Category: বিনোদন

  • হেনস্থার শিকার সাইফও

    হেনস্থার শিকার সাইফও

    ‘মি টু’ নিয়ে উত্তাল বলিউড। ইতোমধ্যে ‘মি টু’ ঝড়ে আক্রান্ত হয়েছেন বলিউডের একাধিক নামিদামি তারকা। কে-কার বিরুদ্ধে কখন মুখ খুলে ফেলছেন, কে-কখন ফেঁসে যাচ্ছেন, এই নিয়ে মুখিয়ে গণমাধ্যম। আর এমন সময় অভিযোগকারিনীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন করলেন সাইফ আলি খান।

    তিনি বলেন, ২৫ বছর আগে তাঁকেও হেনস্থা হতে হয়েছিল। এ প্রসঙ্গে সাইফ বলেন, যখন যে ব্যক্তিকে হেনস্থা করা হয়, অপমান করা হয়, সেই কষ্টতা শুধু তিনিই অনুভব করতে পারেন। অন্যকারও পক্ষে তা বুঝে ওঠা সম্ভব নয়। অন্যের কষ্ট বোঝা কষ্টকর। তাই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চান না। তবে ২৫ বছর আগে যা হয়েছিল, তা ভাবলে তিনি এখনও রেগে যান। তাই যদি কেউ হেনস্থার অভিযোগ করেন কারও বিরুদ্ধে, তাহলে এখন সময় এসেছে সে বিষয়ে নজর দেওয়ার।

    শুধু তাই নয়, যেভাবে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসছে, তাতে অস্বস্তি হচ্ছে তাঁর। তাঁর মেয়ে সারা আলি খানের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করেন, তাহলে সেই ব্যক্তি তিনি কষিয়ে থাপ্পড় মারবেন। তাতে যা হয় হবে। তিনি ভয় পান না বলে স্পষ্ট জানিয়ে দেন সইফ আলি খান।

    শুধু মেয়ে সারা আলি খান নন, স্ত্রী কারিনা কাপুর খান, বোন সোহা আলি খান এবং মা শর্মিলা ঠাকুরের সঙ্গেও যদি কেউ কোন খারাপ ব্যবহার করেন, তাহলে তাঁকে ছেড়ে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সাইফ।

  • নেটফ্লিক্সে শাহরুখ খানের সিরিজ

    নেটফ্লিক্সে শাহরুখ খানের সিরিজ

    এখানে তিনি প্রযোজক। আর ওয়েব সিরিজটি নির্মাণ করবে তাঁরই প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। জানা গেছে, গতকাল রোববার থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের লেহ্তে।

    ‘বার্ড অব ব্লাড’ ওয়েব সিরিজের গল্পে কবির আনন্দ একজন গুপ্তচর। তাঁকে বরখাস্ত করা হয়েছে। এরপর তিনি শেক্‌সপিয়ারের অধ্যাপক হয়ে যান। তিনি উত্তর ভারতের পাহাড়ি এলাকায় বাস করেন। একসময় দেশ আর পরিবারকে বাঁচাতে তাঁকে ফিরে আসতে হয় সেই পুরোনো পথে।

    ইমরান হাশমি ও শাহরুখ খানজানা গেছে, ‘বার্ড অব ব্লাড’ ওয়েব সিরিজে আছেন শাহরুখ খান ও ইমরান হাশমি। এবারই প্রথম তাঁরা ওয়েব সিরিজে কাজ করছেন। রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে গৌরব ভর্মা টুইটারে লিখেছেন, ‘১৮ মাসের কঠিন পরিশ্রমের পর এবার আমরা ক্যামেরার সামনে। “বার্ড অব ব্লাড” ওয়েব সিরিজের প্রথম দিনের শুটিং। এই জার্নিতে সঙ্গে আছেন ইমরান হাশমি, ঋভু দাশগুপ্ত ও শাহরুখ খান। ধন্যবাদ রেড চিলিস এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্স ইন্ডিয়া আর শাহরুখ খানকে।’

    আর শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘আমার জন্য খুশির বিষয়। আমরা সবাই আবার একসঙ্গে কাজ করছি।’ গোপন সূত্রে খবর, নেটফ্লিক্সের এই সিরিজে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ খান।

  • বহু বছর পর পূজায় চট্টগ্রামে যাচ্ছি: ঊর্মিলা

    বহু বছর পর পূজায় চট্টগ্রামে যাচ্ছি: ঊর্মিলা

    শুরু হয়ে গেছে দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা। প্রতিবছর দুর্গাপূজায় থাকে ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনীত নাটক ও টেলিছবি। তবে এবার ব্যতিক্রম। সেই ব্যতিক্রম নিয়েই সাবেক লাক্স তারকা ঊর্মিলা কথা বললেন প্রথম আলোর সঙ্গে। জানালেন তাঁর এবারের পূজার পরিকল্পনার কথা—

    এবার দুর্গাপূজা উপলক্ষে কোনো নাটক বা টেলিছবিতে অভিনয় করেছেন?
    ঈদের পর থেকেই আমার একমাত্র ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। গত রোববার বিয়ের আয়োজন শেষ হয়েছে। গৌতম কৈরি ও প্রীতি দত্তের পরিচালনায় পূজার দুটি নাটকে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিল। কিন্তু বিয়ের কারণে বাদ দিতে হয়েছে।

    পূজা কীভাবে উদযাপন করবেন?
    কাল (আজ মঙ্গলবার) মা, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে চট্টগ্রামে যাচ্ছি। পূজার সময়টা ওখানেই কাটাব। বাবা যখন চট্টগ্রাম সেনানিবাসে ছিলেন, তখন আমরা ওখানে পূজায় অংশ নিতাম। বহু বছর পর পূজায় চট্টগ্রামে যাচ্ছি। পরিবারের সবাই মিলে বিভিন্ন মণ্ডপে ঘুরব।

    নাটকের কাজ শুরু করবেন কবে থেকে?
    ছুটি কাটিয়ে ২২ অক্টোবর ফিরব। পরের দিন থেকেই কাজ শুরুর ইচ্ছা আছে। সাগর জাহান, জুয়েল মাহমুদ, সৈয়দ শাকিলসহ বেশ কয়েকজন পরিচালককে শিডিউল দেওয়া আছে।

    এখন আপনার কী কী নাটক প্রচারিত হচ্ছে?
    বিভিন্ন চ্যানেলে বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। বিবি বেগম, কাগজের ফুল, সোনার শেকল, সম্পর্ক, প্রেম নগর ইত্যাদি।

    আপনি অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত প্রচার সম্পাদক। আগামী বছর ফেব্রুয়ারি মাসে নতুন কমিটির নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। এবার নির্বাচন করবেন না?
    এখন পর্যন্ত ভেবেছি নির্বাচন করব না।

    সমসাময়িক কাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন—মৌসুমী হামিদ, শবনব ফারিয়া নাকি মেহ্জাবীন?
    কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করি না। নিজেকে প্রতিদ্বন্দ্বী মনে করি।

    দেশের প্রধানমন্ত্রী হলে সবার আগে কোন সমস্যটা সমাধান করবেন?
    পাহাড়িদের সমস্যা সমাধান করতে চাই।

    পূজার সময় পাওয়া সবচেয়ে দামি উপহার কী?
    ২০১৬ সালে বাবা মারা যাওয়ার তিন দিন আগে তিনি নিজে পছন্দ করে আমাকে ২০টি তাঁতের শাড়ি কিনে দিয়েছিলেন। সেখানে লাল পাড়ের একটা সাদা শাড়ি তাঁর সবচেয়ে প্রিয় ছিল। সেটাই আমার কাছে সবচেয়ে দামি এখন।

  • পারিশ্রমিক–বৈষম্য নিয়ে মুখ খুললেন ক্লেয়ার ফয়

    পারিশ্রমিক–বৈষম্য নিয়ে মুখ খুললেন ক্লেয়ার ফয়

    হলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক–বৈষম্য নিয়ে আলোচনা-সমালোচনা বেশ পুরোনো। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’-এর অভিনেত্রী ক্লেয়ার ফয়। বললেন, ‘বৈষম্যের ব্যাপারে জানার পর আমার মন ভেঙে গিয়েছিল।’

    ক্লেয়ার ফয় অভিনয় করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যামিয়ান শ্যাজেল পরিচালিত ফার্স্ট ম্যান ছবিতে। এ ছবির প্রচারাভিযানের সময়ই এক সাক্ষাৎকারে নিজের বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা বলেন তিনি। পর্টার এডিট নামের একটি সাময়িকীকে ক্লেয়ার ফয় বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছিলাম। কারণ, আমি সিরিজটায় দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করছিলাম। সেটের সবাইকে আমি ভালোবাসতাম, কাজটা উপভোগ করতাম। কিন্তু হঠাৎ একদিন আবিষ্কার করলাম একটা বড়, কুৎসিত ও নোংরা সত্য আমার কাছ থেকে গোপন করা হচ্ছে।’ সেই ‘কুৎসিত সত্য’ নিয়ে ক্লেয়ার বলেন, ‘আমি হয়তো এই বৈষম্যের ব্যাপারে চুপ করে থাকতে পারতাম, যেমনটা অনেকেই চুপ করে থাকে। কিন্তু পরে ভাবলাম, যদি আমি চুপ থাকি, তাহলে এটা নিজের সঙ্গে অন্যায় করা হবে, নারী শিল্পীদের সঙ্গে অন্যায় করা হবে।’

    গত মার্চ থেকে ক্লেয়ার ফয় তাঁর সঙ্গে দ্য ক্রাউনের সেটে ঘটে যাওয়া বৈষম্য নিয়ে কথা বলতে শুরু করেন। তখন ছোট পর্দার অস্কারখ্যাত এমি পুরস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, তাঁর সহশিল্পী ম্যাট স্মিথ ক্লেয়ারের চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক পান, যেখানে দুজনের চরিত্রের ব্যাপ্তি ও গুরুত্ব প্রায় সমান। এরপর এই সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লেয়ারের সঙ্গে বিষয়টির সমঝোতা করতে এই অভিনেত্রীকে আরও ২ লাখ ৭৫ হাজার ডলার পারিশ্রমিক দেন। উল্লেখ্য, ‘দ্য ক্রাউন’ সিরিজে ক্লেয়ার ফয় অভিনয় করেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে। সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি।

  • ছবি থেকে নানা গায়েব!

    ছবি থেকে নানা গায়েব!

    কিছুদিন আগে নানা পাটেকারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রীতিমতো বিপাকে পড়েছিলেন ফারাহ খান। তনুশ্রী দত্ত বিষয়টি নিয়ে ফারাহকে অনেক কিছু বলেছিলেন। শুধু তা-ই নয়, সাধারণ মানুষ এই ছবি নিয়ে অনেক কটূক্তি করেন। তাই এবার একটা গোটা ছবি থেকে গায়েব নানা। সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল ফোর’ ছবির শুটিং হচ্ছে জয়সলমিরে। ফিল্মের পক্ষ থেকে একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হয়েছে। এই ছবিতে অক্ষয় কুমার, সাজিদ খান, জনি লিভার, চাঙ্কি পান্ডেসহ গোটা টিম আছে। কিন্তু নানাকে এই ছবিতে দেখা যাচ্ছে না।

    সূত্রের খবর অনুযায়ী, নানা নিজেই চাননি এই ছবিতে থাকতে। কারণ, এখন তাঁকে নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। ছবির নির্মাতারাও আর কোনো রকম বিবাদে জড়াতে চান না। তাই নানার পাশাপাশি নির্মাতারাও চাননি যে এই ছবিতে তিনি থাকেন।

    নানার বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ নিয়ে বলিউডের অনেক অভিনেতা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু সবাই অপেক্ষায় আছেন নানা পাটেকারের প্রতিক্রিয়া জানতে। এদিকে ‘হাউসফুল ফোর’ ছবির শুটিং শেষ করে নানা জয়সলমির থেকে মুম্বাই ফিরেছেন। মুম্বাই বিমানবন্দরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমি ১০ বছর আগেই কথা বলেছি। যেটা মিথ্যা সেটা মিথ্যাই।’

    জানা গেছে, আগামী সোমবার নানা পাটেকার সংবাদ সম্মেলন করে তাঁর বক্তব্য জানাবেন।

  • শুধু ঘোষণার অপেক্ষা

    শুধু ঘোষণার অপেক্ষা

    হলিউড অভিনয়শিল্পী জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেকের চূড়ান্ত বিবাহবিচ্ছেদের সবকিছুই প্রস্তুত। বিবাহবিচ্ছেদ ঘোষণার তিন বছর পর গত বৃহস্পতিবার তাঁরা আইনিভাবে চূড়ান্ত করলেন এটি। এখন শুধু অফিশিয়াল কাজ শেষ করে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষামাত্র।

    গত বৃহস্পতিবার জেনিফার গার্নারের বাড়িতে আইনজীবী ও বিচারকসহ দুজনই দেখা করেন। সেখানে চূড়ান্ত হয় বিচ্ছেদের বিষয়টি। গত ২২ আগস্ট বেন অ্যাফ্লেক মাদক নিরাময় কেন্দ্রে যান চিকিৎসার জন্য। চূড়ান্ত বিচ্ছেদের জন্য তিনি সময় নিয়েছিলেন গার্নারের কাছে। নিরাময় কেন্দ্রে যাওয়ার আগে বলেছিলেন, ফিরেই ঘোষণা দেবেন এ বিষয়ে। যদিও তাঁরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। আদালত থেকে পাওয়া নথিসূত্রে মার্কিন গণমাধ্যমগুলো জানায়, চূড়ান্ত বিচ্ছেদ সম্পূর্ণ। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

    ২০০৪ সালে বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নারের প্রেম শুরু। ২০০৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। ১০ বছর সংসার করার পর ২০১৫ সালে বিচ্ছেদের খবর দেন এই দম্পতি। তাঁদের ঘরে আছে তিন সন্তান। ভায়োলেট, সারাফিনা ও স্যামুয়েল। ২০১৭ সালে প্রাতিষ্ঠানিকভাবে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। যদিও এরপর দুজন পরিবারের সদস্যের মতোই সময় কাটান। গত জুলাই মাসেও তাঁদের সন্তানদেরসহ একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ব্রডওয়েতে হ্যালো ডলি নাটক দেখতে গিয়েছিলেন সবাই। দুজনকে দেখা গেছে সন্তানদের স্কুলের সামনেও।

    সে যা–ই হোক, এখন থেকে এই দুই তারকার পথ আলাদা হয়ে গেল এটাই সত্য। সূত্র: পিপল