Category: প্রচ্ছদ

  • নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।”

    নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে- এমন প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচন নিয়ে আপনারা সব সময় বলেন আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো নিয়োগ হয়নি। এজন্য আজকে আমি আপনাদের জানাচ্ছি নির্বাচনের আগেই পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের সঙ্গে জড়িত না তারপরও কারায় ১ হাজার ৫৫৮ জনকে ও ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। র‌্যাবে যারা ছিল তাদের আমরা নতুন র‌্যাবে নিয়ে আসছি এবং কোস্টগার্ডেও নেভি থেকে নেওয়া হয়েছে। এগুলো সব নতুন নিয়োগ। বর্তমান সরকার আসার পর এই নিয়োগ দেওয়া হয়েছে।”

    কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের কনস্টেবল, এসআই, এসপি এই তিনটি পদে নিয়োগ হয়। এরমধ্যে কনস্টেবল ও এসআই নিয়োগ দেওয়া হয়েছে। এসপির সংখ্যাটা আমরা বলিনি। এসপি নেই বা ক্যাডারের কেউ নেই এই নতুন নিয়োগের সংখ্যায়। বিজিবির ক্ষেত্রে কনস্টেবল ও আনসারের ক্ষেত্রেও কনস্টেবল।

    বেশিরভাগই নতুন পদসৃর্জন করা হয়েছে। আর কিছু নিয়োগ দেওয়া হয়েছে শূন্য পদে-বলেন তিনি।

    মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছে এই ঘটনায় চেয়ারম্যানের সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে আদালতকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে আদালত তাকে ছেড়ে দিল। আদালত কারো কথা শোনে না। তারা তো স্বাধীন।

    ‘আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সব সময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়ছে এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ ছোটখাটো কিন্তু তাকে ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন বলে আপনাদের ধন্যবাদ’-যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

  • আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    সোমবার (১৮ আগস্ট) সকালে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

    এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।

    পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।

  • বেরোবিতে আমরণ অনশন চলমান, গুরুতর অসুস্থ ৪

    বেরোবিতে আমরণ অনশন চলমান, গুরুতর অসুস্থ ৪

    অনলাইন ডেস্ক: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মত আমরণ অনশন চলছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এরই মধ্যে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ সোমবার (১৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে দ্বিতীয় দিনে গড়া ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিভিন্ন প্লাকার্ড নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন।

    অসুস্থ হওয়া ৪ শিক্ষার্থী হলেন, সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের জাহিদ হাসান জয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ এবং গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন। তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আরমান হোসেনকে আজ বেলা পৌনে ১২ টায় অ্যাম্বুলেন্স যোগে রংপুর কমিউনিটি হাসপাতালে নেয়া হয়।

    শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরণে বসার ২৪ ঘন্টা পার হলেও ইউজিসি কিংবা সরকার থেকে তাদের দাবি আদায়ে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মৃত্যুকে আলিঙ্গন করবেন। শিক্ষার্থীদের অভিযোগ সরকার একটি কমিটি করলেও ১৭দিনেও এ বিষয়ে একটি মিটিং করতে পারিনি। এজন্য ইউজিসি, সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা মনে করছেন তারা।

    এদিকে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসায় শনিবার সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের নিজ অফিসে অবস্থান করেন ভিসি ডক্টর শওকাত আলী। তিনি এখন পর্যন্ত রাতে ৫ দফায় শিক্ষার্থীদের আমরণ অনশন স্থলে পাশে বসে অনশন ভাঙার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তা মানেননি।

    বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শওকাত আলী বেলা ১২ টায় শিক্ষার্থীদের মাঝে বসে জানান, বারবার সরকারের উচ্চ মহলে তিনি যোগাযোগ করছেন। যেহেতু ছাত্র সংসদ আইনটি বিশ্ববিদ্যালয় আইনে নেই, সে কারণেই সরকারের পক্ষ থেকে একটি ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দশ দিনের মধ্যেই সেই কমিটির রিপোর্ট গেজেট আকারে প্রকাশ হলেই তিনি রোডম্যাপ ঘোষণা করবেন। তিনি জানান, আমি শিক্ষার্থীদের দাবির সাথে একমত। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি অফিস ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।

    উল্লেখ্য, রোববার প্রশাসন ভবনের উত্তর গেটে ছাত্র সংসদ নির্বাচন আইন বিশ্ববিদ্যালয়ের গেজেডভূক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। তাদের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

  • জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে: প্রধান উপদেষ্টা

    জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে: প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বললেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। এজন্য আমাদের গবেষণার পরিমাণ বাড়াতে হবে। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে স্বর্ণ পদক, ৫ জনকে রৌপ্য পদক এবং ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয় অনুষ্ঠানে।

    ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনও পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। সামুদ্রিক মৎস্যের বিপুল সম্ভাবনা রয়েছে। মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। চাষের মাছের গুরুত্ব অনেক বেড়েছে। অনেক তরুণ উদ্যোক্তা মৎস্য চাষে এগিয়ে আসছে। বর্তমানে আমিষের চাহিদা মেটানোর ক্ষেত্রে চাষের মাছের অবদান অনেক বেশি। কিন্তু ইলিশ মাছ দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক সময়ের নিষেধাজ্ঞা মানলে মাছের প্রাপ্তি বাড়বে।”

    ‘মাছ আমাদের জন্য প্রকৃতির একটি উপহার। এটি আল্লাহর দান। প্রকৃতির প্রতি আমরা অত্যন্ত নির্মম। এর প্রতি সদয় হওয়ার চিন্তা আমাদের মাথায়ও আসে না। আজকের এই দিনে আমরা উদযাপন করব কিন্তু প্রকৃতির প্রতি সদয় হওয়ার কথাও আমাদের চিন্তা করতে হবে। আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য অনেক জিনিসের মতো মাছও বোধহয় আমাদের কপাল থেকে চলে যাবে। সব বর্জ্য আমরা পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি। নদী পালনের কথা কেউ বলে না। এতে আরও ক্ষতি হচ্ছে’-উল্লেখ করেন তিনি।

    অবৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ খুব উদ্বেগের বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নদীতে সব ধরনের বর্জ্য ফেলে পানিকেও নষ্ট করছি আমরা। জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার করছি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলেও মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে টেকসই পদ্ধতি আবিস্কার করতে হবে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে।”

    প্রধান উপদেষ্টা বলেন, “মৎস্য শিল্প নিয়ে দেশে একটা ইন্ড্রাস্টি গড়ে তুলতে হবে। এর জন্য বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগাতে হবে। এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে বন্ধু দেশগুলোর সাথে আলোচনা করা হয়েছে। এ ছাড়া সমুদ্র উপকুলীয় অঞ্চল রক্ষায় আলোচনা শুরু হয়েছে। অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ, পরিবেশ ধ্বংসের কারণে বাংলাদেশের মতো দেশে সুস্বাস্থ্য নিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে।”

  • সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

    নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

    মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব নাসিমুল গনি।

    প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক করা হলো বরখাস্ত ।

    সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

  • মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও সবকটি প্রয়োজন না হওয়ায় ৫টি ইউনিট কাজ করছে।

    ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিস ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    তিনি বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।  সবকটি প্রয়োজন না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।