Category: আন্তর্জাতিক

  • ভারতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

    ভারতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

    ভারতের কেরালায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে রাজ্য সরকার। এর আগেও ভারতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তের খবর সংবাদ মাধ্যমে এলেও এবারই প্রথম সরকার রোগী সনাক্তের কথা স্বীকার করলো।

    বিবৃতিতে বলা হয়, ওই রোগীকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় অন্তত ৪০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া দিল্লি ও মুম্বাইয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আলাদা ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ জানুয়ারির পর যারা চীন থেকে এসেছেন, তাদের মধ্যে কারও মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

    উল্লেখ্য, করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭শ’ ৭১ জন।

  • ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতেই সিএএ: মোদি

    ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতেই সিএএ: মোদি

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ঐতিহাসিক অবিচারকে সংশোধন করতে এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের প্রতিশ্রুতি পূরণ করতেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আনা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে এনসিসি সমাবেশে সিএএ’র পক্ষে বক্তব্য রাখেন মোদি। খবর এনডিটিভি’র

    সমাবেশে মোদি আরও বলেন, দেশভাগের সময় দেশে একটি বিভেদ রেখা টানা হয়েছিল। যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়েছিল। সিএএ’র ফলে ওই বিভেদ ভাঙ্গা হবে বলে মনে করেন মোদি।

    সিএএ পাসের পর থেকেই বিরোধী দলগুলো একে সংবিধানের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবিষয়ে মোদি বলেন, ‘যারা সংবিধানের কথা বলছে তারাই একদিন সংবিধানকে বাতিলের কাতারে ফেলে দিয়েছিল।’ সিএএ নিয়ে বিরোধী দলগুলো ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’ করছেন বলেও মন্তব্য করেন মোদি।

    উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যসভায় পাস হয়। এই আইনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আগত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

  • জেলে যৌন নির্যাতনের অভিযোগ নির্ভয়ার খুনির

    জেলে যৌন নির্যাতনের অভিযোগ নির্ভয়ার খুনির

    জেলে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন নির্ভয়া হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির একজন মুকেশ কুমার সিং। তাদের ফাঁসি হতে আর মাত্র চারদিন বাকি। এই সময়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ।

    ফাঁসির রায় প্রকাশের পর মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলে সে আবেদন নাকচ করে দেন রাম নাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে মুকেশ। মঙ্গলবার রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুকেশের আইনজীবী বলেন, রাষ্ট্রপতির কাছে মুকেশের ডিএনএ নমুনা উপস্থাপন করা হয়নি। তাছাড়া রাষ্ট্রপতি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ করেন ওই আইনজীবী।

    এসময় তিনি আদালতকে জানান, তিহাড় জেলে মুকেশকে যৌন নির্যাতন ও মারধর করা হয়েছে। এসব কারণ দেখিয়ে মুকেশের মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করার আর্জি জানান আইনজীবী অঞ্জনা প্রকাশ।

    মঙ্গলবারের শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। উচ্চ আদালত আগামীকাল বুধবার আসামির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

    উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে বাসের মধ্যে প্যারাম্যাডিক শিক্ষার্থী নির্ভয়াকে ছয়জন মিলে ধর্ষণ করে। পরে তাকে বাস থেকে ছুড়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হওয়া নির্ভয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত। এই ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের এক জন মারা যাওয়ায় তাকে মামলার বাইরে রাখা হয় এবং আরেকজন ওই সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। বাকি চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। আগামী ১ ফেব্রুয়ারি তাদের ফাঁসির রায় কার্যকর হবার কথা রয়েছে।

  • দেনার দায়ে বিক্রি হচ্ছে ‘এয়ার ইন্ডিয়া’

    দেনার দায়ে বিক্রি হচ্ছে ‘এয়ার ইন্ডিয়া’

    ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বেশ কয়েকবছর ধরে লোকসানের মুখে রয়েছে সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি বিক্রির কথা জানিয়েছে সরকার। খবর এনডিটিভি’র

    এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। গত কয়েক বছর ধরে দেনার দায়ে জর্জরিত রাষ্ট্রীয় সংস্থাটি। ২০১৮ সালে সংস্থাটির দেনা ছিল ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। ফলে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তখন কেউই কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি।

    বেসরকারিকরণ ছাড়া এয়ার ইন্ডিয়াকে বাঁচানো সম্ভব নয় বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, দেশের মধ্যে এবং বিভিন্ন আন্তর্জাতিক রুটে চলা এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়া কেনার জন্যে প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য হয়েছে ১৭ মার্চ।

    তবে বিক্রির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে সরকার। যে সব সংস্থা বা ব্যক্তি এই নিলামে অংশ নিতে চায় তাদেরকে সংস্থার অন্যান্য দায়দায়িত্বের পাশাপাশি ৩ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝাও নিতে হবে। তাছাড়া এই নিলামের পর ভারতীয় সংস্থা বা ব্যক্তির অধীনেই থাকতে হবে এয়ার ইন্ডিয়ার মালিকানা।

  • ঝড়ে বিপর্যস্ত ব্রাজিল, নিহত বেড়ে ৫৩

    ঝড়ে বিপর্যস্ত ব্রাজিল, নিহত বেড়ে ৫৩

    ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন।

    এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

    স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে।

  • অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস, মৃতের সংখ্যা বাড়ছে

    অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস, মৃতের সংখ্যা বাড়ছে

    অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটাই নতুন ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী বলে আজ শনিবার নিশ্চিত করেছে দেশটি। ভাইরাসটির উৎসস্থল চীনের হুবেই প্রদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। এদিকে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ায় শনাক্ত হওয়া রোগী ৫০ বছর বয়সী একজন চীনা নাগরিক। তিনি উহান শহরে ছিলেন, যেখানে ভাইরাসটি প্রথম দেখা দেয়। গত ১৯ জানুয়ারি তিনি চীনের গুয়াংজু থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আসেন। তিনি এখন মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেনি মিকাকস সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যাঞ্জি বোন বলেছেন, রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেই। তাঁর অবস্থা অতটা গুরুতর নয়, স্থিতিশীল। করোনাভাইরাসে মৃতের সংখ্যা এ পর্যন্ত ৪১ জনে পৌঁছেছে। বিশ্বজুড়ে আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ৩০০-র বেশি। আক্রান্ত ও মৃত লোকজনের বেশির ভাগই উহান শহরের। ওই শহরে চীনা কর্তৃপক্ষ ভ্রমণ এবং একসঙ্গে অনেক লোকের সমাগত হওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভাইরাসটি সতর্ক হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। এটিকে ঘিরে অনেক তথ্যই অজানা রয়ে গেছে। যেমন এটি কতটা বিপজ্জনক এবং এটা কতটা সহজে মানুষের মধ্যে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের নিউমোনিয়া দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে তা ভয়াবহ আকার ধারণ করে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের স্থান দিতে দ্রুত হাসপাতাল নির্মাণ করছে চীন। ছবি: এএফপিআজ হুবেই প্রদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে এক বিবৃতি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, হুবেই প্রদেশের উহান এবং আরও কয়েকটি শহরে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি কেউ হুবেই প্রদেশে এখন ভ্রমণে যান, তবে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত তাঁকে সে স্থান ছেড়ে আসার অনুমতি দেওয়া হবে না। চীনের নাগরিকদের ভ্রমণের জন্য অস্ট্রেলিয়া জনপ্রিয় একটি স্থান। গত বছর চীন থেকে স্বল্প সময়ের ভ্রমণে অস্ট্রেলিয়া গেছেন ১৪ লাখ মানুষ। অস্ট্রেলিয়ার বিদেশি দর্শনার্থীদের সবচেয়ে বড় উৎস চীন। চীনে মৃতের সংখ্যা বাড়ছে আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, চীনের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫ জন মারা গেছেন। দেশটিতে ১ হাজার ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছে ৪১ জন। চীনের নতুন বর্ষ উদ্‌যাপনের সময় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিল। চীনের নববর্ষ দেশটির সবচেয়ে বড় উৎসবের একটি। নববর্ষ উপলক্ষে গৃহীত অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উহান শহরে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। চীনের গণমাধ্যমে বলা হয়েছে, এক হাজার শয্যার হাসপাতালটি ছয় দিনের মধ্যে প্রস্তুত হতে পারে। ৩৫টি খননযন্ত্র ও ১০টি বুলডোজার কাজ করছে সেখানে।