Category: প্রচ্ছদ

  • খুলনায় ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ পুলিশ সদস্য

    খুলনায় ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ পুলিশ সদস্য

    অনলাইন ডেস্ক:    খুলনায় প্রায় ২৮ হাজার ইয়াবা পিস উদ্ধার করে পুরস্কৃত হয়েছেন কেএমপি’র হরিণটানা থানার ১১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কামিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

    সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুরস্কৃতরা হলেন অভিযান পরিচালনা টিমের সদস্য এসআই (নি.) মো. রাসেল হোসাইন, এসআই (নি.) মো. রফিকুল ইসলাম, এসআই (নি.) মো. রেজোওয়ান উজ্জামান,  এএসআই (নি.) মো. আল মামুন, এএসআই (নি.) মো. আরিফুল ইসলাম, এএসআই (নি.) মো. শরিফুল ইসলাম, এএসআই (নি.) মো. তহিদুল ইসলাম, কনস্টেবল মো. হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হান। তাদের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

    এ সময় কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

    এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন)  মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ।

    উল্লেখ্য, গতকাল বুধবার হরিণটানা থানা এলাকায় টুংগীপাড়া এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ ২৭ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে।

  • ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

    ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

    অনলাইন ডেস্ক:    ভারতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বৃহস্পতিবারের নির্ধারিত ভাষণ বাতিল করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম আসার পর গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

    নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।’

    তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গেটস ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও জানানো হয়।

    বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন।

    গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক:     প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।

    আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

    সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

  • বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে

    বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে

    অনলাইন ডেস্ক:    বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা।

    পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে মহান আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা।

    গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

    বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা।

    আজ ভোররাতে সাহ্রি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান প্রথম রোজা পালন করছেন।

    রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন মুমিনরা।

    ইসলামের বিধান অনুযায়ী, রমজানুল মোবারক বছরের বাকি এগারো মাসের চেয়ে অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ মাসের বিশেষত্ব অপরিসীম।

    পবিত্র রমজান মাসে সাহ্রি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

    সরকারি নির্দেশনা অনুসারে, আজ থেকে পুরো রমজান মাস সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

    জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে।

    এদিকে নতুন সময় অনুযায়ী, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

    তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

    এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

    রমজান মাসে তারাবির নামাজে পবিত্র কোরআন খতমের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মব্যস্ততার কারণে অনেক সময় মুসল্লিদের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, তাই খতমের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করা হবে।

    এই নিয়মে খতম সম্পন্ন হলে আগামী ২৭ রমজান অর্থাৎ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হবে। এই রাতটি মুসলিম সমাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে।

    সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে গত বুধবার থেকেই রমজান পালন শুরু হয়েছে।

    তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের সঙ্গে আজ থেকে রোজা পালন করছে।

    ইবাদতের এই বসন্তকালে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

  • ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে

    ডিএসইতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, অধিকাংশ কোম্পানির দর কমেছে

    অনলাইন ডেস্ক:  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনভর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

    ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ দশমিক ২৪ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ দশমিক ১৬ পয়েন্টে নেমে এসেছে।

    এদিন ডিএসইতে মোট ২ লাখ ৮৪ হাজার ৬২৮টি লেনদেনের মাধ্যমে ৪৭ কোটি ৩ লাখ ৪০ হাজার ৯৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা।

    ডিএসই সূত্রে জানা গেছে, আজ সব ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
    ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দর বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরিতে ৮০টির মধ্যে ২৮টির দর বেড়েছে, ৪২টির কমেছে ও ১০টির দর অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৮টির মধ্যে ৪৪টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত ছিল। ‘এন’ ক্যাটাগরিতে এদিন কোনো শেয়ারের লেনদেন হয়নি।

    মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে ৪টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ড খাতে ৪টির মধ্যে ৩টির দর কমেছে ও ১টির অপরিবর্তিত ছিল। সরকারি সিকিউরিটিজ খাতে লেনদেন হওয়া ৬টির মধ্যে ২টির দর বেড়েছে এবং ৪টির কমেছে।

    লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, মুন্নু ফেব্রিক্স, বিএসসি এবং কে অ্যান্ড কিউ।

    দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এবি ব্যাংক, কে অ্যান্ড কিউ, এসিআই, সোনারগাঁও টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফরমুলেশন, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স এবং স্যালভো কেমিক্যাল।

    অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- বে-লিজিং, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স, জাহিন স্পিনিং, এবি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, সাইফ পাওয়ার এবং গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

    বাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান ও বিক্রয় চাপের কারণে এদিন শেয়ারবাজারে সামগ্রিকভাবে দরপতন লক্ষ্য করা গেছে।

  • মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

    মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে চাকুরী মেলা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:     জেলায় নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে “চাকুরী মেলা-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার সকালে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নতুন ভবনে এ্যাসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।

    নার্সিং ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

    মাদারীপুর ও শরীয়তপুর জেলার ১০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এতে স্টল স্থাপন করে অংশগ্রহণ করে। এসময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করে।

    মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, মাদারীপুর জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার খলিল উজ্জামান এবং ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন।

    অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

    অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ নার্সদের দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।