Category: প্রচ্ছদ

  • নির্বাচন নিয়ে নতুন বার্তা জাতিসংঘের

    নির্বাচন নিয়ে নতুন বার্তা জাতিসংঘের

    অনলাইন ডেস্ক:    আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনি আমেজ; আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

    তবে, সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন।

    গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন।

    ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন, অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না?

    জবাবে ফারহান হক বলেন, অবশ্যই, আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারেন।

    এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ১৪ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে কমনওয়েলথ। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আদো। তার সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞরা যোগ দেবেন। পর্যবেক্ষক দলকে সহায়তা করবে কমনওয়েলথ সেক্রেটারিয়েট -এর একটি  দল, যার নেতৃত্বে থাকবেন ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান ও উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ।

    কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের ম্যান্ডেট হলো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নির্বাচন ও গণভোট বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে কি না—সে বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা। দলটি বাংলাদেশের জাতীয় আইনসহ যেসব মানদণ্ডে বাংলাদেশ নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে, তার আলোকে নির্বাচনী প্রক্রিয়ার পরিচালনা সম্পর্কে প্রতিবেদন দেবে।

    মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন কমনওয়েলথ মহাসচিবের কাছে জমা দেবে। পরবর্তীতে এই প্রতিবেদন বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ, সকল কমনওয়েলথ সরকার এবং সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

  • হোয়াটসঅ্যাপ আনবে শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট

    হোয়াটসঅ্যাপ আনবে শিশুদের জন্য সেকেন্ডারি অ্যাকাউন্ট

    অনলাইন ডেস্ক:   হোয়াটসঅ্যাপ এখন সেকেন্ডারি অ্যাকাউন্ট ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানের জন্য আলাদা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলো মূল (প্রাইমারি) অ্যাকাউন্টের সঙ্গে ‘ডিজিটাল লিঙ্ক’-এর মাধ্যমে সংযুক্ত থাকবে।

    সেকেন্ডারি অ্যাকাউন্টে কিছু সীমাবদ্ধতা থাকবে এবং শুধু পরিচিত কনট্যাক্টদের কাছ থেকে মেসেজ ও কল আসবে। এতে অভিভাবকরা গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন, যা শিশুরা সাধারণত উপেক্ষা করে।

    তবে অভিভাবকরা সন্তানের চ্যাট বা কল সরাসরি দেখতে পারবেন না। শুধুমাত্র ব্যবহার সংক্রান্ত রিপোর্ট এবং প্যাটার্ন সম্পর্কে তথ্য পাবেন। হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই কার্যকর থাকবে, ফলে ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত থাকবে।

    সেকেন্ডারি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় প্রাইমারি কন্ট্রোল ফিচার এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। নতুন প্যারেন্টাল টুলগুলো বিদ্যমান সেটিংসের সঙ্গে সহজ ও মসৃণভাবে যুক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

    ফিচারটি চালু হলে অভিভাবকরা সন্তানের বয়স অনুযায়ী নিরাপদ সেটিংস নিশ্চিত করতে পারবেন এবং অনলাইন নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবেন।

  • শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়াল

    শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৬৬৯ কোটি টাকা ছাড়াল

    অনলাইন ডেস্ক:    সপ্তাহের কার্যদিবসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির ২০ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ১৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৭৯৫ টাকা।

    সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৮ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৪৮ পয়েন্টে উন্নীত হয়েছে। পাশাপাশি ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে।

    এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার।

    লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি : ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

    দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি : ড্যাফোডিল কম্পিউটারস, শাইনপুকুর সিরামিকস, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, বিডি অটোকারস এবং এশিয়া ইন্স্যুরেন্স।

    দর কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি : এপেক্স ট্যানারি, রিজেন্ট টেক্সটাইল, বিডি ওয়েল্ডিং, নূরানী ডায়িং, সিএনএ টেক্সটাইল, আইসিবি ইসলামী ব্যাংক, এফবিএ আইএফ, মাইডাস ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস।

  • হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৩ ধাপ উন্নতি শারমিনের

    হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৩ ধাপ উন্নতি শারমিনের

    অনলাইন ডেস্ক:    আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। ১৩ ধাপ সামনে এগিয়েছেন তিনি।

    আজ নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের আর কোন ব্যাটার বা বোলারের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি।

    চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন আক্তার। তার ব্যাটে চড়েই যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে টাইগ্রেসরা। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন শারমিন।

    বাছাই পর্বে ম্যাচ জয়ী ইনিংস খেলার সুবাদে আইসিসি র‌্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। ৪৩৪ রেটিং নিয়ে ৫৭তম স্থানে আছেন এই ডান-হাতি ব্যাটার।

    ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৬০৩ রেটিং নিয়ে ১৮তম স্থানে আছেন তিনি। এরপরই অবস্থান শারমিনের।

    টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তার রেটিং ৭৯৪।

    বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন লেগ-স্পিনার রাবেয়া খান। ৬৬০ রেটিং নিয়ে ১৫তম স্থানে আছেন তিনি।

    অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েসট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

    দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

    অনলাইন ডেস্ক:    দক্ষিণ কোরিয়ার একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি বেসামরিক শাসন সাময়িকভাবে স্থগিত করে সামরিক আইন ঘোষণায় সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    আজ বুধবার সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে রায় ঘোষণার সময় বিচারক লি জিন-গওয়ান বলেন, ‘হান ডাক-সু  সংবিধান ও আইনের শাসন রক্ষায় ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি তার কর্তব্য এবং দায়িত্ব পালনে শেষ পর্যন্ত অবহেলা করেছেন।’

  • বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

    বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন

    অনলাইন ডেস্ক:     বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও গণতন্ত্র পুনর্গঠনে গৃহীত ব্যাপক সংস্কার কার্যক্রম এবং ‘জুলাই সনদে’র প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে ইতালি।

    ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী মাত্তেও পেরেগো দি ক্রেমনাগো এ কথা বলেন।

    সাক্ষাৎকালে দুই পক্ষ বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা, অভিবাসন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ এবং জুলাই সনদসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

    জুলাই সনদের প্রশংসা করে ইতালির উপ-প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সনদে উল্লিখিত ব্যাপক সংস্কার কর্মসূচিকে ইতালি সমর্থন করে। একই সঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে রোমের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

    মাত্তেও পেরেগো বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এখন বৈশ্বিক রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশসহ, সম্পর্ক জোরদার করতে চায় ইতালি, যাতে সামনে এগুনোর একটি যৌথ পথ তৈরি করা যায়।

    তিনি বলেন, ইতালিতে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায় ভালোভাবেই একীভূত হচ্ছে। তবে ভূমধ্যসাগরীয় পথে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগের কথাও তিনি উল্লেখ করেন।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি চলতি বছরের মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিককে একটি সামাজিক ব্যবসাভিত্তিক আয়োজন হিসেবে নকশা প্রণয়নে যুক্ত ছিলেন।

    অধ্যাপক ইউনূস বলেন, জাপান ও ইতালির মতো উন্নত দেশগুলোতে জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে।

    এ অবস্থায় এসব দেশে বৈধ অভিবাসন সম্প্রসারণের গুরুত্ব রয়েছে।

    প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল মোতায়েনের জন্য তিনি ইইউ’র প্রশংসা করেন।

    তিনি বলেন, ভোটার উপস্থিতি শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী। বিশেষ করে তরুণদের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসনামলে অনুষ্ঠিত ‘ভুয়া নির্বাচনে’ অনেক তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।

    এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইতালির সমর্থন চান এবং প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

    সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।