Category: আন্তর্জাতিক

  • লন্ডভন্ড জাপান, মৃতের সংখ্যা বাড়ছেই

    জাপানে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বাড়ছেই। শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের আঘাতে কানাগাওয়া, টোচিগি, গানমা, মিয়াগি, সাইতামা, ফুকুসিমা, ইওয়াতে, চিবা, শিজুকা এবং ইবারাকি এলাকায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    ঘূর্ণিঝড়ে ১৬ জন নিখোঁজ রয়েছে, এছাড়া আহত হয়েছে আরও ১৬৬ জন। জাপানের কেন্দ্রীয় অঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

    দেশজুড়ে ২৭ হাজার প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে জাপানের ইতিহাসে এমন প্রলয়ঙ্করী ঝড় দেখা যায় ১৯৫৮ সালে। সে বছর টাইফুন কানোগাওয়ার এক হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

    রাজধানী টোকিও ও পূর্বাঞ্চলের ওপর ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছে সুপার টাইফুন হাগিবিস। প্রলয়ঙ্করী এই ঝড়ের তাণ্ডবে টোকিওর কিছু অংশ বিপর্যস্ত হয়ে পড়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে বলছে, সুপার টাইফুন হাগিবেসের তাণ্ডবে নিখোঁজ রয়েছেন প্রায় ১৬ জন।

    এছাড়া আহত হয়েছেন আরো দেড় শতাধিক মানুষ। জাপানের মধ্য এবং পূর্বাঞ্চলের নিচু এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে যাচ্ছে। এতে এসব অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

    ঝড়ের তাণ্ডবে টোকিও ও এর আশপাশের এলাকার প্রায় ৫ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এনএইচকে বলছে, টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরে বিমানের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করা হয়েছে। এতে প্রায় ৮শ ফ্লাইটের ওঠা-নামার সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে।

    গত ৬০ বছরের মধ্যে এটাই জাপানের সবচেয়ে শক্তিশালী টাইফুন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হানে। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, টোকিও উপসাগরে পানামার একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

    এতে ১২ ক্রু সদস্য ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে তিনজন মিয়ানমারের, সাতজন চীনের এবং দু’জন ভিয়েতনামের নাগরিক। অপরদিকে স্থানীয় সময় রোববার সকালে অপর একটি জাহাজের চার ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে

  • পাকিস্তানকে ৩০০ অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে চীন

    পাকিস্তানকে ৩০০ অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে চীন

    পুলওয়ামা হামলার ঘটনা থেকে কাশ্মির সঙ্কট, সব ইস্যুতের পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। সম্প্রতি জম্মু-কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার আশ্বাসও দিয়েছে বেইজিং। এতে ভারতের সাথে চীনের সম্পর্কের বেশ অবনতি ঘটে। তবে চীনের প্রেসিডেন্টের হঠাৎ ভারত সফরে দুই দেশের সম্পর্ক সঠিক জায়গার আসবে এমনটিই ভাবা হচ্ছিল। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় পাকিস্তানকে চীনের ৩০০ ট্যাংক উপহারের ঘটনা। চীন ও ভারতের মধ্যকার চলমান শীতল সম্পর্কের জট খুলতে দু’দিনের সফরে ভারত গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার সুযোগ হিসেবে দেখছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের প্রেসিডেন্টের জন্য শুক্রবার বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। সেখানে জিনপিংয়ের রসনা তৃপ্তিতে কার্যত কোনো ধরনের কমতি ছিল না। দক্ষিণী কুইজিনের সাথে জিনপিংয়ের পরিচয় করিয়ে দিতে নৈশভোজে ছিল বিভিন্ন ধররের দক্ষিণী খাবারও। তবে ভারতের এত আপ্যায়ন সত্ত্বেও পাকিস্তানকে ৩০০ অত্যাধুনিক ট্যাংক দিতে চলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জানা গেছে, ইসলামাবাদের চাওয়া মতো পাকিস্তানের সেনাবাহিনীকে ৩০০টি ‘ভিটি-৪’ ট্যাংক তুলে দেবে বেইজিং। শুধু তাই নয়, প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও রাজি হয়েছে চীন। ফলে এবার পাকিস্তানেই তৈরি হবে ওই ট্যাংকগুলো। উল্লেখ্য, তুরস্কের আলতে, দক্ষিণ কোরিয়ার কে-২, রাশিয়ার টি-৯০ ও চীনা ভিটি-৪ ট্যাংকে আগ্রহ প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। তবে ভারতের হাতে টি-৯০ রয়েছে এবং বাকীগুলোর তুলনায় চীনা ট্যাংক অনেকটাই সস্তা। ফলে শেষমেশ ভিটি-৪ কেনার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুধু তাই নয়, কয়েকদিন আগেই চীনের গানসু প্রদেশে সামরিক মহড়া করে পাকিস্তান সেনা ও লালফৌজ। বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে সামরিক সহযোগিতা দেবে চীন। ফলে কূটনৈতিক স্তরে দিল্লি-বেইজিং আলোচনা হলেও ভারতকে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। চলতি বছরের আগস্টে জম্মু-কাশ্মির নিয়ে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ চীন। ওই পদক্ষেপে উপত্যকাকে দুই ভাগ করে কেন্দ্রীয় শাসনের অধীন করেছে নয়াদিল্লি। দু’টি অঞ্চলের একটি লাদাখ যাকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে বেইজিং। কাশ্মির ইস্যুতে প্রথম থেকেই পাকিস্তানের পক্ষে নেয়ায় চীনের ওপর অসন্তুষ্ট ভারতও। ভারত সফরের দু’দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন জিনপিং। বৈঠকের পর এক বিবৃতিতে চীন জানায়, জিনপিং ‘জম্মু ও কাশ্মিরের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ রাখছেন। শুধু তাই নয়, এ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এমন যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করছে।’ এ বিবৃতির পরেই পাল্টা উত্তর দিয়ে নয়াদিল্লি বলেছে, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।উল্লেখ্য, দেড় বছর আগে চীনের ইউহান শহরে এক রিসোর্টে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়েছিল। ভারত-চীন সম্পর্ক মজবুত করার উদ্যোগ নিয়েই ইউহানে বৈঠক করেছিলেন মোদি ও শি

  • জাপানে টাইফুন হাগিবিসের আঘাত

    জাপানে টাইফুন হাগিবিসের আঘাত

    জাপান উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাগিবিস। এটি ৬০ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

    ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি নিয়ে দেশটির মধ্যাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে শনিবার একজনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টি বয়ে নিয়ে আসা এই প্রবল ঘূর্ণিঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস এবং ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর এএফপি ও রয়টার্সের

    হাগিবিসের প্রভাবে জাপানজুড়ে ঝড়ো হাওয়া বইছে। তার সঙ্গে ভারি বৃষ্টিতে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রাজধানী টোকিওর পূর্বাঞ্চলে শনিবার ভোরে ঝড়ো বাতাসে গাড়ি উল্টে ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঝড়ে অন্তত চারজন আহত হয়েছে।

    বিবিসি জানায়, ঝড়ের প্রভাবে এরই মধ্যে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দোকানপাট, কারখানা ও ট্রেন বন্ধ রাখা হয়েছে। উপকূল থেকে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

    হাগিবিস শব্দের অর্থ ‘গতি’। ফিলিপিনো ভাষা ‘তাগালগ’ থেকে হাগিবিস শব্দটির উৎপত্তি। মাত্র এক মাস আগেই জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ফাইয়ের আঘাতে ৩০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।

    জাপানে ‘ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিপ’ এবং ‘রাগবি ওয়ার্ল্ড কাপ’-এর খেলা চলছে। উভয় খেলার আয়োজকরা শনিবারের সব ম্যাচ বাতিল ঘোষণা করেছেন। ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • নিউইয়র্কে জুয়ার ক্লাবে গুলিতে নিহত ৪

    নিউইয়র্কে জুয়ার ক্লাবে গুলিতে নিহত ৪

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অবৈধ জুয়ার ক্লাবে গোলাগুলিতে কমপকক্ষে চারজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন তিনজন।

    স্থানীয় সময় শনিবার সকালে নিউইয়র্কের ব্রুকলিনের ক্লাবে এ হতাহতের ঘটনা ঘটে। খবর রয়টার্সের

    নিউই্য়র্ক পুলিশের তদন্ত বিভাগের প্রধান ডার্মট শিহা বলেন, জরুরি নম্বর ৯১১ এ কল পেয়ে আমরা সেখানে যাই। জুয়া খেলার টাকা নিয়ে এ গোলাগুলি নাকি ডাকাতি তা তদন্ত করা হচ্ছে।

    আহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

  • প্রেমিকের সহযোগিতায় মাকে হত্যা, ২ তরুণীকে গণধোলাই

    প্রেমিকের সহযোগিতায় মাকে হত্যা, ২ তরুণীকে গণধোলাই

    প্রেমিকের সহযোগিতায় শিক্ষিকা মাকে খুন করার অভিযোগ উঠেছে দুই তরুণীর বিরুদ্ধে। শনিবার সকালে ভারতের কলকাতার রায়গঞ্জের গোয়ালপাড়ার পাঁচপুকুর এলাকায় সড়কের পাশ থেকে ওই শিক্ষিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। খবর সংবাদ প্রতিদিনের

    এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠেন। অভিযুক্ত দুই তরুণীকে গণপিটুনি দেন তারা। খবের পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    নিহত ওই শিক্ষিকার নাম কল্পনা দে সরকার (৫৩)। তার বাড়ি রায়গঞ্জের দেবীনগর দেবপুরী এলাকায়। স্থানীয় পূর্ব কলেজপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ছিলেন তিনি।

    স্থানীয়রা জানায়, ১৩ বছর আগে কল্পনার স্বামী রঞ্জিত রায় মারা যান। এরপর দুই মেয়েকে নিয়েই থাকতেন তিনি।

    স্থানীয়দের দাবি, কল্পনার বড় মেয়ে মনা রায়গঞ্জের একটি কলেজের স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী। বছর দেড়েক আগে স্থানীয় একটি ছেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে করার জন্য চাপ তৈরি করেন মনার প্রেমিক। তবে মেয়ের প্রেমিককে পছন্দ না হওয়ায় বিয়েতে বাধা দেন কল্পনা। তাতেই মায়ের সঙ্গে মনোমালিন্য তৈরি হয় মেয়ের।

    স্থানীয়দের অভিযোগ, মনোমালিন্যের জেরে শুক্রবার রাতে প্রেমিকের পরামর্শে মাথায় আঘাত করে হত্যা করেন মাকে। এরপর বস্তার মধ্যে লাশ ঢুকিয়ে মোটরসাইকেলে নিয়ে সড়কের পাশে ফেলে দেন মনার প্রেমিক। পরে শনিবার সকালে কল্পনার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

    পুলিশ সুপার সুমিত কুমার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান কেভিন ম্যাকঅ্যালিনান পদত্যাগ করেছেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক টুইটে এ তথ্য জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

    টুইটে ট্রাম্প লিখেছেন, ‘ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে কেভিন ম্যাকঅ্যালিনান অসাধারণ কাজ করেছেন। সীমান্ত ক্রসিং নিয়ে বিদ্যমান অচলাবস্থার উপায় নিয়ে আমরা একত্রে ভালো কাজ করেছি।’

    ম্যাকঅ্যালিনান পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান জানিয়ে ট্রাম্প লিখেছেন, ‘অনেক বছর ধরে সরকারি দায়িত্ব পালনের পর কেভিন এখন তার পরিবারের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করতে চান এবং তিনি চাইলে বেসরকারি খাতে কাজ করতে পারেন। চাকরি জীবনে ভালো কর্তব্য পালনের জন্য অভিনন্দন কেভিন!’

    এছাড়া আগামী সপ্তাহে ম্যাকঅ্যালিনানের উত্তরসূরী নিয়োগ করা হবে উল্লেখ করে ট্রাম্প টুইটে লিখেছেন, ‘দারুণ সব প্রার্থী আছেন তালিকায়!’

    ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চতুর্থ ব্যক্তি হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের দায়িত্ব পালন করেন কেভিন ম্যাকঅ্যালিনান।