Category: বিনোদন

  • বিয়ের জন্য ‘পাগল’ হয়ে গিয়েছিলেন করিনা!

    বিয়ের জন্য ‘পাগল’ হয়ে গিয়েছিলেন করিনা!

    মুক্তির অপেক্ষায় ‘ভির দি ওয়েডিং’। সিনেমার জোর প্রচরাণা করেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান, সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে করিনা যা বললেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠবে। করিনা বলেন, ‘ভির দি ওয়েডিং সিনেমায় আমি কালিন্দির চরিত্রে অভিনয় করেছি। কিন্তু, বাস্তব জীবনে কালিন্দির সঙ্গে আমার মিল অনেকাংশেই নেই।’

    কারণ হিসেবে প্রথমে বিয়ের কথা উল্লেখ করেন করিনা। তিনি বলেন, ‘বিয়ের আগে অনেকেই আমাকে সাবধান করেছিলেন। বিয়ে করলে কেরিয়ার শেষ হয়ে যাবে বলেও আমাকে সাবধান করা হয়।’ করিনা আরও বলেন, ‘আমি সব সময় ভালবাসার প্রত্যাশী। তাই ভালবাসার মানুষের সঙ্গে থাকার জন্য উদগ্রীব ছিলাম। সেই কারণেই বিয়ে করার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিলাম আমি।’ বিয়ের আগে কেরিয়ার ‘তেল লে নে গ্যায়া’ বলেও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বলে সিনেমাটির প্রচারণায় অকপট স্বীকারোক্তি বেবোর।

  • ঈদের মিউজিক ভিডিও ‘বিশ্বপ্রেমিক’

    ঈদের মিউজিক ভিডিও ‘বিশ্বপ্রেমিক’

    ঈদ উপলক্ষে রিলিজ হচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘বিশ্বপ্রেমিক’। গানটি গতানুগতিক ধারার বাইরের একটি গান। গানটির কথায় রয়েছে ভিন্নতা।

    গানটি গেয়েছেন তরুণ গায়ক শ্রাবন সানি। সুর ও সঙ্গীত করেছে তানজিল। গানটির কথা ও ভিডিও দৃশ্য পরিচালনা করেন তরুণ সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু।

    এতে মডেল হয়েছেল নিশি ও আলী। মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করেন রকিবুল ইসলাম রুমন। তত্ত্বাবধায়ন করেছেন ফাজবীর তাজ তন্ময়। সম্প্রতি দেশী টায়রোর নিজস্ব স্টুডিওতে গানটির ভিডিও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

    গীতিকার আপন অপু বলেন, গতানুগতিক ধারার বাইরে এ গানটি শ্রোতাদের আকর্ষণ করবে বলে আশা করছি। গানটি মূলত উঠতি বয়সী তরুণ-তরুণীদের জন্যই লেখা। বিশেষভাবে বলতে গেলে তরুণীদেরকে সচেতন করতেই লেখা।

    গায়ক শ্রাবন সানি বলেন, গানটির কথার কারণেই গানটি আমার অনেক ভালো লেগেছে এবং আমার সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি। আমি ভালো কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

  • ‘দেবী’র মুক্তি সেপ্টেম্বরে

    ‘দেবী’র মুক্তি সেপ্টেম্বরে

    বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে নির্মিত হয়েছে ‘দেবী’। এই প্রথম সিনেমা প্রযোজনায় তিনি। শুধু প্রযোজনা নয়, এই ছবিতে জয়া অভিনয়ও করেছেন।

    ‘দেবী’র সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র মিসির আলী। প্রয়াত হুমায়ূন আহমেদের কালজয়ী এ চরিত্রে দেখা যাবে দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হুমায়ূন আহমেদের মতো একজন জনপ্রিয় সাহিত্যিকের উপন্যাস থেকে সিনেমা, সেই সিনেমায় আবার দেশের সেরা দুই অভিনয়শিল্পী জয়া ও চঞ্চল। সব মিলিয়ে ‘দেবী’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সকলেই প্রতিক্ষায় রয়েছেন কবে ‍রূপালী পর্দায় উঠবে ‘দেবী’।

    অবশেষে জানা গেল প্রতিক্ষার সেই তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে বসে দেখা যাবে ‘দেবী’-কে। খুশির এ খবরটি জানিয়েছেন ‘দেবী’র মিসির আলী চঞ্চল চৌধুরী নিজেই। আজ শুক্রবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় বিশেষ খবরটি ভক্তদের জানিয়ে দিলেন চঞ্চল। বললেন, ‘জন্মদিনে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপহার।’

    ভক্তদের উদ্দেশ্যে চঞ্চল বলেন, ‘এই প্রথম বড় পর্দায় আসছে মিসির আলি। রোজার ঈদের পর পরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আজ থেকে ৯৮ দিন পরে অর্থাৎ কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি পাবে। আপনারা সবাই হলে গিয়ে ‘দেবী’ দেখবেন। আমার কাছে আপনারা যেমন ভালো ভালো কাজ প্রত্যাশা করেন, তেমনি আপনাদের কাছেও আমার অনেক চাওয়া আছে।’

    তাহলে আজ থেকেই দিন গোনা শুরু হোক ‘দেবী’ ভক্তদের। যদিও সময়টা একটু দীর্ঘই বটে। বহুল প্রতিক্ষীত ‘দেবী’-তে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী ছাড়াও রয়েছেন নাট্য ও চলচ্ছিত্র নির্মাতা অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস।

  • ‘সাংবাদিক’দের সতর্ক করলেন ভাবনা

    ‘সাংবাদিক’দের সতর্ক করলেন ভাবনা

    অনলাইন নিউজ পোর্টালের কিছু ‘সাংবাদিকের’ উপর বেজায় ক্ষেপেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। কিছুটা বিরক্তও বটে। বলেছেন, ‘সস্তা কিছু অনলাইন মাঝে মাঝে যা তা নিউজ করে। যেটা নিয়ে কথা বলার রুচি নেই। আমি আমার মা-বাবার সঙ্গে থাকি। পরিষ্কার করে বলতে চাই, নোংরামি না করে ঠিকভাবে সাংবাদিকতা করুন। নিজেদের মা, বোন, বউ নিশ্চয়ই আছে। সেরকম আমারও পরিবার আছে।’

    সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে এভাবেই ‘সাংবাদিক’দের উপরে ক্ষোভ ঝাড়েন ভাবনা। কিন্তু হঠাৎ এভাবে ক্ষেপে গেলেন কেন ‘ভয়ংকর সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। ঘটনা হচ্ছে, সম্প্রতি কয়েকটি অনলাইন নাকি খবর ছেপেছে, ‘লিভ টুগেদার করছেন ভাবনা’। ব্যাস, এমন খবর নজরে আসতেই তেতে ওঠেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি লিভ টুগেদার করেন না, পরিবারের সঙ্গে থাকেন।

    ‘সাংবাদিক’দের পরামর্শ দিয়ে ভাবনা বলেন, ‘যদি প্রেমের নিউজ করতে চান, তাহলে সময় ব্যয় করুন। আমি কোথায় যাই, কার সঙ্গে মিশি, কার সঙ্গে খেতে যাই- এসব দেখুন। আমার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে প্রেমের নিউজ লিখুন। কিন্তু বাজে কথা লিখবেন না।’

    ভয়ঙ্কর সুন্দরী আরো বলেন, ‘আমি চোর নই, শিল্পী। শিল্পীরা সাহসী হয়। আমি বিয়ের আগ পর্যন্ত সিঙ্গেল আছি। বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। পুরান ঢাকার পাঠান পরিবারের মেয়ে আমি। লুকিয়ে বিয়ে করব না। হাজারটা অনুষ্ঠান হবে। তখন নিউজ করতে করতে হাঁপিয়ে যাবেন।’

  • ফের নিলামে সানি লিওন

    ফের নিলামে সানি লিওন

    আবারও নিজেকে নিলামে তুললেন সাবেক কানাডিয়ান পর্ন তারকা সানি লিওন। নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে আসা হট সেনসেশন এ অভিনেত্রীর সঙ্গে এবার থাকছে লাঞ্চ করার সুযোগ। ভারত ছাড়াও কয়েকটি দেশে সানি লিওনের অসংখ্য ভক্ত রয়েছে। সানিকে কাছ থেকে একঝঁলক দেখার জন্য যারা পাগল। এবার তাদের জন্য থাকছে স্বপ্নের তারকার সঙ্গে পাক্কা দুই ঘণ্টার লাঞ্চ সেশন।

    তবে একটু সমস্যা আছে। প্রিয় তারকার এত কাছে বসে লাঞ্চ করবেন, দুষ্টু-মিষ্টি কথা বলবেন, সেটা কি ফ্রিতে? খরচা আছে ভাই। পকেটটা একটু হালকা করতে হবে৷ মোটা অঙ্কের টাকা গুণতে হবে। কেননা, সানির সঙ্গে লাঞ্চ করতে হলে প্রথমে নিলামে অংশ নিতে হবে। যেটাকে বলে লাঞ্চ নিলাম।

    এই নিলামে যে যত বেশি দর হাঁকাবেন, তিনিই পাবেন সানির সঙ্গে পাক্কা দুই ঘণ্টা বসে লাঞ্চ করার সুযোগ। সঙ্গে থাকবে সানির সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেয়ারও সুযোগ। তবে শর্ত হচ্ছে, নিলামে অংশগ্রহণকারীদের বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।

    সানির এই উদ্যোগের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। তিনি একটি চ্যারিটি কাজের সঙ্গে সম্পৃক্ত। সেই কাজের জন্যই লাখ লাখ টাকা দরকার সানির। সেই অর্থ জোগাড়েই নিজেকে নিলামে তুলেছেন এক সময়ের প্রথমসারির পর্ন তারকা সানি।

    তবে একটা সুবিধাও আছে। নিলামে যিনি জিতবেন, তার জন্য লাঞ্চ একেবারেই ফ্রি। এ জন্য কোনো পয়সা-কড়ি খসাতে হবে না। তবে লাঞ্চে বসে যদি সানির সঙ্গে হালকা মদ্যপান করার ইচ্ছা মনে জেগে ওঠে, সে ক্ষেত্রে কিন্তু বাড়তি কিছু নোট গুণতেই হবে।

    এর আগে গত বছরের জুলাইয়েও এই ধরণের একটা নিলামের আয়োজন করেছিলেন সানি। ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলে সে নিলাম। সেবার ছিল পুরো একটা দিন সানির সঙ্গে কাটানোর সুযোগ। রাতে ছিল ডিনারের আয়োজন। সে সময়ও নিলাম থেকে সংগৃহীত অর্থ জনকল্যাণমূলক কাজে খরচ করেছিলেন সানি।

  • প্রিয়াংকার ‘জুনিয়র প্রেমিক’

    প্রিয়াংকার ‘জুনিয়র প্রেমিক’

    বিনোদন জগতে একসঙ্গে কাজ করতে গিয়ে নানাজনের সঙ্গেই নিজের নামটি জড়িয়ে যায় গায়ক-গায়িকা ও অভিনেতা-অভিনেত্রীদের। বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও তার বাইরে নন। ২০০২ সালে তামিল ছবি ‘ঠামিজান’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় প্রিয়াংকার। এরপর নায়িকা হিসেবে হিন্দি ছবির জগতে আসেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ’ ছবির মাধ্যমে।

    দীর্ঘ এই ১৪ বছরে অনেক অভিনেতার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। যাদের মধ্যে সুপারস্টার শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের রণবীর কাপুর, শাহেদ কাপুররাও রয়েছেন। তবে এবার শোনা গেল, নিজের থেকে ১০ বছরের ছোট এক মার্কিন গায়কের সঙ্গে নাকি চুটিয়ে ‘প্রেম করছেন’ সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া।

    আলোচনার কেন্দ্রে থাকা সেই ‘প্রেমিকের’ নাম নিক জোনাস। ২৫ বছর বয়সী এই বালকের সঙ্গেই নাকি এখন ডেট করছেন ৩৫ বছর বয়সী প্রিয়াংকা চোপড়া। একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এখানে-সেখানে। নিকের সঙ্গে প্রিয়াংকাকে নাকি ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে। অন্তত এমনটাই প্রকাশ পেয়েছে একটি আমেরিকান সংবাদ মাধ্যমে।

    সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলছে, ‘সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে একসঙ্গে বেসবল খেলা দেখতে যান প্রিয়াংকা ও নিক। দুজনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। পরে টুইটারে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সঙ্গে শুরু হয় গুঞ্জন।

    নিক-প্রিয়াংকাকে নিয়ে গুঞ্জন অবশ্য এক বছরের পুরনো। গত বছর মেট গালা অনুষ্ঠানে প্রথম প্রিয়াংকা ও নিক জোনাসকে একসঙ্গে দেখা যায়। ওই সময় তাদের দুজনের একসঙ্গে লালগালিচায় হাঁটা নিয়ে অনেক গুঞ্জন রটেছিল। সেই গুঞ্জনেই আবার নতুন করে জোয়ার এসেছে চলতি বছরে।

    গুঞ্জন উঠবেই বা না কেন। গত সপ্তাহে বাংলাদেশ সফর শেষে এখন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রিয়াংকা। তার অবসরের সঙ্গী কথিত প্রেমিক নিক জোনাস। সম্প্রতি একসঙ্গে প্রমোদতরিতে আনন্দ করতে দেখা গেছে তাদের। দেখা গেছে একটি কনসার্টেও। গায়ক নিকের ঘনিষ্ঠ একজনের দাবি, ‘তারা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। একে-অপরের সঙ্গ উপভোগ করছেন।’