আর গিটারের মূর্ছনায় শ্রোতাদের মাতিয়ে রাখেন। গত ১৬ আগস্ট শেষ জন্মদিন পালন করেন তিনি।

  • ‘#মি টু’ আটকে দিয়েছে চারটি ছবি!

    ‘#মি টু’ আটকে দিয়েছে চারটি ছবি!

    #মি টু’ নামের সাইক্লোনের জেরে বলিউড তছনছ হতে বসেছে। এই আন্দোলনের জালে রুই-কাতলার পর ধীরে ধীরে রাঘববোয়ালরা ফাঁসছেন। এই যুগান্তকারী আন্দোলনের জেরে বলিউডের আজ একাধিক ব্যক্তির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। ‘#মি টু’ অভিযান নানা পাটেকার, অলোক নাথ, সাজিদ খান, সুভাষ কাপুর, বিকাশ বহেল, লাভ রঞ্জনসহ অনেকের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছারখার করে দিচ্ছে। এর প্রভাবে বলিউডের নতুন কিছু ছবির ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ছবিগুলোর সঙ্গে যুক্ত অভিনেতা কিংবা পরিচালকেরা যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত। তাই ছবির মূল অভিনেতারা ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি কয়েকটি ছবির শুটিং শুরু হয়েও ‘#মি টু’ অভিযানের জন্য বন্ধ হয়ে গেছে। এই আন্দোলনের ঢেউ বলিউডের অর্থনীতির বুকে আছড়ে পড়েছে। আজ ‘#মি টু’র প্রভাবে বিটাউনের কোটি কোটি টাকা আটকে আছে। এই মুহূর্তে চারটি ছবি এই আন্দোলনের শিকার হয়েছে। আর তার জন্য ফেঁসে আছে ৪৫০ কোটি রুপি!

    ‘হাউসফুল ফোর’ ছবির অভিনয়শিল্পী রিতেশ দেশমুখ, ববি দেওল ও অক্ষয় কুমার
    হাউসফুল ফোর
    ‘হাউসফুল’ সিক্যুয়ালের আগামী ছবি ‘হাউসফুল ফোর’-এর বাজেট ১৫০ কোটি রুপি। ছবিটি পরিচালনা করছিলেন পরিচালক সাজিদ খান। ‘#মি টু’র মঞ্চে দাঁড়িয়ে তিনজন নারী এই পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এমনকি বলিউড তারকা বিপাশা বসু অভিযোগ করেন, সাজিদ সেটে নানা অশ্লীল কথা বলতেন। ‘#মি টু’ অভিযানে সাজিদের নাম উঠে আসায় এই ছবির অভিনেতা অক্ষয় কুমার নির্মাতাদের শুটিং বন্ধ রাখার অনুরোধ জানান। ‘হাউসফুল ফোর’-এর নির্মাতারা সাজিদকে এই ছবির পরিচালনার দায়িত্ব থেকে সরে যেতে বলেন। জানা গেছে, এখন সাজিদের বদলে ফরহাদ সামজি ছবিটি পরিচালনা করবেন। এই ছবির অন্যতম প্রধান চরিত্রে বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার ছিলেন। কয়েকটা দৃশ্যের তাঁর শুটিং হয়েছে। কিন্তু এবার ‘#মি টু’ আন্দোলনের প্রথম অভিযুক্ত নানা পাটেকার। বলিউড তারকা ও সাবেক ভারত সুন্দরী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। আর তার জেরে ‘হাউসফুল ফোর’ থেকে নানা সরে যাচ্ছেন। তাঁর জায়গায় বলিউড অভিনেতা অনিল কাপুর আসছেন। সম্প্রতি জয়সলমীরে নানা পাটেকার এই ছবির কিছু দৃশ্যের শুটিং সেরে ফেলেছেন। তাই তাঁর জায়গায় নতুন যে অভিনেতা আসবেন, তাঁকে আবারও সেই দৃশ্যগুলো শুট করতে হবে। ‘হাউসফুল ফোর’ ছবিতে অক্ষয় কুমার ছাড়া সঞ্জয় দত্ত ও ববি দেওলকেও দেখা যাবে।

    ‘সুপার থার্টি’ ছবির পোস্টার
    সুপার থার্টি
    ‘সুপার থার্টি’ ছবির মুখ্য ভূমিকায় আছেন হৃতিক রোশন। ছবির পরিচালক বিকাশ বহেল। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। তাই হৃতিক রোশন ছবির কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ছবির নির্মাতাদের বলেছেন তাঁরা যেন বিকাশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। ১০০ কোটি রুপি বাজেটের এই ছবির অনেকটা শুটিং হয়ে গেছে। ‘#মি টু’র প্রকোপে ছবিটির মুক্তির দিন হয়তো আরও পেছাতে পারে। বিহারের সমাজসেবক ও অঙ্কবিদ আনন্দ কুমারের জীবন নিয়ে এই ছবিটি।

    ‘মুঘল’ ছবির পোস্টার
    মুঘল
    ‘মুঘল’ ছবির পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধেও যৌন শোষণের অভিযোগ উঠেছে। আর তার প্রতিবাদে আমির খান এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ‘মুঘল’ ছবিতে প্রথমে অক্ষয় কুমারের অভিনয় করার কথা ছিল। পরে আমির খানকে এই ছবির সঙ্গে যুক্ত করা হয়। সুভাষ কাপুরের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে যৌন হেনস্তার মামলা চলছে, এই কথা আমিরের কানে যাওয়ার পর তিনি এই ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ছবিটির নির্মাতা ভূষণ কুমার পরিচালক সুভাষ কাপুরকে পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেন। এদিকে গুলশান কুমারের ছেলে ভূষণ কুমারের বিরুদ্ধেও যৌন উৎপীড়নের অভিযোগ উঠেছে। সংগীত জগতের অলিখিত সম্রাট গুলশান কুমারের জীবনের ওপর ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি নির্মাণ হচ্ছে।

    ‘দে দে প্যায়ার দে’ ছবির ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে
    দে দে প্যায়ার দে
    ‘প্যায়ার কা পঞ্চনামা’ এবং ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো হিট ছবির পরিচালক লাভ রঞ্জনের ওপর যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। তার জেরে ‘দে দে প্যায়ার দে’ ছবির ভবিষ্যৎ এক প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। অজয় দেবগন ও রণবীর কাপুর এই ছবিতে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে অজয়ের প্রযোজনা সংস্থা। লাভ রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর অজয় এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। এই বলিউড সুপারস্টারের বক্তব্য, তাঁর কোম্পানি যৌন উৎপীড়নের মতো দোষে দোষী কোনো ব্যক্তির পাশে নেই। এই ছবির বাজেট ১০০ কোটি রুপি।

  • সাজিদ আর নানাকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র!

    সাজিদ আর নানাকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র!

    শুরুতে ধরেই নেওয়া হয়েছিল ‘হাউসফুল ফোর’ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এক মহান নারীবাদী। যৌন হয়রানির অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তিনি বাদ দিয়েছেন ছবির পরিচালক ও অভিনেতাকে। হাউসফুল ফোর থেকে সরে গেছেন পরিচালক সাজিদ খান ও অভিনেতা নানা পাটেকার। সম্প্রতি প্রকাশিত হলো আরেক খবর। ওই দুজনকে প্রত্যাহারের আদেশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

    প্রকৃত অর্থে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নয়, যৌন হয়রানির অভিযোগকে গুরুত্ব দিয়েছিল লস অ্যাঞ্জেলেসের ফক্স স্টার স্টুডিও। এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে হাউসফুল ফোর ছবিটি নির্মিত হচ্ছে। তাদের হস্তক্ষেপেই পরিচালক সাজিদ খান ও অভিনেতা নানা পাটেকারকে বাদ দিয়েছেন প্রযোজক। হাউসফুল ফোর ছবির এক সূত্র সম্প্রতি ঘটনার সত্যতা স্বীকার করেছে। ফক্সের নির্দেশ পেয়ে বিন্দুমাত্র দেরি করেননি নাদিয়াদওয়ালা। তিনি চাননি এই ইস্যুতে ফক্সের সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ হোক।

    অন্তত তিনজন নারী অভিযোগ তুলেছেন সাজিদ খানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সালুনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও সাংবাদিক কারিশমা উপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা জানিয়েছেন তাঁদের সঙ্গে সাজিদ খানের উৎপীড়নমূলক আচরণের ঘটনা। তাঁদের দাবি, প্রত্যেকের কাছেই নোংরা আবদার করেছেন সাজিদ খান, দিয়েছেন কুপ্রস্তাব। এঁদের মধ্যে সাংবাদিক কারিশমার করা অভিযোগটি ভয়াবহ। আর সালুনিকে জানিয়ে দেওয়া হয়েছিল, যা বলবে তা না করলে ছবিতেই নেবেন না সাজিদ।

    পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হাউসফুল ফোর ছবির শুটিং বন্ধ করে দেন ছবির নায়ক অক্ষয় কুমার। প্রযোজককে তিনিই প্রথম বলেছিলেন, ঘটনা প্রমাণ না হওয়া পর্যন্ত ছবির শুটিং বন্ধ রাখতে হবে। অক্ষয়ের এই দাবির সঙ্গে সঙ্গে পরিচালক সাজিদ খান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সরে এসেছেন নিজের পদ থেকে। অভিনেত্রী সালুনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও সাংবাদিক কারিশমা উপাধ্যায় তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন।

    মজার ব্যাপার হচ্ছে, হলিউডের ‘#মি টু’ আন্দোলনে উমা থরম্যান, অ্যাঞ্জেলিনা জোলি এবং অ্যাশলে জডের মতো নামী তারকারা প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রযোজক হার্ভে ওয়ানস্টিনের বিরুদ্ধে। বলিউডের ‘ওয়াইনস্টিন’-এর বিরুদ্ধে কিন্তু তেমন কাউকে কথা বলতে শোনা যাচ্ছে না। ডেকান ক্রনিকল

  • সালমানের সাবেক প্রেমিকা বললেন ‘মি টু’

    বলিউডে খুব অল্প সময়ের জন্য আবির্ভাব হয়েছিল অভিনেত্রী ও মডেল সোমি আলীর। তবে এই অল্প সময়ের মধ্যেই তিনি বলিউড তারকা সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। এরপর থেকে অনেকেই সোমিকে জানত সালমানের প্রেমিকা হিসেবে। দীর্ঘ সময় পর সেই সোমিই নতুন করে আলোচনায় এলেন। টুইটারে তিনি সম্প্রতি লিখলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা। চলতি ধারার সঙ্গে তাল মিলিয়ে তিনিও বললেন ‘মি টু’।

    সোমি আলী গতকাল ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের অংশ হিসেবে একটি টুইট করেন। তাতে সাবেক প্রেমিক সালমান খানকে উল্লেখ করে অবশ্য কিছু লেখেননি তিনি। বরং তাঁর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়টা আরও অনেক বছর আগের। সোমি বলেন, মাত্র পাঁচ বছর বয়সে তিনি যৌন হয়রানির আর ১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। কিন্তু কাছের মানুষদের নির্বিকার দেখে তিনি এ বিষয়ে মুখ খোলেননি কখনো। টুইটে সোমি লেখেন, ‘আমি জানি কতটা সাহস লাগে এ ধরনের হয়রানির কথা জনসমক্ষে বলতে। কারণ, আমি নিজেও এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। কিন্তু সে সময় আমার পাশে যাঁদের থাকার কথা ছিল, তাঁদের কাউকে পাইনি। তাই কখনো এ বিষয় নিয়ে কথাও বলতে পারিনি।’

    ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী সোমি আলী ১০টি হিন্দি ছবিতে অভিনয় করেন। সে সময়ই তিনি সালমান খানের সঙ্গে প্রেমে জড়ান। ছয় বছর সেই প্রেম টিকেছিল। এরপর ১৯৯৯ সালে সোমি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। এখনো সালমান ও সোমি ভালো বন্ধু হয়ে আছেন। হিন্দুস্তান টাইমস।

  • ‘দেবী’র পর ‘বিসর্জন’

    ‘দেবী’র পর ‘বিসর্জন’

    বাংলাদেশ আর ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা জয়া আহসানের জন্য দারুণ খবর! বাংলাদেশের প্রেক্ষাগৃহে কাছাকাছি সময়ে তাঁর অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেবী’। হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেছেন জয়া আহসান নিজেই। তিনি এই ছবির অন্যতম প্রযোজক। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন। পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন। আর আগামী নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ভারতের বাংলা ছবি ‘বিসর্জন’। গত বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘বিসর্জন’ সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে। এ ছাড়া এই ছবির জন্য জয়া আহসান পেয়েছেন জি-সিনে অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ার পুরস্কার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী আর ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।

    জয়া আহসানগত বছরের ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলির ছবি ‘বিসর্জন’। এরই মধ্যে পেরিয়ে গেছে ১৮ মাস। ছবিটি দেখানো হয়েছে বিভিন্ন উৎসব, ভারতের বাংলা চ্যানেলে এবং বিভিন্ন ওয়েবসাইটে। এত দিন পর ছবিটি বাংলাদেশের দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে কেন দেখবেন? বাংলাদেশে ছবিটি আমদানি করেছে ইন-উইন এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ছবিটি আমরা সাফটা চুক্তির আওতায় আমদানি করেছি। ভারত ও বাংলাদেশে একসঙ্গেই ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আমদানির ব্যাপারে কিছু জটিলতা হওয়ায় আমাদের অনেকটা সময় লেগেছে। তার পরও আশা করছি, ছবিটি বাংলাদেশের দর্শক দেখবেন। ছবিতে একদিকে যেমন জয়া আহসান অভিনয় করেছেন, ঠিক তেমনি এই ছবির গল্পেও আছে বাংলাদেশ। আছে পদ্মার পানি সমস্যার কথা।’

    ইফতেখার উদ্দিন নওশাদ আরও বলেন, ‘আমরা দর্শকদের ভালো ছবি দেখাতে চাই। এখানে কত লাভ হবে, আমরা কিন্তু মোটেও তা নিয়ে ভাবছি না। গত রোববার ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সেখানে যাঁরা ছবিটি দেখেছেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সেই সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে যেমন শক্তিশালী গল্প রয়েছে, তেমনি নির্মাণশৈলীও চমৎকার আর জয়া আসান, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলির অসাধারণ অভিনয়—সব মিলিয়ে এমন ভালো মানের ছবি সচরাচর পাওয়া যায় না।’

    ‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী‘দেবী’ আসছে ১৯ অক্টোবর। ‘বিসর্জন’ কবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন? ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘নানা কারণে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর সময় নিতে চাই না। অবশ্যই নভেম্বরে। ওই সময় আর কী কী ছবি মুক্তি পেতে পারে, তা বিবেচনা করে তারিখ চূড়ান্ত করব।’

    এদিকে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘বিজয়া’। এই ছবিতেও অভিনয় করবেন জয়া আহসান। গত ২৫ এপ্রিল ভারতের কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েলের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানে জয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আরও অতিথি ছিলেন দুই প্রজন্মের দুই অভিনেতা প্রসেনজিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে অপেরা মুভিজ।

    ‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়এরপর জয়া তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বিসর্জন’ আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি একটি চলচ্চিত্র। পদ্মা থেকে শুরু করে নাসির আলী, গণেশ মণ্ডল—প্রতিটি চরিত্র এখনো উজ্জ্বল বাঙালির মননে। কিন্তু কিছু কিছু গল্প হঠাৎ শেষ হয়ে যায় না। তাই পদ্মা, নাসির আলী, গণেশ মণ্ডল আবার ফিরছে বড় পর্দায়।

    জয়া আরও লিখেছেন, ‘আমার বিশ্বাস, “বিসর্জন” ছবির মতো “বিজয়া” আপনাদের সবার মন ছুঁয়ে যাবে।’