Category: প্রচ্ছদ

  • গাজায় লাউডস্পিকারে সম্প্রচার হবে নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণ

    গাজায় লাউডস্পিকারে সম্প্রচার হবে নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণ

    আন্তর্জাতিক ডেস্ক:     জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এ নির্দেশ নিয়ে সেনাবাহিনীর ভেতরে তীব্র আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

    ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিউজ ও হা’রেৎজ জানায়, পুরো গাজা উপত্যকায় লাউডস্পিকার বসিয়ে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি সম্প্রচার করতে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী এ পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে, কারণ এর ফলে সেনাদের এমন এলাকায় প্রবেশ করতে হবে যেখান থেকে তারা হামাসের টার্গেটে পরিণত হতে পারে।

    একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হা’রেৎজকে বলেন, ‌‘এটা সম্পূর্ণ পাগলামি। রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন পক্ষই বলছে, এর কোনো যৌক্তিকতা নেই। এর সামরিক লাভ কেউ খুঁজে পাচ্ছে না।’ সেনাবাহিনীর একটি সূত্র একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’ বলে আখ্যা দিয়েছে।

    তবে সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অমান্য করবে না। ইতোমধ্যে ৯৯তম ডিভিশনের সৈন্যরা গাজা সীমান্তে সামরিক গাড়ির ওপর লাউডস্পিকার বসিয়েছে বলে ইসরাইলি কান সম্প্রচার সংস্থার সামরিক প্রতিবেদক এক্স-এ একটি ছবি শেয়ার করেছেন।

    প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ ইসরাইল সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা। এতে তিনি মূলত পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

    ক্ষুব্ধ বন্দিদের পরিবার

    এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরাইলিদের পরিবারের সদস্যরা।

    লিশাই মিরান-লাভি, যার স্বামী ওমরি মিরান এখনও বন্দি, এক্সে লিখেছেন: ‘গাজাবাসীর বদলে আপনার উচিত সেইসব মানুষকে সম্বোধন করা যারা সত্যিকারের আশার প্রার্থনা করছে—বন্দিরা ও সেনারা। যদি লাউডস্পিকার বসান, তবে আমার রেকর্ডিং প্রচার করুন, যাতে ওমরি শুনতে পারে আমরা তাদের ফেরানোর জন্য লড়ছি।’

    আনাত আংগ্রেস্ট, যার ছেলে মাতান আংগ্রেস্ট বন্দি রয়েছে, লিখেছেন: ‘আমার ছেলে হয়তো আপনাকে শুনতে পাবে। কিন্তু ‘‘আমি যুক্তরাষ্ট্রে এসেছি বন্দিদের ফিরিয়ে আনার চুক্তি করতে’’—এই বাক্য ছাড়া আপনার প্রতিটি শব্দই তাদের জন্য মানসিক নির্যাতন হবে।’

    নিউইয়র্কে বিক্ষোভ

    এদিকে কয়েকজন বন্দির স্বজন ও মুক্তিপ্রাপ্তরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে অবস্থান নিয়ে নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি—একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে সব বন্দিকে মুক্ত করতে হবে এবং যুদ্ধের অবসান ঘটাতে হবে।

    ইসরাইলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় মোট ৪৮ জন বন্দি রয়েছেন। এদের মধ্যে ২৬ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। জীবিতদের অধিকাংশই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় অপহৃত হয়েছিলেন।

  • নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার !

    নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন উদ্ধার !

    রাজনীতি ডেস্ক:    জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মাওলানা মামুনুর রশীদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছি। চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রীর হাসপাতালে পাঠানো হয়েছে।

    মহিদুল ইসলাম বলেন, সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কীভাবে নিখোঁজ হন। পরে এ বিষয়ে সংবাদ ব্রিফিং করে জানানো হবে। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।মামুনুর রশীদের সন্ধান চেয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আজ মানববন্ধন করে তার পরিবার।

  • নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

    নির্বাচন নিয়ে সারজিসের হুঁশিয়ারির জবাবে যা বললেন প্রেসসচিব

    অনলাইন ডেস্ক:      প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দের কাজও তৎপরতার সঙ্গে চলছে। তবে এর মধ্যে ঘোষণা এসেছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না।

    এছাড়া, এনসিপির বেশিরভাগ নেতা এই ঘোষণার পর কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, সরল পথে দাবি পূরণ না হলে রাজনৈতিক লড়াইয়ের পথে যাবে দলটি।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি বলেন, যদি দলের শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে আগামী নির্বাচন কীভাবে হয় তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। সারজিসের এই হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

    এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলমের কাছে সাংবাদিকরা সারজিসের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেন।

    জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং পৃথিবীর কেউ এটি বাধাগ্রস্ত করতে পারবে না।

    শফিকুল আলম আরও বলেন, কোনো নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে, তা আমাদের বিষয় নয়। আমাদের কথা হলো—নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না।

  • ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

    ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

    অর্থনীতি ডেস্ক:    রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহ বোনাস ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে প্রদান করতে হবে।

    নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন, বিনিয়োগের মূল্য হ্রাস-বৃদ্ধির প্রভিশন এবং অন্যান্য সম্পদ হ্রাস-বৃদ্ধির প্রভিশন সমন্বয় করে অর্থাৎ বাদ দিয়ে নিট মুনাফার হিসাব করতে হবে।এ নির্দেশনার পর ঢালাওভাবে কর্মচারীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।

    অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংকগুলোতে উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এতদিন শৃঙ্খলার ঘাটতি ছিল। এটা দূর করার জন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এ অভিন্ন উৎসাহ বোনাস নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

    জানা গেছে, এতদিন এ বিষয়ে একটি নীতিমালা ছিল, যা লঙ্ঘন করে আসছিল বড় কয়েকটি ব্যাংক। যেমন– তিনটি উৎসাহ বোনাসের বেশি পাওয়ার সুযোগ না থাকলেও ২০২৩ সালে পাঁচটি উৎসাহ বোনাস দেয় সোনালী ব্যাংক।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২৭ মার্চ সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে দুটি বোনাসের অর্থ ব্যাংকের কর্মচারীদের কাছ থেকে ফেরত আনার নির্দেশ দেয়। সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, এ টাকা ফেরত দেননি কেউই। একইভাবে অন্যান্য ব্যাংকও বেশি বোনাস দিয়েছে।

  • নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব

    নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব

    অনলাইন ডেস্ক:   সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।মঙ্গলবার পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পরই এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

    সৌদির রাজকীয় আদালত এ বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে আল আরাবিয়া জানিয়েছে।  শায়খ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগলাভের আগ পর্যন্ত মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের হজের খুতবাও প্রদান করেছিলেন তিনি।

    শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

  • এসির বিস্ফোরণ ঠেকাতে যা করবেন

    এসির বিস্ফোরণ ঠেকাতে যা করবেন

    অনলাইন ডেস্ক:    গরমে এসি ছাড়া এক মুহূর্ত চলে না। বাইরে থেকে ফিরে একটু স্বস্তি পেতে চাই এসির বাতাস। বাড়িতে, অফিসে—সব জায়গায় এসি ব্যবহার করছেন। তবে এসি ব্যবহারে সতর্ক থাকা ভীষণ জরুরি। সতর্ক না থাকলে, যে কোনো মুহূর্তে এসিতে আগুন লেগে যাওয়া কিংবা বিস্ফোরণ ঘটনার সম্ভাবনা থাকে।

    এমন দুর্ঘটনার খবর নতুন নয়। পত্রিকার পাতায় তাকালেই অহরহ শোনা যায়। অনেক কারণেই এসি বিস্ফোরণ ঘটতে পারে। তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে কিংবা ঢিলা সংযোগ থাকলে স্পার্ক তৈরি হতে পারে। অতিরিক্ত লোডে বা মানহীন তার ব্যবহারে শর্টসার্কিটের ঝুঁকি বেড়ে দুর্ঘটনা ঘটতে পারে। আবার কম্প্রেসরের সমস্যাও হতে পারে। গ্যাস লিকেজও হতে পারে। এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।

    এসির দুর্ঘটনা এড়াতে যা করবেন—

    প্রথমেই এসি ইনস্টলেশন সঠিকভাবে করুন। একজন দক্ষ টেকনিশিয়ান ছাড়া এসি ইনস্টলেশন করবেন না। সেই সঙ্গে মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার করুন। ক্যাপাসিটার, তার, কম্প্রেসরসহ প্রতিটি যন্ত্রাংশ ব্র্যান্ডেড ও টেস্টেড কিনুন।

    এরপর সঠিক ভোল্টেজ ব্যবহার করুন। ভোল্টেজ ওঠানামা ঠেকাতে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন। সেই সঙ্গে ফিল্টার, কয়েল ও পাইপ পরিষ্কার রাখুন।

    গ্যাস লিকেজ চেক করুন। যদি অস্বাভাবিক গন্ধ বা শিসের মতো শব্দ শুনতে পান, তবে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। দেরি না করে বিশেষজ্ঞ টেকনিশিয়ানকে ডাকুন। এ ছাড়া অতিরিক্ত তাপমাত্রা এড়িয়ে চলুন। গরমে অতিরিক্ত চাপ পড়লে কম্প্রেসর ক্ষতিগ্রস্ত হতে পারে।

    আর গ্রাউন্ডিং সঠিকভাবে হয়েছে কিনা, নিশ্চিত করুন। এ ছাড়া এসি টানা ঘণ্টার পর ঘণ্টা চালালে মাঝে মাঝে বিরতি দিন। এবং নিয়মিত সার্ভিসিং করুন। প্রতি ৬ মাস বা অন্তত বছরে একবার পেশাদার টেকনিশিয়ান দিয়ে এসি চেক করান।

    এসি সবসময় ধুলা-ময়লামুক্ত রাখুন। কখনো ধুলা-ময়লা জমতে দেবেন না। ব্লক হলে কম্প্রেসরে চাপ পড়ে এবং ওভারহিট হয়ে আগুন ধরতে পারে।

    এসি কখনো নিজে নিজে মেরামতের চেষ্টা করবেন না। এসির ভেতরে গ্যাস ও বৈদ্যুতিক সার্কিট থাকে, যা বিপজ্জনক। অজ্ঞতাবশত মেরামত করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আর এসি বেশি লোড দেওয়া যাবে না। একই প্লাগে একসাথে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি চালাবেন না। আলাদা এমসিবি (মিনিয়েচার সার্কিট ব্রেকার) ব্যবহার করুন।

    এ ছাড়া গ্যাস লিক হলে এসি চালাবেন না। গ্যাস লিক থাকাবস্থায় এসি চালালে আগুন কিংবা বিস্ফোরণ ঘটতে পারে। আর লোকাল কিংবা নকল যন্ত্রাংশ ব্যবহার করবেন না। সস্তা বা ভেজাল পার্টস ব্যবহার করলে বিস্ফোরণের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়।