Category: বিনোদন

  • মডেল আসিফের বিচার শুরু

    মডেল আসিফের বিচার শুরু

    নারী নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় মডেল ও অভিনেতা আসিফুর রহমান ওরফে কাজী আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল।

    রবিবার ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শহিদুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।  আগামী ৩ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

    শুনানির সময় জামিনে থাকা আসামি আসিফ ও তার স্ত্রী মামলার বাদিনী কানাডা প্রবাসী শামীমা আক্তার অরণি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

    গত ২২ এপ্রিল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিফকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। ওই সময় তিনি শুটিং শেষে মালয়েশিয়া থেকে ফিরছিলেন। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২৫ এপ্রিল স্ত্রী অরণির সঙ্গে আপোষের শর্তে আসিফকে অন্তর্বর্তীকালীন জামিন দেন ট্রাইব্যুনাল।

    ২০১৮ সালের ৬ মার্চ অরণি ট্রাইব্যুনালে মামলাটি করেন। ওইদিন একই বিচারক মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

    ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালে কাজী আসিফের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ৭ আগস্ট কানাডা প্রবাসী অরণির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। বিবাহের সময় পরিবার ৭/৮ লাখ টাকা মূল্যমানের আসবাবপত্র দেন। এরপর বাদিনী আসামিকে গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেন।  আসামি গাড়ি না কেনায় টাকা কি করেছে গত ২ এপ্রিল বাদিনী জিজ্ঞাসা করলে আসামি আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেন।

  • ‘তৈমুরের চোখ জাপানিদের মতো’

    ‘তৈমুরের চোখ জাপানিদের মতো’

    বলিউডের নবাব পরিবারের দুই মহাতারকা সাইফ আলী খান ও তার স্ত্রী কারিনা কাপুর খান। কিন্তু মা-বাবাকে ছাড়িয়ে এখন বেশি আলোচনায় থাকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য তৈমুর আলী খান। বয়স সবে এক ছাড়িয়েছে। এই বয়সেই নবাব পরিবারের ক্ষুদে সদস্যকে নিয়ে সাংবাদিক ও ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। তাইতো সাইফ-কারিনা কোথাও গেলেই আর কিছু না হোক, তৈমুরকে নিয়ে প্রশ্ন তাদের শুনতেই হবে।

    খুব শিগগিরই মুক্তি পাবে কারিনা অভিনীত ‘ভিরে দি ওয়েডিং’ ছবিটি। তৈমুরের জন্মের পর এটাই কারিনার কামব্যক ফিল্ম। এই ছবির প্রমোশনেই সম্প্রতি একটি এফ এম চ্যানেলে গিয়েছিলেন কারিনা। ব্যাস, যথারীতি সেখানেই নায়িকাকে ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। অসংখ্য ক্লিকের পাশাপাশি প্রশ্ন ধেয়ে আসে, ‘তৈমুর দেখতে কার মতো হয়েছে?’

    প্রশ্ন যখন এসেছে উত্তর তো দিতেই হবে। জবাবে কারিনা বলেন, ‘তৈমুর দেখতে অবশ্যই তার বাবার মতো হয়েছে। আর ওর চোখগুলো দেখতে জাপানি সামুরাইদের মতো।’ ইতিহাস বলছে, জাপানের প্রাক-শিল্পাঞ্চল যুগের সামরিক বাহিনীর সদস্য বা জাপানি যোদ্ধাদের সামুরাই বলা হত। সামুরাই শব্দের অর্থ কাউকে সেবা করা।

    তবে সামুরাইয়ের অর্থ যা-ই হোক না কেন, তৈমুর বিষয়ে কারিনার এমন উত্তর শুনে ভ্যাঁবাচ্যাকা খেয়ে যান উপস্থিত সাংবাদিকরা। কেননা, এমন অদ্ভূত উত্তর সাধারণত এর আগে কারিনার মুখ থেকে শোনা যায়নি। তবে উত্তর শুনে অনেকে আবার ধারণা করছেন, ভবিষ্যতে ছেলেকেও বলিউডে আনতে চান কারিনা। নায়িকার বক্তব্যে সেই আভাসই রয়েছে বলে তাদের মত।

  • ‘অপু-বাপ্পীর বোঝাপড়া চমৎকার’

    ‘অপু-বাপ্পীর বোঝাপড়া চমৎকার’

    ক্যারিয়ারে প্রথম কোনো ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন আলোচিত জুটি অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। তাও আবার ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত রিয়াজ-শাবনূর অভিনীত ও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়েলে। ছবিটি সে সময়কার সবচেয়ে সুপারহিট। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল রিয়াজ-শাবনূর জুটিও। এরপর ছবিটি কলকাতায়ও নির্মিত হয়।

    এবার ছবির দ্বিতীয় সিক্যুয়েলে পরিচালক দেবাশীষ এক করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে। অপু চলচ্চিত্রে আসেন ২০০৫ সালে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাপ্পী আসেন ২০১২ সালে। কিন্তু একসঙ্গে কাজ না করা সত্ত্বেও তারা তুমুল আলোচিত। আলোচনার সূত্রপাত করেছিলেন নায়ক শাকিব খান।

    অপুর সঙ্গে বাপ্পীকে জড়িয়ে গত বছরের শেষ দিকে গুরুতর অভিযোগ এনেছিলেন অপুর সাবেক স্বামী শাকিব। গত নভেম্বরে ছেলে জয়কে দেশে রেখে অপু কলকাতায় ডাক্তার দেখাতে গেলে শাকিব অভিযোগ করেন, ‘ডাক্তার দেখাতে নয়, অপু বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিলেন।’ সেই থেকেই অপুর ‘অদৃশ্য বয়ফ্রেন্ড’ হিসেবে পরিচিতি পান নায়ক বাপ্পী।

    কিন্তু এহেন অভিযোগ পায়ে মাড়িয়ে তারা দুজনেই কাজ করছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে। গত ১৩ মে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়। শুটিংও শুরু হয় ওইদিন থেকে। ইতিমধ্যে ছবির প্রথম লটের শুটিং শেষও হয়ে গেছে। শুটিং হয়েছে মোট ছয় দিন। শুটিংয়ে অপু-বাপ্পী দুজনেই অংশ নেন।

    ছবির প্রথম লটের শুটিং শেষে দুই তারকা অপু ও বাপ্পীর প্রশংসায় পঞ্চমুখ পরিচালক দেবাশীষ বিশ্বাস। গণমাধ্যমকে তিনি বলেন, ‘নতুন জুটি হিসেবে অপু-বাপ্পীর মধ্যে কোনো জড়তা ছিল না। দুজনের বোঝাপড়াও চমৎকার। মানিয়েছে বেশ ভালো।’

    ছবিতে অপুর চরিত্রটির নাম ঈশানা এবং বাপ্পীর নাম আবীর। নায়ক-নায়িকার চরিত্র সম্পর্কে দেবাশীষ বলেন, ‘আমরা ছবিতে দেখব, ঈশানা মা-বাবার আদরের মেয়ে। সে জেদি ও একরোখা। অন্যদিকে আবীর একটি তেলের দোকানদার। স্বভাবে সে ভীষণ চতুর আর ফাপড়বাজ।’

    ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। জুন মাসের প্রথম সপ্তাহ অথবা আসছে রোজার ঈদের পর থেকে ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানান পরিচালক দেবাশীষ। তবে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী ছাড়াও ছবিতে আরো কারা অভিনয় করছেন সে সম্পর্কে কিছু জানাননি পরিচালক।

  • বাপ্পা-তানিয়াকে চাঁদনীর শুভেচ্ছা

    বাপ্পা-তানিয়াকে চাঁদনীর শুভেচ্ছা

    নয়া জুটি বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনকে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বাপ্পার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী চাঁদনী। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘হায়রে দুনিয়া, কই যে যাই। আমি আর আমার পরিবার সকলে অনেক ভালো আছি। আর কোনো কিছু চাই না, চাইনি, চাইবো না। শক্তরে অনেক! ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে।’

    চাঁদনী আরো লেখেন, ‘সবার বাসনা কামনার শুভকামনা রইল। আমার আর আমাকে যারা ভালোবাসে তাদের পক্ষ থেকেও। আর কিছু?’ বৃহস্পতিবার এমন স্ট্যাটাস দেয়ার আগে তানিয়া ও বাপ্পা মজুমদার জুটির একটি ঘনিষ্ঠ ছবি নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার করেন চাঁদনী। ঘণ্টাখানেক পরে অবশ্য সেটি সরিয়ে ফেলেন।

    বাপ্পা মজুমদার চাঁদনীকে বিয়ে করেছিলেন ২০০৮ সালের ২১ মার্চ। দীর্ঘ দশ বছর সংসার করে চলতি বছরেই সম্পর্কের ইতি টানেন তারা। গত বছরের ৯ অক্টোবর বাপ্পা-চাঁদনীর ডিভোর্সের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল। শেষ হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তার আগে এক বছরেরও বেশি সময় ধরে তারা আলাদা ছিলেন।

    এদিকে, চলতি মাসের ১৬ তারিখে দুই পরিবারের উপস্থিতিতে অভিনেত্রী তানিয়ার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। রাজধানীর পশ্চিম পান্থপথে তানিয়ার মায়ের বাসায় তাদের আংটিবদলের অনুষ্ঠান হয়। আট দিন পার হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সকলকে এই খবর জানান গায়ক বাপ্পা মজুমদার নিজেই।

    এর আগে প্রাক্তন স্ত্রী চাঁদনীকে নিয়েও একটি স্ট্যাটাস দেন বাপ্পা মজুমদার। সেই স্ট্যাটাসে চাঁদনীর প্রতি তার কোনো অভিযোগ বা অসম্মান নেই বলে উল্লেখ করেন। আরো উল্লেখ করেন, ‘চাঁদনীর সঙ্গে অনেক বছর একসঙ্গে থেকে, থাকার চেষ্টা করে অবশেষে হার মানতে হয়েছে। আমরা পারিনি একসঙ্গে বাকি জীবন কাটাতে। যা হয়েছে তা ভাগ্যের লিখন মনে করি।’

    প্রসঙ্গত, অভিনেত্রী তানিয়া হোসাইন হবে বাপ্পা মজুমদারের দ্বিতীয় স্ত্রী। তবে তানিয়ারও এটি প্রথম বিয়ে নয়। ২০০৯ সালের ২০ জুন তিনি বিয়ে করেছিলেন দেশের নামকরা উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে। কিন্তু টেকেনি সে সংসার। বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় দেবাশীষ ও তানিয়ার।

  • দীপিকা-রণবীরের বিয়ে নভেম্বরে

    দীপিকা-রণবীরের বিয়ে নভেম্বরে

    খুব অল্প সময়ের ব্যবধানে বিয়ে করে ফেলেছেন বলিউডের কয়েকজন তারকা অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে বিয়ে সারলেন ক্রীড়া ও বিনোদন জগতের দুই সুপারস্টার জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। চলতি মাসের ৮ তারিখে দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করলেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। তার দুদিন পরেই ঘনিষ্ঠ বন্ধুকে লুকিয়ে বিয়ে করলেন অভিনেত্রী নেহা ধুপিয়াও।

    সহকর্মীদের বিয়ের এমন ঢেউ দেখে এবার আর বোধহয় তর সইছে না বলিউডের আরেক সুপারস্টার জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের। শোনা যাচ্ছে, আগামী ১৯ নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে যাচ্ছেন আলোচিত এ লাভবার্ড জুটি। রণবীর নাকি জুলাই মাসেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু হাতে ছবির কাজ থাকায় বিয়ের দিন কিছুটা পিছিয়ে নভেম্বরে করা হয়েছে।

    নতুন বছরের শুরু থেকেই দীপিকা ও রণবীরের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল, তাদের নাকি আংটি বদলও হয়ে গেছে। তবে নতুন বছর বললে কিছুটা অবশ্য ভুল বলা হবে। গত বছরের ডিসেম্বরে বিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালির তাসকানি শহরে রাজকীয় বিয়ে সারার পর থেকেই দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে হইচই শুরু। যদিও এ বিষয় নিয়ে কখনোই মুখ খোলেননি ‘বর-কনে’ কেউই।

    এদিকে, বর্তমানে দীপিকা পাড়ুকোনের হাতে কোনো ছবির কাজ নেই। গুঞ্জন রয়েছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন নায়িকা, তাই হাতে নতুন কোনো ছবির কাজ রাখেননি। ইতিমধ্যে নাকি তিনি বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন। বেঙ্গালুরু থেকে দীপিকার মা-বাবা সম্প্রতি মুম্বাইয়ে এসেছেন। এই মুম্বাই শহরেই নাকি তার বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে। তবে যতক্ষণ না পাত্র-পাত্রী মুখ খুলছেন, ততক্ষণ সবটাই জল্পনা ও কল্পনার স্তরে।

    ইদানিং আবার কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করাটা বলিউডের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। বিরাট-আনুশকা ইতালি গিয়ে বিয়ে করেছেন অনেকটা লুকিয়েই। সোনম তার বিয়ের কথা কবুল করেছেন বিয়ের মাত্র সপ্তাহ খানেক আগে। অভিনেত্রী নেহা ধুপিয়া তো বিয়ের অনুষ্ঠান সেরে টুইট করে সুখবর জানিয়েছেন।

    কাজেই, দীপিকা-রণবীরও কি সোনম কাপুরের মতো বিয়ের এক সপ্তাহ আগে বিবৃতি দেবেন, নাকি আনুশকা শর্মা ও নেহা ধুপিয়ার মতো লুকিয়ে বিয়ে করে তারপর টুইট করে বিয়ের সুখবর জানাবেন, সেদিকেই তাকিয়ে তাদের অগণিত ভক্ত। তবে সম্প্রতি ছড়ানো গুঞ্জন যদি সত্যি হয়, আপাতত অপেক্ষা শুধু নভেম্বরের জন্য।

  • জ্যাকুলিনের সঙ্গে নতুন প্রেমে সালমান!

    জ্যাকুলিনের সঙ্গে নতুন প্রেমে সালমান!

    বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খান নতুন করে প্রেমে মজেছেন। আর তার নতুন প্রেমিকা হচ্ছেন আরেক অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি জ্যাকুলিনের লাল শিফনের শাড়ি পরে একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন বজরঙ্গি ভাইজান। এরপর থেকেই এমন গুঞ্জন শুরু হয়েছে।

    বি টাউনে বলা হচ্ছে, ক্যাটরিনা, লুলিয়া এখন অতীত। নতুন নায়িকার প্রেমে পাগল বলিউডের ‘ভাইজান’। এছাড়া সোনম কাপুরের বিয়েতে জ্যাকুলিন এবং সালমান একসঙ্গে এন্ট্রি নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রিকে। এখন বলিউডের নতুন লাভবার্ডস হল সালমান-জ্যাকি।

    ‘রেস থ্রি’র শ্যুটিং ফ্লোরে জ্যাকুলিনের একটি ছবি শেয়ার করেন সালমান। যেখানে লাল শাড়িতে তাঁর রূপ ঠিকরে পড়ছিল। ছবিটি নিঃসন্দেহে সুন্দর। তাই জন্যই নিমেষে ভাইরাল হয় পিকচারটি। তবে ভাইরাল হওয়ার আরেকটি কারণ হল সালমান নিজেই ছবিটি ট্যুইট করে ক্যাপশন দিয়েছেন, “কী মিষ্টি লাগছে জ্যাকুলিনকে!”

     

    দিন কতক আগে লুলিয়ার ভান্তুরের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নিন্দুকদের মধ্যে জল্পনা বেশ ঘোলাটে হয়েছিল। সঠিক প্রেমের পুরুষকে বেছে নিতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনই একটি পোস্ট করেছিলেন এই রাশিয়ান সুন্দরী। সূত্রের খবর, সোনমের বিয়েতে জ্যাকুলিনের সঙ্গে সালমানের ঘনিষ্টতা লুলিয়ার পছন্দ হয়নি। তাই তিনি এমন প্রেমের ব্যর্থতা সংক্রান্ত স্টেটাস দিয়ে বসেন। সালমানের সঙ্গে লুলিয়ার প্রেম একটা সময় চর্চার বিষয় ছিল। তবে হঠাৎ জ্যাকির সঙ্গে ‘ভাইজান’র ঘনিষ্ঠতা অন্যদিকে ইশারা করছে।