Category: আন্তর্জাতিক

  • ট্রাম্প-কিম সম্মেলনের আগে উ.কোরিয়ার সঙ্গে বৈঠক মার্কিন দূতের

    ট্রাম্প-কিম সম্মেলনের আগে উ.কোরিয়ার সঙ্গে বৈঠক মার্কিন দূতের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে তাদের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সম্মেলনে একত্রিত হচ্ছেন। তাদের এই সম্মেলনকে কেন্দ্র করে শান্তি আলোচনার জন্য জোরেসরেই প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। খবর এএফপি’র।

    ট্রাম্প টুইটারে দেয়া এক বার্তায় সম্মেলনের স্থানের নাম ঘোষণা করেছেন। এক্ষেত্রে কেবলমাত্র তিনি ভিয়েতনামের নাম উল্লেখ করেছেন। গত বছর সিঙ্গাপুরে এ দুই নেতার মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিকে ট্রাম্প এ দু’দেশের কূটনীতিকদের মধ্যে ‘অত্যন্ত ফলপ্রসূ’ প্রস্তুতিমূলক আলোচনার প্রশংসা করেছেন।

    তিনি বলেন, ‘আমার প্রতিনিধিরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা এবং কিম জং উনের সঙ্গে দ্বিতীয় সম্মেলনের সময় ও তারিখের ব্যাপারে সম্মত হওয়ার পর মাত্রই উত্তর কোরিয়া প্রস্থান করেছে।’

    ট্রাম্প বলেন, ‘আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এ আলোচনা অনুষ্ঠিত হবে। আমি চেয়ারম্যান কিমের সঙ্গে সাক্ষাতের এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার অপেক্ষায় রয়েছি।’

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ট্রাম্প ও কিমের বৈঠকের আগে পিয়ংইয়ং কর্মকর্তাদের সাথে আবারো বৈঠক করবেন।

    এ ঘোষণার মাত্র কয়েকঘন্টা আগে বিশেষ দূত স্টিফেন বিগুন সম্মেলন নিয়ে আলোচনা শেষে উত্তর কোরিয়া থেকে সিউলে পৌঁছান। বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর আরো জানায়, স্টিফেন বিগুনের তিনদিনের সফর চলাকালে আলোচনায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন এবং কোরীয় উপদ্বীপে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দেয়া ট্রাম্প ও কিমের বিভিন্ন প্রতিশ্রুতি বিশ্লেষণ করা হয়।

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বিগুন ট্রাম্প ও কিমের সম্মেলনের আগে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম হিয়োক চোলের সঙ্গে তার সাক্ষাতের ব্যাপারে সম্মত হয়েছেন।

  • জন্মদিন উদযাপন করায় জরিমানা ৪৪ হাজার টাকা!

    জন্মদিন উদযাপন করায় জরিমানা ৪৪ হাজার টাকা!

    পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন উদযাপন করায় জরিমানা দিতে হল এক জনপ্রিয় পপ তারকাকে। এমন ঘটনা ঘটেছে তাজিকিস্তানে। খবর বিবিসির।

    তাজিকিস্তানের পপ তারকা হিসেবে বেশ সুনাম আছে ফিরুসা খাফিজোভার। সম্প্রতি নিজের জন্মদিন পালন করেছেন। নিজের ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে দেখা যায় তিনি তাঁর জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে মঞ্চে নাচ-গান করছেন।

    এমনটা করার অপরাধে বাংলাদেশি (মুদ্রায়) প্রায় ৪৪ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে ওই পপ তারকাকে। তাজিকিস্তানের রাজধানী দাশানবের এক আদালত এই দণ্ড দিয়েছে।

    তাজিকিস্তানের সংস্কার, প্রথা ও ঐহিত্য বিষয়ক আইনের আর্টিকেল আট অনুযায়ী, কেউ নিজের বাড়ির বাইরে জন্মদিনের আয়োজন করতে পারবেন না।

    মামলায় সরকারি কৌসুলি আইনটিকে জনগণের জন্য জরুরী বলে বর্ণনা করেন। বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য হলো, মানুষ অপ্রয়োজনীয় আয়েশে বা বিলাসে খরচ না করে নিজের পরিবারের পেছনে অর্থ ব্যয় করবে।

    তবে দেশটির অনেকে এই আইনের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আইনকে ‘আজব আইন’ উল্লেখ করে অনেকে লিখেছেন, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।

    আবার কেউ ফেসবুকে প্রশ্ন তুলেছেন, মানে নেই এমন আইনের কী প্রয়োজন? আর এটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র?

    ২০০৭ সালে তাজিকিস্তানে এই আইন প্রণয়ন করা হয়, এবং ২০১৭ সালে সংস্কার করে আইনটির পরিধি আরো বাড়ানো হয়।

    শুরুতে এই আইন দেশটির সংস্কার ও ঐহিত্য সংরক্ষণ এর লক্ষ্য ছিল, পরে বিবাহ, শেষকৃত্য এবং সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রেও এই আইনে ধারা রয়েছে। আইনে কোন বিয়েতে কতজন অতিথিকে দাওয়াত দেয়া যাবে, আর কত পদের খাবার পরিবেশন করা যাবে, সে বিষয়েও বিধিনিষেধ আছে।

    দেশটির কর্তৃপক্ষ জানায়, কেউ যেন বাড়তি ব্যয় না করে সে জন্যে এমন আইন তৈরি করা হয়েছে।

  • প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ৪২ বছর বয়সী ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, মঙ্গলবার হায়দরাবাদ থেকে ২৯৫ কিলোমিটার দূরে কৃষ্ণা জেলার একটি আপার সরকারি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ওই প্রধান শিক্ষক একটি ফাঁকা ঘরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে।

    ধর্ষণের শিকার হয়ে ওই স্কুল ছাত্রী ঘটনার পর কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। শিশুটির শরীরে রক্ত ও ক্ষতের চিহ্ন দেখে দুশ্চিন্তায় পড়ে পরিবারের লোকজন। এরপর শিশুটি কান্নারত অবস্থায় পুরো ঘটনা বলে।

    শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রক্ত বন্ধে দেওয়া হয়েছে চারটি সেলাই।

    শিশুটির পরিবার তাদের মেয়ের ভবিষ্যৎ ও মান-সন্মানের কথা ভেবে প্রথমে থানায় অভিযোগ করতে অসম্মতি জানায়। পরবর্তীতে এক এক মানবাধিকার কর্মীর সহযোগিতায় থানায় মামলা দায়ের করে শিশুটির মা।

    অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী গান্তা শ্রীনিবাস ঘটনা জেনে অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দেন।

  • যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ওজেডা

    যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ওজেডা

    যুক্তরাষ্ট্রের ২০২০ সলের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী রিচার্ড ওজেডা শুক্রবার সরে দাঁড়িয়েছেন। সামরিক বাহিনীর সাবেক সদস্য ওজেডা ট্রাম্পের জন্য কঠিন চ্যালেঞ্জ হবেন বলে ধারণা করা হচ্ছিল। খবর এএফপি’র।

    সাবেক এই প্যারাট্রুপার ও পশ্চিম ভার্জিনিয়ার আইনপ্রণেতা ২০১৬ সালে ট্রাম্পের পক্ষে ভোট দেন। কিন্তু খুব দ্রুতই তিনি ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। এরপর তিনি ডেমোক্র্যাটিক দলে ফিরে আসার জন্য শ্রমিকদের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেন।

    তবে ফেসবুকে ৪৮ বছর বয়সী ওজেডা স্বীকার করেছেন যে, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণা চালানোর মতো আর্থিক স্বচ্ছলতা অথবা রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে এ ক্ষেত্রে সমর্থন পাননি। যদিও তৃণমূল পর্যায়ে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন।

  • ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি

    ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি

    ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসে সেনা বাহিনীর সামরিক অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহত ওই ২ জঙ্গি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে জানানো হয়। খবর এনডিটিভির।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে শনিবার ভোরে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় দেশটির সেনা।

    সেনাদের উপস্থিতি টের পের গুলি ছোঁড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণে ২জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

    পুলিশ জানায়, জঙ্গিরা শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষেছিল। অভিযানে দুইটি একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

    ভারতে আজকের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরো দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

  • বৈঠকের প্রাক্কালে ট্রাম্পের চিঠি, মহা খুশি কিম

    বৈঠকের প্রাক্কালে ট্রাম্পের চিঠি, মহা খুশি কিম

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি গ্রহণের পর ‘মহা সন্তুষ্টি’ প্রকাশ করেছেন। এ দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠকের প্রাক্কালে ট্রাম্প তাকে এ চিঠি দিলেন। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।

    উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, এ বৈঠকের জন্য কিম ‘ভাল প্রস্তুতি’ নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পিয়ংইয়ং এই প্রথমবারের মতো আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকের ব্যাপারে মন্তব্য করলো।

    চিঠিটি কিমের ডান হাত হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল দেশটির নেতার কাছে হস্তান্তর করেন। চোল গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। দেশ দু’টি নিরস্ত্রীকরণ চুক্তি করার চেষ্টা করছে যাতে দশকের পর দশক ধরে চলা এ দু’দেশের মধ্যকার শত্রুতার নিরসন ঘটানো যায়।

    কেসিএনএ জানায়, ‘কিম ট্রাম্পের অনেক প্রশংসা করেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলনের বৃহৎ স্বার্থে নিরস্ত্রীকরণের বিষয়টি নিরসনের ইচ্ছা ব্যক্ত করেন।’

    ওই বার্তা সংস্থা আরো জানায়, উত্তর কোরিয়ার নেতা বলেন, পিয়ংইয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে এবং দেশ দু’টি তাদের লক্ষ্য অর্জনের পথে ‘আস্তে আস্তে’ এগিয়ে যাচ্ছে।