Category: প্রচ্ছদ

  • রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য প্রস্তুত পোল্যান্ড

    রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য প্রস্তুত পোল্যান্ড

    আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়ার ড্রোন হামলার পর পোল্যান্ড তার ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট ক্যারল নওরোকি গতকাল  মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার কয়েকটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ওয়ারশো অভিযোগ করেছে।

    ড্রোনের পাশাপাশি এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্যরাষ্ট্র। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে, পোল্যান্ড সর্বদা রাশিয়ার ড্রোন থেকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সুরক্ষা দিতে প্রস্তুত। পোলিশ জনগণ নিজের ভূখণ্ড রক্ষার জন্য লড়াইয়ে প্রস্তুত।

    তিনি আরো বলেন, ‘আমাদের ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কোর নির্মম উস্কানিমূলক কর্মকাণ্ডকে আমরা মেনে নেব না। রাশিয়া আমাদের পরীক্ষা করছে এবং আমাদেরকে ভয় দেখায়। কিন্তু আমরা  রাশিয়াকে ভয় পাই না।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন যে ন্যাটো দেশগুলোর উচিত তাদের ভূখণ্ডে প্রবেশকারী রাশিয়ান বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা।

    গত শুক্রবার রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়ার সীমান্তে ঢুকে যায়। এর প্রতিক্রিয়ায় ন্যাটো বিমানগুলো হামলা চালায়।এস্তোনিয়া ন্যাটোর বৈঠকের আহ্বান জানায়।পূর্ব পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত করার পর পোল্যান্ড ন্যাটো আলোচনা শুরু করার মাত্র এক সপ্তাহেরও বেশি সময় পরে এই ঘটনাটি ঘটে।

  • অক্টোবরে ডিআর কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স: ম্যাখোঁ

    অক্টোবরে ডিআর কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি সম্মেলনের আয়োজন করবে ফ্রান্স: ম্যাখোঁ

    আন্তর্জাতিক ডেস্ক:    ফ্রান্স অক্টোবরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) চলমান ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সম্মেলন আয়োজন করবে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জাতিসংঘে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘গ্রেট লেকস অঞ্চলে ডিআরসি’র সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কিভুর জনসংখ্যা ও সেখানকার বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের আশা ফিরিয়ে আনতে হবে।’

    ম্যাখোঁ আরও বলেন, আগামী মাসে প্যারিসে অনুষ্ঠেয় এই বৈঠকে যারা মানবিক জরুরি সমস্যাগুলোকে চিহ্নিত ও মোকাবিলা করতে পারেন এবং চলমান শান্তি উদ্যোগের সঙ্গে ইতোমধ্যেই তাদের প্রচেষ্টাগুলোকে সমন্বয় করেছেন তাদের সকলকে একত্রিত করা হবে।

    জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খনিজ সম্পদে সমৃদ্ধ পূর্ব ডিআরসি তিন দশক ধরে সংঘাতে জর্জরিত।২০২১ সাল থেকে সরকার বিরোধী এম-২৩ গোষ্ঠীর পুনরুত্থানের ফলে সহিংসতা তীব্রতর হয়েছে।

    জাতিসংঘ বলেছে যে প্রতিবেশী রুয়ান্ডা ও তাদের সেনাবাহিনী গোষ্ঠীটিকে সমর্থন দিচ্ছে। জানুয়ারিতে গোমা ও ফেব্রুয়ারিতে বুকাভুর প্রধান শহরগুলো তারা দখল করে নেয়।জাতিসংঘের মতে, জানুয়ারি থেকে সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    কাতারে তিন মাস ধরে আলোচনার পর, জুনের শেষের দিকে ওয়াশিংটনে ডিআরসি ও রুয়ান্ডার সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি পৃথক শান্তি চুক্তির পর, ১৯ জুলাই এম ২৩ গোষ্ঠী এবং কিনশাসা যুদ্ধবিরতিতে সম্মত হয়।কিন্তু সাম্প্রতিক দিনগুলোয়, এম২৩ ও কঙ্গোলিজ সেনাবাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

  • তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে ১৪ জনের মৃত্যু, ১২৪ জন নিখোঁজ

    তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে ১৪ জনের মৃত্যু, ১২৪ জন নিখোঁজ

    আন্তর্জাতিক ডেস্ক:   সুপার টাইফুন রাগাসার প্রবল বর্ষণে তাইওয়ানের একটি পুরনো হ্রদের বাঁধ ভেঙে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছে বলে বুধবার হুয়ালিয়েন কাউন্টি সরকারের প্রেস কর্মকর্তা লি কুয়ান-টিং জানিয়েছেন।

    জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছে, এই ঘটনায় ১২৪ জন নিখোঁজ রয়েছে। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে মঙ্গলবার বাঁধটি ভেঙে পড়লে একটি সেতু ভেসে যায় ও একটি শহরে কাদামাটির স্রোত ঢুকে পড়ে।

    স্থানীয় কুয়াং ফু টাউনশিপের নেতা হসু চেং-হসিয়ুং (৫৫) বলেন, এটা যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছিল। কাদামাটির স্রোত সরাসরি আমার বাড়ির প্রথম তলায় ঢুকে পড়ে।স্থানীয় বাসিন্দা ইয়েন শাউ (৩১)  বলেন, এটা যেন একেবারে দুর্যোগের সিনেমা। হ্রদের বাঁধটি ভাঙার এক ঘণ্টা আগে পর্যন্ত অনেক মানুষ স্থানীয় সুপারমার্কেট ও মুদি দোকানে কেনাকাটা করছিলেন। কয়েক মিনিটের মধ্যেই পানি প্রথম তলার অর্ধেক পর্যন্ত উঠে যায়।

    তিনি আরও জানান, আরেকটি স্রোতের ভয়ে মঙ্গলবার রাতে তিনি ঘুমাতে পারেননি। বুধবার সকাল থেকে বাড়ি থেকে কাদা সরানোর চেষ্টা করছেন। কাদা এতটাই গভীর ছিল যে তা খুঁড়ে ফেলা সম্ভব হচ্ছিল না।অগ্নিনির্বাপক সংস্থা প্রকাশিত ফুটেজে প্লাবিত রাস্তা, অর্ধেক ডুবে যাওয়া গাড়ি ও উপড়ে যাওয়া গাছ দেখা গেছে।টাইফুন রাগাসার কারণে পুরো তাইওয়ান জুড়ে ৭ হাজার ৬০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    তাইওয়ানে সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে।এ বছরের জুলাইয়ের শুরুতে আঘাত হানা টাইফুন ড্যানাসে দুই জনের প্রাণহানি ও কয়েকশ মানুষ আহত হয়েছিল। সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলে ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছিলো।

  • গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

    গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ‘একাধিক ড্রোন’ বিস্ফোরণ

    আন্তর্জাতিক ডেস্ক:   গাজার দিকে যাত্রা করা গ্রিসের উপকূলে অবস্থিত সাহায্যকারী নৌযানগুলোর কাছাকাছি মঙ্গলবার গভীর রাতে একাধিক ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  ত্রাণ বহরের আয়োজক এবং ফিলিস্তিনি-পন্থী কর্মীরা জানিয়েছেন, এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ‘একাধিক ড্রোন ও অজ্ঞাত বস্তু পড়তে দেখা গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বেশ কয়েকটি  নৌযান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’  তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা উল্লেখ করা হয়নি।অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে হামলাগুলো সরাসরি প্রত্যক্ষ করছি, তবে আমরা ভয় পাইনি।’জার্মান মানবাধিকার কর্মী ও ফ্লোটিলা সদস্য ইয়াসেমিন আকার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, পাঁচটি জাহাজে হামলা করা হয়েছে।

    তিনি আরো বলেন, ‘আমরা কেবল মানবিক সাহায্য বহন করছি। আমাদের সঙ্গে কোনও অস্ত্র নেই। আমরা কারও জন্য কোনও হুমকি নই। ইসরাইলই হাজার হাজার মানুষকে হত্যা করছে (এবং) পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে।’

    আগের একটি ভিডিওতে, আকার বলেছেন যে কর্মীরা ‘১৫ থেকে ১৬টি ড্রোন’ দেখতে পেয়েছেন। গাজার ওপর ইসরাইলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি মাসের শুরুতে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে।

  • তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী

    তরুণদের রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন তারেক রহমান : রিজভী

    অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় তরুণ প্রজন্মকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয়তাবাদী পতাকা হাতে তরুণদের যে আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন তারেক রহমান, তা দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন। এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ জিয়ার কবর জিয়ারত করেন।

    রিজভী বলেন, “খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশীয় রাজনীতির পাশাপাশি প্রবাসেও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণদের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করেছেন। তারেক রহমানের নেতৃত্বের যে দৃশ্য আমরা দেখেছি, তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।”

    তিনি আরও বলেন, তরুণদের সামনে নেতৃত্বের যে উদাহরণ তারেক রহমান স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মকে ভবিষ্যতেও প্রেরণা জোগাবে। আন্দোলনের শহীদদের স্মরণ করে রিজভী বলেন, ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধর রক্ত বৃথা যাবে না; তাদের আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশবাসীকে অনুপ্রাণিত করবে।

    বিএনপির এই নেতা আওয়ামী লীগ সরকারকে ‘ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক’ হিসেবে অভিহিত করে বলেন, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন পর্যন্ত বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

    নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার খবরকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে দাবি করেন রিজভী। তার ভাষায়, “নিউইয়র্কে মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি। এসব গুজব ছড়িয়ে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।”

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) অকার্যকারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রিজভীর অভিযোগ, আদালতের নির্দেশে ২৪ হাজার ৮২৪ কোটি টাকা উদ্ধারের কথা থাকলেও দুদক কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

    বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নাম উল্লেখ করে রিজভী বলেন, তারা আন্দোলন–সংগ্রামে আপসহীন থেকেছেন। তার প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে এ দুটি জেলা বিএনপি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে, যেখানে কোনো চাঁদাবাজ বা সমাজবিরোধীর স্থান হবে না।

  • কুমিল্লা জেলা বিএনসিপি’র নতুন কমিটি ঘোষণা

    কুমিল্লা জেলা বিএনসিপি’র নতুন কমিটি ঘোষণা

    সভাপতি আবু কাউসার ভূইয়া অনি, সাধারণ সম্পাদক আফজাল হোসেন নয়ন ও সহ-সভাপতি মনসর আলিম

    মোঃ ইমরান হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) কুমিল্লা জেলা শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি হিসেবে আবু কাউসার ভূইয়া (অনি) এবং সাধারণ সম্পাদক হিসেবে আফজাল হোসেন নয়ন এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

    কেন্দ্রীয় ডেস্ক থেকে স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত ঘোষণাপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, যেখানে বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হবে।

    ঘোষিত কমিটির সদস্যরা:

    • আবু কাউসার ভূইয়া অনি (সভাপতি),
    • তানভির হোসেন জাবেদ (সিনিয়র সহ-সভাপতি),
    • মোঃ মানিক মিয়া (সহ-সভাপতি),
    • মনসুর আলম (সহ-সভাপতি),
    • হেলাল খান (সহ-সভাপতি),
    • আফজাল হোসেন নয়ন (সাধারণ সম্পাদক),
    • সানি ইসনাইন (সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক),
    • সাদ্দাম হোসেন সাইফুল ( যুগ্ম-সাধারণ সম্পাদক),
    • বিল্লাল হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক),
    • রণি মজুমদার (সাংগঠনিক সম্পাদক),
    • শাহাদাত হোসেন (সহ সাংগঠনিক সম্পাদক),
    • ইমরান আহমেদ রাহিল (দপ্তর সম্পাদক),
    • শাওন আহমেদ (সহ-দপ্তর সম্পাদক),
    • আরিফ হোসেন ( প্রচার সম্পাদক)

    দলটির ওয়েবসাইট www.ncp-bnp.org এবং সামাজিক যোগাযোগমাধ্যমে QR কোডসহ প্রকাশিত তালিকা সংগঠনের স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

    নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিতভাবে তুলে ধরবে। পাশাপাশি, সাইবার নিরাপত্তা, তথ্য সচেতনতা ও অনলাইন কার্যক্রমে BNCP কার্যকর ভূমিকা রাখবে।