Category: প্রচ্ছদ

  • আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।

    তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে কোন অসুবিধা হবে না। এখন জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম সবাই নির্বাচনমুখী। এটি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

    বাজারে সবজির দামের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবার বাজারে আলুর দাম কিন্তু কম। আমাদের দেশে গবেষণার কাজ আরো জোরালো হলে বিদেশ থেকে বীজ আলু আর আনতে হবে না, তখন আলুর উৎপাদন খরচ আরো কমে আসবে।

    তিনি বলেন, সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।

    লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে, এটি চলমান প্রক্রিয়া।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে এবং সীমান্ত এলাকায় যারা বসবাস করেন তারাও অনেক সচেতন।

    তিনি বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছেন।

  • ডেমরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

    ডেমরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এ হাজী গফুর মার্কেটের তৃতীয় তালায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্লাটফর্ম ‘নেক্সান ড্রিম’-এর নতুন অফিস।

    শুক্রবার (২২ আগস্ট) ডেমরা থানা এলাকার স্টাফ কোয়াটার হাজী গফুর মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তালায় নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জেলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমরা এলাকার ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন। এছাড়া ডেমরা অঞ্চল সুপারভাইজার ইন্দ্রজিৎ সূত্রধর, সিলেট অঞ্চলের ব্যবস্থাপক মোঃ সুমন, ডেমরা অঞ্চলের ব্যবস্থাপক নাজমুল মৃধা, মোঃ আবু বক্কর প্রমুখ। এছাড়া সিলেট অঞ্চলের নেক্সন কর্মী শোভন তালুকদার ও শাহীদ তালুকদার বক্তব্যে সুফলভোগী মাসুদ মিয়া তিনি তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম অঞ্চল ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, বক্তব্যে মোঃ সুমন বলেন নেক্সন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা অ্যাপস ডাউনলোড ও বিজ্ঞাপন শেয়ার ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। যে প্লাটফর্মে কাজ করে বেকারত্ব দূর হবে।

    এছাড়া অঞ্চল সুপারভাইজার ইন্দ্রজিৎ সূত্রধর বলেন ‘নেক্সান ড্রিম দেশের বেকার যুবসমাজের মাঝে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। ডিজিটাল এ প্লাটফর্মটি আর্থিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য কার্যকরী উদ্যোগ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা জানান, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সান ড্রিম’ মূলত প্রমোশনাল মার্কেটিং ও রেফারেল ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম। ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড, বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যদের যুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের সনদ বিতরণ করা হয় ও দুআ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত, নেবে ভোটের প্রস্তুতিও: আযাদ

    পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত, নেবে ভোটের প্রস্তুতিও: আযাদ

    অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সংকটের মূল কারণ ছিল নির্বাচন। তাই এখন পিআর পদ্ধতিই সর্বোত্তম পদ্ধতি বলে মনে করছে জামায়াতে ইসলামী।‎ জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেয়া হবে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

    নির্বাচনের সময় নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনও সমস্যা নেই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দলটির দাবি নিশ্চিত করে নির্বাচন দেয়ার কথা বলেন তিনি।

    এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সাক্ষাতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দলটি।

  • জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

    জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

    অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ এর বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

    বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    গেজেট অনুযায়ী, স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

    এছাড়া, আহতদের তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা। গুরুতর আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এব    ং আহতরা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা পাবেন।

    এতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা। জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

    উল্লেখ্য, সরকার গত ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এতে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

  • ইসলাম: মুক্তি ও শান্তির এক চিরন্তন বিধান

    ইসলাম: মুক্তি ও শান্তির এক চিরন্তন বিধান

    ধর্ম ও জীবন ডেস্ক: পৃথিবীর ইতিহাসে যত ধর্ম ও মতবাদ এসেছে, প্রত্যেক ধর্মই মানবতার কল্যাণের কথা বলেছে। তবে বাস্তবতা হলো, একমাত্র ইসলামই এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের দুনিয়া ও আখিরাত,উভয় জগতের চূড়ান্ত মুক্তির নিশ্চয়তা দেয়। ইসলাম ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামষ্টিক সমাজজীবনে পূর্ণ শান্তি ও সাম্য প্রতিষ্ঠার নির্দেশনা প্রদান করে। ইসলামের মূল বার্তা,তাওহিদ, ন্যায়বিচার, দয়া, সহানুভূতি ও মানবকল্যাণ,এই বিশ্বে একমাত্র বাস্তব ও কার্যকর মুক্তির পথ। তাই ইসলামই মানবতার মুক্তি ও শান্তির একমাত্র পথ।

    ইসলামের প্রকৃত অর্থই শান্তি

    ইসলাম শব্দটি মূলত আরবি سلم (সালাম) ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ হলো শান্তি, নিরাপত্তা ও আত্মসমর্পণ। অর্থাৎ, ইসলাম মানেই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি লাভ করা।

     

    وَمَن يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ

    আর যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্মশীল হয়, সে তো এমন মজবুত হাতল ধরেছে, যা ছিন্ন হবার নয়। (সুরা লুকমান: ২২)

    ইসলামের মূল উদ্দেশ্য মানবজাতির হিদায়াত ও মুক্তি

    ইসলাম কোনো গোষ্ঠীগত ধর্ম নয় বরং এটি সমগ্র মানবতার জন্য প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবনবিধান। মহান আল্লাহ তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন,

    وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا

    আর আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। (সুরা সাবা:২৮)

    রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

    إِنَّمَا بُعِثْتُ رَحْمَةً لِلْعَالَمِينَ

    আমি তো সমগ্র জগতবাসীর প্রতি রহমতস্বরূপ প্রেরিত হয়েছি। (মুসনাদু আহমদ: ৫১১৪)

    ইসলাম নিপীড়িত মানবতার আশ্রয়

    ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যা ধনী-গরিব, কৃষ্ণ-শ্বেত, নারী-পুরুষ, আরব-আজনবির মধ্যে কোনো বৈষম্য করে না। ইসলামের দৃষ্টিতে সমস্ত মানুষ এক স্রষ্টার সৃষ্টি এবং সমান মর্যাদার অধিকারী।

    يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا

    হে মানবজাতি! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যেন তোমরা পরস্পর পরিচিত হও। (সুরা হুজরাত: ১৩)

    আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচারের একমাত্র ভিত্তি

    ইসলাম এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে অন্যায়কারীর শাস্তি এবং নির্যাতিতের অধিকার নিশ্চিত থাকে, চোর যে-ই হোক না কেন, তার হাত কাটা হবে; অন্যায়কারী যদি নিজের আত্মীয়ও হয়, তবুও ক্ষমা নেই। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

    لو أن فاطمة بنت محمد سرقت، لقطعت يدها

    ফাতিমা বিনতে মুহাম্মদ ও যদি চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। (সহিহ বুখারি: ৩৪৭৫)

    মুক্তি ও পরিত্রাণের একমাত্র উপায়

    আধুনিক সমাজ যতই বৈজ্ঞানিক অগ্রগতি করুক, যতই ধনসম্পদ অর্জন করুক, নৈতিকতা ও আত্মিক শান্তির ক্ষেত্রে তার পরিপূর্ণ দিকনির্দেশনা একমাত্র ইসলামই দিতে পারে। তাই ইসলামকে অবলম্বন করা মানে হলো আত্মিক মুক্তি, নৈতিক পরিশুদ্ধি,সামাজিক সাম্য, আখিরাতের মুক্তি। আল্লাহ তাআলা বলেন,

    فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

    অতএব, যারা আমার পথ অনুসরণ করবে, তাদের ওপর কোনো ভয় থাকবে না, এবং তারা দুঃখিতও হবে না। (সুরা বাকারা: ৩৮)

    ইসলাম একমাত্র জীবনব্যবস্থা যা মানুষের দেহ-মনের পূর্ণ পরিতৃপ্তি, পারিবারিক-সামাজিক সুস্থিতি এবং দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ মুক্তির নিশ্চয়তা প্রদান করে। আজকের জুলুম, দারিদ্র্য, অনৈতিকতা ও বিভ্রান্তির যুগে ফিরে যেতে হবে প্রকৃত ইসলামে।

  • সাতদিন ব্যাপি কর্মসূচীর ঘোষণা দিলো বিএনপি

    সাতদিন ব্যাপি কর্মসূচীর ঘোষণা দিলো বিএনপি

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন এ কর্মসূচি।

    এরপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হবে।

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি:

    ১. আগামী ৩১ আগস্ট বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।

    ২. ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

    ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

    ৬. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

    ৭. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।

    ৮. সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি’র উদ্যোগে গোলটেবিল বৈঠক।

    ৯. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী (ক) সাংস্কৃতিক অনুষ্ঠান (খ) বৃক্ষ রোপণ অভিযান (গ) মৎস্য অবমুক্তকরণ (ঘ) ফ্রি মেডিকেল ক্যাম্প (ঙ) ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।