Category: আন্তর্জাতিক

  • কাশ্মীরে বন্দীদের ছেড়ে দিতে বললো যুক্তরাষ্ট্র

    কাশ্মীরে বন্দীদের ছেড়ে দিতে বললো যুক্তরাষ্ট্র

    জম্মু-কাশ্মীরে নির্দিষ্ট অভিযোগ ছাড়াই যে রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই কথা বলেন মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস।

    সম্প্রতি ১৫ দেশের কূটনীতিকদের সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে ঘুরে গিয়েছেন অ্যালিস। দিল্লিতে রাইসিনা আলোচনাতেও অংশ নিয়েছিলেন তিনি। তারপর নিজ দেশে ফিরে এমন মন্তব্য করলেন তিনি।

    অ্যালিস ওয়েলস বলেন, ‘কাশ্মীরে ইন্টারনেট সেবা আংশিকভাবে চালু হওয়ার পদক্ষেপ দেখে আমি সন্তুষ্ট। তবে আমরা আমাদের কূটনীতিকদের সেখানে নিয়মিত প্রবেশের অনুমতি দেওয়ার জন্যে এবং বিনা অভিযোগে আটক নেতাদের মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে ভারত সরকারকে অনুরোধ করছি।’

    সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত গণতান্ত্রিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধীরা সব রাস্তায় নেমে এসেছেন। সংবাদমাধ্যমে তা নিয়ে জোর আলোচনা চলছে। আদালত পর্যন্তও গড়িয়েছে বিষয়টি। আইনত সকলের সমান সুরক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

  • ইরানি হামলায় ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত

    ইরানি হামলায় ৩৪ মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত

    ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত (ট্রমাটিক ব্রেন ইনজুরি) পাওয়া ৩৪ সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, আহত আরও ১৭ জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হতাহতের কথা অস্বীকার করেছিলেন। ট্রাম্প বলেন, ইরানের জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার জবাবে ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন নাগরিকের কোনো ক্ষতি হয়নি। ৮ জানুয়ারি ইরানের হামলার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। এর আগে ওই হামলায় ৮০ জন নিহত হয় বলে দাবি করে ইরান। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরান গুটিয়ে গেছে বলে মনে হচ্ছে। দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দেন তিনি।

    ট্রাম্প বলেন, ইরানের হামলায় কোনো মার্কিন বা ইরাকির প্রাণহানি হয়নি। ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

    গত সপ্তাহে পেন্টাগন বলেছে, আক্রান্ত হওয়ার পর ১১ জনকে মাথার নানা সমস্যার চিকিত্সা করা হয়েছিল।

    সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পকে হামলার ঘটনায় হতাহতের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শুনেছি কারও মাথাব্যথা বা অন্য কিছু সমস্যা হয়েছে। তবে আমি অবশ্যই জোর দিয়ে বলতে পারি তা গুরুতর কিছু নয়।’

    সম্ভাব্য ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) প্রসঙ্গে ট্রাম্প বলেন, `আমি অন্যান্য যেসব আহত হওয়ার ঘটনা জানি, সে তুলনায় এগুলো মারাত্মক কিছু নয়।’

    পেন্টাগন জানিয়েছে, ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সময় সব সেনা বাংকারে ছিলেন বলে কারও কোনো ক্ষতি হয়নি।

    গত শুক্রবার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জোনাথন হফম্যান বলেছেন, আহত ৮ সেনাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে। ৯ জনকে জার্মানিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ১৬ জনকে ইরাকে ও একজনকে কুয়েতে চিকিৎসা দেওয়া হয়। তাঁরা আবার সেনাবাহিনীতে যুক্ত হয়েছেন।

    হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহত লোকজন সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানতেন না।

    ইরাক অ্যান্ড আফগানিস্তান ভেটেরান্স অব আমেরিকা নামের একটি অলাভজনক সংস্থা হতাহতের মাত্রা প্রকাশে দীর্ঘ সময় নেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের নিন্দা জানিয়েছে।

    ওই সংস্থার প্রতিষ্ঠাতা পল রিকফ বলেন, এটা অনেক বড় কিছু। মার্কিন নাগরিকদের অবশ্যই তথ্য সরবরাহের ক্ষেত্রে সরকারকে বিশ্বাস করতে হবে। যুদ্ধে ট্রমাটিক ব্রেন ইনজুরির ঘটনা প্রায়ই ঘটে।

    গতকাল শুক্রবার ইরাকের হাজার হাজার মানুষ দেশটিতে ৫ হাজার বিদেশি সেনার উপস্থিতি নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে।

    ইরাকের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি যোদ্ধাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

  • শক্তিশালী ঝড় গ্লোরিয়ার আঘাতে স্পেনে নিহত ১৩

    শক্তিশালী ঝড় গ্লোরিয়ার আঘাতে স্পেনে নিহত ১৩

    শক্তিশালী ঝড় গ্লোরিয়ার আঘাতে স্পেনে ১৩ জন নিহত হয়েছেন। এ ঝড়ে এখন পর্যন্ত চার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে স্পেনের পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

    বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা পরিদর্শন করেছে। এদিকে শুক্রবার এই ঝড় ক্ষয়-ক্ষতি মোকাবেলায় করণীয় নিয়ে স্পেন সরকারে বৈঠকে বসার কথা রয়েছে ।

    ফ্রান্সের স্থানীয় আবহাওয়াবিদদের মতে ‘গ্লোরিয়া’ এই অঞ্চলে ১৯৮২ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।

  • অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহতরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক

    অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্তে নিহতরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক

    অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্নোয়ি মাউন্টেনে’র কাছে দমকল বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতরা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার।

    নিহতরা হলেন ইয়ান ম্যাকবেথ(৪৫), পল ক্লাই হুডসন(৪৩) এবং রিক অ্যা ডিমর্গান(৪৪)। এদিকে কেন এই দমকল বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে সেই কারণ এখনো জানা যায়নি। তবে এ নিয়ে তদন্তে নেমেছে অস্ট্রেলিয়া সরকার।

    গত বৃহস্পতিবার দাবানলের আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া দমকলবাহিনীর বিমান সি-১৩০ বিধ্বস্ত হয়। এদিকে গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।

  • ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চলছে: মমতা

    ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কারের চেষ্টা চলছে: মমতা

    ভারতে ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, নেতাজি হিন্দু মহাসভার ‘বিভাজনমূলক রাজনীতির’ বিরোধিতা করেছিলেন, তিনি বরাবরই ধর্মনিরপেক্ষ ও ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেছিলেন। দার্জিলিংয়ে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথাগুলো বলেন তিনি।

    এ সময় নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার জন্যে ফের দাবি জানিয়ে এই তৃণমূল নেত্রী বলেন, ‘হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, নেপালি- সবার পাশে দাঁড়াতেন নেতাজি। সওয়াল করতেন ধর্মনিরপেক্ষতার পক্ষে।’

    এ সময় মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন ধর্মনিরপেক্ষদের দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা চলছে। আর এমন করে হিন্দু ধর্মেরই বদনাম করছে বিজেপি। . . .সুভাষ চন্দ্র বসু বরাবরই সমস্ত ধর্মকে সম্মান করার কথা বলেছেন, এবার তাই ঐক্যবদ্ধ ভারতের পক্ষে লড়াই করেই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমাদের।

  • ‘ট্রাম্পকে হত্যায়’ ৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা

    ‘ট্রাম্পকে হত্যায়’ ৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা

    একজন ইরানি আইন প্রণেতা মঙ্গলবার শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানী হত্যার প্রতিশোধে ‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে’ তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ এ কথা জানায়। খবর এএফপির।

    আহমাদ হামজাহ নামে স্বল্পখ্যাত মজলিশ সদস্য, কেরমানবাসীর পক্ষ থেকে এ ঘোষণা দেন। কাসেম সোলেমানীর নিজের শহর কেরমান এবং সেখানেই তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন।

    কেরমানের দক্ষিণাঞ্চলীয় নগরী কানৌজ কান্টির প্রতিনিধি হামজার বক্তব্য উদ্ধৃত করে আইএসএনএ এ কথা জানায়। তিনি বলেন, ‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে’ আমরা তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবো।’ সংসদ নির্বাচনের একমাস আগে তিনি এ ঘোষণা দিলেন। অবশ্য এই পুরস্কারের টাকা কে দিবে এ সম্পর্কে তিনি কিছু বলেননি।

    ইরানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব সোলায়মানি, গত ৩ জানুয়ারি বাগদাদের বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।