Category: প্রচ্ছদ

  • সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি

    সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি

    ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকল্প দায়িত্ব দিয়েছে সরকার।

    মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলি সম্পাদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এই দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

  • বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

    বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

    লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সম্রাট মাইকেলসহ তার সহযোগিকে আবারও গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যরাতে বামনী ইউপির শিবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পৃথক ৭১০পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

    গ্রেফতাররা হলেন, রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে কিরন হোসেন (৩৫) ও বামনী ইউপির শিবপুর গ্রামের (আহম্মদ উল্যাহ হাওলাদার বাড়ি) আবুল কালামের ছেলে মাদক সম্রাট দেলোয়ার হোসেন প্রকাশ মাইকেল (৩৬)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাদক সম্রাট মাইকেল অত্যন্ত ধুরন্ধর মাদক কারবারি। প্রায় ৩০টি মামলায় আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বহুবার জেলে গেছেন তিনি, তারপরেও ব্যবসা চালিয়ে গেছেন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে ৭১০পিস ইয়াবা পাওয়া যায়।

    আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করেন।

  • ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

    ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

    সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। রাস্তায় কোনো ধরনের যানজট নেই। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, সবাই এখানে নির্ধারিত ভাড়া নিচ্ছে। কয়েকটি পরিবহন ২০-৩০ টাকা কমও নিচ্ছে। এখানে পুলিশ বুথ আছে, কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে, কোনো ভোগান্তি এখন পর্যন্ত নেই।

    তিনি আরও বলেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি।

    জ্বালানি তেল নিয়ে তিনি বলেন, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি বেশি গিয়েছে। তারা তেল পেয়েছে বলেই তো যেতে পারছে। কেউ না পেলে অভিযোগ করতে পারবে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই।

  • ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

    ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

    আর মাত্র কয়েকদিন পরই মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে সরকার কর্তৃক ঘোষিত টানা সাতদিনের ছুটির আজ দ্বিতীয় দিন চলছে। লম্বা ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে নারায়ণগঞ্জের হাজারো কর্মব্যস্ত অস্থায়ী মানুষেরা নাড়ির টানে বাড়ির পথে ছুটছেন।

    তবে, প্রথম দিনের তুলনায় আজ যাত্রীর কিছুটা চাপ কম লক্ষ্য করা গিয়েছে। ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের স্বাভাবিক দিনের চেয়ে প্রায় দ্বিগুণ চাপ বাড়লেও কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

    সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের শিমরাইল মোড়ের টিকিট কাউন্টারগুলোতে ঘরমুখো যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। তবে গতকালের তুলনায় আজ যাত্রীর চাপ যথেষ্ট কম। এদিকে প্রতিবারের মতো এবারও অসাধু টিকিট বিক্রেতারা স্বাভাবিক দিনের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে কয়েকজন যাত্রীর অভিযোগ তুলেছেন। অপরদিকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অসত্য বলে টিকিট বিক্রেতাদের ভাষ্য।

    জাফর নামের এক যাত্রী জানান, লম্বা ছুটি পাওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উদযাপনের লক্ষ্যে গ্রামে যাচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারের মতো এবার বাস মালিকরা ১০০-১৫০ টাকা বাড়তি আদায় করছে। নিরুপায় হয়ে বেশি টাকা দিয়েই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছি।  অথচ পুলিশ বক্স কাউন্টারের পাশেই অবস্থিত।

    সেজান আহমেদ নামের আরেক যাত্রী বলেন, গৌরীপুরের গাড়ির জন্য অপেক্ষা করছি। সাধারণ দিনে ১০০ টাকা ভাড়া থাকলেও আজ ২০০ টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। পুলিশের এইসবে নজর দেওয়া উচিত।

    এদিকে টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন।

    রুপা নামের এক বাস কাউন্টার স্টাফের ভাষ্যমতে, গতকাল রাত থেকে আজ যাত্রীর চাপ কমেছে। তবে গার্মেন্টস-কারখানা ছুটি হলে উপচে পড়া ভিড় পাবে তারা।

    অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, পূর্বের নির্ধারিত ভাড়া অনুযায়ী গাড়ি চলছে। অধিক ভাড়া আদায়ের অভিযোগ মিথ্যে।

    এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস জানিয়েছে, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের শিমরাইল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৪২জন সদস্য মোতায়েন থাকছে। মানুষের জানমাল নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। যানজটে কোনোরকম ভোগান্তি ঘটবে না বলে আশাবাদী। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা আমরা পাইনি। আমি কিছুক্ষণ পরপর পরিদর্শন করছি।

    কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ শ্রী কৃষ্ণপদ বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের কাঁচপুর হাইওয়ে থানা থেকে ৮২ জন পুলিশ কাজ করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।

  • কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

    কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
    আজ ১৭ই মার্চ, মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু।
    সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মী এবং মাস্টাররোলভিত্তিক মোট ৮৩৩ জন স্টাফের মাঝে এই আর্থিক সহায়তা বণ্টন করা হয়েছে।
    প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও অস্থায়ী কর্মচারীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরীকে পরিচ্ছন্ন রাখতে হাড়ভাঙা খাটুনি খাটেন। তাদের শ্রমের মূল্যায়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নে  এই উপহার একটি অনন্য দৃষ্টান্ত।”
    অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ এবং সংশ্লিষ্ট শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই আর্থিক সহায়তা পেয়ে কর্মচারীদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।
  • পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করবেন।

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার।

    আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরসহ মোট ১১টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

    অতিরিক্ত প্রেস সচিব জানান, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষী ও খামারিদের এ কার্ড দেওয়া হবে। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে আড়াই হাজার টাকা দেওয়া হবে।

    এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সার, বীজ, কীটনাশক ও পশুখাদ্য ক্রয় করতে পারবেন।

    টাঙ্গাইল ছাড়া অন্যান্য উপজেলাগুলো হলো পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

    সংশ্লিষ্টরা মনে করছেন, এ কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি নিশ্চিত করা যাবে। পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে।

    বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়।

    বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন; মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু; প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।