Category: গণমাধ্যম

  • চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের

    চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের

    সূর্যের অভ্যন্তরে সৃষ্ট শব্দতরঙ্গ বা কম্পন বিশ্লেষণ করে এর আচরণে একটি অপ্রত্যাশিত ও রহস্যময় পরিবর্তনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, গত চার দশকে সূর্যের অভ্যন্তরীণ ছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা মহাকাশের আবহাওয়া এবং পরোক্ষভাবে পৃথিবীর পরিবেশ ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার ওপর প্রভাব ফেলতে পারে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সূর্য সাধারণত ১১ বছরের একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে। এ চক্রে কখনো সূর্য অত্যন্ত সক্রিয় থাকে, আবার কখনো তুলনামূলক শান্ত অবস্থায় থাকে। সক্রিয় পর্যায়ে সূর্য থেকে শক্তিশালী সৌরশিখা ও উচ্চশক্তির কণার নির্গমন বৃদ্ধি পায়, যা পৃথিবীতে তীব্র সৌরঝড়ের কারণ হতে পারে।

    গবেষকরা সূর্যের ভেতরে সৃষ্ট অতি সূক্ষ্ম শব্দতরঙ্গ পর্যবেক্ষণ করে নতুন এ তথ্য পেয়েছেন। তাদের মতে, এসব তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে সূর্যের অভ্যন্তরীণ গঠন ও কার্যকলাপ সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সূর্যের আচরণ কীভাবে পরিবর্তিত হতে পারে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলছে।

    গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীদের ধারণা, সূর্য হয়তো ধীরে ধীরে সম্পূর্ণ নতুন এক আচরণগত পর্যায়ে প্রবেশ করছে। প্রচলিত ১১ বছরের সৌরচক্রের পাশাপাশি এর অভ্যন্তরে দীর্ঘমেয়াদি কিছু পরিবর্তন ঘটছে, যা ভবিষ্যতে সূর্যের সামগ্রিক কার্যপ্রণালীকে প্রভাবিত করতে পারে।

    গবেষণার ফলাফলে দেখা গেছে, সূর্যের চৌম্বকীয় সক্রিয়তা এখন দৃশ্যমান পৃষ্ঠের নিচের একটি অপেক্ষাকৃত সংকীর্ণ স্তরে সীমাবদ্ধ হয়ে পড়ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই স্তর আরও অগভীর হয়ে উঠছে।

    গবেষণার প্রধান লেখক, বিল চ্যাপলিন বলেছেন, সূর্যের নিজস্ব একটি ‘সক্রিয় জৈবিক ছন্দ’ রয়েছে, যা মহাকাশের আবহাওয়া নিয়ন্ত্রণকারী চৌম্বকীয় কার্যকলাপের উত্থান-পতনের সঙ্গে সম্পর্কিত। তবে সূর্যের পৃষ্ঠে পরিচালিত প্রচলিত পর্যবেক্ষণ দিয়ে এ পরিবর্তনের পূর্ণ চিত্র পাওয়া সম্ভব নয়।

    তার ভাষায়, সূর্য সম্ভবত এমন একটি নতুন আচরণগত পর্যায়ে প্রবেশ করছে, যা কয়েক দশক ধরে ধীরে ধীরে বিকশিত হচ্ছে।

    তিনি আরও বলেন, আমরা সৌর সক্রিয়তার চক্রে নির্দিষ্ট কিছু পরিবর্তনের প্রমাণ পেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি নতুন চক্রের সঙ্গে চৌম্বকীয় সক্রিয়তা সূর্যের পৃষ্ঠের আরও কাছাকাছি এবং আরও সীমিত এলাকায় কেন্দ্রীভূত হয়ে পড়ছে।

    গবেষকদের মতে, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কর্মসূচি ‘বাইসন’-এর তথ্য ছাড়া এ ধরনের পরিবর্তন শনাক্ত করা সম্ভব হতো না।

    এদিকে সর্বণী বসু বলেন, সাম্প্রতিক কয়েকটি সৌরচক্রে সূর্যের অভ্যন্তরীণ কম্পন ও পৃষ্ঠের সক্রিয়তার মধ্যকার সম্পর্ক ধারাবাহিকভাবে বদলে যেতে দেখা গেছে।

    তার মতে, এ পরিবর্তনকে শুধু চৌম্বক ক্ষেত্রের দুর্বলতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। বরং এটি ইঙ্গিত দেয় যে সূর্যের অভ্যন্তরে চৌম্বকীয় শক্তি কীভাবে সঞ্চিত ও সংগঠিত হয়, সেই কাঠামোতেই বড় ধরনের পুনর্বিন্যাস ঘটছে।

    বিজ্ঞানীরা বলছেন, সূর্যের বর্তমান চক্র এবং এর অভ্যন্তরীণ পরিবর্তনের প্রকৃত কারণ বুঝতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। কারণ এসব পরিবর্তন ভবিষ্যতে মহাকাশের আবহাওয়া, সৌরঝড়ের তীব্রতা এবং পৃথিবীর প্রযুক্তিগত অবকাঠামোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

  • হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত

    হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হজ ফেরত যাত্রীদের লাগেজ চুরির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

    আজ সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ হজ ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ ছড়িয়ে পড়ার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তাৎক্ষণিক অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়।

    তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ বডি-ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

    তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ফ্লাইটে বহন করা মোট ৮৩৬টি লাগেজের মধ্যে ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া গেছে বলে যাত্রীরা মৌখিকভাবে গ্রাউন্ড স্টাফদের জানিয়েছিলেন।

    তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় কোনো ধরনের লাগেজ চুরি বা অসদাচরণের প্রমাণ মেলেনি বলে তিনি জানান।

    এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল বিধিমালা অনুযায়ী চেক-ইন লাগেজে জমজমের পানি ও সঠিকভাবে সিল না করা প্রসাধনী সামগ্রী বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।

    এ ধরনের সামগ্রী স্ক্রিনিংয়ের সময় শনাক্ত হলে বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিধি অনুসারে লাগেজ খুলতে বা কেটে নিষিদ্ধ সামগ্রী জব্দ করার ক্ষমতা রাখে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঘোষণাবিহীন নগদ অর্থ ও মানিব্যাগও চেক-ইন লাগেজে বহন করা যায় না।

    বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিবেদন ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে সহায়তা করবে।

    তিনি বলেন, ‘সমালোচনা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত।’
    রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

    এর আগে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘœ যাত্রা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

    বিবৃতিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) যাত্রীদের মালামাল নিরাপদে ফেরত দিতে সার্বক্ষণিক কাজ করছে।

    এছাড়া বর্তমানে বিদেশ সফরে থাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজ খানম ফোনে ঘটনাটির বিস্তারিত খোঁজ-খবর নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

    আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপি’র চলমান সহযোগিতা, টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

    স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

    তিনি বলেন, ইউএনডিপি’র দৃষ্টিতে জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত। দেশের গণতন্ত্রও আরও শক্তিশালী হয়েছে।

    প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের প্রচেষ্টার বিষয়েও তিনি অবহিত করেন।

    প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
  • ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

    ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা

    ইরানের একটি ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান এই হামলাকে ‘অপরাধমূলক ইরানি আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছেন।

    তিনি বলেন, ড্রোন হামলায় ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    আল-আতওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আহতদের সংখ্যা উল্লেখ করেননি।

    তবে তিনি  জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

    কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান চলাচল স্থগিত করেছে ও আগত ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। কারণ টার্মিনাল ওয়ান ইরানি হামলার শিকার হয়ে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

    তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত।

    দেশটি জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর পর থেকেই তারা ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

    তেহরান অভিযোগ করে বলেছে, কুয়েত তাদের ভূখণ্ডকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে সহায়তা করছে।

  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার শিগগিরই দেশব্যাপী একটি সচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে। এই সামাজিক ব্যাধি দমনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তোলা অপরিহার্য বলে মনে করছে সরকার।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাসস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো একটি চলমান প্রক্রিয়া, তবে মাঝেমধ্যে এই কার্যক্রমকে আরও জোরদার করতে হয়। মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদেরই।’

    তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধেও সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

    সম্প্রতি দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করা নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনার উল্লেখ করে ডা. জাহিদ বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ইউনিয়ন পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম শুরু করবে।

    তিনি জানান, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে, এই কর্মসূচিতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, বিভিন্ন খাতের পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

    একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা মন্ত্রী ডা. জাহিদ জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধ দমনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়।

    তিনি সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘মানুষকে আইন সম্পর্কে সচেতন করা, তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানানো ও কোনটা ভালো আর কোনটা মন্দ সে বিষয়ে শিক্ষা দেওয়া জরুরী।’

    নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ ও মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

    সাংবাদিক ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সচেতনতামূলক প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে।’

    বিদ্যমান আইনি কাঠামোতে কোনো দুর্বলতা রয়েছে কি না- জানতে চাইলে অধ্যাপক ডা. জাহিদ বলেন, দেশের আইনগুলো মোটামুটি যথেষ্ট, তবে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ই এখন বড় উদ্বেগের বিষয়।

    তিনি আরও বলেন, ‘আইনি কাঠামোতে বড় কোনো দুর্বলতা নেই। মূল সমস্যাগুলো রয়েছে আইন প্রয়োগ, মানুষের মানসিকতা ও সামাজিক অবক্ষয়ের মধ্যে।’

    মানুষের মানবিকতাবোধ, ন্যায়বিচার ও সামাজিক দায়বদ্ধতা জোরদার করতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার আরও প্রসারের ওপরও জোর দেন তিনি।

    মন্ত্রী আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা কেবল কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এর জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

    তিনি বলেন, ‘একমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টাই নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারে।’

    এদিকে, শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে আগামী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

    তিনি বলেন, সরকার কোনোভাবেই এ ধরনের শিশু নির্যাতন বা নারীর ওপর সহিংসতা বরদাশত করবে না।

    প্রধানমন্ত্রী জাতীয় জীবনে দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।