Category: আন্তর্জাতিক

  • ২১ সৌদি সেনাকে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

    ২১ সৌদি সেনাকে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

    জিহাদি কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সৌদি সেনাবাহিনীর শিক্ষানবীশ ২১ সদস্যকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।সোমবার এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। খবর আল জাজিরার।

    গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় সৌদি সেনাবাহিনীর সেকেন্ড লেফট্যানেন্ট মোহাম্মেদ সাইদ আলশামরানি। ওই ঘটনায় তিন জন নিহত এবং আট জন আহত হন।

    মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার জানান, বহিষ্কার হওয়া ২১ সেনা সদস্য বিমান ঘাঁটিতে হামলায় অভিযুক্ত ২১ বছর বয়সী মোহাম্মেদ সাইদ আলশামরানির সাথে জড়িত নন। তবে তাদের কাছ থেকে জিহাদী জিনিসপত্র উদ্ধার করা হয়েছে ।

    এছাড়াও বার আরো বলেন, এই ঘটনার তদন্তে মার্কিন সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সহায়তা দিয়েছে। বহিষ্কৃত হওয়া সেনা সদস্যদের দুয়েক দিনের মধ্যে দেশে পাঠিয়ে দেয়া হবে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে ৮৫০ জনেরও বেশি সৌদি সামরিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।

  • বিমান বিধ্বস্ত নিয়ে ইরানের পরিষ্কার জবাব চায় কানাডা

    বিমান বিধ্বস্ত নিয়ে ইরানের পরিষ্কার জবাব চায় কানাডা

    তেহরানের ইমাম খামেনি বিমান বন্দর থেকে উড্ডয়নের পরই ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের পরিষ্কার জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ইতিমধ্যে ইরান এই বিমান বিধ্বস্তের ঘটনাকে মানবিক ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছে।সোমবার কানাডার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে জাস্টিন ট্রুডো এই বিমান দুর্ঘটনার জন্য মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকেও দায়ী করেন। খবর আল জাজিরার।

    সাক্ষাতকারে ট্রুডো বলেন, সাম্প্রতিক তৈরি হওয়া অস্থিরতা যদি ওই অঞ্চলে না থাকতো তাহলে যে সব কানাডিয়ান প্রাণ হারিয়েছেন তারা এখনও তাদের পরিবারের সঙ্গে থাকতো।

    এ সময় ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার আগে একটি সতর্ক বার্তা দেয়া উচিত ছিল বলেও মনে করেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। ট্রুডো বলেন, এই ঘটনায় সঠিক বিচারের প্রয়োজন। এবং প্রত্যাশা করা হচ্ছে ইরান সরকার খুব সাবধানতার সঙ্গে এটি করবে।

    উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরানের খামিনি বিমানবন্দর থেকে ইউক্রেনগামী বিমান উড্ডয়নের সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৭৬ যাত্রী ও ক্রুর সবাই প্রাণ হারান। তাদের মধ্যে ইরানের ৮২, কানাডার ৬৩, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, চারজন আফগানিস্তান, তিনজন জার্মানি এবং অপর তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন। ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।

  • ধর্মযাজকদের বিয়ের বিপক্ষে সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট

    ধর্মযাজকদের বিয়ের বিপক্ষে সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট

    ‘ধর্মযাজকদের বিয়ে’ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট। সম্প্রতি প্রকাশিত এক বইয়ে ধর্মযাজকদের বিয়ের বিরোধিতা করে বর্তমান পোপ ফ্রান্সিসকে সতর্কও করেছেন তিনি।

    বিবিসি জানায়, কার্ডিনাল রবার্ট সারা’র সঙ্গে যৌথভাবে প্রকাশিত এক বইতে খ্রিস্টীয় ধর্মযাজকদের বিয়ের প্রসঙ্গে কথা বলেন সাবেক এই পোপ।

    ২০১৩ সালে অবসর গ্রহণ করা এই পোপ বলেন, ‘এই বিষয়ে আমি চুপ করে বসে থাকতে পারি না।’

    বইতে পোপ ষোড়শ বেনেডিক্ট লেখেন, চার্চের শত শত বছরের ঐতিহ্য ধর্মযাজকদের বিয়ে না করার প্রথা। এর গুরুত্ব অনেক। এর কারণে ধর্মযাজকেরা নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে পারেন।

    ৯২ বছর বয়সী সাবেক এই পোপ বলেন, একজনের পক্ষে উভয় বিষয়ে (ধর্মযাজকতা ও বিয়ে) পারদর্শী হওয়া সম্ভব নয়।

    অবশ্য ৬০০ বছরের ইতিহাসে প্রথম পোপ হিসেবে অবসরে যাওয়া ষোড়শ বেনেডিক্টের কাছ থেকে ঐতিহ্যবাহী প্রথায় টিকে থাকার কথা অনেকের কাছেই দ্ব্যর্থবোধক বলে মনে হচ্ছে।

  • গরুকে স্পর্শ করলেই মনের নেতিবাচক জিনিসগুলো কমে যাবে: মহারাষ্ট্রের মন্ত্রী

    গরুকে স্পর্শ করলেই মনের নেতিবাচক জিনিসগুলো কমে যাবে: মহারাষ্ট্রের মন্ত্রী

    মনের নেতিবাচক জিনিসগুলো দূরে সরাতে চান?‌ তাহলে গরুকে ছুঁয়ে দেখতে পারেন। তাহলেই মনের সমস্ত নেতিবাচক জিনিসগুলো দূরে সরে যাবে। ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যান দপ্তরের মন্ত্রী যশোমতী ঠাকুর শনিবার অমরাবতীতে একটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।

    অনুষ্ঠানে তিনি বলেন, ‘‌আমাদের সংস্কৃতিতে একথা বলা রয়েছে যে, আপনি যদি কোনও গরুকে স্পর্শ করেন, তাহলে আপনার মনের ভিতর থাকা সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে।’

    এমন মন্তব্য করে ইতিমধ্যে খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় এই নারী।

    এছাড়া সম্প্রতি মহারাষ্ট্রের ভাসিমে জেলা পরিষদের ভোটের সময় প্রচারে এসেছিলেন কংগ্রেসের এই নেত্রী। সেখানেও তিনি বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন।

    সেসময় তিনি বলেন, আমরা সবেমাত্র ক্ষমতায় এসেছি। শপথ নিয়েছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি। তিনি আরও বলেছিলেন, ভোটাররা বিরোধীদের কাছ থেকে টাকা নিতেই পারেন। কিন্তু ভোটটা তাঁদের কংগ্রেসকেই দেওয়া উচিত।‌

    এর আগেও গরু নিয়ে ভারতের বিভিন্ন মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছেন যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

  • ‘ভুল করে’ নিউক্লিয়ার প্লান্টের জরুরি সতর্কবার্তা কানাডায়

    ‘ভুল করে’ নিউক্লিয়ার প্লান্টের জরুরি সতর্কবার্তা কানাডায়

    ইরান-যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে যখন বিশ্বে অস্থিরতা, তার মাঝে কানাডার অন্টোরিও প্রদেশে হঠাৎ করেই সকলের মোবাইলে এলো নিউক্লিয়ার প্লান্ট নিয়ে জরুরি সতর্কবার্তা। বার্তায় বলা হয়, ‘পিকারিং নিউক্লিয়ার জেনারেশন স্টেশনে কিছু ত্রুটি দেখা দেয়ায় এর ১০ কিলোমিটার এলাকায় থাকা সকলকে নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য বলা হচ্ছে।’

    অবশ্য এই বার্তা স্থানীয়দের আতঙ্কিত করে তোলার ২ ঘণ্টা পরে পৃথক এক বার্তায় জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পূর্ববর্তী বার্তা সকলের কাছে প্রেরণ করা হয়েছে। নিউক্লিয়ার প্লান্টে কোন ত্রুটি দেখা দেয়নি।

    এ বিষয়ে পিকারিংয়ের মেয়র ডেভ রায়ান এ ধরণের বার্তা আসার কারণ খুঁজে দেখার জন্য ‘পূর্ণ তদন্তের’ দাবি জানান। অন্টারিও প্রাদেশিক সরকারের জরুরি বিভাগ থেকে এই বার্তাগুলো প্রেরণ করা হয়।

    টুইটারে মেয়র রায়ান লেখেন, সকালে এমন একটি সতর্কবার্তা পেয়ে আপনাদের অনেকের মত আমিও দুশ্চিন্তায় ছিলাম। কোন বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়নি জেনে আমার দুশ্চিন্তা দূর হয়েছে। কিন্তু ভুল করে এমন এক বার্তা আসায় আমি দুঃখিত।

  • বেতন ১ ডলার বাড়ালে আত্মহত্যা কমবে শতকরা ৬ ভাগ

    বেতন ১ ডলার বাড়ালে আত্মহত্যা কমবে শতকরা ৬ ভাগ

    সর্বনিম্ন আয় শ্রেণীতে থাকা মানুষের বেতন ১ ডলার বাড়ালে তাদের আত্মহত্যা প্রবণতা শতকরা ৩.৫ ভাগ থেকে ৬ ভাগ পর্যন্ত হ্রাস পায় বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাইস্কুলে যাদের শিক্ষা জীবন শেষ হয়েছে এমন মানুষের ক্ষেত্রে বেতন ১ ডলার বাড়ালে তাদের আত্মহত্যা প্রবণতা কমে যায়।

    গবেষকরা ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতি ঘণ্টায় ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের আয়ের হিসেব খুঁজে বের করে। বিভিন্ন রাজ্যে প্রতি ঘণ্টার আয়ের ভিন্নতা এবং আয় অনুসারে আত্মহত্যার প্রবণতা যাচাই করে তারা এর ফলাফল প্রকাশ করে।

    গবেষণায় দেখা যায়, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৭৮ বার সর্বনিম্ন আয়ের পরিবর্তন করা হয়। সেখানে দেখা যায়, ঘণ্টায় ১ ডলার আয় বাড়ায় আত্মহত্যা প্রবণতা হ্রাস পেয়েছে ৩.৫ থেকে ৬ ভাগ।

    অবশ্য শিক্ষিতদের ক্ষেত্রে এই প্রক্রিয়া ঠিকমত কাজ করে না।

    এমোরি বিশ্ববিদ্যালয়ের রলিনস স্কুলের গণ স্বাস্থ্য বিভাগে কাজ করা গবেষণা দলের প্রধান জন কাফমেন বলেন, সর্বনিম্ন আয়ের আইন নিম্ন আয় করে যাওয়া এ সকল মানুষের সম্পদ ও স্বাস্থ্য বিষয়ে সরাসরি ভূমিকা রাখে। আর সে কারণেই এই আয়ে হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে বা কমবে তাদের হতাশা ও আত্মহত্যা প্রবণতা।

    তিনি আরো বলেন, আয়ের হ্রাস-বৃদ্ধি যেভাবে মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব রাখে তা থেকে স্পষ্ট যে, ব্যক্তিক পর্যায়ে বা পরিবার ভিত্তিক যে কোন পরিবর্তন এনে হতাশা ও আত্মহত্যা প্রবণতা হ্রাস করার চাইতে আয় বাড়িয়ে এই প্রবণতা হ্রাস আরো সহজ হবে।

    গবেষণায় আরো দেখা যায়, ১৯৯০ থেকে ২০১৫ সালে হাই স্কুল পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৯৯ হাজার ২০৬ জন আত্মহত্যা করেছেন। অন্যদিকে কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন করাদের মধ্যে আত্মহত্যা করেছে ১ লাখ ৪০ হাজার ১৭৬ জন। ডেইলি মেইল।