Category: প্রচ্ছদ

  • দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

    উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।

    প্রধানমন্ত্রীর সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে আজ থেকে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

    প্রধানমন্ত্রী তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

    এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

  • দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

    দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ

    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার দুবাই নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি।

    কর্তৃপক্ষ আরও জানায়, ওই ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    দুবাই সিভিল এভিয়েশন অথরিটি এক্স-এ দেওয়া বার্তায় জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে এ পর্যন্ত ১ হাজার ৮শ’টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যা তেহরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

    দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তারপরও উপসাগরীয় এই বাণিজ্যিক কেন্দ্রের পর্যটন খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

    নগরের মিডিয়া অফিস গত বুধবার জানায়, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছে।

    মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর উপসাগরজুড়ে মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছে তেহরান। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাও রয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং দু’জন সামরিক সদস্য রয়েছেন। তবে সামরিক সদস্যরা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে।

  • পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

    পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ রোববার মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ।

    সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

    তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।’

  • রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

    রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

    জেলার বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন।

    গতকাল শনিবার (১৪ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিলো পতেঙ্গা ছড়ায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

    এসময় মোটরসাইকেল যোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুন ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকার অধিক।

    মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বাসসকে জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনার করে আসছে। গতকাল শনিবার রাতে সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে বিদেশি সিগারেট জব্দ করা হয়।

    তিনি জানান, চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

  • নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর

    নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ রোববার তারা এই ঘোষণা দেয়।

    তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

    বিপ্লবী গার্ড বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যতদিন বেঁচে থাকবে, ততদিন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করব।’

  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন

    শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

    তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে বর্তমানে প্রাথমিক শিক্ষা খাতকে শক্তিশালী করতে মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

    তিনি আরও বলেন, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪), যা জুলাই ২০১৮ সাল থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে এবং চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), যা জুলাই ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত চলমান।

    মন্ত্রী আরও জানান, ঢাকা মহানগর ও পূর্বাচলে নান্দনিকতা বৃদ্ধিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে।

    এছাড়া সরকার কক্সবাজার ও বান্দরবান জেলায় এবং নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত বাস্তবায়ন করছে।

    মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে।

    তিনি আরও জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশের ৫৮টি জেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক স্তর)’ শীর্ষক একটি কোর্স বাস্তবায়ন করা হচ্ছে।

    এর পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের বিকল্প শিক্ষার সুযোগ দিতে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে উপজেলায় ‘স্কুলবহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

    মন্ত্রী আরও জানান, প্রকল্পটি ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে এবং এটি জানুয়ারি ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত বাস্তবায়িত হবে।