Category: বিনোদন

  • ‘বালিঘর’ ছাড়লেন তিশা

    ‘বালিঘর’ ছাড়লেন তিশা

    ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে কলকাতার পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবি থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই ছবির মূল নায়িকা ছিলেন তিনি। নায়ক ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আরিফিন শুভ। কিন্তু সবকিছু চূড়ান্ত করেও শেষমেষ ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অভিনেত্রী।

    সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে ‘বালিঘর’-এ না থাকার খবর জানান তিশা। ‘বালিঘর’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে। কিন্তু তিশা গণমাধ্যমকে জানান, ‘সেপ্টেম্বরে বিভিন্ন জায়গায় আমার বেশকিছু কমিটমেন্ট দেয়া আছে। ওই সময় শুটিং পড়ায় ছবিটিতে কাজ করা সম্ভব হচ্ছে না।’

    জানুয়ারিতে এই ছবির কাজে ঢাকায় এসেছিলেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। ২০ জানুয়ারি ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন ছবি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। প্রথমে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু ওই সময় ছবির নায়ক শুভ হুট করেই ব্যস্ত হয়ে পড়েন নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবির কাজ নিয়ে।

    এরপর ঠিক করা হয়, ২০ আগস্ট থেকে শুরু হবে শুটিং। কিন্তু দ্বিতীয় দফায় তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হয় সেপ্টেম্বরে। ঘন ঘন তারিখ পরিবর্তনের কারণেই তিশা ছবি ছাড়লেন কিনা এখন চলছে তারই ময়নাতদন্ত। সূত্র মতে, ছবির প্রথম ধাপের শুটিং হবে বাংলাদেশের কক্সবাজারে। এরপর দ্বিতীয় ধাপের শুটিং হবে কলকাতায়।

    অরিন্দম শীলের পরিচালনায় ‘বালিঘর’ নির্মিত হবে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারতের নাথিং বিয়ন্ড সিনেমার যৌথ প্রযোজনায়। চার বন্ধুর গল্প থাকবে এই ছবিতে। কলকাতার কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘ঢেউ আসে ঢেউ যায়’উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ছবিতে শুভ ছাড়াও কলকাতা থেকে রয়েছেন আবির চ্যাটার্জি, রাহুল ব্যানার্জি, অনির্বাণ ভট্টাচার্জ ও পার্নো মিত্র।

    এদিকে, অভিনেত্রী তিশা সম্প্রতি শেষ করেছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ও তাহের শিপন পরিচালিত ‘হলুদবনি’  ছবি তিনটির কাজ। তিনটিই রয়েছে সম্পাদনার টেবিলে। চলতি বছরই ছবিগুলো মুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের জন্য নির্মিত ডজন খানেক ধারাবাহিক ও প্যাকেজ নাটকেও দেখা যাবে তাকে।

  • সালমানের বিগ বসে সমপ্রেমী দম্পতি!

    সালমানের বিগ বসে সমপ্রেমী দম্পতি!

    ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এই শো-টির জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে বলিউডের ভাইজান সালমান খান। কেননা, বিগ বসের প্রতিটি সিজনের উপস্থাপনায় বরাবর তাকেই দেখা গেছে। রূপালী পর্দায় তার সিনেমা যেমন সুপারহিট, ছোট পর্দার বিগ বসও তাই। অভিনয়, উপস্থাপনা- দুই জায়গাতেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করেন সালমান।

    তার জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের প্রতিটি সিজনেই থাকে নতুন নতুন চমক। যার কারণে এই রিয়েলিটি শো নিয়ে দর্শকদের মধ্যেও উত্তজনার কোনো শেষ নেই। গত ১১ বছর ধরে বিগ বসের আসর জমজমাট। এবার শুরু হতে যাচ্ছে শো-টির ১২তম সিজন। ইতিমধ্যে অডিশনও শুরু হয়ে গেছে। আসন্ন ১২তম এ সিজনে থাকছে আরো এক নতুন চমক।

    শোনা যাচ্ছে, এবারের সিজনে সমপ্রেমীদের বিশেষ প্রধান্য দেয়া হবে। সমাজের মধ্যে জমে থাকা কিছু অন্ধ ধারণা ভেঙে ফেলার জন্যই নাকি এমন উদ্যোগ। সেই হিসেবে, বিগ বসের এবারের আসরে দেখা যাবে সমপ্রেমী দম্পতিদের। এছাড়া এমন এক সেলেব দম্পতিকে খুঁজে বের করার চেষ্টা চলছে, যারা এবারের সিজনের সবচেয়ে বিতর্কিত দম্পতি হবে।

    আরো কানাঘোষা, বিগ বসের ১২তম সিজনে প্রতিযোগী হিসেবে বাছাই করা হতে পারে সেক্স অ্যাডিক্ট, স্ট্রিপার এবং এসকর্টদের। তবে বর্তমানে বিগ বস উপস্থাপক সালমান খান ব্যস্ত তার আরেক রিয়েলিটি শো ‘দস কা দম সিজন ৩’ এবং মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘রেস থ্রি’ নিয়ে। আগামী ১৫ জুন মুক্তি পাবে সালমানের ‘রেস থ্রি’।

    ঢাকাটাইমস/৫ জুন/এএইচ

  • নচিকেতার গল্পে অপু বিশ্বাস

    নচিকেতার গল্পে অপু বিশ্বাস

    দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রে বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতার গল্পে নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস।

    ছবির নাম ‘শর্টকাট’। আজ (৪ জুন) থেকে এর শুটিং শুরু হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে অপু বিশ্বাস শুটিংয়ে অংশ নেবে।

    প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে এই ছবিতে অপু বিশ্বাস নূরজাহান চরিত্রে অভিনয় করবেন- এমনটি জানিয়েছেন অপু বিশ্বাস।

    ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক সুবীর মন্ডল। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন এই পরিচালক। ছবিতে অপু বিশ্বাস ছাড়াও আরও অভিনয় করবেন অরনি, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু,চন্দন সেন প্রমুখ।

    ছবির সংগীত পরিচালনা করবেন নচিকেতা নিজেই।

  • পার্টিতে রণবীরের উথাল-পাথাল নাচ, ভিডিও ভাইরাল

    পার্টিতে রণবীরের উথাল-পাথাল নাচ, ভিডিও ভাইরাল

    বলিউডের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। হবেই বা না কেন? পর্দা থেকে শুরু করে পার্টিই হোক কিংবা কোনও অ্যাওয়ার্ড শো, তিনি মঞ্চ মাতাবেনই। তাইতো বলিউড-টাউনের শ্রেষ্ঠ এন্টারটেইনারের খেতাব এখন তার কাছে। সম্প্রতি এক পার্টিতে ‘লাইলা মে লাইলা’ গানে নেচে আবারও নজর কাড়েন সবার। শুক্রবার রাতে বলিউডের প্রযোজক রিতেশ সিধওয়ানির পার্টিতে হাজির হন বি-টাউনের তারকারা। উপস্থিত অন্যান্য তারকাদের সঙ্গে নেচে ফ্লোর জমান রণবীর। সবার মাঝে নাচের নানা স্টাইল দেখিয়ে সাড়া ফেলেন।

    এ সময় অনুষ্ঠানের এক পর্যায়ে কারিনার হাত ধরে পার্টিতে নিয়ে যেতে দেখা যায় বলিউডের আলাউদ্দীন খিলজিখ্যাত এই অভিনেতাকে। সেখানে কারিনা মন্তব্য করেন,‘গলি বয়’ ছবিতে রণবীরের বিপরীতে তাকেও নিতে পারতেন পরিচালক প্রযোজকরা। যদিও এ ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। পার্টিতে সোনম কাপুর, স্বরা ভাস্কর, মালাইকা অরোরা,অমৃতা অরোরাকেও দেখা যায় অনুষ্ঠানে।

  • তৌকীর ব্যবসায়ী, মোশাররফ দালাল

    তৌকীর ব্যবসায়ী, মোশাররফ দালাল

    জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তৌকীরের পরিচালনায় ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রূপকথার গল্প’, ২০০৭ সালের ‘দারুচিনি দ্বীপ’, ২০১৬ সালের ‘অজ্ঞাতনামা’ এবং ২০১৭ সালের ‘হালদা’ ছবিগুলোতে দেখা গেছে মোশাররফ করিমকে।

    তবে এবার দুজনই একসঙ্গে হাজির হয়েছেন অভিনেতা হিসেবে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে নির্মিত ‘কমলা রকেট’নামের ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। যেখানে তৌকীরকে দেখা যাবে একজন কারখানা মালিকের চরিত্রে। অন্যদিকে মোশররফ করিম রয়েছেন দালালের ভূমিকায়।

    ‘কমলা রকেট’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। শাহাদুজ্জামানের সঙ্গে যৌথভাবে তিনি ছবির চিত্রনাট্যও লিখেছেন। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এরই মধ্যে ইউটিউবে এটির ট্রেলার মুক্তি দেয়া হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণার কাজও। পরিচালক ইমরান মিঠু জানালেন, আসছে রোজার ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর বললেন, ‘আমি এবং মোশাররফ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছি। সবগুলোতেই আমি ছিলাম পরিচালক। তবে এবার আমরা দুজনই অভিনেতা। ছবিতে আমাকে একজন ধনী ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। যার নৈতিক ও আত্মিক স্থলন ঘটে। তবে এটাকে খলচরিত্র বলা ঠিক হবে না। এমন নৈতিক স্থলন সমাজের অনেক বিত্তবানদেরই রয়েছে।’

    তৌকীর আহমেদ ও মোশাররফ করিম ছাড়াও ‘কমলা রকেট’ ছবির বিভিন্ন চরিত্রে আরো রয়েছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ ও আবু রায়হান প্রমুখ।

    ছবির কাহিনিতে দেখা যাবে, কমলা রকেট নামের একটি স্টিমার ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে। সেই স্টিমারে রয়েছে নানা পেশার নানা যাত্রী। তাদেরই একজন ব্যবসায়ী আতিক(তৌকীর আহমেদ)। বিমা কোম্পানি থেকে টাকা পাওয়ার আশায় যিনি নিজের কারখানায় নিজেই অগ্নিকাণ্ড দিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে সেটা জানাজানি হয়ে গেছে।

    পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাই ঢাকা থেকে মোংলায় চলে যাচ্ছেন আতিক। সেখানে এক বন্ধুর বাসায় আত্মগোপন করে থাকবেন। এই স্টিমারে করেই একজন নারী কর্মীর মরদেহ বয়ে নিয়ে যাচ্ছেন তার স্বামী। আতিক জানতে পারেন, এই নারী কর্মীটি তার কালখানায়ই কর্মরত ছিলেন। ঘটনা মোড় নেয় অন্য দিকে। এরপর কী হয়? জানা যাবে ঈদে রূপালী পর্দার সামনে বসলেই।

  • ‘সঞ্জু’তে কার পারিশ্রমিক কত?

    ‘সঞ্জু’তে কার পারিশ্রমিক কত?

    বলিউডের নামি চলচ্চিত্র নির্মাতা রাজ কুমার হিরানির সখের ছবি ‘সঞ্জু’। যেটা তিনি বানিয়েছেন হিন্দি ছবির সবচেয়ে বিতর্কিত নায়ক সঞ্জয় দত্তের জীবনের উপরে। অর্থাৎ, নায়ক সঞ্জয়ের ছোটবেলা থেকে শুরু করে তার বলিউডে পদার্পণ, একাধিক প্রেম, বিয়ে, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ততা, জেল খাটা- সব বিষয়ই তুলে ধরা হয়েছে এই ছবিতে।

    ‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। ইতিমধ্যে ছবিটির টিজার ও ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার দেখেই ছবি নিয়ে অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়ে দর্শকদের মধ্যে। সকলেই এখন অপেক্ষায়, কবে রূপালী পর্দায় উঠবে ‘সঞ্জু’। দর্শকদের সেই অপেক্ষা শেষ হবে আগামী ২৯ জুন। ওইদিনই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    ট্রেলার এবং বিভিন্ন পত্র পত্রিকায় খবর পড়ে ইতিমধ্যেই দর্শক আঁচ করতে পেরেছেন, কী আছে রাজ কুমার হিরানি নির্মিত সখের ‘সঞ্জু‘তে। সকল অভিনেতা-অভিনেত্রীই হাড়ভাঙা পরিশ্রম করেছেন এই ছবির জন্য। কাজেই, ছবির কাহিনির পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা কে, কত পারিশ্রমিক পেল, সেটা জানারও আগ্রহ থাকে অনেকের। চলুন তবে জেনেই নিই।

    রণবীর কাপুর: এই ছবির সব থেকে বড় ফ্যাক্টর নায়ক রণবীর কাপুর। ছবিতে তিনি সঞ্জয় দত্তের ভূমিকায়। প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং রাজ কুমার হিরানি আয়োজনের কোনো ত্রুটি রাখেননি রণবীরের জন্য। ছবির জন্য কঠিন কসরৎ করতে হয়েছে তাকে। আর এই সব কিছুর জন্য রণবীর নাকি নিয়েছেন ২৫ কোটি টাকা।

    সোনম কাপুর: টিনা মুনিম আম্বানী অর্থাৎ সঞ্জয় দত্তের জীবনের প্রথম গার্লফ্রেন্ডের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোনম কাপুরকে। এই চরিত্রটির জন্য ছয় কোটি টাকা নিয়েছেন সোনম।

    মনীষা কৈরালা: ‘সঞ্জু’র হাত ধরে অনেক দিন বাদে আবারও পর্দায় ফিরলেন অভিনেত্রী মনীষা কৈরালা। ছবিতে নার্গিস অর্থাৎ সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। এই চরিত্রের জন্য মনীষা নাকি নিয়েছেন তিন কোটি টাকা।

    পরেশ রাওয়াল: ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরেশ রাওয়ালকে। বাবার চরিত্রে অভিনয় করতে পরেশ রাওয়ালও ঝেড়েছেন তিন কোটি টাকা।

    দিয়া মির্জা: অনেক দিন বাদে কামব্যাক করছেন দিয়া মির্জাও। সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। এই চরিত্রটির জন্য মনীষা ও পরেশ রাওয়ালের সমান পারিশ্রমিক নিয়েছেন দিয়াও।

    কারিশমা তন্না: সুপারস্টার নায়িকা মাধুরী দীক্ষিতের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে কারিশমা তন্নাকে। সঞ্জয় দত্তের জীবনে যে কতটা জায়গা জুড়ে মাধুরী ছিলেন, সেটাই মূলত ফুটিয়ে তুলবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ কারিশা। ছবির প্রযোজকদের মতে ‘সঞ্জু’তে মাত্র ১০-১৫ মিনিট দেখা যাবে এই নায়িকা। তাতেই তার পারিশ্রমিক নাকি এক কোটি টাকা।

    তাবাচ্ছুম হাশমি তাবু: ছবিতে ছোট্ট একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাবুকে। তবে রোলটা ছোট্ট হলেও টাকার অংকটা কিন্তু বিরাট। ‘সঞ্জু’র ওই ছোট্ট চরিত্রটির জন্য তাবু নাকি নিয়েছেন ৬০ লাখ টাকা।