Category: প্রচ্ছদ

  • চিন্ময় দাশের জামিন নামঞ্জুর

    চিন্ময় দাশের জামিন নামঞ্জুর

    অনলাইন ডেস্ক:      অ্যাডভোকেট আলিফ হত্যাসহ ৫টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।

    আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্ব ৪ সদস্যের একটি টিম। তাদের দাবি, রাষ্ট্র সুচিন্তিত কৌশলে নিরাপরাধ হওয়া সত্ত্বেও জামিন না মঞ্জুর করেছে। গত ৮ মাস ধরে চিন্ময় কৃষ্ণ দাস লিভার সিরোসিস রোগে ভুগছেন। আদালতকে বিষয়টি অবগত করলেও তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী।

    এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

    গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়।

    এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

  • ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধ্বসের শঙ্কাও আছে

    ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধ্বসের শঙ্কাও আছে

    অনলাইন ডেস্ক:    উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল পাঁচটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এই সতর্কবাতায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে।

    সেইসাথে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস ।

  • বিমান বিধ্বস্তে নিহতের স্বজন ও আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা

    বিমান বিধ্বস্তে নিহতের স্বজন ও আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:     উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি।

    নিহত শিশুটির নাম মাহতাব। সে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

    বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। তার অবস্থা খুবই ক্রিটিকাল ছিল।

    বৃহস্পতিবার সকাল পর্যন্ত আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ২৯।

    এদিকে, দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।

    অন্যদিকে, নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

  • বিমান বিধ্বস্তে নিহতের স্বজন ও আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা

    বিমান বিধ্বস্তে নিহতের স্বজন ও আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার: আইন উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:      মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। এছাড়া নিহতদের স্মরণে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

    আইন উপদেষ্টা বলেন, এ ঘটনায় নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে। এসময় তিনি আরও জানান, আগে সন্দেহের অবকাশে ৫৪ ধারায় গ্রেফতার করা হতো। কিন্তু, এ বিষয়ে নতুন সিআরপিসি আইন করা হয়েছে। যাতে অনলাইন বেল বন্ড সাবমিশন করা যাবে।

    এছাড়া যে পুলিশ গ্রেফতার করবে তার আইডেন্টিটি থাকতে হবে। গ্রেফতারের ক্ষেত্রে কোন অভিযোগে আর কোন আইনে গ্রেফতার করা হচ্ছে সেটাও পুরোপুরি লেখা থাকতে হবে।

  • ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের

    ভার্জিনিয়ায় জয়ের ৫৩ কোটি টাকার দুই বাড়ির সন্ধান, জব্দের উদ্যোগ দুদকের

    অনলাইন ডেস্ক:      মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুইটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুইটি কেনা হয়েছিল ২০২৪ সালের ৬ জুলাই ও ২০১৪ সালের ৫ মে।

    দুদক থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুইটির সন্ধান পাওয়ার পর যাচাই-বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেয়া হয়।

    দুদকের অনুসন্ধান দল ঠিকানাসহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেয়া হয়। এবার আদালত আদেশ দিলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এ তথ্য পৌঁছানো হবে। যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে।

    দুদকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো এখনও তদন্তাধীন।

  • ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ‘গণহত্যা’ মামলায় যোগ দিচ্ছে ব্রাজিল

    ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ‘গণহত্যা’ মামলায় যোগ দিচ্ছে ব্রাজিল

    আন্তর্জাতিক ডেস্ক:    সাউথ আমেরিকার দেশ ব্রাজিল ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চলার অভিযোগে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে (আইসিজে) যে মামলা দায়ের করেছে, তাতে হস্তক্ষেপ করতে যাচ্ছে। পশ্চিমা নয়—এমন দেশগুলোর চাপ বৃদ্ধির দাবি জোরালো হওয়ার মধ্যেই ব্রাজিল এই সিদ্ধান্ত নিয়েছে।

    ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপের প্রক্রিয়া তারা ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান নৃশংসতার মুখে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। ব্রাজিলের বিশ্বাস, নৈতিক দ্বিধা বা রাজনৈতিক গাফিলতির আর কোনো স্থান নেই। দায়মুক্তি আন্তর্জাতিক আইনকে দুর্বল করে এবং বহুপাক্ষিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।’

    ব্রাজিলের এই সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশ করে ব্রাজিলিয়ান সংবাদপত্র ফোলহা ডি সাও পাওলো। ইসরায়েলের গাজায় সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ এবং গণদুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার মতো কর্মকাণ্ড ক্রমবর্ধিত সমালোচনার মুখে রয়েছে।

    ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ব্রাজিল আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করতে যাচ্ছে।’

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনের বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার ঘটনায় ব্রাজিল গভীর ক্ষোভ প্রকাশ করছে, যা কেবল গাজা নয়, পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে।’

    যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্যাভাব: ব্রাজিলের তীব্র নিন্দা

    লাতিন আমেরিকার দেশটি বলেছে, গাজা ও অধিকৃত পশ্চিম তীরের বেসামরিক জনগণ ‘ক্রমাগত সহিংসতা’ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ‘যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্যাভাবের ন্যক্কারজনক ব্যবহার’।

    স্পেন, তুরস্ক ও আয়ারল্যান্ডের মতো কয়েকটি দেশও ইতিমধ্যে এই মামলায় হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে আইসিজে-কে ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের রায় দিতে আহ্বান জানিয়েছে।

    ইসরায়েলের সমালোচনায় ব্রাজিলের কণ্ঠস্বর সম্প্রতি তীব্র হয়েছে। গত ব্রিকস সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছিলেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই মামলায় হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘ফিলিস্তিনিদের গণহত্যা থেকে সুরক্ষার অধিকার অপরিবর্তনীয়ভাবে লঙ্ঘিত হওয়ার যৌক্তিক সম্ভাবনা’-এর ভিত্তিতে।

    ইসরায়েল ও ব্রাজিলিয়ান ইহুদি সংগঠনের প্রতিক্রিয়া

    ব্রাজিলিয়ায় ইসরায়েলের দূতাবাস বলেছে, ব্রাজিলের বিবৃতিতে ‘অতিরঞ্জিত ও বাস্তবতাবিবর্জিত ভাষা’ ব্যবহার করা হয়েছে এবং এতে হামাসের ভূমিকা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ব্রাজিলের জাতীয় ইহুদি সংগঠন কনিব এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছে, ‘ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব ভেঙে দেয়া একটি ভুল সিদ্ধান্ত, যা আমাদের পররাষ্ট্র নীতির চরমপন্থাকে প্রমাণ করে।’

    আইসিজে-এর সাম্প্রতিক রায় ও পরিস্থিতি

    আইসিজি এখনও গাজায় গণহত্যা হচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত রায় দেননি। তবে ২০২৪ সালের জানুয়ারিতে আদালত ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়ানোসহ গণহত্যা রোধে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছিলেন। কিন্তু এই চাপ বিশেষ প্রভাব ফেলতে পারেনি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে যাচ্ছে—যদিও বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় ইসরায়েলের ‘ অধিকার লঙ্ঘন’ সম্পর্কে সতর্ক করছে।

    গত মার্চ মাসে, ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ জারি করে কয়েক মাস ধরে সব ধরনের সহায়তা বন্ধ রেখেছিল। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর মাধ্যমে সীমিত সহায়তা পুনরায় শুরু করে।

    মে মাস থেকে জিএইচএফ-এর বিতরণ কেন্দ্রে খাদ্যের জন্য অপেক্ষারত ১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। এদিকে, গাজায় অনাহারে মৃত্যুর খবরও বাড়ছে।

    জাতিসংঘের কর্মকর্তারা জিএইচএফ-এর কেন্দ্রগুলিকে ‘মৃত্যুর ফাঁদ’ বলে নিন্দা জানিয়েছেন এবং এই গোষ্ঠীর সঙ্গে কাজ করতে অস্বীকার করেছেন, যা ইসরায়েলের নির্দেশে পূর্ববর্তী আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে প্রতিস্থাপন করেছে।