আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুসারে, মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা থেকে বুধবার (৩০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত মোট ১১৩ জন নিহত হয়েছেন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০,০৩৪।
এই দীর্ঘমেয়াদি সংঘর্ষে বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে, স্বাস্থ্য পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে গাজায় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এক তৃতীয়াংশেরও বেশি তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে একটি শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) জানায়, তাদের স্থানীয় সহযোগী সংস্থা আর্দ আল ইনসান দ্বারা স্ক্রিনিং করা গর্ভবতী মায়েদের ৪৪% ‘তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন’।
আখাউড়া প্রতিনিধি: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন (দুম্বা হাজী) কে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। খালাসের বিষয়টি যমুনা নিউজকে নিশ্চিত করেন তার ছেলে মো. হাবিব উল্ল্যাহ।
বুধবার (৩০ জুলাই) মোবারক হোসেনকে খালাস চেয়ে করা আপিল মঞ্জুর করে এ রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি বেঞ্চ।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ডের রায় দেন। তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
আনীত অভিযোগের মধ্যে অন্যতম, মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের মন্দির দখল ও মূর্তি ভাংচুর করে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল।
এর আগে, ২০১৩ সালের ২৩ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে ১৬ মে সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনেন। ৫টি অভিযোগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যা, আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আশুরঞ্জন দেবকে নির্যাতন, ছাতিয়ান গ্রামের আব্দুল খালেককে হত্যা, শ্যামপুর গ্রামের দু’জনকে অপহরণ করে একজনকে হত্যা এবং খরমপুর গ্রামের একজনকে আটক রেখে নির্যাতন। এসব অপরাধ ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
২০১৩ সালের ২০ মে মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের মোট ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছে। এরা হলেন- মামলার মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, শহীদ আব্দুল খালেকের মেয়ে খোদেজা বেগম ও ছেলে রফিকুল ইসলাম, মো. খাদেম হোসেন খান, আলী আকবর, মো. আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা ননী গোপাল মল্লিক, আব্দুস সামাদ, শহীদজায়া ভানু বিবি, আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়াল স্কুলের সুপারিনটেনডেন্ট চমন সিকান্দার জুলকারনাইন এবং তদন্তকারী কর্মকর্তা শ্যামল চৌধুরী।
একাত্তর পরবর্তী সময়ে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি করলেও পরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং এক পর্যায়ে আখাউড়ার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। পরে দুই বছর মেয়াদে থাকাবস্তায় তাকে দল থেকে বহিষ্কার করে তৎকালীন উপজেলা আওয়ামী লীগ।
একাত্তরে একটি হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৯ সালের ৩মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মোবারকের বিরুদ্ধে একটি মামলা হয়। তখন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। মোবারক হোসেনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর মধ্যে একটিতে তাকে মৃত্যুদণ্ড ও অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল।
তবে আপিল বিভাগের রায়ে সব অভিযোগ থেকে খালাস পাওয়ায় এখন তিনি মুক্ত।
অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আলাদা ডকুমেন্ট। ঘোষণাপত্র হলো ঐতিহাসিক স্বীকৃতির আইনস্বীকৃত মাধ্যম। আর সনদ হচ্ছে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম। তবে সনদ ও ঘোষণাপত্র নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বুধবার (৩০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র চলতি মাসের মধ্যেই দিতে হবে। এটি আমাদের জোর দাবি। অপরদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি না দিতে পারলে তা কার্যকর করা সম্ভব হবে না। এমনটা হলে মোটাদাগে সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব হবে না।
এনসিপির এই নেতা আরও বলেন, ঘোষণাপত্রের খসড়া নিয়ে কয়েক দফা সরকারের সাথে আলাপ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। পর্যালোচনা করে আমরাও একটা খসড়া সরকারকে পাঠিয়েছি। এটি নিয়ে আমরা একবিন্দুও ছাড় দিতে রাজি নই। এ সময় সরকার বারবার সময় চেয়েও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনলাইন ডেস্ক: কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে গণপূর্ত অধিদফতরের ৫ জন প্রকৌশলী ও স্থাপত্য অধিদফতরের একজন স্থপতিকে বিনা অনুমতিতে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আরও এক কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় আর্থিক জরিমানাসহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভায় সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়।
এছাড়া, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে সব ধরনের কাজ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচাল শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। এই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলে একটি সম্ভাব্য শক্তিশালী সুনামির সতর্কতা জারি করা হয়েছে— যদিও তা ভয়াবহ রূপ নেয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
হাওয়াই এবং আলাস্কার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। ফলে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত উচ্চ ভূমিতে আশ্রয় নেয়ার মতো জরুরি পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের উপকূলীয় অঞ্চলগুলোতে অপেক্ষাকৃত নিম্ন স্তরের পরামর্শ জারি করা হয়েছে। শক্তিশালী স্রোত ও বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে এসব অঞ্চলগুলোর জনসাধারণকে সজাগ থাকতে বলা হয়েছে।
সাধারণত সুনামির প্রভাব কয়েক ঘণ্টা ধরে চলতে পারে, তাই ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা স্থানীয় সময় অনুযায়ী বুধবার (৩০ জুলাই) ভোরের আগে পুরোপুরি বোঝা যাবে না। এই মুহূর্তে নিশ্চিত করে বলা না গেলেও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তী তিন ঘণ্টার মধ্যেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।
এদিকে, জাপানে সুনামি সতর্কতা এখন দেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে শত শত কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়েছে—উত্তরের হোক্কাইডো থেকে শুরু করে দক্ষিণের ওয়াকায়ামা প্রদেশ পর্যন্ত।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, সুনামি ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের সব কর্মীকে ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিকতা ধরা পড়েনি।
উল্লেখ্য, ২০১১ সালে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর এই কেন্দ্রটি ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছিল।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, পরিস্থিতি মূল্যায়নে একটি টাস্কফোর্স ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি সুনামি-আক্রান্ত এলাকার বাসিন্দাদের উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, ভূকম্পবিদ ড. লুসি জোন্স জানিয়েছেন, সুনামির কারণে হাওয়াই এবং সম্ভবত ক্যালিফোর্নিয়ার কিছু বন্দরে ও উপকূলীয় স্থাপনায় ক্ষতি হতে পারে, তবে আমেরিকাসমূহে (উত্তর ও দক্ষিণ) ব্যাপক প্রাণহানির আশঙ্কা নেই।
হাওয়াইয়ে সুনামি ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ঢেউয়ের উচ্চতা হতে পারে ১ থেকে ২ ফুট। তুলনামূলকভাবে, ২০১১ সালে জাপানে সুনামির ঢেউয়ের উচ্চতা ৪২ ফুট পর্যন্ত ছিল বলে জানান ড. জোন্স।
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘এটা আসলে কোনো ঢেউ নয়। এটি সাময়িকভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটা বেড়ে যায়, তা বোঝায়।’
তিনি আরও জানান, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ক্রিসেন্ট সিটির বন্দরে প্রায় ৬ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
ড. জোন্স বলেন, ক্যালিফোর্নিয়া জায়গাটি দূরে হলেও সান্তা বারবারার জন্য ঢেউয়ের পূর্বাভাস কানাডার ব্রিটিশ কলম্বিয়া বা ওয়াশিংটনের তুলনায় বেশি। এর কারণ সমুদ্রে সৃষ্ট তরঙ্গের ধরণ ও চলাচলের প্যাটার্ন।