Category: প্রচ্ছদ

  • নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের

    নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের

    কুমিল্লার রাজপথের ‘দাবানল’ খ্যাত নেতা নিজামউদ্দীন কায়সারকে আবারও মূল দলে ফিরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তৃণমূলের বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী। কুমিল্লার রাজনীতিতে তার অবদানের কথা বিবেচনা করে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তুলেছেন তারা।

    তৃণমূলের প্রাণশক্তি ও রাজনৈতিক পরিচয়
    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে রাজনীতির সূচনা করা নিজামউদ্দীন কায়সার বিএনপির আদর্শে এক নিবেদিত প্রাণ নেতা। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারানির্যাতনের শিকার হয়েছেন। রাজপথের আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে তিনি তৃণমূলের কাছে অত্যন্ত জনপ্রিয়।

    বহিষ্কারের প্রেক্ষাপট
    কুমিল্লা-৬ আসনে বিএনপির শক্তিশালী ভিত্তি হিসেবে পরিচিত এই নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

    অবিচল আনুগত্য ও সক্রিয়তা
    বহিষ্কৃত থাকা সত্ত্বেও গত কয়েক বছরের কোনো দলীয় কর্মসূচি বা রাজপথের আন্দোলনে তার অনুপস্থিতি দেখা যায়নি। দলের চরম দুঃসময়েও তিনি রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। নেতাকর্মীদের মতে, কায়সার সবসময়ই বিএনপির আদর্শের ওপর অবিচল থেকেছেন।

    নেতাকর্মীদের প্রত্যাশা
    তৃণমূলের দাবি, নিজামউদ্দীন কায়সারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নেওয়া হলে কুমিল্লা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত রূপে আত্মপ্রকাশ করবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তার মতো ত্যাগী নেতার উপস্থিতি দলের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

  • আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

    আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

    আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    আজ (সোমবার) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, এনবিআর ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতা কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

    ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল করেছেন।

    এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে, ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।

    রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতাগণ এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ÔTime ExtensionÕ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

    অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন।

    অন্যদিকে, সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোন জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

    উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে করদাতাদের ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। যেসব করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

    এনবিআর সকল ব্যক্তি করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে অথবা কর কমিশনার কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করছে।

  • আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন

    আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন

    রংপুর সিটি কর্পোরেশন (আরপিসিসি)’র নবনিযুক্ত প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন সোমবার যোগদান করেছেন।

    উৎসবমুখর পরিবেশে নগর ভবনে মাহফুজ উন নবী চৌধুরী তার কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।

    তার পদে যোগদানের পরপরই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, তিনি নগরীর উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে প্রশাসক হিসেবে নয়, বরং নাগরিকদের সেবক হিসেবে কাজ করতে চান।

    মাহফুজ উন নবী চৌধুরী বলেন, আমার কাজের মূল লক্ষ্য হবে সমন্বিত প্রচেষ্টা এবং সকল নাগরিকের সহায়তায় একটি পরিকল্পিত, পরিষ্কার এবং সবুজ শহর তৈরি করা।

    তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে, বৈষম্য দূর করা।’

    এ সময় মাহফুজ উন নবী ডন বলেন, যারা আমার সঙ্গে থাকবেন, তারা যেমন নিরাপদ থাকবেন, ঠিক তেমনি যারা আমার সঙ্গে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারও সাথে কোনও ধরনের বৈষম্য করা হবে না।

    তিনি বলেন, ‘আমরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদেরকে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করতে চাই।’

    এ সময় রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান রংপুর মহানগর বিএনপি’র সদস্য-সচিব ডন নাগরিকদেরকে তাদের প্রাপ্য পরিষেবা সহজে পেতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

    বাজেট বৈষম্য সম্পর্কে তিনি বলেন, রংপুর দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের শিকার।

    মাহফুজ উন নবী চৌধুরী আরও বলেন, এই বাজেট বৈষম্যের কারণে আমরা দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় অনেক পিছিয়ে আছি।

    তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে, বাজেট বৈষম্য কমাতে আমরা সকল ধরণের উদ্যোগ নেব।’

    মাহফুজ উন নবী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের বাজেট বৈষম্য সম্পর্কে অবগত। তিনি আমাদের সাথে আছেন এবং রংপুরের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

    রংপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত এই প্রশাসক আরও বলেন, ‘আগামী দিনে আমি রংপুরের জন্য সকলকে নিয়ে নগরীর পরিকল্পিত উন্নয়ন করতে চাই।’

    শ্যামাসুন্দরী খাল সম্পর্কে তিনি বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে রংপুরের ফুসফুস হিসেবে পরিচিত শ্যামাসুন্দরী খাল আজ অপরিষ্কার স্থানে পরিণত হয়েছে। আর এ জন্য প্রথমে শ্যামাসুন্দরী খাল পরিষ্কারের জন্য স্বল্পমেয়াদী উদ্যোগ গ্রহণ করা হবে।

    এ সময় মাহফুজ উন নবী চৌধুরী আরও বলেন, পরবর্তীতে, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে, আমি শহরের জন্য একটি স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব উপহার হিসেবে শ্যামাসুন্দরী খাল দিতে চাই। এর জন্য সময় প্রয়োজন।

    তিনি বলেন, ‘পরিকল্পনা করে, তা বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

    এর আগে, নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন সকাল ৯টায় সিটি হলে পৌঁছেন।

    সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর, তিনি নগর ভবনের প্রতিটি সেকশনে যান এবং সেখানে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

    এর আগে, শনিবার বিকেলে স্থানীয় সরকার কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক জনপ্রিয় ছাত্রনেতা অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনকে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

  • প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ

    প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ

    ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

    তিনি জানান, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পাড়বেন।

    আবদুস সালাম আরও বলেন, প্রতিকূল আবহাওয়ায় প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

    আজ সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক এ কথা জানান।

    ডিএসসিসি’র প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মেয়েদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এ কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের।

    ডিএসসিসি’র প্রশাসক আরও বলেন, নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদেরকে নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই।

    তিনি বলেন, যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যাহত হয়-এমন কিছু সঙ্গে বহন করবেন না।
    জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের

    ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিপদ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তারা জানায়, দেশের আকাশসীমা লক্ষ্য করে আসা এ সব হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

    দুবাই কর্তৃপক্ষ এর আগে, ড্রোন সংক্রান্ত ঘটনার কারণে বিমানবন্দরের কাছে অগ্নিকাণ্ড ও ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টিকে নিশ্চিত করেছে।

  • আজ পবিত্র শবে কদর

    আজ পবিত্র শবে কদর

    আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজকের সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।

    মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। পবিত্র শবেকদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন।

    পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

    পবিত্র শবে কদর উপলক্ষে পরেরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।

    পবিত্র শবে কদর (লাইলাতুল কদর) উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বাণীতে তিনি লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত কামনা করে এই রাতের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

    তারেক রহমান পবিত্র লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও মহিমামণ্ডিত রাত হিসেবে অভিহিত করেন, যা মানবজাতির জন্য ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

    প্রধানমন্ত্রী মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে রাতটি কাটানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবে কদরের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে সবাইকে মানবকল্যাণে আত্মনিয়োগ করারও অনুরোধ জানিয়েছেন।

    শবে কদর উপলক্ষে দেশের সব মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

    পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওসমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এ ছাড়া সংবাদপত্রগুলোতে আজ বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।