Category: আন্তর্জাতিক

  • মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

    মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

     আন্তর্জাতিক ডেস্ক:  এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। কেরালার কোচি থেকে একটি যাত্রীবাহী বিমান মুম্বাই এয়ারপোর্টে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। ভারী বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এই ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানটির ক্রু ও যাত্রীরা। সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, ভারী বৃষ্টিতে ভেজা রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়েছে কোচি থেকে আসা একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। সোমবার সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।

    যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

    এনডিটিভির হাতে আসা ছবিতে দেখা গেছে, বিমানটির পেছনের অংশে কাঁচের টুকরো আটকে রয়েছে এবং একটি ইঞ্জিনে স্পষ্ট ক্ষতির চিহ্ন রয়েছে। রানওয়েতেও আংশিক ক্ষয়ক্ষতির খবরও মিলেছে।

    ঘটনার পর বিমানটিকে গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বর্তমানে কারিগরি পরীক্ষা চলছে। মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুলাই সকাল ৯টা ২৭ মিনিটে কোচি থেকে আসা একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে যায়। বিমানে থাকা যাত্রী ও ক্রু সকলেই নিরাপদে আছেন।

  • ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:  পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রাশিয়া।

    নিপ্রো-পেট্রো-ভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুলসহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে দু’জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন। সেই সাথে আহত হয়েছে ৬ শিশু।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন।

    রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • ‘বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে পড়বে ব্রিকস’

    ‘বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে পড়বে ব্রিকস’

    আন্তর্জাতিক ডেস্ক : বেশি বাড়াবাড়ি করলে ভেঙে যাবে ব্রিকস জোট— এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    ভারতসহ জোটভুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি।

    ‘আমেরিকা বিরোধী’ নানা পদক্ষেপের জন্য অর্থনৈতিক জোট ব্রিকসের কড়া সমালোচনা করেন ট্রাম্প। জোটকে কটাক্ষ করে নানা মন্তব্যও করতে দেখা যায় তাকে।

    ট্রাম্প হুমকি দিয়ে বলেন, বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে যাবে এই জোট। কখনোই যুক্তরাষ্ট্রে অন্য কোনো দেশের সরকারি ডিজিটাল মুদ্রার অনুমোদন দেয়া হবে না বলেও জানান।

    ট্রাম্প বলেন, ব্রিকস নামের ছোট একটা জোট আছে, যেটা খুব দ্রুতই ভেঙে যাওয়ার পথে। তাদের সভায়, বলতে গেলে কেউই আসেনা। এই জোট মার্কিন শুল্কারোপকে ভয় পাচ্ছে। বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করলে খুব দ্রুতই ভেঙে পড়বে জোটটি।

  • যুক্তরাজ্যে ভোটদানের বয়স কমিয়ে ১৬ করা হচ্ছে

    যুক্তরাজ্যে ভোটদানের বয়স কমিয়ে ১৬ করা হচ্ছে

     আন্তর্জাতিক ডেস্ক:  এখন থেকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবে ১৬ বছরের কিশোর-কিশোরীরা— এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে ভোটদানেরও সর্বনিম্ন বয়সসীমা করা হবে ১৬। এ নিয়ে বিরোধী দলের সমালোচনার মুখে পড়লেও তরুণদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে যুক্তরাজ্য প্রশাসন। খবর, বিবিসির।

    বিশ্বের বেশিরভাগ দেশের মতোই ব্রিটেনেও ভোট দেয়া বয়স ১৮। দীর্ঘদিন ধরেই পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য আইকন হিসেবে পরিচিত দেশটিতে আলোচনা চলছে ভোটারদের বয়স পরিবর্তন নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ভোট দেয়ার নুন্যতম বয়স কমিয়ে ১৬ করার পরিকল্পনা করা হচ্ছে ব্রিটেনে।

    যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় কাউন্সিল ও পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই ভোট দিতে পারে ১৬ বছর বয়সীরা। তবে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন, এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৬ ও ১৭ বছর বয়সীরাও এসব নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবে।এ উদ্যোগকে বেশ ইতিবাচকভাবেই দেখছে দেশটির তরুণরা।

    দেশটির নির্বাচনী সংস্কারবিষয়ক মন্ত্রী আলী বলেন, ভোটারের বয়স কমিয়ে আনার বিষয়টি সরকার আগামী সাধারণ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চায়। ২০২৯ সালের মধ্যে দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময়ের আগেই তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাম্প্রতিক এই ইস্যুতে এক ব্রিটিশ তরুণ বলেন, যুক্তরাজ্যের সমস্যাগুলোর ব্যাপারে তরুণ প্রজন্মকে মত প্রকাশের সুযোগ দেয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি ১৬-১৭ বয়সে ভোট দেয়ার সুযোগ পেলে তখন থেকেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করতে পারতাম।

    আরেকজন বলেন, আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বেশ ভালো সুযোগ এটি। কারণ দিনশেষে আমাদের নির্বাচিত সরকারই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাকরির মত জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে।

    দেশটিতে ভোটদানের বয়স ১৬-তে নামিয়ে আনা হলে তা হবে দেশটির ভোটারদের বয়স কমানোর ক্ষেত্রে ১৯৬৯ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন। ওই বছরই প্রথম ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল।

    প্রসঙ্গত, এ পদক্ষেপের তীব্র সমালোচনা করছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এ বিষয়ে সরকারের অবস্থানকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন দলটির নেতারা। কনজারভেটিভ দলের ছায়ামন্ত্রী মন্ত্রী পল হোমস সরকারের সিদ্ধান্তকে ‘চরম বিভ্রান্তিকর’ বলে সমালোচনা করেছেন।

  • গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

    গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

    অনলাইন ডেস্ক: গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে গাজা উপত্যকায় চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

    বৃহস্পতিবারের হামলায় গাজার আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে অন্যতম হলো গাজার হলি ফ্যামিলি চার্চ, যেটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।

    আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ওই চার্চে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গোলা আঘাত হানে, এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত ও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন প্যারিশ পুরোহিত রয়েছেন।

    চার্চে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালি গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রও হামলার কঠোর সমালোচনা করেছে।

  • ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬০

    ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬০

    আন্তর্জাতিক ডেস্ক:   ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) ওয়াসিত প্রদেশের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর। বাকি একজনের মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করতে হবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা ভবনজুড়ে দাউদাউ করে জ্বলছে আগুন, ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর চেষ্টা করছেন।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভবনের প্রথমতলা থেকে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

    দুর্ঘটনার পর ভবনের মালিক ও শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্বোধনের মাত্র পাঁচ দিনের মাথায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।