Category: আন্তর্জাতিক

  • সিরিয়ায় তুরস্কের হামলা: পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক

    সিরিয়ায় তুরস্কের হামলা: পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক

    সিরিয়ায় তুর্কি বাহিনীর বিমান ও কামান হামলার কারণে হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এতে মানবিক সংকটের আশংকা বেড়ে যাচ্ছে। খবর এএফপির।

    কুর্দিদের আগের মিত্র ওয়াশিংটনের চরম বিশ্বাসঘাতকতার অংশ হিসেবে দেখা এই হামলার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত দেয়ার অভিযোগ আড়াল করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, তুরস্ক ও কুর্দি গ্রুপের মধ্যে ওয়াশিংটন মধ্যস্থতার দায়িত্ব পালন করতে পারে। এদিকে এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প আমেরিকার কূটনীতিকদেকে অস্ত্রবিরতির মধ্যস্থতার করার কথা বলেছেন।

    এদিকে তুরস্কের হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। তাদের এ অভিযানের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে সেখানে এ বিষয়ে আলোচনা করা হয়।

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস এ সহিংসতা বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। এদিকে নিরাপত্তা পরিষদের ইউরোপীয় পাঁচ সদস্য দেশ এ সামরিক অভিযান বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।

  • স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলেন ইরানি নারীরা

    স্টেডিয়ামে প্রবেশাধিকার পেলেন ইরানি নারীরা

    ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশাধিকার পেয়েছেন ইরানি নারীরা। দীর্ঘ চার দশক পর এমন সুযোগ পেলেন তারা। শুধু পুরুষরাই স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন- ইরানের এমন রক্ষণশীল নীতির বিরোধিতা করে ফিফা দেশটিকে বহিস্কারের হুমিক দেয়। এরপরই নারীদের জন্য স্টেডিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় তেহরান।

    বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে তেহরানের আজাদি স্টেডিয়ামে। এই ম্যাচটি দেখার জন্য ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন অনেক ইরানি নারী। খবর এএফপির।

    ইরানে প্রায় ৪০ বছর ধরে ফুটবল ও অন্যান্য স্টেডিয়ামে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির আলেমদের যুক্তি, নারীদের অবশ্যই পুরুষদের বেশি উপস্থিতি রয়েছে এমন পরিবেশ এবং স্বল্প পোশাক পরা পুরুষদের নজর থেকে দূরে থাকা উচিত। তবে বিশ্ব ফুটবলের পরিচালনা পরিষদ ফিফা গত মাসে ইরানকে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই টিকিটের চাহিদা অনুযায়ী নারীদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে হবে বলে নির্দেশনা দেয়।

    মূলত সাহার খোদায়ারি নামে এক নারী ফুটবল ভক্ত গত মাসে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যাওয়ার পর ফিফা এ ঘোষণা দেয়। ‘ব্লু গার্ল’ হিসেবে পরিচিতি পাওয়া সাহার তার পছন্দের ক্লাবের একটি ম্যাচ দেখতে ছেলেদের পোশাক পরে স্টেডিয়ামে ঢোকেন। পরে ধরা পড়ে যান তিনি। কিন্তু জেলে যাওয়ার ভয়ে তিনি গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যান।

    বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে তেহরানে মাঠে নামবে ইরান। নারীদের মধ্যে ম্যাচটি নিয়ে দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এই টিকিটের প্রথম ব্যাচ এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। অতিরিক্ত আসনও খুব দ্রুত বিক্রি হয়ে গেছে। টিকিট পেতে নারীদের মধ্যে দারুণ আগ্রহ লক্ষ্য করা গেছে।

    টিকিট পাওয়া নারীদের অন্যতম ক্রীড়া সাংবাদিক রাহা পুর্বাখশ। তিনি জানান, ‘এত বছর ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পর এই প্রথম মাঠে বসে খেলা দেখতে পারব। এটা দারুণ ব্যাপার।’

  • পারমাণবিক অস্ত্র ব্যবহার ইসলামে হারাম: খামেনি

    পারমাণবিক অস্ত্র ব্যবহার ইসলামে হারাম: খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনে সক্ষম, তবে সেটি তৈরি করা হবে না। কারণ পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইসলামে নিষিদ্ধ। বুধবার দেশটির তরুণ বিজ্ঞানীরা দেখা করতে গেলে ইরানের সর্বোচ্চ এই নেতা এমন মন্তব্য করেন। খামেনির কার্যালয়ের টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় বলা হয়েছে, এটার ব্যবহার যেহেতু হারাম, সে জন্য এই অস্ত্রের উৎপাদন এবং মজুদ দুটিই ঠিক নয়। খবর এপপ্রেস ট্রিবিউনের।

    ইরানের সর্বোচ্চ নেতা বলেন, পরমাণু বোমা উৎপাদন বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো অর্থ ব্যয় করছে না তেহরান। এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন না করার ব্যাপারে তিনি যে ফতোয়া দিয়েছেন, সে কথা স্মরণ করে নিজের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেন।

    দেশটির প্রায় দুই হাজার তরুণ বিজ্ঞানীর উদ্দেশে তিনি বলেন, পরমাণু বোমা তৈরি করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইসলামী অনুশাসনের ভিত্তিতে আমি পরমাণু অস্ত্র ব্যবহারকে হারাম ঘোষণা করেছি। কাজেই যে অস্ত্র ব্যবহার সম্পূর্ণ হারাম, সে অস্ত্র তৈরি বা সংরক্ষণে পুঁজি বিনিয়োগ করার কোনো অর্থ হয় না।

    ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে বলে আসছে যে, তারা পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদন এবং চিকিৎসায় ব্যবহারের জন্য।

    ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যায়। ইরান পারমাণবিক চুক্তি লঙ্ঘন করে গোপনে অস্ত্র উৎপাদন করছে- এমন অভিযোগ এনে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • উত্তরপ্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমন্ত ৭ তীর্থযাত্রী নিহত

    উত্তরপ্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমন্ত ৭ তীর্থযাত্রী নিহত

    ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বাসের চাকায় পিষ্ট হয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা সাত তীর্থযাত্রী নিহত হয়েছেন।

    শুক্রবার ভোরে বুলন্দ শহরের নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

    জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ফুটপাতের উপর উঠে যায়। এসময় নিহতরা ওই ফুটপাতের উপর ঘুমিয়ে ছিলেন।

    নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু। তারা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

    প্রাথমিক তথ্য অনুসারে, নিহতরা উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা। তারা গঙ্গায় পুণ্যস্নান করতে এসেছিলেন। গঙ্গাস্নানের পর তারা নারাউড়া ঘাট থেকে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে রাত হয়ে গেলে ওই ফুটপাতে ঘুমিয়ে পড়েন তারা।

    দুর্ঘটনার পর থেকে বাসচালক নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

    মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ল শিশু ধষর্ণের দৃশ্য!

    সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ল শিশু ধষর্ণের দৃশ্য!

    ভারতের রাজস্থানে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে; ঘটনাটি ধরা পড়েছে সড়কে থাকা একটি সিসিটিভির ক্যামেরায়।

    রাজ্যের আলওয়ার জেলার ওই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

    পুলিশ সুপার প্যারিস দেশমুখ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সিসিটিভির ক্যামেরায় ওই ব্যক্তিকে এক শিশুকে ধর্ষণ করতে দেখা গেছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করে তাকে আটক করেছি।

    পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর দুর্গপূজার প্যান্ডেল থেকে লোভ দেখিয়ে ওই শিশুকে নিয়ে যাওয়া হয়। রাত ২টার দিকে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণকারী ব্যক্তির নাম গৌরভ।

    পুলিশ সুপার দেশমুখ বলেন, নির্যাতনের শিকার শিশুটির বাড়িতে গিয়েছিলাম আমরা। তার বাবা-মাকে সে বিষয়টি জানায়নি। ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতার ব্যক্তি।

    শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

  • কাল ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট

    কাল ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট

    অবশেষে চীন জানাল, প্রেসিডেন্ট সি চিন পিং ভারতে আসছেন। সফর শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে এই ঘোষণা বিস্ময়করই শুধু নয়, কেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিল, তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়েছে। দুই দিনের সফরে চীনা প্রেসিডেন্ট ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আসছেন আগামীকাল শুক্রবার। সফরের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হওয়া সত্ত্বেও বেইজিং থেকে এই বিষয়ে কিছু ঘোষণা করা হচ্ছিল না। অবশেষে সফর শুরুর ঠিক দুই দিন আগে, গতকাল বুধবার তা আনুষ্ঠানিকভাবে জানানোর সঙ্গে সঙ্গেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সি চিন পিংয়ের সফরসূচি ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফর হলেও দুই নেতার আলোচনা হবে বেসরকারি পর্যায়ে। ফলে কোনো দেশ কোনো বিষয়ে চুক্তিবদ্ধ যেমন হবে না, তেমনই কোনো যৌথ বিবৃতি জারির সম্ভাবনাও কম। ২০১৮ সালে চীনের ইউহান শহরে মোদি-সি প্রথম বেসরকারি বৈঠক হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। চেন্নাইয়ে সি চিন পিং আসবেন কি না, তা নিয়ে শেষ পর্যন্ত একটা সংশয় ছিল। কাশ্মীর নিয়ে ভারতের সর্বশেষ সিদ্ধান্ত চীনকে অবশ্যই বিস্মিত করেছিল। সেই কারণে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্য দ্বিখণ্ডিত করার পরপরই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনে গিয়ে তাঁদের আন্তর্জাতিক সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা অপরিবর্তিত থাকার কথা জানিয়ে এসেছিলেন। কাশ্মীর প্রশ্নে চীন দৃঢ়ভাবে জাতিসংঘে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। জাতিসংঘের প্রস্তাব মেনে দুই দেশকে বিবাদ মেটানোর পক্ষে মত দিয়েছিল। কিন্তু তারপর চীন তার অবস্থান বদলায়। কোনো চীনা নেতার ভারত সফর এভাবে শেষ মুহূর্তে কখনো চূড়ান্ত হয়নি। চীনের তরফে এই দোলাচলের সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে কাশ্মীর প্রশ্ন সামনে রেখে ভারতে বাড়তি গুরুত্ব পেতে চীন আগ্রহী বলে কোনো কোনো মহল মনে করছে। সি চিন পিংয়ের সাধে​র বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে ভারত এখনো রাজি হয়নি। সি চিন পিংয়ের চিন্তা রয়েছে ৫-জি নিয়েও। নিরাপত্তাজনিত কারণে চীনা কোম্পানি হুয়াওয়েকে ৫-জি ট্রায়ালে ঢুকতে না দেওয়ার বিষয়ে ভারত এখনো দ্বিধাগ্রস্ত। এ বিষয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রবল চাপ যেমন রয়েছে, ভারতের অভ্যন্তরীণ চাপও যথেষ্ট। এই বৈঠকে এই বিষয়েও সি নিশ্চিন্ত হতে চাইবেন বলে মনে করা হচ্ছে।