Category: বিনোদন

  • ঈদে শাকিবের এক হালি ছবি

    ঈদে শাকিবের এক হালি ছবি

    প্রথমে শোনা গিয়েছিল, আসছে রোজার ঈদে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের দুটি ছবি মুক্তি পাবে। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হালিতে। আগের খবর অনুযায়ী, ঈদে শাকিব অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ এবং ‘সুপারহিরো’ ছবি দুটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছে ‘ভাইজান এলো রে’ এবং ‘পাঙ্কু জামাই’ ছবি দুটির নামও। চলেন তবে জেনে আসি ছবিগুলো সম্পর্কে।

    ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’: এই ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সেলিম খান। ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা রয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। আরও আছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও বদ্দা মিঠু প্রমুখ। এটি শাকিব-বুবলী জুটির পাঁচ নম্বর ছবি। এর আগে এ জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবি চারটি মুক্তি পেয়েছে।

    ‘সুপারহিরো’: এই ছবিতেও শাকিব খানের নায়িকা সেই শবনম বুবলী। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে তাদের ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি। অ্যাকশন থ্রিলার ‘সুপার হিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে এই ছবির শুটিং হয়েছে। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং। রবিবার রাতে মুক্তি পেয়েছে টিজার। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো রয়েছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান ও টাইগার রবি প্রমুখ।

    ‘ভাইজান এলো রে’: কলকাতার একক ছবি ‘ভাইজান এলো রে’। এই ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার দুই নায়িকা। শ্রাবন্তী ও পায়েল সরকার। প্রযোজনায় রয়েছে ভারতের এসকে মুভিজ। পরিচালনা করেছেন সেদেশেরই জয়দীপ মুখার্জী। রোজার ঈদে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এই ছবিতে বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন দীপা খন্দকার, মুনিরা মিঠু ও শাহেদ আলী। কলকাতা থেকে শ্রাবন্তী-পায়েল ছাড়াও আছেন রজতাভ দত্ত, বিশ্বনাথ ও শান্তিলাল মুখার্জী।

    ‘পাঙ্কু জামাই’: এবারের রোজার ঈদে দর্শকদের সবচেয়ে বেশি প্রতীক্ষার ছবি বোধহয় ‘পাঙ্কু জামাই’। কেননা, এই ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। যে জুটি একসঙ্গে ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই তাদের ডিভোর্স হয়ে গেছে। ‘পাঙ্কু জামাই’ আলোচিত এ জুটির শেষ ছবি। যদিও গত পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু পায়নি। পাচ্ছে আসন্ন রোজার ঈদে। ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।

    ‘পাঙ্কু জামাই’-এর শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। এরপর হঠাৎ আড়ালে চলে যান অপু। প্রায় এক বছর পর ‘আড়াল’ থেকে ফিরে আসেন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। এরপর চলতি বছরের প্রথম দিকে অপু তার অংশের শুটিং শেষ করেন। বাকি ছিল শুধু শাকিব খানের কিছু দৃশ্যের কাজ। মাস দুয়েক আগে নির্মাতা আবদুল জানান, শাকিবও তার অংশের কাজ শেষ করেছেন।

  • সার্কে ‘হালদা’র চার পুরস্কার

    সার্কে ‘হালদা’র চার পুরস্কার

    গতবারের মতো এবারের সার্ক চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করলেন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ। এবারের অষ্টম আসরে তার নির্মিত ‘হালদা’ ছবিটি চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। বিভাগ চারটি হচ্ছে, সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহসংগীত।

    পুরস্কার প্রাপ্তির এই খবর তৌকীর আহমেদ নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, চারটি ট্রফি বুকে আগলে দাড়িয়ে রয়েছেন তিনি। এর আগে গত বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল।

    তবে এবার আর একটি নয়, গুনে গুনে চারটি। অনুভূতি জানাতে গিয়ে তৌকীর বলেন, ‘আমাদের ছবি যখন বাইরের দেশের উৎসবে যায়, তখন সেখানে বাংলাদেশের নাম উচ্চারিত হয়। পুরস্কার পেলে তো বারবার বাংলাদেশের নাম শুনতে পারি। দেশের বাইরে মর্যাদাপূর্ণ আসরে কোনো অর্জনে দেশের নাম উচ্চারণের বিষয়টি অনেক গর্বের, অনেক আনন্দের।’

    এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে যাবেন কি যাবেন না, এ নিয়ে দোটানায় ছিলেন অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ। কদিন আগে যেটা নিজেই জানিয়েছিলেন নির্মাতা। কিন্তু আয়োজকদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হন। গত ২৩ মে শ্রীলংকার রাজধানী কলম্বোর উদ্দেশ্য উড়াল দেন তৌকীর। উৎসবের শেষ দিনে জানালেন খুশির খবর।

    এবারের উৎসবে ২৬টি ছবি জায়গা পেয়েছিল। ২২ থেকে ২৭ মে পর্যন্ত কলম্বোয় অনুষ্ঠিত উৎসবে তৌকীরের ‘হালদা’ ছবিটি ছাড়াও আমন্ত্রিত হয়েছিল আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। উৎসবের প্রতিযোগিতা বিভাগের সমাপনী চলচ্চিত্র হিসেবে ২৬ মে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় প্রদর্শিত হয় তৌকীরের ‘হালদা’।

    দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী ও তার দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাট্য চলচ্চিত্র ‘হালদা’। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু ও রুনা খানের মতো দেশসেরা সব অভিনয়শিল্পীরা। ছবিটি গত বছরের ১ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছিল।

  • ঈদের টেলিফিল্ম ‘ভালোবাসা..চোখের জল’

    ঈদের টেলিফিল্ম ‘ভালোবাসা..চোখের জল’

    অনন্য, রেহান ও রাত্রি খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের বাইরেও তাদের মধ্যে অবচেতন মনে ভালোবাসাবাসি চলে গোপনে। রাত্রি যেমন রেহানের জন্য ভেতরে ভেতরে এক ধরণের টান অনুভব করে,  রেহানও তেমনি রাত্রিকে নিয়ে রচনা করে অনেক স্বপ্নের গান। সাহিত্যের ভাষায় যেটাকে বলে ত্রিভূজ প্রেম।

    এদিকে অনন্যও রাত্রিকে নিজের রাজ্যের রানির আসনে বসিয়ে রেখেছে। অবশ্য অনন্যর প্রতি রাত্রির আলাদা কোন টান নেই। অনন্যকে সে শুধুই বন্ধু ভাবে। এরই মধ্যে উজানের ঢেউ এসে পাল্টে দেয় রাত্রির জীবন। সে বাধ্য হয় অনন্যকে বিয়ে করতে। এক সময় অনন্যকে মেনে নিয়ে সংসারও শুরু করে। তবে দাম্পত্য জীবনের অশুভ টানাপোড়েনে এক সময় স্ত্রী রাত্রিকে খুন করে পলাতক হয়ে যায় অনন্য।

    কি, গল্প পছন্দ হয়েছে তো? তবে গল্পের বাকিটা দেখতে হবে টেলিভিশনের পর্দায়। কেননা, এমনই গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে একটি টেলিফিল্ম। নাম ‘ভালোবাসা..চোখের জল’। সাংবাদিক রকিব হোসেনের রচনা ও গাঙচিল-এর প্রযোজনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস. এস. কামরুজ্জামান সাগর।

    ‘ভালোবাসা..চোখের জল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সালহা খানম নাদিয়া, নিলয় আলমগীর, শিখা মৌ, আজম খান, জিয়া উদ্দিন জিয়া, প্রিমা, আমিনুল ইসলাম অপু, সাবিহা রুসা, শাহিন, তাহসান বর্ন, ফয়জুন নেসা লুনা, রবিউল ইসলাম রনি, চামেলি সিনহা, রবিউল ও শাকিলসহ আরো অনেকে। আসছে ঈদুল ফিতরে এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

    টেলিফিল্মটি সম্পর্কে নির্মাতা কামরুজ্জামান সাগর বলেন, ‘প্রেম বা ভালোবাসার গল্পের কোনো পরিবর্তন হয় না। এটা সনাতন। তেমনই এক ভালোবাসার কাহিনি নিয়ে এই টেলিফিল্মটি নির্মিত হয়েছে। তবে গল্পের মোচড়গুলো দর্শকরা দারুণ উপভোগ করবেন। যারা এতে অভিনয় করেছেন, সবাই নিজেদের মেলে দিয়ে কাজ করেছেন। আমি আশাবাদী কাজটি দর্শকপ্রিয়তা পাবে।’

    অভিনেতা কল্যাণ কোরাইয়া বলেন, ‘গল্পের ভাবনাটা চিরকালের। কিন্তু গল্পের ভেতরের নানা রকম বাঁক আমাকে মুগ্ধ করেছে। কাজটি করে আমি খুবই সন্তুষ্ট।’ নিলয় বলেন, ‘সাগর ভাই চেষ্টা করেছেন গল্প অনুযায়ী কাজটি ভালোভাবে শেষ করতে।’

    সালহা খানম নাদিয়া বলেন, ‘বলা যায় এই টেলিফিল্মের গল্পটা আমাকে কেন্দ্র করেই। জীবন চলার পথে এক অন্যরকম পরিস্থিতির মুখোমুখি হই আমি। আগের চেয়ে আমি আমার কাজে অনেক বেশি সিরিয়াস। তাই যথারীতি চেষ্টা করেছি মন দিয়ে কাজটি করার।’

  • অনিলের কাছে ক্ষমা চাইলেন দীপিকা

    অনিলের কাছে ক্ষমা চাইলেন দীপিকা

    গত ৮ মে মহা ধুমধামের মধ্য দিয়ে একমাত্র কন্যা সোনম কাপুরের বিয়ে দেন বলিউড সুপারস্টার অনিল কাপুর। দিল্লির নামজাদা ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনমের সে বিয়েতে বলিউডের প্রথমসারির প্রায় সব অভিনেতাই উপস্থিত ছিলেন। হাজির ছিলেন দীপিকা পাড়ুকোনের ‘বয়ফ্রেন্ড’ অভিনেতা রণবীর সিংও। কিন্তু বিয়ে বা রিসেপশন কোথাও খুঁজে পাওয়া যায়নি দীপিকাকে।

    দীপিকার এই না যাওয়াকে কেন্দ্র করে গত কয়েক দিনে অনেক গুঞ্জনের সূত্রপাত হয়েছে। অনেকেই মনে করেছিলেন, সোনম-দীপিকার মধ্যে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত সমস্যা আছে, যার কারণে বিয়েতে হাজির ছিলেন না দীপিকা। কিন্তু একটু দেরিতে হলেও সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন দীপিকা পাড়ুকোন নিজেই। জানালেন, কেন তিনি সোনমের বিয়েতে উপস্থিত ছিলেন না।

    সম্প্রতি মুম্বাইয়ে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেখানে হাজির ছিলেন সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরও। দুই তারকার দেখা হয়, আলিঙ্গন হয়, কথাও হয়। সে সময় অনিল দীপিকাকে সোনমের বিয়েতে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। বলেন, ‘তোমাকে খুব মিস করেছি।’

    জবাবে দীপিকা বলেন, তিনি সে সময় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছিলেন। যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সোনমের বিয়েতে হাজির থাকতে পারেননি। এ জন্য দুঃখ প্রকাশ করে অনিলের কাছে ক্ষমাও চেয়ে নেন দীপিকা। সম্প্রতি দুই তারকার ওই সাক্ষাৎ ও কথাবার্তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে।

    তবে সবকিছু বাদ দিয়ে আপাতত নিজের বিয়ে নিয়েই ব্যস্ত বলিউড সুন্দরী দীপিকা। প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে আগামী ১৯ নভেম্বর তার বিয়ে দিন ঠিক করা হয়েছে। এ জন্য আপাতত কোনো ছবির কাজও হাতে রাখেননি নায়িকা। বিয়ের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে নাকি শপিংও শুরু করে দিয়েছেন। আর অপেক্ষা করছেন ১৯ নভেম্বরের বিশেষ দিনটির জন্য।

  • ‘রাজি’র সাফল্যের দৌড় চলছেই

    ‘রাজি’র সাফল্যের দৌড় চলছেই

    আলিয়া ভাট অভিনীত বলিউড ছবি ‘রাজি’র সাফল্য এখনো অব্যাহত। ছবিটি মুক্তি পায় গত ১১ মে। এই তিন সপ্তাহেরও কম সময়ে ৯৮ কোটির বেশি টাকা ঘরে তুলে ফেলেছে ‘গুপ্তচর’ আলিয়ার ‘রাজি’। ছবিটি ১০০ কোটি ক্লাবের সদস্য হওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

    ‘রাজি’ যৌথভাবে প্রযোজনা করেছে ভিনেত জেইনের জংলি পিকচার্স ও করণ জোহারের ধর্মা প্রোডাকশনস। পরিচালনা করেন মেঘনা গুলজার। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় নির্মিত এ ছবির পরতে পরতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

    ছবি বিষয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে পরিচালক গুলজার বলেন, ‘ছবিটি যে সময়কার পটভূমিকায় তৈরি, সে সময়কার দেশপ্রেম একেবারেই অন্যরকম ছিল। এখনকার দিনে আমরা দেশপ্রেম বলতে যা বুঝি এরকম না। সেই সময়টাকে সঠিকভাবে ধরতে পারাটাই এই ছবির মূল কৃতিত্ব।’

    পরিচালকের কথার প্রতিফলন ঘটে ছবি মুক্তি পাওয়ার পরই। প্রথম থেকেই আলিয়া অভিনীত ‘রাজি’ দর্শকদের ভালোবাসা ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আলিয়ার অভিনয়ও। তাই মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে তৃতীয় সপ্তাহে পড়লেও ছবি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস একটুও কমেনি।

    গত শুক্রবারে ‘রাজি’র বক্স অফিস সংগ্রহ ছিল ২.২৫ কোটি টাকা। শনিবার তা বেড়ে হয় ৪.২০ কোটি টাকা। এখনো পর্যন্ত বক্স অফিস থেকে ‘রাজি’র আয় ৯৮.১০ কোটি টাকা। মুক্তির পর তৃতীয় শনিবারে এই ছবির ব্যবসা বেড়েছে ৮৯ ভাগ।

    ব্যবসাসফল ‘রাজি’-তে আলিয়াকে দেখা গেছে সেহমাত চরিত্রে। যার কাজ পাকিস্তানি স্বামীর কাছ থেকে গোপনে তথ্য সংগ্রহ করে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাচার করা। আলিয়ার স্বামীর চরিত্রে রয়েছেন ভিকি কৌশল। ছবিতে যিনি পাকিস্তানি সেনাবাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তা।

  • শেষ হল শাকিব-বুবলীর ‘সুপারহিরো’

    শেষ হল শাকিব-বুবলীর ‘সুপারহিরো’

    চার মাস পর ক্লোজ হল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘সুপারহিরো’ ছবির ক্যামেরা। যে ক্যামেরা অন হয়েছিল চলতি বছরের ২৩ জানুয়ারি। শুটিং শুরু হয়েছিল অস্ট্রিলিয়ার সিডনি শহর থেকে। শনিবার শেষ হল পূবাইলে। এদিন সকাল থেকে সেখানে ছবির শেষ দৃশ্যের শুটিং হয়। অংশ নেন শাকিব খান, বুবলী ও টাইগার রবিসহ অন্যান্য অভিনয়শিল্পীরা।

    অ্যাকশন থ্রিলার ‘সুপারহিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। প্রযোজনা করেছে হার্ট বিট প্রোডাকশন। আসছে রোজার ঈদে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে, ‘সুপারহিরো’ হবে শাকিব-বুবলী জুটির ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি। তার আগে আজ রবিবার রাত সাড়ে ১১টায় ছবিটির টিজার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

    ‘সুপারহিরো’ ছাড়াও শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা। সম্প্রতি এই ছবিটি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর পঞ্চম মুক্তিপ্রাপ্ত ছবি। এটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। প্রযোজনায় রয়েছে শাপলা মিডিয়া।

    এদিকে আগামী মঙ্গলবার কক্সবাজারে শুরু হচ্ছে শাকিব-বুবলী জুটির নতুন আরো একটি ছবি ‘ক্যাপ্টেন খান’-এর দ্বিতীয় লটের শুটিং। দুই সপ্তাহ শুটিং চলবে এখানে। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।  শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে কলকাতার আশিষ বিদ্যার্থী ও পায়েল মুখার্জিও অভিনয় করছেন।