Category: আন্তর্জাতিক

  • জাতিসংঘের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত করছে পাকিস্তান

    জাতিসংঘের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত করছে পাকিস্তান

    জাতিসংঘের তালিকাভুক্ত সশস্ত্রগোষ্ঠীগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।  মঙ্গলবার দেশটির সরকার এই প্রস্তাব পাশ করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।   

    গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। ওই হামলার পরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ভারত

    সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের  পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিদের্শনা অনুযায়ী ওই তালিকাভুক্ত ব্যক্তি ও গোষ্ঠীকে শাস্তির আওতায় আনতেই এই ব্যবস্থা।

    জাতিসংঘ জানায়, জইশ ই মোহাম্মদের সঙ্গে আফগান তালেবানের সংশ্লিষ্টতা রয়েছে। সংশ্লিষ্টতা আছে আল-কায়েদারও। ২০০১ সালে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করার প্রেক্ষিতে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে জইশ-ই  মোহাম্মদের কয়েকশ সশস্ত্র সমর্থক রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরেও তাদের সদস্য সংখ্যা উল্লেযোগ্য।

    বিবৃতিতে বলা হয়, সমর্থকরা বেশিরভাগই পাকিস্তান ও কাশ্মিরের। তবে আফগান ও আরব্ওে কিছু সদস্য আছে। মূলত কাশ্মিরেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালায়।

    জাতিসংঘের নিষেধাজ্ঞায় নেই মাসুদ আজহার। নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য সংস্থাগুলো হলো লস্কর ই তাইয়িবা, জামাত উদ দাওয়া, ফিলাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন।

  • ইসরায়েলি সহযোগিতায় পাকিস্তানে ‘ভয়ঙ্কর হামলা’র পরিকল্পনা ছিল ভারতের: ডন

    ইসরায়েলি সহযোগিতায় পাকিস্তানে ‘ভয়ঙ্কর হামলা’র পরিকল্পনা ছিল ভারতের: ডন

    বালাকোটে জয়েশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই ইসরায়েলি সহযোগিতায় পাকিস্তানে ‘ভয়ঙ্কর হামলা’র পরিকল্পনা করেছিল ভারত। সোমবার পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন একটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন।

    পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন এই সূত্রটি কয়েকজন সাংবাদিককে ভারতের ভয়ঙ্কর হামলার পরিকল্পনার বিষয়ে ব্রিফ করেছেন। সূত্রমতে, ইসরায়েলের সহযোগিতায় রাজস্থানের বিমান ঘাঁটি থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল ভারতের। কিন্তু সময় মতো গোয়েন্দা তথ্য ও গোপন যোগাযোগের ফলে ভারতের কাছে এটা স্পষ্ট হয় যে, যদি তারা এই হামলার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে উভয় দেশকে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে ফেরানো যাবে না।
    সূত্রটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই‘কে বিশ্বের অন্যতম সেরা বলে আখ্যায়িত করে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভারতের পরবর্তী পদক্ষেপ পদাতিক, বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হবে না। পাকিস্তানে ভারত জঙ্গি স্টাইলে হামলা চালাতে পারে। কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ নেবে ভারত। একই ধরনের আশঙ্কার কথা একটি সামরিক সূত্রও ডনের প্রতিবেদকের কাছে জানিয়েছিলেন।

    পুলওয়ামায় হামলার জেরে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজেদের সীমানায় দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও অভিনন্দন বর্তমান নামের এক পাইলটকে আটক করে পাকিস্তান। ’৭১-পরবর্তী সময়ে প্রথমবারের মতো পাল্টাপাল্টি বিমান হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে সদিচ্ছার প্রতীক হিসেবে আটক অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানান। শুক্রবার রাত নয়টার কিছু পরে ওই পাইলটকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে পাকিস্তান।

  • ফের পাক ড্রোন ভূপাতিত করল ভারত

    ফের পাক ড্রোন ভূপাতিত করল ভারত

    ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া একটি পাক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ভারত। সোমবার রাজস্থানের বিকানেরের নাল সেক্টরের কাছে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের একটি ড্রোন।

    আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই তা ধরা পড়ে বিমানবাহিনীর রাডারে। সঙ্গে সঙ্গে হামলা চালায় সুখোই-৩০এমকেআই বিমান। ফলে মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায় ড্রোনটি। এর ধ্বংসাবশেষ পাকিস্তানের দিকে পড়েছে বলে জানানো হয়েছে।

    মাত্র কয়েকদিন আগেই আরও একটি পাক ড্রোন ভূপাতিত করেছিল ভারত। গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ যুদ্ধবিমান। সেদিনই গুজরাটের কচ্ছ উপকূলের কাছে দেখা গিয়েছিল পাকিস্তানের একটি ড্রোনকে।

    সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর নজরে আসতেই গুলি করে নামানো হয় ড্রোনটি। তারপরেও সোমবার আরও একটি ড্রোন ভারতে ঢুকে পড়ে। কিন্তু সেটি আকাশসীমা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা মাত্রই পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী। সুখোই বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে।

  • অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী

    অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি নারী

    প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভুত কোনো নারী অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বসতে যাচ্ছেন। তার নাম সাবরিনা ফারুকি। দেশটিতে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিনি অস্ট্রেলিয়ান লেবার পার্টির (এএলপি) প্রার্থী হিসেবে লড়বেন। তিনি দেশটির নিউ সাউথ ওয়েলস (এসএসডব্লিউ) আইন পরিষদের একটি আসনে লড়বেন।

    অস্ট্রেলিয়ান গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

    দেশটির দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ বলা হয় এসএসডব্লিউ পরিষদকে।

    সাবরিনার জন্ম বাংলাদেশেই। তিনি বাংলাদেশেই বেড়ে উঠেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০১৪ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে যান। তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আর ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

  • ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে কিম

    ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে কিম

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হতে ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আগামী ২৭ তারিখে দ্বিতীয়বারের মতো বৈঠকে মিলিত হতে শনিবার ট্রেন যোগে ভিয়েতনামের উদ্দেশে রওনা হন কিম।

    তবে উত্তর কোরিয়ার নেতা ভিয়েতনাম সফরের উদ্দেশে রওনা হয়েছেন এটি এখনও নিশ্চিত করেনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
    এবার উত্তেজনাপূর্ণ দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করছে ভিয়েতনাম। ভিয়েতনামে আগামী বুধ ও বৃহস্পতিবার ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের কথা রয়েছে।

    এই দুই নেতার ভ্রমণের বিষয়ে বা তাদের মধ্যকার শীর্ষ বৈঠকের বিষয়ে এ পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    এর আগে গেল বছরের জুনে ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে বৈঠক করেছিলেন। সেটি ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বৈঠক।

  • শিলং-এ রাজীব কুমারের হাজিরা আজ

    শিলং-এ রাজীব কুমারের হাজিরা আজ

    ভারতের মেঘালয়ের শিলং-এ সিবিআই কর্মকর্তাদের সামনে আজ (শনিবার) হাজিরা দেবেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। দেশটির স্থানীয় সময় ১২ টা নাগাদ জেরা শুরু হতে পারে। খবর এনডিটিভির।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে শিলংয়ের ওকল্যান্ডে সিবিআই দফতর কড়া নিরাপত্তার ঘিরে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশের একটা বড় বাহিনী।

    সিবিআই সূত্রে খবর, ওকল্যান্ড সল্টলেকের সিজিও কমপ্লেক্সের মতো এত বড় এলাকা নয়। সে জন্য ওকল্যান্ডের নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন সিবিআই কর্মকর্তারা। সে কারণেই সকাল থেকেই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সেখানকার সিবিআই দফতর।

    তবে গতকালই রাজীব কুমার শিলংয়ের বিমানবন্দরে পৌঁছান বলে খবরে বলা হয়। রাজীবের সঙ্গে কলকাতা পুলিশের দুই উচ্চপদস্থ অফিসার জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা ছিলেন।