Category: প্রচ্ছদ

  • মেশিনেই জকসু ভোট গণনার সিদ্ধান্ত

    মেশিনেই জকসু ভোট গণনার সিদ্ধান্ত

    অনলাইন ডেস্ক:   গণনা মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা। পরে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনায় মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি।

    তিনি বলেন, কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সঙ্গে প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মিটিংয়ে সবার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে- প্রথমে তিনশ বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট ম্যানুয়ালি গণনা করব। তারপর ভোটগুলো দুটি আলাদা কোম্পানির মেশিনে গণনা করব। এর মধ্যে যে মেশিনের ফল ম্যানুয়ালি হিসাবের বেশি কাছাকাছি আসবে, সেই মেশিন দিয়েই বাকি সব ভোট গণনা করব। মধ্যে মধ্যে রেনডমলি উভয় মেশিনে ভোট গণনা করব। এর মধ্যে মেশিনের কার্যকারিতা যাচাইয়ে আমরা কিছু কিছু ভোট হাতে গোনার পর মেশিনে গণনা করে টেস্ট করে দেখব। এভাবে সব ভোট গণনার পর একসঙ্গে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

    এর আগে রাত ১০টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের বৈঠকে বসে কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল দায়ের শুরু

    মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল দায়ের শুরু

    অনলাইন ডেস্ক:    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে আপিল দায়ের শুরু হয়। এরআগে গতকাল সোমবার প্রথমদিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১ টি এবং মনোনয়নপত্র  গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়। আজ দুপুর পৌনে ১টা পর্যন্ত (দুইদিনে) মোট ৭২টি আপিল দায়ের করা হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

    এর আগে সোমবার খুলনা অঞ্চলের থেকে ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, রংপুর অঞ্চলে ৩টি, চট্টগ্রাম অঞ্চলে ২টি, কুমিল্লা অঞ্চলে ৫টি, ঢাকা অঞ্চলের ১৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, বরিশাল অঞ্চলে ১টি এবং ফরিদপুর অঞ্চলের অঞ্চলের জেলা সমূহে থেকে ৭টি আপিল দায়ের করা হয়। এরমধ্যে কুমিল্লা অঞ্চলে থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

    গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

    এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিশে বলা হয়েছে, ‘রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর মেমোরেন্ডাম আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।’

    ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।

    আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

    নির্বাচন কমিশন বরাবর দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

    ১০ জানুয়ারি সকাল ১০টা হতে শুরু হবে ১ থেকে ৭০ নম্বর আপিল শুনানি। ১১ জানুয়ারি ৭০ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

    আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিলের রায়ের অনুলিপি শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক হতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।

    ১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারির দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি দেওয়া হবে।

  • গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

    গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

    অনলাইন ডেস্ক:    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

    তিনি বলেছেন, ‘আমাদের দেশের স্থলভাগ যতটুকু, তার সমপরিমাণ অঞ্চল জলভাগেও রয়েছে। কিন্তু এই সম্পদগুলো আমরা ঠিকমতো কাজে লাগাতে পারিনি, এমনকি সম্পদের পরিমাণ কত, সম্ভাবনা কেমন—তাও জানতে পারিনি। এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হলে পর্যাপ্ত গবেষণা ও নীতিগত সহায়তা প্রয়োজন।’

    সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম নিয়ে গবেষণা জাহাজ আর.ভি. ড. ফ্রিডটজফ ন্যানসেনু এর মাধ্যমে পরিচালিত জরিপ ও গবেষণার প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এছাড়া আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

    সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী এবং মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    গত বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। আটটি দেশের ২৫ জন বিজ্ঞানী এই জরিপে অংশ নেন, যার মধ্যে ১৩ জন ছিলেন বাংলাদেশের।

    অধ্যাপক সায়েদুর রহমান আজকের বৈঠকে গবেষণা ুসংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন।

    তিনি জানান, এই গবেষণায় ৬৫টি নতুন জলজ প্রাণির প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে।

    তিনি বলেন, ‘বাংলাদেশের গভীর সমুদ্রে জেলিফিশের আধিক্য মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এটি ভারসাম্যহীনতার লক্ষণ। অতিরিক্ত মাছ ধরার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

    তিনি আরও জানান, দুই হাজার মিটার গভীরতাতেও প্লাস্টিক পাওয়া গেছে, যা গভীর উদ্বেগের বিষয়।

    ২০১৮ সালের একটি গবেষণার সঙ্গে তুলনা করে দেখা গেছে, গভীর সমুদ্রে বড় আকারের মাছ কমে যাচ্ছে। স্বল্প গভীর সমুদ্রে মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

    জানা গেছে, বর্তমানে ২৭০ থেকে ২৮০টি বড় মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মৎস্য আহরণ করছে। এর মধ্যে ৭০টি ট্রলার শব্দতরঙ্গ নির্ভর প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক মাছ ধরায় যুক্ত। এটি অত্যন্ত আগ্রাসী একটি পদ্ধতি। এর ফলে গভীর সমুদ্রে বড় মাছ ধরেন—এমন জেলেরা লাভবান হলেও স্বল্প গভীর পানিতে মাছ ধরেন—এমন জেলেরা ক্ষতির মুখে পড়ছেন।

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এভাবে লক্ষ্যভিত্তিক মাছ ধরা চলতে থাকলে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শব্দতরঙ্গ নির্ভর মাছ ধরা বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’

    গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশের গভীর সমুদ্রে টুনা মাছের আধিক্য রয়েছে এবং এর ব্যাপক সম্ভাবনাও আছে। একই সঙ্গে সুন্দরবনের নিচে একটি মাছের প্রজনন ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।

    বৈঠকে আরও জানানো হয়, যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর একটি বহুমুখী জলতল পরিমাপ ও সমুদ্রবিজ্ঞান জরিপ জাহাজ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এই জাহাজ সমুদ্রের তলদেশ, গভীরতা এবং অন্যান্য সামুদ্রিক তথ্য সংগ্রহ করবে, যা বাংলাদেশের সামুদ্রিক গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

    জাপান, ইন্দোনেশিয়া ও মালদ্বীপের সঙ্গে যৌথ গবেষণা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে। এ বিষয়ে যাঁদের বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে, তাঁদের সঙ্গে গবেষণা সমন্বয় করতে হবে। এর মধ্য দিয়েই অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন হবে।’

  • নতুন রোবট্যাক্সি বাজারে আনছে উবার

    নতুন রোবট্যাক্সি বাজারে আনছে উবার

    অনলাইন ডেস্ক:   উবার স্বয়ংচালিত গাড়ির ক্ষেত্রে নতুন ধাপ এগিয়েছে। লুসিড মোটরস ও স্বয়ংচালিত প্রযুক্তি প্রতিষ্ঠান নুরোর সঙ্গে যৌথভাবে তারা নতুন রোবট্যাক্সি উন্মোচন করেছে।২০২৬ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (CES)–এ গাড়িটি প্রদর্শিত হয়েছে। আনুষ্ঠানিক প্রদর্শনের আগে প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ কাছ থেকে গাড়িটি দেখার সুযোগ পায়।

    রোবট্যাক্সিটি লুসিড গ্র্যাভিটি এসইউভিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এতে অত্যাধুনিক স্বয়ংচালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকল্পটি ছয় মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত হচ্ছে। উবার এতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং লুসিডের কাছ থেকে ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

    উবার, লুসিড ও নুরো জানিয়েছে যে রোবট্যাক্সিটি ইতোমধ্যেই জনসাধারণের সড়কে পরীক্ষামূলকভাবে চলেছে। চলতি বছরই সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।

    গাড়িটিতে রয়েছে উচ্চ রেজোলিউশনের ক্যামেরা, সলিড-স্টেট লিডার ও রাডার প্রযুক্তি। এসব সেন্সর গাড়ির ছাদে থাকা ‘হালো’ অংশে সংযুক্ত করা হয়েছে। গাড়ির স্বয়ংচালিত সিস্টেম পরিচালিত হচ্ছে এনভিডিয়ার ড্রাইভ এজিএক্স থর কম্পিউটারের মাধ্যমে।

    হালোতে থাকা এলইডি লাইট যাত্রীদের দূর থেকে গাড়ি শনাক্ত করতে সাহায্য করবে। গাড়ি তৈরি হওয়ার সময়ই এসব প্রযুক্তি সংযোজন করা হচ্ছে, যা লুসিডের অ্যারিজোনার কারখানায় সম্পন্ন হচ্ছে।নতুন রোবট্যাক্সি আগের পরীক্ষামূলক সংস্করণের চেয়ে আরও উন্নত। হালোতে ছোট স্ক্রিন যুক্ত করা হয়েছে যা যাত্রীদের স্বাগত জানাবে। গাড়ির ভেতরে আলাদা রাইড ইন্টারফেসও রয়েছে। পেছনের যাত্রীদের স্ক্রিনে শহরের থ্রিডি মানচিত্র দেখা যাবে এবং আশপাশের গাড়ি ও পথচারীদের অবস্থানও প্রদর্শিত হবে। সফটওয়্যারটি উবার তৈরি করছে, তবে এখনো পুরোপুরি ব্যবহারযোগ্য সংস্করণ প্রদর্শন হয়নি।

    গাড়ির সামনে ৩৪ ইঞ্চির বাঁকানো OLED ডিসপ্লে টাচস্ক্রিন আছে। উবার এই রোবট্যাক্সিকে প্রিমিয়াম সেবা হিসেবে চালু করতে চায়। গাড়িটির ভেতরের জায়গা প্রশস্ত, এবং দুই বা তিন সারির সংস্করণ থাকবে।

    চূড়ান্ত যাচাই ও অনুমোদন শেষে রোবট্যাক্সির পূর্ণ উৎপাদন শুরু হবে। গাড়িগুলো লুসিডের অ্যারিজোনার কারখানা থেকে সরবরাহ করা হবে, তবে উৎপাদনের নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি।

  • মাহাথির মোহাম্মদ হাসপাতালে

    মাহাথির মোহাম্মদ হাসপাতালে

    অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারা (আইজেএন)-এ ভর্তি করা হয়।  ড. মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ হোয়াটসঅ্যাপ অ্যাপের ‘ড. এম মিডিয়া আপডেটস’ নামের সরকারি মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ১০০ বছর বয়সি এই প্রবীণ নেতাকে অ্যাম্বুলেন্সে করে আইজেএনে নেওয়া হয়।

    সুফি ইউসুফ বলেন, ‘আজ ভোরে তিনি পড়ে যান। সাধারণত এ ধরনের ঘটনায় হাসপাতালে এনে আরও পর্যবেক্ষণ প্রয়োজন হয়। জানা গেছে, বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।’

    তিনি আরও জানান, আইজেএনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ড. মাহাথিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, মালয়েশিয়ার চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তির কারণে আইজেএনে চিকিৎসাধীন ছিলেন।

  • ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে : নাহিদ ইসলাম

    ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে : নাহিদ ইসলাম

    অনলাইন ডেস্ক:    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সোমবার  দিনগত রাত সোয়া ২টায় কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভীর টঙ্গীর বাসায় এসে সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে। মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহবান জানান। এসময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তারও আগে দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন।

    এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ ছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

    ১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’ এরপর সুরভী জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় আসেন। এই খবর পেয়ে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গীতে সুরভীর বাসায় আসেন।