Category: বিনোদন

  • শাকিবে মুগ্ধ কলকাতার পায়েল

    শাকিবে মুগ্ধ কলকাতার পায়েল

    বাংলা চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। শুধু এই সময়েরই নয়, গত প্রায় এক দশক ধরে তিনিই ঢালিউডের এক নম্বর নায়ক। যার বিকল্প মেলেনি এখনও। সেই শাকিব খান এখন বেশির ভাগ ছবিই করছেন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার। কাজ করেছেন কলকাতার একক ছবিতেও। যার কারণে ওপার বাংলায়ও সম্প্রতি তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন।

    কলকাতার পরিচালক, প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে গত দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন সুপারস্টার শাকিব খান। এরই মধ্যে শ্রাবন্তী, শুভশ্রী গাঙ্গুলী, নুসরাত জাহানদের মতো প্রথমসারির নায়িকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তারও অনেক আগে তিনি কাজ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। শাকিব অভিনীত কলকাতার শেষ সিনেমা ‘চালবাজ’। যেটিতে তার নায়িকা শুভশ্রী। ইতিমধ্যেই ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। পহেলা বৈশাখে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    এরই মধ্যে শুরু হয়ে গেছে শাকিবের নতুন ছবি ‘ভাইজান এলো রে’-এর শুটিং। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। এই ছবিতে কলকাতার এক জোড়া নায়িকার সঙ্গে অভিনয় করছেন শাকিব খান। তারা হলেন শ্রাবন্তী ও পায়েল সরকার। দুজনেই কলকাতার নামকরা নায়িকা। এদের মধ্যে শ্রাবন্তীর সঙ্গে ২০১৬ সালে ‘শিকারি’ ছবিতে অভিনয় করলেও পায়েলের সঙ্গে শাকিবের এটি প্রথম কাজ।

    কিন্তু নতুন খবর হচ্ছে, শাকিবের সঙ্গে দুদিন কাজ করেই তার ভক্ত হয়ে গেছেন কলকাতার অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বলেছেন, ‘শাকিবের মতো ও রকম ডিসেন্ট হিরো আমি খুব কমই দেখেছি। কী যে ভাল দেখতে! সহ-অভিনেতাকে খুবই সম্মান করে সে।’

    ‘ভাইজান এলো রে’ পরিচালনা করছেন জয়দীপ মুখার্জী। জয়দীপের পরিচালনায় শাকিবের একটি চতুর্থ কাজ। এর আগে ‘শিকারি’, ‘নবাব’, ও ‘চালবাজ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় দেখা যাবে শাকিব খানকে। আগামী ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে তিন সুপারস্টারের ছবি ‘ভাইজান এলো রে’।

    ২৮ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এই ছবির গল্প। এমনটাই জানিয়েছেন পরিচালক জয়দীপ মুখার্জী। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কলকাতার শান্তিলাল মুখোপাধ্যায়। ওপার বাংলা থেকে আরও রয়েছেন রজতাভ দত্ত, সাগ্নিক, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্তের মতো অভিনয়শিল্পরা। অন্যদিকে, বাংলাদেশ থেকে আছেন দীপা খন্দকার ও মনিরা মিঠু প্রমুখ।

  • এবার প্রযোজনায় পরীমনি

    এবার প্রযোজনায় পরীমনি

    বাংলা চলচ্চিত্রে অভিনয় দিয়ে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী পরীমনি। এবার অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছেন হালের এ অভিনেত্রী। নাম দিয়েছেন ‘সোনার তরি মাল্টিমিডিয়া।’ রবীন্দ্রনাথের কবিতা থেকে নাম পছন্দের বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই।

     গতকাল এ খবর জানাতে এবং তার কর্মপরিকল্পনার কথা উল্লেখ করতে বিএফডিসি’র ৭ নং ফ্লোরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরীমনি বলেন, ‘প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রতিষ্ঠানটির নাম রেখেছি। সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই। ঢাকাই ছবির উন্নয়নে ভূমিকা রাখার জন্যই ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ভালো কিছুই হবে। এ কাজে সবাইকে পাশে পাব।’

    সোনার তরীর প্রথম ছবির নাম, নির্মাতা এবং কোনো ধরনের গল্প নিয়ে ছবি নির্মিত হবে এ বিষয়ে শিগগিরই জানানোর কথা দিয়ে পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের বাঁক বদলের জন্য ভালো ছবির বিকল্প নেই। ভালো ছবি নির্মিত হচ্ছে না এমন নয়, কিন্তু তার সংখ্যা খুব একটা বড় নয়। সে সংখ্যা আরও বাড়ানো যায় কি-না, সে চেষ্টা থেকেই প্রযোজনায় আসা।’

    পরীমনির নতুন ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। এছাড়া রয়েছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

  • শ্রীদেবীর জীবনী নিয়ে ছবি বানাবেন বনি কাপুর

    শ্রীদেবীর জীবনী নিয়ে ছবি বানাবেন বনি কাপুর

    বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জীবনী নিয়ে তথ্যচিত্র বানাবেন তার স্বামী ও প্রযোজক বনি কাপুর। নিজের খুব কাছের বন্ধু শেখর কাপুরের পরিচালনায় তথ্যচিত্রটি বানানো হবে। তথ্যচিত্রটিতে কী কী বিষয় থাকবে এ নিয়ে মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। আজ বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস জানায়,তথ্যচিত্রটিতে শ্রীদেবীর দুর্লভ ছবি দেখানো হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এশিয়ান এজ। তার জীবনে গুরুত্ব রেখেছে এমন খুব কাছের মানুষদের কণ্ঠও থাকবে সেখানে। প্রতিবেদনে আরও বলা হয়, শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে রটা নানান গুজবের অবসানও মিটবে বনি কাপুর নির্মিত ওই তথ্যচিত্রের মাধ্যমে। এর আগে শ্রীদেবীর জীবনী নিয়ে নির্মাতা রাম গোপাল ভার্মা তথ্যচিত্র বানাবেন বলে খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। তবে তথ্যচিত্র নির্মাণের কথা নিজ মুখে স্বীকার করেননি ওই পরিচালক। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয় অভিনেত্রী শ্রীদেবীর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডপাড়া ও ভক্তদের মাঝে।

  • ‘বিরল রোগে’ আক্রান্ত ইরফান খান!

    ‘বিরল রোগে’ আক্রান্ত ইরফান খান!

    বলিউডে যে কজনের অভিনয় একটু আলাদা চোখে দেখা হয় তাদের মধ্যে ইরফান খান একজন। বেছে বেছে নিজের পছন্দমতো ছবিতে অভিনয় করেন এই তারকা। এ কারণে সাফল্যও কম পাননি জীবনে। সেই ইরফান খান জানালেন, অভিনয়ের ক্ষেত্রে তিনি যেমন আলাদা রাখতে চান নিজেকে, তেমনই ভিন্ন ধরনের এক রোগে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে রোগটিকে বিরল বলে আখ্যায়িত করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, গত ১৫ দিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন ইরফান। তখন গণমাধ্যমগুলোতে খবর আসে জন্ডিসে আক্রান্ত তিনি। তবে ইরফানের টুইট থেকে বিষয়টি আরও জটিল বলেই ধারণা হচ্ছে। টুইটে ইরফান খান লেখেন, ‘কখনও কখনও ঘুম থেকে উঠে দেখবেন জীবনটা একটা কম্পনের মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৫ দিনে আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছে। আমি জানতেই পারিনি যে এমন একটি বিরল রোগ আমার শরীরে বাসা বাঁধবে। তবে আমি হাল ছাড়িনি এবং আমি সবসময় লড়াই করে যাবো।’ পরিবার এবং বন্ধুরা সঙ্গে আছেন জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি এক সপ্তাহের মধ্যে আমার সব খবর আপনাদের জনাবো। কারণ ১০ দিন আমাকে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য দোওয়া করবেন।’ বিশাল ভজদ্বারের পরবর্তী ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে। তবে ইরফানের পাশাপাশি দীপিকাও কাধের চোটের কারণে অসুস্থ। দুজনই সুস্থ হয়ে ফিরে আসলে তবেই শুটিংয়ের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ওই ছবির নির্মাতা।

  • এবার যমজ ছেলের মা হলেন সানি লিওন

    এবার যমজ ছেলের মা হলেন সানি লিওন

    দ্বিতীয় বার মাতৃসুখ পেলেন অভিনেত্রী সানি লিওন। নিশার পরে এবার যমজ ছেলের মাতৃত্বের দায়িত্ব তার কাঁধে। এ খবর দিয়েছে কলকাতার এবেলা.ইন। সোমবার সকালেই ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট করে নিজের সদ্যজাতকদের কথা জানিয়েছেন সানি। পোস্টে তিনি লিখেছেন, ‘ভগবানের অশেষ কৃপা আমাদের উপরে। ২১ জুন ২০১৭ আমি আর ড্যানিয়াল জানতে পারি যে, আমাদের যমজ সন্তান হতে চলেছে।

    দীর্ঘদিন ধরে আমরা আমাদের পরিবারকে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। কয়েক সপ্তাহ আগেই আমাদের জীবনে এসেছে ওরা। আশের সিংহ উইবার, নোয়া সিংহ উইবার এবং নিশা সিংহ উইবার- আমার এই তিন সন্তানের জন্য আজ আমার পরিবার পূর্ণ হল। তিন সন্তানের বাবা-মা হতে পেরে আমি আর ড্যানিয়াল খুবই খুশি।’ গর্ভধারণ না করেও তিন সন্তানের মা হলেন অভিনেত্রী। গত বছরেই নিশাকে দত্তক নিয়েছিলেন উইবার দম্পতি। আবার নতুন বছরের শুরুতেই কোল আলো করে এল দুই ছেলে। সারোগেসির মাধ্যমেই তাদের এই যমজ ছেলের জন্ম হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানিয়েছেন সানি এবং ড্যানিয়াল।

  • শ্রীদেবী অন্য পেশায়ও যুক্ত ছিলেন

    শ্রীদেবী অন্য পেশায়ও যুক্ত ছিলেন

    তিন বছর বয়স থেকে অভিনয় করে আসছিলেন শ্রীদেবী। আজ তার যে নাম, যশ, প্রতিপত্তি সবই সিনেদুনিয়ার দৌলতে। কিন্তু অভিনয় ছাড়াও অন্য এক পেশার সঙ্গে যুক্ত ছিলেন নায়িকা! যা তিনি নিজের জন্য নয়, অন্যের জন্য করতেন। ছবি আঁকতে খুব ভালোবাসতেন এ অভিনেত্রী। সময় পেলেই বসে পড়তেন রঙ তুলি নিয়ে। ক্যানভাসে আঁকা সেসব ছবি বাজারে বিক্রি হত চড়া দামে।যা বিভিন্ন চ্যারিটির কাজে ব্যয় করতেন অভিনেত্রী। এ খবর দিয়েছে কলকাতা২৪। এ খবরে আরো বলা হয়, বিয়ের অনুষ্ঠান শেষ করে পরিবারের সবাই মুম্বই ফিরে এলেও শ্রীদেবী থেকে যান তার ছবির নিলামের জন্য। আগামী মাসে দুবাইতে তার আঁকা ছবির নিলাম ছিল। যার জন্য দুটি ছবি এঁকেছিলেন তিনি। একটি মাইকেল জ্যাকসনের। অন্যটি সোনম কাপুরের। ছবির দাম ছিল ৮ থেকে ১০ লাখ টাকা। এই সংক্রান্ত কাজের জন্যই সেদিন থেকে যান শ্রীদেবী। যদিও সেই থাকাই হল শেষ। ঘরে ফেরা হল না নায়িকার।