Category: বিনোদন

  • দার্জিলিংয়ে প্রথম শুটিং রজনীর

    দার্জিলিংয়ে প্রথম শুটিং রজনীর

    ভারতের দক্ষিণী ছবির সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্ত। শুটিংয়ের কাজে প্রায়ই তাকে দেশ-বিদেশের এখানে সেখানে ঘুরে বেড়াতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সৌন্দর্য্যে ঘেরা পরিবেশে কখনো শুটিং করা হয়নি তার। এবার সেই কাজেই দার্জিলিং আসছেন বলিউড ও দক্ষিণের তামিল ছবির জীবন্ত কিংবদন্তী রজনীকান্ত।

    এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খান ও সুস্মিতা সেন অভিনীত ‘ম্যায় হু না’ এবং রণবীর কাপুর ও প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘বরফি’ ছবির শুটিং হয়েছিল এই দার্জিলিংয়ে। বলিউডের এসব মহাতারকাদের পরে আরও ছবির শুটিংয়ে শৈল শহর দার্জিলিংয়ে পা রাখছেন কোনো মহাতারকা। এর আগে এখানে কোনো ছবির শুটিং করেননি রজনী।

    ভারতীয় মিডিয়ার খবর, নাম ঠিক না হওয়া বড় বাজেটের এই ছবির শুটিংয়ের জন্য ইতিমধ্যে টেকনিশিয়ানরা পৌছে গেছেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের সিঙ্গামারিতে ঐতিহ্যবাহী মাউন্ট হারমন স্কুলের পাশেই অবস্থান করছেন তারা। স্কুলের কিছুটা অংশ শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

    তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ জুন থেকে ২১ জুন স্কুলে পরীক্ষা চলবে। ওই সময়টা স্কুল চত্তরকে শুটিংয়ের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। পরীক্ষা শেষ হলে বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন।

    এদিকে, নায়ক রজনীকান্তের আগমনের খবরে দার্জিলিংয়ের ওই অঞ্চলে বইছে উৎসবের আমেজ। এলাকার মানুষ প্রতীক্ষায়, কবে এবং কখন দেখা পাবেন প্রিয় তারকা। সূত্র বলছে, ৬ জুন দার্জিলিং আসবেন রজনীকান্ত। শুটিং শুরু হবে ৭ জুন থেকে। চলবে টানা এক মাস। শুটিং চলাকালীন তামিল সুপারস্টারের নিরাপত্তাসহ সব রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে জিটিএ।

  • মুক্তি পেল ‘সাঞ্জু’র প্রথম গান

    মুক্তি পেল ‘সাঞ্জু’র প্রথম গান

    টুইটারে রাজকুমার হিরানি একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, আজ মুক্তি পাচ্ছে ‘সাঞ্জু’ ছবির প্রথম গান ম্যায় বাড়িয়া টু ভি বাড়িয়া। সে ঘোষণা মাফিক মুক্তি পেয়েছে ‘সাঞ্জু’ ছবির প্রথম গান। মুক্তি পেয়েই গানটি সাড়া জাগিয়েছে ইউটিউবে। এরই মধ্যে গানটির ভিউ দাঁড়িয়েছে ৬৩ হাজার। টাইমস নাউয়ের খবরে প্রকাশ, গানটিতে দেখা গেছে রণবীর কাপুর ও সোনম কাপুরকে।

    গানটিতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম ও সুনিধি চৌহান। গানটির প্রশংসায় মুখর হয়েছেন ভক্ত থেকে বলিউড তারকারা। আমির খান টুইটারে পোস্ট দিয়ে জানিয়েছেন ওয়াও। টি সিরিজের ব্যানারে প্রকাশিত গানটিতে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন রণবীর। টুইটারে গানটি মুক্তি দিয়ে টি সিরিজ ক্যাপশনে জানায়, ‘লেগে থাকুন মজা ও মাস্তিতে ভরপুর সাঞ্জুর নতুন গানের সঙ্গে। আরো রয়েছে রোমান্স।’

    ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ছবিটির পাণ্ডুলিপি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া। চলতি বছরের ২৯ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • সালমান খানকে পেটাতে পারলে দেওয়া হবে ২ লাখ রুপি

    সালমান খানকে পেটাতে পারলে দেওয়া হবে ২ লাখ রুপি

    কেউ যদি সালমান খানকে প্রকাশ্যে পেটাতে পারে, তাহলে তাকে দুই লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা দিয়েছেন হিন্দু হাই এজ সংগঠনের আগ্রা শাখার প্রধান গোবিন্দ পরাশর। তিনি সালমান খানের নতুন ছবি ‘লাভরাত্রি’র নামের ব্যাপারে আপত্তি তুলেছেন। তাঁর মতে, হিন্দুদের অন্যতম প্রধান উৎসব ‘নবরাত্রি’ শব্দটি বিকৃত করে এই ‘লাভরাত্রি’ নাম রাখা হয়েছে। এর আগে এই নামের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ‘লাভরাত্রি’ ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান। পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা।

    ‘লাভরাত্রি’ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ শর্মা ও ওয়ারিনা হুসেন
    এই দুটি সংগঠনই ‘লাভরাত্রি’ ছবিটিকে নিষিদ্ধ করার জন্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) আহ্বান জানিয়েছে। হিন্দুত্ববাদী দুটি সংগঠনের মতে, এই ছবির নামটি লাখ লাখ হিন্দুর ভাবাবেগে আঘাত করেছে। সম্প্রতি গোবিন্দ পরাশরসহ সংগঠনটির সদস্যরা ‘লাভরাত্রি’ ছবির পোস্টার পুড়িয়েছেন।

    জানা গেছে, ‘লাভরাত্রি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে আয়ুষ শর্মার। তিনি সালমান খানের বোন অর্পিতা খান শর্মার স্বামী। চলচ্চিত্রে ভগ্নিপতির অভিষেকের জন্য ছবিটি নিজেই প্রযোজনা করেছেন বলিউডের এই শীর্ষ তারকা। ছবিতে আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করেছেন ওয়ারিনা হুসেন।

    ‘লাভরাত্রি’ ছবির পোস্টার
    এরই মধ্যে ‘লাভরাত্রি’ ছবির পোস্টার এসেছে। তাতে দেখা যায়, আয়ুষ শর্মা স্কুটি চালাচ্ছেন, তাঁর পেছনে বসে আছেন ওয়ারিনা হুসেন। ছবিতে আয়ুষ গুজরাটের একজন তরুণ আর ওয়ারিনা নৃত্যশিল্পী। নবরাত্রি উৎসবে তাঁদের প্রথম আলাপ হয়। এরপর প্রেম।

  • এবার কলকাতার ছবিতে ফারিয়া

    এবার কলকাতার ছবিতে ফারিয়া

    বাংলাদেশের একজন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। যিনি বাংলাদেশি নায়ক ছাড়াও ওপার বাংলার সুপারস্টার জিতের নায়িকা হিসেবে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে সবগুলো ছবিই ছিল যৌথ প্রযোজনার। কিন্তু এবার আর যৌথ প্রযোজনার নয়, পুরোপুরি কলকাতার একক ছবিতেই দেখা যাবে ‘প্রেমী’ খ্যাত নায়িকা নুসরাত ফারিয়াকে।

    ফারিয়ার নতুন এ প্রজেক্টের নাম ‘ডি ফর ড্যান্স’। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। প্রযোজনা করবে সেদেশেরই প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নৃত্যনির্ভর এ ছবিটিতে ফারিয়ার বিপরীতে নায়ক রয়েছেন অঙ্কুশ হাজরা।

    এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘কলকাতার একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলি, শিগগিরই একটি ভালো খবর পাবেন।’ তবে ছবির শুটিং সম্পর্কে কিছু জানা যায়নি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর এক ঘনিষ্ঠ সূত্র শুধু জানিয়েছে, ছবির পুরো শুটিং হবে বিদেশে।

    সবকিছু ঠিক থাকলে কলকাতার সুপারস্টার নায়ক অঙ্কুশ হাজরার বিপরীতে এটি হবে ফারিয়ার দ্বিতীয় ছবি। এর আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। ছবিটি ছিল ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত।

  • পার্থর ‘মায়া’য় কলকাতার পার্নো

    পার্থর ‘মায়া’য় কলকাতার পার্নো

    সোলস ব্যান্ডের গায়ক পার্থ বড়ুয়া। দেশব্যাপী যিনি এক নামে পরিচিত। সঙ্গীত জগতের মানুষ হিসেবে সব সময় গান নিয়ে ব্যস্ত থাকলেও নিজের অভিনয় মেধাকে ঝালিয়ে নিতে মাঝেমধ্যে পার্থকে অভিনয়েও দেখা যায়। অনেক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। দেখা গেছে চলচ্চিত্রেও। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘আয়নাবাজি’ ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

    তারই ধারাবাহিকতায় সম্প্রতি ঈদের জন্য নির্মিত ‘মায়া’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন পার্থ। এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। এই টেলিছবিতে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেখা যাবে পার্থকে। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। গত মঙ্গলবার ভারতের দার্জিলিংয়ে টেলিছবিটির শুটিং শুরু হয়। চলে শুক্রবার পর্যন্ত। আসছে ঈদুল ফিতরের দিনে এটি এনটিভিতে প্রচারিত হবে।

    নতুন জুটি পার্থ ও পার্নোকে নিয়ে দারুণ আশাবাদী পরিচালক পারভেজ আমিন। তিনি বলেন, ‘ঈদের কাজে বরাবরই চমক রাখার চেষ্টা করি। এবারও সেই চেষ্টা থেকে ‘মায়া’ টেলিছবিটি নির্মাণ করেছি। যতদূর জানি, পার্নো মিত্র বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করলেও ছোট পর্দার টেলিছবিতে এই প্রথম। তার সঙ্গে পার্থ বড়ুয়ার রসায়ন বেশ ভালোই উপভোগ করবেন দর্শক।’

    টেলিছবি ‘মায়া’র কাহিনিতে দেখা যাবে, নতুন ছবির জন্য নায়িকা খুঁজতে বের হন চলচ্চিত্র নির্মাতা পার্থ বড়ুয়া। কিন্তু অনেক খুঁজেও নায়িকা মেলে না। শেষমেষ খানিকটা হতাশ হয়ে সময় কাটানোর জন্য যান পাহাড়ে। সেখানেই পেয়ে যান কাঙ্ক্ষিত নায়িকা মায়ার(পার্নো মিত্র) সন্ধান। কিন্তু মায়া কি আদৌ অভিনয় করবেন? জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

  • বলিউড নাম বাতিলের দাবি!

    বলিউড নাম বাতিলের দাবি!

    বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয় বলিউডকে। ১৯১০ সালে যাত্রা শুরু হওয়া হিন্দি ছবির এ জগতটি সগর্ভে টিকে আছে ১০৮ বছর ধরে। এই দীর্ঘ সময়ের মধ্যে বলিউড নামটি নিয়ে কাউকে মাথা ঘামাতে দেখা যায়নি বা কারো আপত্তির কথাও শোনা যায়নি। সম্প্রতি সেই সাহসই দেখিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

    সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে ‘বলিউড’ শব্দটি নিয়ে তার আপত্তির কথা জানিয়েছেন মোদি সরকারের আস্থাভাজন এই নেতা। খুব শিগগির ‘বলিউড’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরকে চিঠি দেয়ার কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজয়বর্গীয়।

    একশ বছরেরও বেশি সময় পরে এই ধরণের সাহস দেখানোর পথিকৃত অবশ্য ভারতের নামজাদা পরিচালক ও প্রযোজক সুভাষ ঘাই। হিন্দি ছবির ইন্ডাস্ট্রি বোঝাতে বলিউড শব্দটি ব্যবহার না করার আর্জি তুলে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় #DontCallItBollywood দাবি তুলেছিলেন তিনি। সেই দাবি নিয়ে সম্প্রতি বিজেপি নেতা বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাত করেন সুভাষ। এরপর লাফিয়ে ওঠেন বিজেপির এই নেতাও।

    দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে বিজয়বর্গীয় বলেন, ‘সুভাষ সম্প্রতি বিজেপি হেডঅফিসে আমার সঙ্গে সাক্ষাত করেছিলেন। তখন উনার থেকেই জানতে পারি, বিবিসির তরফ থেকে হিন্দি সিনেমাকে বলিউড নাম দেয়া হয়েছিল। কারণ, ওরা দেখাতে চাইত যে, আমরা হলিউড সিনেমাকে নকল করি। সেই নামই গ্রহণ করে নিই আমরা। কিন্তু এটা চলতে দেয়া যায় না।’

    তিনি পরামর্শ দেন, ‘নাম হওয়া উচিত হিন্দি, বাংলা বা ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্যের থেকে চুরি করে নেয়া নাম নয়।’ সত্যজিৎ রায় থেকে দাদাসাহেব ফালকে প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বিজয়বর্গীয় বলেন, ‘সে সময়ও সিনেমার ব্যবসা বিলিয়ন ছুঁয়েছিল। তার জন্য ইংরেজি ছবির নকল করতে হয়নি।’ এখন এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।