Category: আন্তর্জাতিক

  • চীনে উইঘুর সেই অধ্যাপক কোথায়?

    চীনে উইঘুর সেই অধ্যাপক কোথায়?

    চীনের জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের প্রধান তাশপোলাত তাইয়িপ ২০১৭ সাল পর্যন্ত আদর্শ এক শিক্ষাবিদ ছিলেন। সে বছর বেমালুম নিখোঁজ হন তিনি। চীনা কর্মকর্তারাও এ ব্যাপারে কোনো কথা বলেননি। বন্ধুদের বিশ্বাস, গোপন এক বিচারের পর অধ্যাপক তাইয়িপকে বিচ্ছিন্নবাদীর অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

    অধ্যাপক তাইয়িপ মুসলিম উইঘুর সম্প্রদায়ের সদস্য। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, উইঘুর বুদ্ধিজীবী হিসেবে তিনি অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। চীন বলছে, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী হুমকি মোকাবিলার অংশ হিসেবে তারা এ নিপীড়ন চালাচ্ছে।

    ‘দ্য পিপলস রিপাবলিক অব দ্য ডিসঅ্যাপিয়ার্ড’ বইয়ের লেখক ও গবেষক মাইকেল কাস্টার বিবিসিকে বলেন, শতাধিক উইঘুর শিক্ষাবিদ এবং পেশাজীবী এই অভ্যন্তরীণ অভিযানে হারিয়ে গেছেন। এ অভিযান সাম্প্রদায়িক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এটি সাংস্কৃতিক গণহত্যার সমতুল্য।

    সহযোগী শিক্ষাবিদেরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এখনো আটক অবস্থায় জীবিত থাকলে অধ্যাপক তাইয়িপ খুব শিগগিরই মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন।

    তাশপোলাত তাইয়িপ কে?
    নিখোঁজ হওয়ার আগপর্যন্ত তাশপোলাত তাইয়িপ জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের নামকরা অধ্যাপক ছিলেন। জিনজিয়াং বিশ্ববিদ্যালয় অন্যান্য চীনা বিশ্ববিদ্যালয়ের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

    জিনজিয়াংয়ের স্থানীয় উইঘুর সম্প্রদায়ের সদস্য তাইয়িপ নিজের প্রদেশে ভূগোল নিয়ে পড়াশোনা করেন। জাপানে উচ্চতর পর্যায়ের পড়ালেখা শেষে শিক্ষকতার জন্য স্বদেশে ফিরে আসেন। আন্তর্জাতিক একাডেমিক বলয়গুলোতে তিনি সক্রিয় ছিলেন। ফ্রান্স থেকে সম্মানজনক উপাধিতে ভূষিত হন। নিজের ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন।

    তাইয়িপ চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ২০১০ সালে তিনি জিনজিয়াং বিশ্ববিদ্যালয়ের সভাপতি হন। নিখোঁজ হওয়া অবধি তিনি এই পদেই অধিষ্ঠিত ছিলেন।

    তাইয়িপ কীভাবে নিখোঁজ হলেন?
    অধ্যাপক তাইয়িপের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা সম্পূর্ণ গোপন রাখা হয়। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তার আনুষ্ঠানিক কোনো রেকর্ড নেই।

    বন্ধুরা জানিয়েছেন, ২০১৭ সালে একটি সম্মেলনে অংশ নিতে এবং জার্মান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম চালু করতে ইউরোপ যাচ্ছিলেন তিনি। তবে বেইজিং বিমানবন্দরে তাঁকে থামানো হয়। তাঁকে জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে ফিরে যাওয়ার কথা বলা হয়। এরপর তাঁর আর কোনো হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাইয়িপের সাবেক এক সহকর্মী।

    তাইয়িপ আর কখনো বাড়ি ফেরেননি। এর পরপরই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বন্ধু এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়।

    সাবেক ওই সহকর্মী জানান, একসময় তাইয়িপের পরিবার খবর পায়, বিচ্ছিন্নবাদীর অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে চীন কখনো এ মামলার বিষয়ে কিছুই নিশ্চিত করেনি।

    তাশপোলাত তাইয়িপ এখন কোথায়?
    জাতিসংঘের বিশেষজ্ঞ ও অধিকার সংস্থাগুলো বলছে, চীন প্রায় ১০ লাখ উইঘুর এবং অন্যান্য মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের আটকশিবিরে বন্দী করে রেখেছে।

    চীন এ অভিযানের কথা অস্বীকার করেনি। তবে তারা বলেছে, আটককৃতদের ‘পুনঃশিক্ষা’ কার্যক্রম চালিয়ে চীন সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ রোধ করছে। তাদের মূলধারার চীনা সমাজে আরও ভালোভাবে সংহত করতে সহায়তা করছে।

    অধ্যাপক তাইয়িপের বন্ধুরা বলছেন, জিনজিয়াংয়ে প্রিয়জনের সঙ্গে যোগাযোগের সময় কর্তৃপক্ষের চোখ এড়াতে সাংকেতিক শব্দ ব্যবহার করতে হয়। এমনকি ফোনে হোয়াটসঅ্যাপ থাকার কারণে অনেককে আটক করা হয়েছে বলে খবর রয়েছে।

    সাবেক ওই সহকর্মী বলেন, ‘কারও সঙ্গে কথা বলার সময় আমরা তার নাম ধরে ডাকি না। যেমন, আমরা জিজ্ঞেস করি রোগী কেমন আছে, চিকিৎসকেরা রোগ ধরতে পেরেছে কি না, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কি না ইত্যাদি। একমাত্র এভাবেই আত্মীয়রা আমাদের কিছু বলতে পারে।’

    তাইয়িপের পরিবারের বিশ্বাস, তিনি এখনো বেঁচে আছেন। তারা শুনেছে, আটককেন্দ্রগুলোতে বিচ্ছিন্নবাদের অভিযোগে অভিযুক্তদের তাইয়িপসহ অন্যান্য শিক্ষাবিদের প্রোপাগান্ডা ভিডিওগুলো ভীতিজনক উদাহরণ হিসেবে দেখানো হয়।

    কাস্টার বলেছেন, গোপন ন্যায়বিচার ব্যবস্থায় গুম হওয়ার ব্যাপারটি প্রচলিত হয়ে দাঁড়িয়েছে। চাইনিজ সরকার চায় না তাইয়িপ সম্পর্কে কেউ কিছু জানুক।

    তাইয়িপ নিখোঁজ হওয়ার পর থেকে সমর্থকেরা বারবার এ মামলার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এ মাসের শুরুতে, আমেরিকান অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফারের (এএজি) আয়োজনে সারা বিশ্বের ১ হাজার ৩০০ জন শিক্ষাবিদ তাঁর মুক্তির দাবিতে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।

    সেপ্টেম্বরে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারকে ‘গোপন এবং চূড়ান্তভাবে অন্যায়’ বলে অভিহিত করেছে। আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার জন্য চীনকে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

    চীনের জিনজিয়াং প্রদেশে এ পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষাবিদ গায়েব হয়ে গেছেন। সিএনএনের খবরে জানানো হয়, চীনের ওই আটককেন্দ্রগুলোতে আগে বন্দী ছিলেন এমন কয়েকজন জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির আদর্শে দীক্ষিত হওয়ার নামে ক্যাম্পগুলোতে তাঁদের ওপর চরম নির্যাতন চালানো হয়। তবে প্রথমে চীন এমন আটক শিবিরের কথা অস্বীকার করেছিল। কিন্তু পরে চীন এগুলোকে বৃত্তিমূলক শিক্ষাকেন্দ্র হিসেবে অভিহিত করেছে।

  • পাক আতঙ্কে সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত

    পাক আতঙ্কে সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত

    পাকিস্তান সমর্থিত কথিত জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গত দুই মাস ধরে মোতায়েনকৃত সেনাদের সংখ্যা বাড়িয়েছে দেশটি।

    ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বরাতে রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

    নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানান, সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার পর যে ক্ষোভ জনগণের মধ্যে ছিল তা কমে আসছে। কিন্তু জঙ্গিদের মাধ্যমে সীমান্তের এপারের এলাকা অস্থিতিশীল করতে পাকিস্তান চেষ্টা করছে।

    তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য না জানালেও নিয়ন্ত্রণ রেখায় কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত।

    এর আগে পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের একটি ড্রোন ঢুকে পড়ার পর সতর্ক অবস্থান নিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এক সপ্তাহের মধ্যে পাঞ্জাবে অন্তত ৮টি ড্রোন প্রবেশের কথা জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। এসব ড্রোনে ৮০ কেজি অস্ত্র পাকিস্তানভিত্তিক খালিস্তানি গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি ভারতের।

  • মহাকাশে যাওয়া প্রথম আরব হাজ্জাজ আল-মানসুরি

    মহাকাশে যাওয়া প্রথম আরব হাজ্জাজ আল-মানসুরি

    ইতিহাস গড়েছেন আরব আমিরাতের হাজ্জাজ আল-মানসুরি। কারণ তিনিই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম আরব। আট দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে ৩ অক্টোবর পৃথিবীতে ফেরেন তিনি।

    পরে রাশিয়া থেকে শনিবার আবুধাবি পৌঁছান। সেখানে হাজ্জাজকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়। তাতে স্বয়ং উপস্থিত ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন যায়েদ আল-নাহিয়ান।

    বিমান থেকে নামার পর হাজ্জাজকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দুই পাশে শতাধিক নারী, পুরুষ ও শিশুর সরব উপস্থিতি ছিল। শিশুরা তাদের দেশের প্রথম মহাকাশচারীকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। সে সময় একদল পুরুষ ঐতিহ্যবাহী ইয়োলা নাচের মাধ্যমে তাকে স্বাগত জানান।

    হাজ্জাজের মহাকাশ সফরের সময়সীমা ছিল মাত্র আট দিন। অবশ্য আমিরাতের বড় পরিকল্পনার অংশ হিসেবে অল্প কয়েকদিনের জন্যই মহাকাশে যান তিনি। ২০২১ সালের মধ্যে মঙ্গল গ্রহের কক্ষপথে মহাকাশ যান পাঠাতে চায় আমিরাত।

    ৩৫ বছরের হাজ্জাজ আমিরাতের বিমানবাহিনীর সাবেক পাইলট। তার মহাকাশে যাওয়ার বিষয়টি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মহাকাশ জয় করতে মস্কোর একটি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন হাজ্জাজ।

  • উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

    উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

    ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

    সোমবার সকালে প্রদেশটির মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

    স্থানীয় প্রশাসন জানায়, মউ জেলার মহাম্মদবাদ এলাকায় দোতলা ওই বাড়ির ভেতরে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বাড়িটি ধসে এ হতাহতের ঘটনা ঘটে। বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

    স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটি থেকে তীব্র বিস্ফোরণের শব্দ শোনার পরেই সেখান থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখেন তারা।

    ধ্বংসাবশেষে মানুষজন আটকা পড়েছেন কিনা তা খতিয়ে দেখার জন্য ভেঙে পড়া বাড়ির মধ্যে উদ্ধার অভিযান চলছে।

    এই দুর্ঘটনায় মৃতদের জন্য শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে জেলা কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন।

  • কবিতা লিখলেন মোদি

    কবিতা লিখলেন মোদি

    সম্প্রতি সমুদ্রসৈকতে হেঁটে ময়লা পরিস্কার করেছেন। সেই ছবি রাতারাতি ভাইরাল হয়েছে। এবার সেদিনের সেই অভিজ্ঞতা থেকে কবিতা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা লেখেন তিনি। কবিতার নাম দিয়েছেন- ‘আমার অনুভুতির জগতের সঙ্গে কথোকথন’। হিন্দিতে লেখা ওই কবিতায় সূর্যের সঙ্গে সমুদ্রের ও ঢেউয়ের সঙ্গে এর বেদনার সম্পর্ক তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে দু’দিনের তামিলনাড়ু সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনেই সন্ত্রাসবাদের মোকাবিলা, বিনিয়োগ থেকে শুরু করে বাণিজ্য এবং দুই দেশের সম্পর্ক আরো মজবুত করা নিয়ে আলোচনা হয়। শি জিনপিং যখন ভারতে ছিলেন, সেই সময় সকালে হাঁটা এবং সমুদ্রের তীরে আবর্জনা পরিষ্কার করে দিন শুরু করার ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৩০ মিনিট ধরে আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি কিছুটা ব্যায়ামও করেন মোদি। টুইটারে ৩ মিনিটের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন নরেন্দ্র মোদি। ওইদিন সকালে প্রধানমন্ত্রীর পরণে ছিল একটি সাধারন টি-শার্ট এবং ট্রাক প্যান্ট।

    এদিকে গতকাল প্রধানমন্ত্রী মোদি জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি সাহস থাকে তাহলে পাল্টে দেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা কী মনে করেন, এটা ফিরিয়ে আনতে কারো উত্সাহ আছে? যদি তারা সাহস দেখান, তাহলে তাদের রাজনৈতিক অস্বিত্ব থাকবে? ধারণা করা হচ্ছে, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।

  • হাগিবিসে বিধ্বস্ত জাপান, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

    হাগিবিসে বিধ্বস্ত জাপান, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

    জাপানে আঘাত হানা ভয়াবহ টাইফুনে অন্তত ৩৫ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৭ জন। হাগিবিস নামের ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের জেরে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী। খবর জাপান টাইমস ও এনডিটিভির

    গতকাল রবিবার সকালে ঝড় কিছুটা দুর্বল হলেও এর জেরে ধ্বংস কিছু কম হয়নি। বাতিল করা হয়েছে রাগবি বিশ্বকাপের আরো একটা ম্যাচ। প্রবল বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাপানের নাগানোতে। চিকুমা নদীর জলোচ্ছ্বাসের জেরে আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত। বাড়ির তিন তলা পর্যন্ত বন্যার পানি উঠে গেছে। দুর্যোগ পীড়িত মানুষদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করছে জাপানের সেনাবাহিনী।

    বাড়ির ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে তোয়ালে নেড়ে সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে দুর্গতদের। নাগানো শহরের এক জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ইয়াসুহিরো ইয়ামাগুচি জানিয়েছেন, এক রাতে ৪২৭টি বাড়ির ১ হাজার ৪১৭ জনকে সরানো হয়েছে। আরো কত বাড়ি বন্যা কবলিত তা স্পষ্ট নয়। আকাশপথে তোলা ফুটেজে দেখা গেছে, নাগানো শহরে পানিতে প্রায় অর্ধেক ডুবে গেছে বুলেট ট্রেন।

    হাগিবিসের জেরে ইতোমধ্যেই প্রায় তিন লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টোকিওর সঙ্গে সংযোগকারী সমস্ত বিমানের ফ্লাইট রবিবার সকাল পর্যন্ত বাতিল করা হয়। সরকার ৬ লাখ বাসিন্দাকে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।

    আবহাওয়া দপ্তরের হিসাবে, ৮৭০ মাইল এলাকাজুড়ে এগোতে থাকা ওই টাইফুনের জেরে তীব্র ঝড়ো বাতাস বইবে। ১৯৫৮ সালে আঘাত হানা টাইফুনে প্রায় ১২শ’ মানুষ প্রাণ হারিয়েছিলেন। তীব্রতায় হাগিবিস তার সমকক্ষ হলেও হতাহত আগের মতো হবে না বলে ধারণা বিশেষজ্ঞদের।