Category: প্রচ্ছদ

  • সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে

    সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে

    অনলাইন ডেস্ক:    মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ দেশের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

    কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি বজায় থাকার সম্ভাবনা বেশি।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

  • স্থগিত হওয়া বিপিএলের ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে

    স্থগিত হওয়া বিপিএলের ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে

    অনলাইন ডেস্ক:      বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দু’টি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    স্থগিত হওয়া ম্যাচ দু’টি ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তিন দিনের জাতীয় শোকের প্রথম দিনে বাংলাদেশ সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় বুধবার বিপিএলের কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।

    আজ স্থগিত হওয়া সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের ম্যাচ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।১ ও ২ জানুয়ারির ম্যাচগুলো যথারীতি আগের সূচিতে অনুষ্ঠিত হবে।

  • শেরপুরে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

    শেরপুরে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

    অনলাইন ডেস্ক:      শেরপুরে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল (আলু) ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।আজ রোববার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর ব্লকের ডুবারচর গ্রামে কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

    সদরের সন্ন্যাসীরচর ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।

    এ সময় তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কৃষক সেবা কেন্দ্র থেকে মানসম্মত বীজ, সার, রোগবালাই দমন সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন কৃষি সহায়তা দেওয়া হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

    বক্তারা বলেন, আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই উদ্যোগ কৃষকদের আলু উৎপাদনে খরচ কমাতে ও লাভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।

  • টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

    টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

    অনলাইন ডেস্ক: শীতে কাঁপছে কিশোরগঞ্জ। টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার নিকলী উপজেলায়।

    আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।

    এর আগের দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নিকলীতে দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর রোববার (২৮ ডিসেম্বর) সকালে এখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা সেদিন দেশের সর্বনিম্ন ছিল।

    আজ বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজও সারা দেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ও সোমবারের তুলনায় শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই।

    এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি জেলার হাওরাঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন।

  • বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের

    বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের

    অনলাইন ডেস্ক:    বিশ্বব্যাপী বিরাজমান চরম অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে ২০২৬ সালকে সামনে রেখে বিশ্বনেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বিভেদ ও সংঘাত ভুলে মানুষ এবং পৃথিবীর সুরক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    গুতেরেস বলেন, ‘নতুন বছরে বিশ্ব এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের চারপাশে কেবল বিশৃঙ্খলা আর অনিশ্চয়তা। বিভাজন, সহিংসতা, জলবায়ু বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আমাদের ঘিরে ধরেছে।’

    ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালে বিশ্বনেতাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত— মানুষের কষ্ট লাঘব করা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা।বিশ্বনেতাদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে জাতিসংঘ প্রধান বলেন, ‘এখনই সময় সচেতন হওয়ার। সংঘাতের বদলে মানুষ ও পৃথিবীকে বেছে নিন।’

    বিশ্বজুড়ে উন্নয়ন সহায়তার তুলনায় সামরিক খাতে অত্যধিক ব্যয়ের তীব্র সমালোচনা করেন তিনি।
    গুতেরেস জানান, এ বছর বিশ্বজুড়ে সামরিক ব্যয় প্রায় ১০ শতাংশ বেড়ে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই বিশাল অঙ্কটি উন্নয়ন খাতে বিশ্বের মোট ব্যয়ের চেয়ে ১৩ গুণ বেশি এবং পুরো আফ্রিকার মোট জিডিপির সমান।

    তিনি সতর্ক করে বলেন, বর্তমানে যুদ্ধের যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি।গুতেরেস বলেন, ‘আসুন নতুন বছরে আমরা আমাদের অগ্রাধিকারগুলো ঠিক করি। যুদ্ধ জয়ের চেয়ে দারিদ্র্য জয়ের পেছনে বিনিয়োগ বাড়ালেই পৃথিবী নিরাপদ হবে। যেকোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’২০২৬ সাল হবে জাতিসংঘ মহাসচিব হিসেবে আন্তোনিও গুতেরেসের শেষ বছর।

  • নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়, বললেন প্রধান উপদেষ্টা

    নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়, বললেন প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:     দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। তার ইন্তেকালে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এবং তার জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একজন নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ তাকে স্মরণ করছেন গভীর শ্রদ্ধা ও বেদনায়।

    মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।

    ভাষণে অধ্যাপক ইউনূস খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মানুষের মধ্যে মুক্তির প্রেরণা জুগিয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, “দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দীর্ঘ রাজনৈতিক জীবন, গণমুখী নেতৃত্ব এবং মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়।”

    শোকাবহ এই সময়ে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং কোনো অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা যেন মাথাচাড়া দিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন, “এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।” একই সঙ্গে নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা আরও জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তার জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে। তিনি শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য কর্মী ও সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং সবার জন্য ধৈর্য ও শক্তি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

    খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত হয়ে ওঠা এই নেতা দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।