Category: বিনোদন

  • ফেসবুক আইডি ডিলিট করলেন ফারহান

    ফেসবুক আইডি ডিলিট করলেন ফারহান

    বিনোদন: ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর এবার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছেন ভারতের অভিনেতা ও পরিচালক ফারহান আখতার।
    ৪৪ বছর বয়সী এই অভিনেতা সোমবার সকালে এক টুইটে জানান, তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করেছেন। যদিও তার ভেরিফাইড ‘ফারহান আখতার লাইভ’ পেজটি সচল রয়েছে।
    ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে ব্যবহারের অভিযোগ নিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে ফেসবুক। এর আগে হোয়াটসঅ্যাপের এক প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন জানান, ফেসবুক ডিলিট করার সময় এসেছে। তিনি #ফবষবঃবভধপবনড়ড়শ হ্যাশট্যাগ ব্যবহার করেন এক টুইটে।
    এ ছাড়াও বিশ্বজুড়ে অনেক তারকা তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করেছেন।
    ক্যামব্রিজ অ্যানালিটিকা ডাটা ফার্মটি ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর অজান্তেই তাদের তথ্য সংগ্রহ করেছে, এটা জানার পর থেকে ফেসবুকের সুনাম কমে আসছে দ্রুত।
    বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে ক্যামব্রিজ অ্যানালিটিকা ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যালায়েন্স (এসসিএল) নামের দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে। এ ঘটনায় নিজেদের দায় অস্বীকার করেছে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকা। এরপরেও চলতি সপ্তাহে স্টক মার্কেটে ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্য হারিয়েছে ফেসবুক।
    সূত্র: এনডিটিভি

  • স্বাধীনতা দিবসে ‘সাহস’ নিয়ে তৌকীর

    স্বাধীনতা দিবসে ‘সাহস’ নিয়ে তৌকীর

     বিনোদন: জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ সম্প্রতি অভিনয় করলেন স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘সাহস’ এ। ফেদারম্যান মিডিয়া প্রযোজিত ও ওয়াহিদ পলাশ পরিচালিত এই নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গুঞ্জন রহমান। রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বরজাহানের মুখে শোনা সত্য ঘটনা অবলম্বনে রচিত ও নির্মিত হয়েছে ‘সাহস’ নাটকটি। আসছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় রাত ৯টায় প্রচার হবে নাটকটি। নাটকটির গল্পে দেখা যাবে ১৯৭১ সালে জাহিদ (তৌকীর আহমেদ) যুদ্ধে যেতে পারেনি। সে তখন রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নির ছাত্র।
    তার সহপাঠীদের অনেকেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে যায় যুদ্ধের ট্রেনিং নিতে। জাহিদ থেকে যায়। একদিন সে হোস্টেল থেকে বাইরে আসে। সেখানে দোকানদার মকবুল (নরেশ ভূঁইয়া)কে পায়। তার সঙ্গে জাহিদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে থাকে। একটা সময় জনশূন্য ক্যাম্পাসে ক্যান্টিন বয় শাহাব আসে। আর কাউকে না পেয়ে জাহিদকে মিলিটারি ক্যাম্পে নিয়ে যেতে চায়। হোস্টেলের সামনে এসে দাঁড়ায় জীপ। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে তুলে নেয়া হয় সেই জীপে। আর বলা হয়, জাহিদকে তাদের দরকার। তাদের বাহিনীর যে ডাক্তার ছিলেন, তিনি ফিরে গেছেন। রিপ্লেসমেন্ট এখনো এসে পৌঁছায়নি। আপৎকালীন জাহিদকে তাই পালন করতে হবে আহতদের চিকিৎসার দায়িত্ব। হঠাৎ কী থেকে কী হয়ে যায়! এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকটিতে তৌকীর আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শাহাদাৎ হোসেন, শশাঙ্ক সাহা, চারু সাইফুল, গুঞ্জন রহমানসহ আরো অনেকে।

  • দুই বছর পর দিলরুবা

    দুই বছর পর দিলরুবা

    বিনোদন: দু’বছর পর আবার অভিনয় করছেন দর্শকপ্রিয় উপস্থাপক দিলরুবা সাথী। রেজানুর রহমানের রচনা ও নির্দেশনায় তিনি অভিনয় করছেন স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি ‘এইমাত্র পাওয়া খবর’-এ। গতকাল সকাল থেকে রাজধানীর উত্তরায় টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাজীব সালেহীন। টেলিছবির গল্পে দিলরুবা সাথীর চরিত্রের নাম সুবর্ণা। যে একজন মঞ্চকর্মী এবং বুদ্ধিজীবী পরিবারের সন্তান।
    সোহান নামের যে ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব সে রাজাকার পরিবারের সন্তান। এই নিয়েই দ্বন্দ্ব এবং শেষতক মেয়েটাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। আবারো রেজানুর রহমানের নির্দেশনায় অভিনয় প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, দু’বছর আগে রেজানুর রহমান ভাইয়ের নির্দেশনায়ই কাজ করেছিলাম। তারই নির্দেশনায় আবারো অভিনয় করছি। টেলিছবির গল্প এবং এতে শিল্পীদের অভিনয় আশা করছি দর্শকের ভালো লাগবে। আসছে স্বাধীনতা দিবসে টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। প্রসঙ্গত, দিলরুবা সাথী সর্বশেষ দু’বছর আগে রেজানুর রহমানের নির্দেশনায় ‘সাইরেন’ টেলিছবিতে অভিনয় করেছিলেন। এদিকে এ পর্দাকন্যা চ্যানেল আইতে প্রচার চলতি অনন্যা রুমার প্রযোজনায় ‘তারকা কথন’, ‘গানে গানে সকাল শুরু’, ‘আমার যত গান’-এর নিয়মিত উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন বিশেষ দিবসের নানা অনুষ্ঠানও উপস্থাপনা করেন।

  • আহত আলিয়া, শুটিং বন্ধ

    আহত আলিয়া, শুটিং বন্ধ

    পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

    বর্তমানে এই ছবির শুটিং চলছে বুলগেরিয়ায়। সেখানেই শুটিংয়ের সময়ে চোট পেয়েছেন ছবির নায়িকা আলিয়া ভাট। বুলগেরিয়ার তুষার-সাদা সেটে প্রচণ্ড ঠান্ডার ভেতরেই গত কয়েক সপ্তাহ ধরে ছবির শুটিং চলছে। সেখানেই একটি স্ট্যান্ট করতে গিয়ে ডান কাঁধ এবং হাতে চোট পান আলিয়া। চিকিৎসকরা তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত হাতে ব্যান্ডেজ বেঁধে থাকতে হচ্ছে সবে ২৫-এ পা দেয়া এই নায়িকাকে।

    এদিকে আলিয়ার জন্মদিনে বিশেষ পার্টির আয়োজিন করেছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। শুটি সেটের ভেতরে ছবি তোলার অনুমতি না থাকলেও, সেটের বাইরে দেদার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা। তবে আপাতত তার চোটে শুটিংয়ের কাজে বড়সড় ধাক্কা খেয়েছে।

    ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও মৌনি রায়। মৌনি ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন। তবে এই ছবিকে ঘিরে শুরু হয়েছে একটি নতুন গুঞ্জন। কানাঘোষা চলছে, প্রাক্তণ প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ব্রেকআপের পর রণবীরের প্রেমে মজেছেন ভাটকন্যা। যদিও এ নিয়ে আলিয়া বা রণবীর কেউই কোনো প্রতিক্রিয়া দেননি।

  • নয়া রূপে ইয়ামি

    নয়া রূপে ইয়ামি

    চলতি সময়ের বলিউড অভিনেত্রীদের মধ্যে ইয়ামি গৌতম অন্যতম। এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন। এসব ছবিতে সাধারণ তরুণী রূপেই ইয়ামিকে আবিষ্কার করা গেছে। তবে এবার তিনি আসছেন নয়া রূপে। এরই মধ্যে নতুন ছবির অনেকখানি কাজ শেষ করেছেন এ নায়িকা। ছবির নাম ‘বাত্তি গুল মিটার চালু’। এ ছবিতে আবেদনময়ী রূপে হাজির হবেন ইয়ামি। পুরো ছবিতেই খোলামেলা হয়ে পর্দায় উপস্থিত হবেন ইয়ামি। জানা গেছে, ছবির একটি গানের শুটিং সম্প্রতি করা হয়েছে বেশ গোপনে। একটি পাঁচ তারকা হোটেলের বাথটাবে এ গানটির শুটিং করা হয়েছে। আর এ গানে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ইয়ামি। এর আগে কখনো এরকম রূপে দেখা যায়নি তাকে। খবরটি ইয়ামি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, আমার নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। রোমান্টিক একটি ছবি। তবে এখানে সুপারহট ইয়ামিকে আবিষ্কার করা যাবে। একটি গানের শুটিং করলাম বাথটাবের মধ্যে। অভিজ্ঞতা দারুণ। আশা করছি হট এ গানটিও সবাই পছন্দ করবেন।

  • টুইটে নিজের ‘বিরল’ রোগের কথা জানালেন ইরফান

    টুইটে নিজের ‘বিরল’ রোগের কথা জানালেন ইরফান

    বলিউড অভিনেতা ইরফান খানের অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন থেকেই জল্পনা চলছিল। কী বিরল অসুখ হয়েছে তার। তা জানা যাচ্ছিল না কোনোভাবেই। ভক্তসহ বলিউড অঙ্গনে কিছুটা দু:খের কালো মেঘ দেখা দিয়েছিল। ঠিক এমন সময়েই এক টুইট বার্তায় নিজের অসুস্থতার কারণ জানালেন বাংলাদেশে ‘ডুব’ সিনেমায় অভিনয় করা এ তারকা।

    তিনি জানান, ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ ধরা পড়েছে তার শরীরে। চিকিৎসার জন্য দ্রুত বিদেশ যাবেন তিনি।

    কিছু দিন আগে আচমকাই টুইট করে ইরফান জানিয়েছিলেন তিনি ভালো নেই। কোনও এক বিরল রোগে আক্রান্ত তিনি। অনুরোধ করেছিলেন, এ নিয়ে যেন গুজব না ছড়ায়। যদিও তাতে উল্টোটাই হয়েছিল। ইরফানের অসুস্থতা নিয়ে শুরু হয়ে যায় নানাবিধ জল্পনা।

    ইরফান লিখেছেন, ‘অপ্রত্যাশিত কিছু ঘটনা আমাদের আরও পরিণত করে তোলে, ঠিক যেমনটা গত ক’দিন ধরে আমার সঙ্গে ঘটছে। জানতে পেরেছি আমার ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ হয়েছে। সত্যিই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে আমার চারপাশে থাকা মানুষগুলোর ভালবাসা আমাকে শক্তি জোগাচ্ছে। নিজের মনের জোরও রাখছি। চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। সবাইকে অনুরোধ, পাশে থাকুন।’

    অভিনেতা নিজেই জানিয়েছেন, যে পরিমাণ জল্পনা হচ্ছে তার রোগ নিয়ে, ‘নিউরো’ শুনেই কেউ যেন ব্রেনের অসুখ না ভাবেন। এ-ও লিখেছেন, ‘সব চেয়ে সহজ, গুগল করে দেখে নিন।’

    চিকিৎসকরাও জানিয়েছেন, ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’ শরীরের যে কোনও জায়গায় হতে পারে। তবে মূলত অন্ত্র, ফুসফুস, অগ্ন্যাশয় ও এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলোতে হয়। এন্ডোক্রিন গ্ল্যান্ড ও স্নায়ুতন্ত্র থেকে এই ধরনের টিউমার তৈরি হয়।’

    স্নায়ু বিশেষজ্ঞ তৃষিত রায় জানিয়েছেন, ‘টিউমারগুলো থেকে ‘সেরোটনিন’ নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যার ফলে রোগীর শরীরে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। যেমন, আচমকা রক্তচাপ বেড়ে যাওয়া, অস্বাভাবিক মাত্রায় বুক ধড়ফড়, হট-ফ্লাশ। শরীরের ঠিক কোন জায়গায় টিউমারটি হয়েছে, তার উপরেও নির্ভর করে উপসর্গ ঠিক কী হবে। যেমন, অন্ত্রে হলে ডায়েরিয়ার মতো রোগ হতে পারে।’

    তৃষিত জানিয়েছেন, এ ধরনের টিউমার ঠিক কার্সিনোমা অর্থাৎ ক্যানসার নয়। একে ‘কার্সিনয়েড’ (কার্সিনোমার মতো) বলে। প্রথম থেকে ঠিক মতো চিকিৎসা হলে রোগীর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

    তবে যেহেতু ইরফানের ঠিক কোন ধরনের নিউরোএন্ডোক্রিন টিউমার হয়েছে জানা নেই, তাই এ নিয়ে বিশদ বলতে রাজি নন চিকিৎসকেরা। তাদের কথায়,‘ওঁর রোগ সম্পর্কে বিস্তারিত না জেনে নতুন করে জল্পনা না করাই ভাল।’

    সূত্র: আনন্দবাজার