Category: আন্তর্জাতিক

  • রাশিয়া ও তুরস্কের মধ্যে অস্ত্র চুক্তি চূড়ান্ত

    রাশিয়া ও তুরস্কের মধ্যে অস্ত্র চুক্তি চূড়ান্ত

    রাশিয়া ও তুরস্কের মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত হয়েছে । রাশিয়ার সামরিক সহযোগিতা পর্যবেক্ষণকারী শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির কোঝিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চুক্তি চূড়ান্ত হয়েছে এবং মস্কো ২০১৯ সালের শেষের দিকে আঙ্কারাকে এই ব্যবস্থা সরবরাহ করা শুরু করবে।

    কোঝিন আরও বলেন, গত ১১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আঙ্কারা সফরের সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। এখন আঙ্কারাকে এস-৪০০ সরবরাহের বিষয়ে আর কোনো বিতর্কিত বিষয় অবশিষ্ট নেই। রাশিয়া এই ব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে তুরস্ককে ঋণ সহায়তা দেবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিনের সহকারী কোঝিন। ২০০ কোটি ডলার মূল্যের এ চুক্তি সম্পর্কে তিনি বলেন, এস-৪০০ ব্যবস্থার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার একাংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করবে তুরস্ক। আর বাকি অংশ মস্কো আঙ্কারাকে ঋণ হিসেবে দেবে যা পরবর্তীতে রাশিয়া ফেরত পাবে।

  • উ. কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

    উ. কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এটি ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের ১০ম নিষেধাজ্ঞা আরোপ। খবর বিবিসির।   খবরে বলা হয়, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই আনা হয় এ প্রস্তাব। এবার আঘাত আনা হয়েছে দেশটির লাইফ লাইনের ওপর।

    কিন্তু এত কিছুর পরেও পিয়ংইয়ংকে তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখা যাবে কিনা সে প্রশ্নও উঠেছিল আলোচনায়। তারপরেও সর্বসম্মতিক্রমেই অতীতের তুলনায় আরো কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে সাড়া দিয়েছে উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়াও। উত্তর কোরিয়ার প্রায় ৯০ শতাংশ পেট্রোলিয়াম আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবারের বৈঠকে। ২০১৬ তে নিষেধাজ্ঞার আওতায় ছিল ৪ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল পরিশোধিত পেট্রোলিয়াম, যা এবার বেড়ে দাঁড়ালো ৫ লাখ ব্যারেলে। আর অপরিশোধিত তেলের ক্ষেত্রে পরিমাণ বছরে ৪ মিলিয়ন ব্যারেল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালে বলেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত পিয়ংইয়ং-কে সেই বার্তাই দেয় যাতে করে আবারো সীমা লঙ্ঘন করলে তারা আরো কঠিন শাস্তির মুখোমুখি হবে। এবারের নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে কর্মরত উত্তর কোরিয়ার নাগরিকদের আগামী ২৪ মাসের মধ্যে ফেরত পাঠাতে বলা হয়েছে। প্রবাসী আয় দেশটির অর্থনীতির অন্যতম উপাদান। একইসঙ্গে যন্ত্রাংশ ও ইলেক্ট্রনিক্স সামগ্রী রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিকায় আছে দেশটির তৈরি পোশাক সামগ্রীও।

  • ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০

    ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ঝড়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।

    পুলিশ জানায়, এতে পার্শ্ববর্তী কয়েকটি শহর ও নগরীতে আরো চারজন নিহত হয়েছে। এদিকে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, লানাও ডেল সুর প্রদেশে এ প্রাকৃতিক দুর্যোগে সাতজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। ভূমিধসে তারা মাটি চাপা পড়েছে বা বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ১২ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

  • কেরোসিন ঢেলে প্রেমিকাকে পুড়িয়ে হত্যা

    কেরোসিন ঢেলে প্রেমিকাকে পুড়িয়ে হত্যা

    রকাশ্য রাস্তার ওপরেই গায়ে কেরোসিন ঢেলে সন্ধ্যা রাণি (২৫) নামে এক তরুণীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই এক সাবেক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে।

    পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে অফিস থেকে বাসায় ফিরছিলেন সেকেন্দ্রাবাদ এলাকায় অ্যালুমিনিয়াম ফ্রেবিকেশন ইউনিটে রিসেপশনিস্ট হিসাবে কর্মরত সন্ধ্যা রাণি (২৫)। এসময় মোটরসাইকেলে করে এসে সন্ধ্যার সাথে কথা বলার জন্য তার গতিরোধ করে কার্তিক (২৮) নামে সাবেক এক সহকর্মী। একসময় রাস্তার ওপর দাঁড়ানো অবস্থাতেই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় দুইজনেই উত্তেজিত অবস্থায় কথা বলতে থাকেন। এরপর কার্তিক হঠাৎই রাগের মাথায় সন্ধ্যার গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এরপর কার্তিককে কেউ দেখে ফেলার আগেই সে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়।

    এসময় সারা শরীরে আগুন নিয়ে রাস্তায় চিৎকার করতে থাকেন সন্ধ্যা। এতে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সন্ধ্যার শরীরের শতকরা ৬০ ভাগই অগ্নিদগ্ধ হয়ে যায়। এমন অবস্থায় ওই রাতেই তাকে স্থানীয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৭ দিকে মৃত্যু হয় সন্ধ্যার।

    এই ঘটনায় ইতোমধ্যেই কার্তিককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (হত্যার চেষ্টা) নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা গেছে, দুই বছর আগে তারা দুইজনেই একই সংস্থায় কাজ করতেন। সেই সূত্রেই তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও সম্প্রতি তাদের ওই সম্পর্কে ছেদ পড়ে। এনিয়ে গত কয়েক মাস ধরেই কার্তিক সন্ধ্যাকে উত্ত্যক্ত করতো বলেও জানা গেছে।

    সেকেন্দ্রাবাদের ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ জোন) বি. সুমাথি জানান, ‘গত এক বছরে কার্তিকের কোনো চাকরি ছিল না, সে প্রচণ্ড মদ্য পান করতো। সন্ধ্যাকেও প্রচণ্ড উত্ত্যক্ত করতো। এমনকি সন্ধ্যাকে তার নিজের চাকরি ছেড়ে কার্তিককে বিয়ে করার জন্যও চাপ দিতো বলে পুলিশকে জানিয়েছে কার্তিক।

    সম্প্রতি ফোনেও তাদের দুইজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল এবং সেসময়ই কার্তিকের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখান করে সন্ধ্যা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • তালেবানদের আত্মঘাতি বোমা হামলায় ৬ পুলিশ নিহত

    তালেবানদের আত্মঘাতি বোমা হামলায় ৬ পুলিশ নিহত

    আফগানিস্তানের হুমবি পুলিশ সদর দপ্তরের কাছে আজ শুক্রবার তালেবানদের এক আত্মঘাতি বোমা হামলায় ৬ পুলিশ নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।

    দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মাইয়ান জেলা এলাকায় পুলিশের উপর কয়েক দফা হামলা চালায়। আফগান তালেবানরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

    কান্দাহার পুলিশের মুখপাত্র গোরজানং আফ্রিদি বলেন, হামলায় ৬ জন পুলিশ নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই স্থানীয় পুলিশ ইউনিটের সদস্য। বলে বার্তা সংস্থা এএফপি জানায়।

    পুলিশ সদস্যরা জানায়, বিস্ফোরণে বিকট শব্দ হয়। পুলিশ কার্যালয়ের অনেক দূর থেকে এই শব্দ শোনা গেছে। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • ছাত্রকে দিয়ে পিঠ ম্যাসাজ, ভিডিও ভাইরাল

    ছাত্রকে দিয়ে পিঠ ম্যাসাজ, ভিডিও ভাইরাল

    শিক্ষক ও ছাত্রের সম্পর্ককে অন্যতম পবিত্র সম্পর্ক বলা হয়। কিন্তু সাম্প্রতিককালে একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে আসছে, যেখানে গুরু-শিষ্যের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার মাদিয়াদোর একটি সরকারি স্কুলে এক শিক্ষক তার ছাত্রকে দিয়ে পিঠ ম্যাসাজ করিয়ে নিয়েছেন। সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক ক্লাসের মধ্যেই শুয়ে রয়েছেন উপুড় হয়ে। তার পিঠের উপর উঠে দাঁড়িয়ে ব্যাক ম্যাসাজ করছে শিক্ষার্থী। ম্যাসাজ পেতে পেতে শিক্ষকের চোখ প্রায় বুজে এসেছে। ক্লাসেই উপস্থিত অন্য কোনো ছাত্র সম্ভবত ভিডিওটি তুলেছে। কিন্তু এই ভিডিও এখন ইন্টারনেটের দৌলতে ভাইরাল হয়ে গেছে।

    অভিযোগ পেয়ে মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী দীপক জোশী জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা স্কুল পরিদর্শককে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হতে পারে।