Category: বিনোদন

  • ঈদে জয়ের অতিথি সায়মন-বাপ্পী

    ঈদে জয়ের অতিথি সায়মন-বাপ্পী

    অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের আলোচিত ও সমালোচিত সেলিব্রেটি টকশো অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’। এটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন ছোট ও বড় পর্দার অভিনেতা জয়। যেখানে শুধু বিনোদন জগতের তারকাই নন, অতিথি হিসেবে দেখা যায় রাজনৈতিক ব্যক্তিদেরও।

    সেই ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এবার জয়ের অতিথি হয়ে আসছেন হালের দুই জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও সায়মন সাদিক। রূপালী পর্দার জগতে তাদের একসঙ্গে দেখা না গেলেও জয়ের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানের সুবাদে একসঙ্গে ছোট পর্দায় হাজির হচ্ছেন তারা।

    ‘সেন্স অব হিউমার’ সেলিব্রেটি টকশো অনুষ্ঠানটি বরাবরই প্রচার করে থাকে এটিএন বাংলা। বেসরকারি চ্যানেলটিতে সায়মন-বাপ্পীর এই বিশেষ পর্বটি প্রচার করা হবে আসছে রোজার ঈদের পরদিন। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

    অনুষ্ঠানটি নিয়ে সায়মন সাদিক বলেন, ‘জয় ভাইয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি অনেক জনপ্রিয়। প্রিয় বাপ্পীকে নিয়ে সেখানে হাজির হয়ে বেশ ভালো সময় কেটেছে। আশা করছি, আমাদের পর্বটি দর্শকের ভালো লাগবে।’

    অন্যদিকে বাপ্পী বললেন, ‘অনুষ্ঠানটি আমি টিভিতে দেখেছি। এখন সেখানে অতিথি হতে পেরে ভালো লাগছে। আরও ভালো লাগছে প্রিয় ভাই সায়মনের সঙ্গে হাজির হয়ে। ঈদের আয়োজনে দর্শকদের এটি বিশেষ বিনোদন দেবে বলে প্রত্যাশা করছি।’

    এদিকে অনুষ্ঠানটির উপস্থাপক জয়ের প্রত্যাশাও এক। তিনি জানালেন, ‘বেশ জমজমাট একটি পর্ব হয়েছে। অভিনেতা সায়মন সাদিক এবং বাপ্পী চৌধুরী দুজনই খুব স্মার্ট ও সুদর্শন। তারা কথাও বলেন খুব চমৎকার। এই পর্বটি দেখে দর্শক বিনোদিত হবেন বলেই আমার বিশ্বাস।’

  • টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াংকা চোপড়া

    টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে প্রিয়াংকা চোপড়া

    মিয়ানমারে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। এর মধ্যে আছেন রাণী, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিভিন্ন ঘরানার বিশ্বখ্যাত তারকা। অনেক দেশ রাষ্ট্রীয়ভাবেই এ ঘটনায় মিয়ানমারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। অনেকে সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের শিবিরে।

    এই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত শেষে বাংলাদেশে পা রাখেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান। এরপর বিকাল ৪টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে ১০ মিনিট অবস্থান করেন তিনি।

    কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আফরুজ্জুল হক টুটুল ঢাকাটাইমসকে জানান, ‘মঙ্গলবার সকালে বলিউড অভিনেত্রীর প্রথমে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বিকালে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলিউড এই অভিনেত্রীর।

    উল্লেখ্য, ৩৫ বছর বয়সী প্রিয়াংকা জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর। সেই পরিচয় নিয়েই ইউনিসেফ বাংলাদেশের আমন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে এসেছেন তিনি। এর আগে তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে ছিলেন।

  • রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াংকা

    রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে প্রিয়াংকা

    মিয়ানমারে সেনা নিপীড়ন ও সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

    সোমবার (২১ মে) সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

    সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বলিউডের হার্টথ্রব এই নায়িকা।

    ইউএস-বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট ও পিআর) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন আইকন’ খ্যাত এই অভিনেত্রী।

    কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল ঢাকাটাইমসকে জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছেছেন।

    এখন তিনি সেখানকার পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। বিকাল ৪টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

    এদিকে সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী। স্থিরচিত্রটির ক্যাপশনে তিনি লিখেন, ‘বিশ্বের যত্ন প্রয়োজন। আমাদের যত্ন নিতে হবে।’

    মঙ্গলবার (২২ মে) সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকালে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

    বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী।

  • আনকাট ছাড়পত্র পেল ‘শাকিব-বুবলী’

    আনকাট ছাড়পত্র পেল ‘শাকিব-বুবলী’

    বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ছবি ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। রবিবার বিকালে সহিসালামতে কাঁচিঘর থেকে বের হয় ছবিটি। সংবাদমাধ্যমকে খবরটি জানান এটির প্রযোজক সেলিম খান। শাপলা মিডিয়ার কর্ণধার তিনি। ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা বেশ প্রশংসা করেছেন বলেও জানান সেলিম।

    ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ পরিচালনা করেছেন উত্তম আকাশ। গত ১০ মে এটি সেন্সরে জমা দেয়া হয়েছিল। ১০ দিনের মাথায়ই মিলল ছাড়পত্র। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি সেন্সরে জমা দেয়ার সময় এ ব্যাপারে প্রযোজক সেলিম খান জানিয়েছিলেন, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ঈদে মুক্তি দেয়ার জন্য তারা সবদিক থেকেই প্রস্তুত।

    ছবিতে নায়ক শাকিব খানকে চিটাগাংইয়া ছেলের চরিত্রে এবং নায়িকা বুবলীকে নোয়াখাইল্লা মেয়ের চরিত্রে দেখা যাবে। তাদের দুজনের নানা কাণ্ডকারখানা ও রসায়ন ঘিরেই এগিয়ে যাবে ছবির কাহিনি। কমেডি-অ্যাকশন ঘরানার এ ছবিতে আলোচিত জুটি শাকিব-বুবলী ছাড়াও রয়েছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও বদ্দা মিঠুসহ অনেকে।

    ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ হবে শাকিব-বুবলী জুটির মুক্তিপ্রাপ্ত পাঁচ নম্বর ছবি। এর আগে এ জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবি চারটি মুক্তি পায়। এছাড়া শাকিব-বুবলী জুটির ‘সুপার হিরো’ নামের আরো একটি ছবির কাজ সম্প্রতি শেষ হয়েছে। এই ছবিটিও আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর সত্যি হলে, এটি হবে শাকিব-বুবলীর ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি।

  • প্রেমের গুঞ্জনে খুশি আলিয়া!

    প্রেমের গুঞ্জনে খুশি আলিয়া!

    রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন আর নতুন নয়। তবে এবার নায়িকার কথায় বোঝা গেল এ ধরনের গুঞ্জনে যেন খুশিই হয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আলিয়া। এতে রণবীরের সঙ্গে তার রসায়ন ও প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘আমি খুশি যে মানুষ রণবীরের সঙ্গে আমার রসায়ন নিয়ে আলোচনা করছে। কারণ আমরা একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করছি, যেটি আগামী বছর মুক্তি পাবে। আর যারা আমাদের রসায়ন নিয়ে কথা বলছে তারা বরং আমাদের সিনেমাটি দেখবেন।’ আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শুটিং শুরুর পর থেকেই বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের রসায়ন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এদিকে কয়েকদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘রাজি’। এতে অভিনয়ের জন্য দর্শকদের বাইরে চলচ্চিত্র সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এছাড়া বক্স অফিসেও বেশ ভালো আয় করেছে সিনেমাটি। আলিয়া আরো বলেন, ‘সত্যি বলতে কী, এটি আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। আমি কখনো কল্পনা করিনি, এর শুরু এতটা ভালো হবে। এটি এতই ভালো হয়েছে যে, আমরা সবাই এখনো অনেকটা ধাঁধার মধ্যে আছি। বক্স অফিস সাফল্য আমার জন্য নয়, বরং চিত্রনাট্যের জন্য হয়েছে। রাজি খুবই দারুণ একটি সিনেমা এবং যেদিন আমি প্রথম এটির চিত্রনাট্য পড়েছি, সেদিন থেকেই বুঝতে পেরেছি। সিনেমাটির অংশ হয়ে সেহমতের মতো চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।’ হরিন্দার সিক্কার ‘কলিং সেহমাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে আলিয়া ভাট একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল।

  • প্রিন্সেস ডায়ানার আশীর্বাদ যেন…

    প্রিন্সেস ডায়ানার আশীর্বাদ যেন…

    প্রয়াত প্রিন্সেস ডায়ানা ও শাশুড়ি প্রিন্সেস ডায়ানার প্রতি বিশেষভাবে শ্রদ্ধা প্রকাশ করলেন সদ্য বৃটিশ রাজবধু মেগান মার্কেল, ডাচেস অব সাসেক্স। এখন থেকে অনেক দিন আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার শাশুড়ি ডায়ানা। তখন প্রিন্স হ্যারি অনেক ছোট। আজ তিনি পরিণত। জীবনের সঙ্গে গেঁথেছেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে। শনিবার বৃটেনে দু’জনে গাঁটছড়া বাঁধলেন আনুষ্ঠানিকভাবে

    সারা বিশ্বের কোটি কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। টেলিভিশনের নিয়মিত সম্প্রচার বন্ধ হয়ে যায়। সরাসরি ও বিশেষ পর্ব প্রচার করতে থাকে দিনভর। পুরো বৃটিশ জাতি যেন এদিন মেতে ছিল এই বিয়ে নিয়ে। একুশ শতাব্দীতে এসে এটিই বৃটিশ রাজপরিবারের সবচেয়ে আলোচিত বিয়ে। এ দিন ‘লিলি হোয়াইট’ রঙের সান্ধ্যকালীন সিল্কের পোশাক পড়ে সন্ধ্যার দিকে বের হয়ে আসেন নতুন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল

    (৩৬)। তার এ পোশাকটির ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি। তারা উইন্ডসোর ক্যাসেলে সেইন্ট চ্যাপেলে একজন আরেকজনের হাতে আংটি পরিয়ে দেন। তবে এ সময় অর্থাৎ সন্ধ্যার আয়োজনে মেগানের হাতে ছিল নতুন একটি অলঙ্কার। সেটি কি? যুক্তরাষ্ট্রের বিখ্যাত পিপল ম্যাগাজিন নিশ্চিত করছে, সেই অলঙ্কারটি ছিল তার শাশুড়ি প্রিন্সেস ডায়ানার হাতের আংটি। সেটি মেগান মার্কেল পরেছিলেন তার ডান হাতে। যখন তিনি সান্ধ্যকালীন অনুষ্ঠানে ফটোসাংবাদিকদের উদ্দেশে হাত নেড়েছেন তখন তা দৃষ্টিগোচর হয়েছে। আংটিটিকে বলা হয় একুয়ামেরিন রিং। ১৯৯৭ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিতে ডায়ানা তার পোশাক নিলামে তুলেছিলেন। সেখানে তার হাতে ছিল ওই একুয়ামেরিন রিং। এটা খুবই বিখ্যাত একটি আংটি। এই আংটিটিই সব নয়। এটি একটি সেটের অংশ। এর অন্য অংশ হলো একটি একুয়ামেরিন ব্রেসলেট। ওই আংটিটির সঙ্গে তা ৫টি হিরা দিয়ে যুক্ত ছিল। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ায় এক গালা নৈশভোজে তিনি এ দুটিই পরেছিলেন। বহু বছর পর সেই আংটি উঠে এলো মেগান মার্কেলের হাতে। তিনি প্রমাণ করে দিলেন সময় অতীতের গর্ভে চলে গিয়েছে। কিন্তু তিনি তার প্রয়াত শাশুড়ি, অপরূপা প্রিন্সেস ডায়ানাকে অবজ্ঞা করেন নি। তাকে তিনি ভুলে যান নি। তার জন্য বিশেষ সম্মান তার বুকের কোণে রয়েছে। তার আংটি হাতে পরে তিনি তার স্পর্শ পাওয়ার চেষ্টা করেছেন। এই আংটিই যেন তার কাছে ডায়ানার আশীর্বাদ হয়ে বর্ষিত হচ্ছিল।