Category: প্রচ্ছদ

  • আগামী পাঁচ দিনে শীত ও কুয়াশার দাপট আরও বাড়বে

    আগামী পাঁচ দিনে শীত ও কুয়াশার দাপট আরও বাড়বে

    অনলাইন ডেস্ক: সারাদেশে জেঁকে বসা শীতের সঙ্গে ঘন কুয়াশা আরও কয়েক দিন জনজীবনকে ভোগাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ এলাকায় শীত, কুয়াশা এবং শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

    রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সক্রিয় থাকায় দেশের ওপর শীতল উত্তুরে হাওয়ার প্রভাব বাড়ছে।

    এই সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে নৌ, সড়ক ও স্থল যোগাযোগ ব্যাহত হওয়ার সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর।

    পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার (৪ জানুয়ারি) পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে। তবে কুয়াশার কারণে দিনের প্রথম ভাগে শীতের অনুভূতি বেশি থাকবে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) ও মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

    এদিকে জানুয়ারি মাসের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত বিশেষ জলবায়ু বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশের ওপর মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

    জলবায়ু বার্তায় আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

  • ৩ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৭.১ শতাংশ বৃদ্ধি

    ৩ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৭.১ শতাংশ বৃদ্ধি

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, জানুয়ারির প্রথম তিন দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৭.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

    গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ২১০ মিলিয়ন ডলার।

    চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৬ হাজার ৫৫৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৩ হাজার ৯৮৭ মিলিয়ন ।

  • মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আজ, আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা

    মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আজ, আপিল দায়েরে ইসির ৭ নির্দেশনা

    অনলাইন ডেস্ক:    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আজ শেষ হচ্ছে।

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বলেন, আজ রোববার মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে তা প্রকাশ করা হবে।

    এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

    ‘আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ কোন প্রার্থী বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন।

    সেক্ষেত্রে নিম্নরূপভাবে আপিল দায়ের করতে হবে।

    মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল: আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের নিকট নির্ধারিত ফরমেটে দায়ের করতে হবে।

    আপিল দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

    আপিল আবেদনের ১টি মূলকপিসহ সর্বমোট ৭ টি কপি দাখিল করতে হবে।

    আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।

    আপিল আবেদন ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারী ২০২৬ তারিখ বিকাল ৫ টার মধ্যে দাখিল করতে হবে।

    আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপি প্রাপ্তির জন্য নির্ধারিত ফরম-এ আবেদন দাখিল করতে হবে। উক্ত ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ হতে সংগ্রহ করা যাবে।

    আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারীর পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

    আপিল নিষ্পত্তি: মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিলসমূহ নির্বাচন কমিশন আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিষ্পত্তি করবে।

    নির্বাচনী আচরণ বিধি অনুসরণ: সংসদ নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি এবং সরকারী সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করতে হবে।’

  • রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা শৃঙ্খলার মধ্যে আনা হবে: উপদেষ্টা

    রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা শৃঙ্খলার মধ্যে আনা হবে: উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না। তবে, এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।

    রাজধানীর আফতাব নগরে আজ (৩ জানুয়ারি) সকালে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

    উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে, এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।”

    শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে ও নগরকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পর্যায়ক্রমে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।

    অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে।

  • তারেক রহমানের বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    তারেক রহমানের বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

    তার মনোনয়নপত্রটি শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

    তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    ২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন।পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।

    বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

  • অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

    অবকাশ শেষে কাল খুলছে সুপ্রিম কোর্ট

    অনলাইন ডেস্ক: দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে কাল রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

    গত ডিসেম্বরের নির্ধারিত ছুটি কাটিয়ে কালই প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে কালই হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।