Category: প্রচ্ছদ

  • টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

    টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

    স্টাফ প্রতিনিধি: টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’ নামের একটি প্যাডে চিঠি পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলেন— শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।

    টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ ব্যাবসায়ী মো. আজাহারুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠি সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

    নজরে আসা মাত্রই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর পুলিশের তিনটি টিমের প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত মামুন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ। সেখানে বিভিন্ন আলামতসহ ওই চিঠির একটি ফাইল পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে আটক হওয়া মামুন আরও চারজনের নাম বলে। সম্পৃক্ততা পাওয়ায় পরবর্তীতে তাদেরকেও গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ সুপার আরও জানান, এ বিষয়ে শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমাদের ধারণা তারা ষড়যন্ত্রের শিকার। তারপরও আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

    প্রসঙ্গত, চিঠিতে লেখা ছিল— চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করিস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর পরিবার লাশ খুঁজে পাবে না। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। তোর সঠিক সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।

    চিঠিতে আরও লেখা ছিল— দীর্ঘদিন ধরে মাছ ব্যাবসা করে যাচ্ছিস। ৫ লাখ টাকা তোর কাছে কিছুই না। তাই আগস্টের ৩ তারিখ সন্ধা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেখানে গাছের নিচে রেখে যাবি।

  • যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

    যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ৪

    আন্তর্জাতিক ডেস্ক:       আবারও যুক্তরাষ্ট্রে ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেশটির মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে চালানো এ হামলায় নিহত হয়েছেন অন্তত ৪ জন।

    তবে সন্দেহভাজন হামলাকারী মাইকেল পল ব্রাউনকে এখনও আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, অ্যানাকোন্ডা শহরের ওই বারটির পাশেই বাস করতো সে। তবে হামলার কারণ জানা যায়নি এখনও।

    এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারে চলছে অভিযান। এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

    এর আগে, গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় ৩৬ বছর বয়সি পুলিশ অফিসার দিদারুল ইসলামসহ ৪ জন নিহত হন। হামলাকারী ২৭ বছরের শ্যেন ডেভন তামুরা নিজেও আত্মহত্যা করে।

    গান ভায়োল্যান্স আর্কাইভের তথ্য অনুসারে, এবছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৫৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন শত শত মানুষ।

  • ৫ আগস্ট বিকেলে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র

    ৫ আগস্ট বিকেলে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র

    অনলাইন ডেস্ক:     জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    এতে বলা হয়, আগামী মঙ্গলবার গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।

    এর আগে, গতকাল শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তা প্রকাশের ঘোষণাও দেয়া হয়। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিষয়টি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেনে নেয়।

    এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকার। নেয়া হয় দলগুলোর মতামত। পরবর্তীতে দলগুলোর কাছে ঘোষণাপত্রের খসড়াও পাঠায় সরকার। পরে দলগুলোর মতামতের ভিত্তিতে খসড়াটি চূড়ান্ত করা হয়।

  • টটেনহাম ছাড়ছেন সন

    টটেনহাম ছাড়ছেন সন

     খেলাধুলা ডেস্ক:    চুক্তির মেয়াদ বাকি থাকলেও টটেনহামের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কের ইতি টানছেন সন হিউং মিন। বিদায় বলাটা কঠিন হলেও সঠিক সময়েই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ দক্ষিণ কোরিয়ান তারকা। মাত্র ২৩ বছর বয়সে উত্তর লন্ডনে আসা সন ক্যারিয়ারের পুরুটাই বিলিয়ে দিয়েছেন স্পার্সদের। তার নেতৃত্বেই ৪১ বছর পর ইউরোপা লিগ জিতেছিল ক্লাবটি। তাইতো এই কিংবদন্তিকে মাঠ থেকেই সম্মানের সাথে বিদায় দিতে চান টটেনহাম কোচ থমাস ফ্রাঙ্ক।

    সন বলেন, আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি এখানে। কঠিন হলেও আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।

    মাত্র আড়াই মাস আগেই ইউরোপা লিগ জিতে টটেনহামের শিরোপা খরা কেটেছিল সনেরই নেতৃত্বে। দীর্ঘ ৪১ বছর পর প্রথম কোন ইউরোপিয়ান শিরোপা জয়ের স্বাদ পেয়েছে স্পারসরা।

    তিনি বলেন, ইউরোপিয়ান শিরোপা জয়ের পর মনে হয়েছে সম্ভাব্য যা জিততে পারতাম সবই জিতেছি। এখন আমি এই দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ। মাঠের ভেতরে-বাইরে নিজের সর্বোচ্চটা দিয়েছি। ইউরোপা লিগ জিতে হয়তো নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছি।

    সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহাম। হটস্পারের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। দলের কিংবদন্তিকে মাঠ থেকেই বিদায় দিতে চান কোচ থমাস ফ্রাঙ্ক। বিদায় বেলায় শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

    ফ্রাঙ্ক বলেন, এটা পরিষ্কার যে সন শুরু থেকে খেলবে এবং অধিনায়কত্ব করবে। এটা যদি সনের জন্য শেষ ম্যাচ হয়, তাহলে ঘরের দর্শকদের সামনে শেষ করার জায়গাটাও দারুণ হয়। সুন্দর এক সমাপ্তি হতে পারে এটা।

    উল্লেখ্য, বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের সনের অভিষেক হয় ২০১০ সালে। এখন পর্যন্ত ১৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ৫১টি।

  • দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

    দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

    বিনোদন ডেস্ক:     তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমাতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর পুরুস্কার পেয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েছেন। শুক্রবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভক্তদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

    ভিডিওবার্তায় শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।

    সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেন, ‘জওয়ান’ সিনেমাতে আমাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো দলকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

    পরিবার প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই ছোট সদস্য বলে মনে করি। তারা সবসময় আমার ভালোর জন্যই সবকিছুই চেয়েছে। এ জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

    ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না। তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই।

    উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র-‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।

     

  • ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

    ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

     স্টাফ রিপোর্টার :    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা ফেটে রুম্মান আহমদ নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রুটিন কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজ চলছিল। সে সময় একটি চাকা বিস্ফোরণ হয়। এতে দুইজন আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

    পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুম্মান আহমদ নামের একজনের মৃত্যু হয়।