Category: আন্তর্জাতিক

  • সন্তান প্রতিবন্ধী হওয়ায় তরুণীকে খুন!

    সন্তান প্রতিবন্ধী হওয়ায় তরুণীকে খুন!

    ভালবেসে বিয়ে করেছিলেন। এরপর তাদের ঘরে আসে সন্তান। আর সেই সন্তান প্রতিবন্ধী হওয়ায় শ্বশুর বাড়ির লোকেরা খুন করলেন এক তরুণীকে। ঘটনা ভারতের পশ্চিম বঙ্গের (বর্তমানে বাংলা) মুর্শিদাবাদ জেলার।

    বছর চারেক আগে পরিবারের অমতে পায়েল কোনাই (১৮) স্বামী তপনকে। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। অভিযোগ, যৌতুকের জন্য প্রায়ই পায়েলকে চাপ দেওয়া হত। তার স্বামী তপন প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত। পায়েল কিছু বললেই মারধর করত।

    বিয়ের বছর দেড়েক পরে ওই তরুণী পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্ম থেকেই শিশুটি প্রতিবন্ধী। সেই কারণেই পায়েলকেই দোষারোপ করা হত। গত মঙ্গলবার রাতে সেই পায়েলেরই নিথর দেহ মিলে তাঁর শ্বশুরবাড়িতে।

    পায়েলের বাবা ত্রিদিব মিস্ত্রি কান্দি থানায় পায়েলের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। বুধবার পায়েলের স্বামী তপন কোনাই, শ্বশুর লোহারাম কোনাইকে গ্রেফতার করেছে পুলিশ।

    পায়েলের বাবার অভিযোগ, ‘যৌতুকের জন্য ওরা প্রায়ই মেয়েটাকে অত্যাচার করত। নাতিটা প্রতিবন্ধী হওয়ায় মেয়ের উপরে অত্যাচার আরও বাড়ে। মঙ্গলবার রাতে জামাই ও তার বাড়ির লোকজন মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে।’

    স্থানীয় পুলিশও একই কথা বলেছে। পুলিশ জানায়, মামলার পর তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যেই শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

    পায়েলের বাবা ত্রিবিদ কোনাই বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে পায়েল বড়। তখন ও আমাদের কারও কথা শুনল না। বাড়ি থেকে চলে গিয়ে তপনকেই বিয়ে করল। তবে বিয়ের পরে মেয়ের উপর আর রাগ করে থাকতে পারিনি। ওদের সম্পর্কটা মেনেই নিয়েছিলাম। আমার আর্থিক অবস্থাও ভাল নয়। নুন আনতে পান্তা ফুরোয়। তাই ওদের চাহিদা মতো পণও দিতে পারিনি। কিন্তু সেই কারণে মেয়েটাকে যে ওরা মেরেই ফেলবে, স্বপ্নেও ভাবিনি। আমি ওদের কঠোর শাস্তি চাই।’

  • মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা

    মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা

    ভারতের মেঘালয় রাজ্যে আদালত ঘোষিত অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ ১৫ জনকে ১৯ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গেল ১৪ই ডিসেম্বর থেকে ভেতরে আটকা পড়ে আছেন তারা। শ্রমিকদের উদ্ধারে একাধিক বাহিনী যৌথ টাস্কফোর্স গঠন করে চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা।

    আনন্দবাজার জানায়, দুর্ঘটনার পর থেকেই খনির পাশে ঘাঁটি গেড়েছিল ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ-এর ১০০ জনের একটি উদ্ধারকারী দল। এর সঙ্গে যোগ দিয়েছে ওডিশা রাজ্যের দমকল বাহিনী, কোল ইন্ডিয়া এবং নৌবাহিনী।

    নৌবাহিনীর ডুবুরিরা খনির তলদেশে নেমে দেখেছেন, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দৃশ্যমানতা খুবই কম। শুধু ডুবুরির বিশেষ পোশাকের মাথায় থাকা টর্চের মতো আলোই ভরসা। খনিমুখের যেখান থেকে পানি শুরু, সেখানেও পর্যাপ্ত আলো নেই। তীব্র হ্যালোজেন জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নানা প্রস্তুতি শেষে সোমবার থেকে চলছে চূড়ান্ত অভিযান।

  • ট্রাম্প কথা না রাখলে নিরস্ত্রীকরণ হবে না, হুঁশিয়ারি কিমের

    ট্রাম্প কথা না রাখলে নিরস্ত্রীকরণ হবে না, হুঁশিয়ারি কিমের

    মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণ পরিকল্পনা থেকে পিছু হটার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে পিয়ংইয়ংয়ে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসির।

    কিম বলেন, ‘পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে উত্তর কোরিয়া অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না।’

    এর আগে আগেই স্থগিত থাকা পরমাণু আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতার বার্তা দেন কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে কিম বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

  • এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের

    এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা কুয়েতের

    সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সিরিয়ায় দূতাবাস খোলার ঘোষণা দিল কুয়েত। প্রায় আট বছর আগে এসব দেশ সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের জের ধরে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।

    নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার একটি সরকারি সূত্র শুক্রবার জানায়, কুয়েত আগামী ১০-১৪ দিনের মধ্যে দামেস্কে কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করবে।

    ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দামেস্কে নিজের দূতাবাস বন্ধ করে দিয়েছিল কুয়েত। খবরে বলা হয়,পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ-পিজিসিসি’র অন্য সদস্য দেশগুলোর চাপের মুখে দূতাবাস বন্ধ করে কুয়েত।

    এর পরের মাসে সিরিয়াও কুয়েতে তাদের দূতাবাস বন্ধ করে দেয়।

    বাহরাইন সরকার সিরিয়ায় নিজের দূতাবাস আবার চালু করার ঘোষণা দেয়ার একই দিন কয়েক ঘণ্টা পর কুয়েতের পক্ষ থেকে দূতাবাস চালু করার ঘোষণা দেয়া হলো। তথ্য সূত্র: মিডলইষ্ট।

  • জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

    জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

    ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরে সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য জানায়। খবর এনডিটিভির।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামা জেলায় শনিবার সকালে জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষ বাধে।

    পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামা জেলার হানজান এলাকায় অভিযান চালায় দেশটির যৌথ বাহিনী।

    দেশটির পুলিশ আরো জানায়, সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের ওপর অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা। এরপর পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে মারা যায় ৪ জঙ্গি।

  • চীনে ৫.১ মাত্রার ভূমিকম্প

    চীনে ৫.১ মাত্রার ভূমিকম্প

    চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বশাসিত জিনজিয়াং ইউঘুর অঞ্চলের কিজিলসু কিরগিজের আরতাক্স নগরীতে আজ স্থানীয় সময় রবিবার  ভোর ৫টা ৩৬মিনিটে  ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। খবর এএফপি’র।
    চায়না আর্থকুয়াক নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়, ভূমিকম্পাটির উৎপত্তিস্থল ছিল ৪০.২৪ ডিগ্রী উত্তর অক্ষাংশ থেকে ৭৭.৬৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে।