Category: প্রচ্ছদ

  • এবার দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

    এবার দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

    অনলাইন ডেস্ক: দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে বরখাস্ত করা হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তারা হলেন- কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশ।

    দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘ওই অভিযোগের বিষয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।’

    গত ১৬ জুলাই কমিশন সভায় ৪৩(১) বিধি মোতাবেক তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। এ আদেশ গত ৬ আগস্ট থেকে কার্যকর হবে।

    অপরদিকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত অপর আদেশে বলা হয়, উপপরিচালক কমলেশ মণ্ডল ওয়াসার ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পিডি ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান এবং ও অন্যান্যদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আঁতাত করে দুর্নীতি করা সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য তাকে নিয়োগ করা হয়। কিন্তু তিনি নির্ধারিত তারিখ পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করায় এবং সময় বৃদ্ধির কোন আবেদন না করায় এবং অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ মোতাবেক অদক্ষতা, দায়িত্ব পালনে অবহেলা এবং অসদাচরণের দায়ে তাকে করা হয় সাময়িক বরখাস্ত।

  • ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

    ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

    অনলাইন ডেস্ক: কা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

    ঘোষণা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

    এর আগে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার দুপুর ১২টায় এই প্যানেল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ অন্য নেতারা। তিনি জানান, শেষ মুহূর্তে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

    তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ সেপ্টেম্বর)।

  • প্রবাসীরা ভোটার হতে পারবেন পাসপোর্ট ছাড়াই

    প্রবাসীরা ভোটার হতে পারবেন পাসপোর্ট ছাড়াই

    অনলাইন ডেস্ক: নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসিদের জন্য এক সুখবর দিলো ইসি। তথ্য অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র জন্মসনদ, ছবি ও তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র দিলেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন প্রবাসিরা। নতুন সিদ্ধান্তে নির্বাচন কমিশনের দূর হলো দীর্ঘদিনের জটিলতা। বুধবার স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

    ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষর করা এসওপি থেকে বিষয়টি জানা গেছে।

    এতে বলা হয়েছে, পাসপোর্ট না থাকলেও সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে।

    এছাড়াও যেসব বিষয় লাগবে তার মধ্যে রয়েছে- অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২(ক);

    নির্বাচন কমিশনের ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ তথ্য ফরম; মেয়াদ সংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশি পাসপোর্টের কপি; বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড); পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি; আবেদনকারীর পিতা মাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি*/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে); শিক্ষা সনদের কপি (এসএসসি/সমমানের সার্টিফিকেট/জেএসসি/পিইসি সনদ) (প্রযোজ্য ক্ষেত্রে); ড্রাইভিং লাইসেন্স/টি.আই.এন (প্রযোজ্য ক্ষেত্রে), নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে); আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক) (প্রযোজ্য ক্ষেত্রে); সংশ্লিষ্ট ঠিকানা সংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

    এক্ষেত্রে আবেদনপত্র, পাসপোর্টের কপি/তিন এনআইডিধারী প্রত্যয়নপত্র, ফটো, জন্মসনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

    এসওপিতে আরও জানানো হয়, ‘প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসারের (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) কাছে জমা দেওয়া যাবে। বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

    দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।

  • বিএফআইইউ প্রধানের ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক

    বিএফআইইউ প্রধানের ভিডিও ভাইরাল, তদন্তে বাংলাদেশ ব্যাংক

    অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিওর সত্যতা যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৯ আগস্ট) গভর্নরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

    এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক আপত্তিকর ভিডিও খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ। যদিও বিএফআইইউ প্রধান দাবি করেছেন, এসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

    এর আগে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরেও আসে।

    গত নভেম্বরে বিএফআইইউ এনায়েত উল্লাহর ৫০টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকা ফ্রিজ করে। তবে সম্প্রতি ব্যবসা পরিচালনার স্বার্থে ১৯ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন এনায়েত উল্লাহ।

  • চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

    চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

    অনলাইন ডেস্ক: চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

    আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

    মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, ‘চোখের চিকিৎসা নিতে স্যার ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে। দু-দিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।’

    আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।

  • সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

    সারাদেশের জলাশয় রক্ষায় কাজ করে যাব: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

    নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘সারা দেশে যে জলাশয়গুলো আছে, সেগুলো রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের প্রয়োজন, তা মেটাতে অবদান রাখব।’

    আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৫ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠান বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এ বছর মাছের বৈচিত্র্য রক্ষার জন্য যে স্লোগান “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- তা বাস্তবায়নে দেশের মৎস্যজীবী ভাই-বোনেরা অগ্রণী ভূমিকা রাখছেন।

    মৎস্যজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আপনারা কষ্ট করে মানুষের খাদ্য যোগান দিচ্ছেন। সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।

    র‌্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মৎস্য মেলা উদ্বোধন ও পরিদর্শন করেন।

    এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এই মেলায় মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।

    অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের  মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    মৎস্য মেলা অনুষ্ঠানে এ খাতে ব্যবহৃত উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)সহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।

    র‌্যালি ও মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মৎস্যজীবীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।